১০:০৬ পি.এম
জেলার ভৈরব উপজেলায় মৎস্যসম্পদ সংরক্ষণ ও দেশীয় মাছের প্রজনন নিশ্চিত করার উদ্দেশ্যে প্রায় ৫০ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট জাল ও রিং জাল জব্দ করা হয়েছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। একইসঙ্গে, তিনটি প্রতিষ্ঠানের মালিককে মোট ২ লাখ টাকা অর্থদণ্ডও প্রদান করা হয়েছে।
আজ বুধবার বিকালে ভৈরব শহরের রানী বাজার এলাকায় উপজেলা প্রশাসন এবং উপজেলা মৎস্য অফিসের যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এএইচএম আজিমুল হক নেতৃত্ব দেন।
ভ্রাম্যমাণ আদালতের সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাজারের বিভিন্ন জাল ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে প্রায় আড়াই হাজার বস্তা নিষিদ্ধ কারেন্ট জাল ও রিং জাল জব্দ করা হয়েছে। এই জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য ৫০ লাখ টাকারও বেশি।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে রানী বাজারের রমজান স্টোরের মালিক রমজান মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সেইসাথে, নিষিদ্ধ কারেন্ট জাল ক্রয়, বিক্রয়, গুদামজাত ও বাজারজাত করার অপরাধে ফরহাদ স্টোরের মালিক ফরহাদ মিয়াকে ১ লাখ টাকা এবং একই অপরাধে রানা স্টোরের মালিক রানা মিয়াকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
পরে জব্দ করা নিষিদ্ধ কারেন্ট জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সারোয়ার হোসেন, ভূমি অফিস ও পৌরসভার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সার্বিক সহযোগিতা করেন ভৈরব শহর ফাঁড়ি পুলিশের সদস্যরা।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এএইচএম আজিমুল হক বাসসকে জানিয়েছেন, মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইনের আওতায় পরিচালিত বিশেষ অভিযানে দুইটি প্রতিষ্ঠান থেকে প্রায় ৫০ লাখ টাকার বেশি মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ সম্পন্ন হয়েছে। এদিকে, আইন লঙ্ঘনের দায়ে তিনটি প্রতিষ্ঠানের মালিককে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আরও পড়ুন: ধামরাইয়ে দুর্গাপূজার নিরাপত্তায় প্রশাসনের তৎপরতা: বিভাগীয় কমিশনার
তিনি আরও বলেন, সরকার নিষিদ্ধ কারেন্ট জালের ব্যবহার, ক্রয়-বিক্রয়, গুদামজাত ও বাজারজাতকরণ সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন