ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

২৪ বছর পর নায়ক মান্নার বক্তব্য ভাইরাল, ‘ফায়ার’ সিনেমা নিয়ে স্পষ্ট অবস্থান


২৪ বছর পর নায়ক মান্নার বক্তব্য ভাইরাল, ‘ফায়ার’ সিনেমা নিয়ে স্পষ্ট অবস্থান

ঢাকাই সিনেমায় অশ্লীলতার বিরুদ্ধে বরাবরই সোচ্চার ছিলেন চিত্রনায়ক মান্না। দীর্ঘ ক্যারিয়ারের সময়কাল জুড়ে তিনি অশ্লীল দৃশ্যের বিরুদ্ধে কথা বলার পাশাপাশি এ ধরনের সিনেমা নির্মাণের বিরুদ্ধেও অবস্থান গ্রহণ করেছিলেন। তবে তার অভিনীত ‘ফায়ার’ সিনেমা নিয়ে একসময় অশ্লীলতার অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের সঙ্গে নিজের সম্পর্ক অস্বীকার করে সিনেমাটি থেকে সরে দাঁড়ানোর কারণও জানিয়েছিলেন এই অভিনেতা।

২০০২ সালে মুক্তি পাওয়া ‘ফায়ার’ সিনেমাটি নিয়ে ২৪ বছর পর আবারও আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি প্রকাশিত হয়েছে মান্নার একটি পুরোনো ভিডিও। সেখানে সিনেমাটিতে কাজ করা, মাঝপথে সরে দাঁড়ানো এবং ডাবিংয়ে অংশ না নেওয়ার বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করতে দেখা যায় তাকে। ভিডিওটি মান্নার প্রযোজনা প্রতিষ্ঠান কৃতাঞ্জলির সূত্রে পাওয়া গেছে।

ভিডিওতে মান্নাকে বলতে শোনা যায়, "ফায়ার নামে যে ছবিটি আমি করেছিলাম, সেই ছবিতে অর্ধেক কাজ করার পরে আমি আর কাজ করিনি। এমনকি আমি সিনেমায় ভয়েসও দিই নাই। আমি ডাবিংয়েও যাই নাই।"

আরও পড়ুন: বিয়ের জন্য এক বছর বিজয়ের পেছনে লেগেছিলেন রাশমিকা

মান্নার স্ত্রী শেলী মান্নার ভাষ্য, সিনেমাটি মুক্তির আগে এর পুরো কাজ শেষ করেননি মান্না। পরবর্তী সময়ে তার পরিবর্তে ডামি ব্যবহার করে কিছু দৃশ্যের শুটিং সম্পন্ন করা হয়। মুক্তির পর সিনেমার কিছু দৃশ্য নিয়ে সমালোচনা হলে বিষয়টি নিয়ে মান্নাও বিরক্ত ছিলেন।

শেলী মান্না বলেন, "মুক্তির পরে দর্শক ও সমালোচকেরা যেসব বিষয় নিয়ে অভিযোগ তুলেছিলেন, সেসব নিয়ে মান্নার সঙ্গে প্রযোজকের দ্বন্দ্ব হয়েছিল। মান্না জেনেশুনে কখনোই কোনো অশ্লীল সিনেমায় অভিনয় করবে না। অশ্লীলতার বিরুদ্ধে সে নিজেই লড়েছে।"

‘ফায়ার’-এ অশ্লীল দৃশ্যে অভিনয়ের অভিযোগও সরাসরি নাকচ করেছিলেন মান্না। তার বক্তব্য ছিল, "একটি সিনেমায় অন্য শিল্পী, পরিচালক কিংবা প্রযোজক কী করছেন, তা সবসময় একজন অভিনয়শিল্পীর পক্ষে যাচাই করা সম্ভব নয়। তবে নিজের অভিনয় নিয়ে কোনো সংশয় নেই বলেও জানান তিনি।"

মান্না বলেন, "পুরো সিনেমায় আমার কো-আর্টিস্ট বা অন্য শিল্পীরা এবং ডিরেক্টর, প্রযোজক কে কী করছে, সেটা আমার যাচাই করা সম্ভব নয়। তবে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমি কোনো অশ্লীল দৃশ্যে অভিনয় করিনি।"

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে গান গাইতে গিয়ে চরম হেনস্তার শিকার ইমন

পুরোনো ভিডিওতে সিনেমাটির প্রযোজকের সঙ্গে মনোমালিন্যের কথাও উঠে আসে। তবে ঠিক কোন ঘটনাকে কেন্দ্র করে তাদের বিরোধ তৈরি হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত জানাননি মান্না। শেলী মান্নার দাবি, সিনেমায় এমন কিছু ঘটছিল, যা মান্নার অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না।

তার ভাষায়, "মান্না বুঝতে পেরেছিল, সিনেমায় অন্য রকম কিছু হচ্ছে, যা তার সঙ্গে যায় না। তার মনে হয়েছিল, তাকে ছাড়াই অপ্রাসঙ্গিক কিছু দৃশ্যের শুটিং হয়েছে। পাইরেসিসহ নানা বিষয় নিয়েও দ্বন্দ্ব ছিল।"

এরপরই সিনেমাটি থেকে সরে দাঁড়ান মান্না। শেলী মান্নার দাবি, পরে প্রযোজক ও পরিচালক ডামি ব্যবহার করে সিনেমার কাজ শেষ করেন।

অশ্লীলতার বিরুদ্ধে নিজের অবস্থানও স্পষ্ট করেছিলেন মান্না। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, "বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমি সব সময় অশ্লীলতা নিয়ে প্রতিবাদ করেছি।"

আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা

শেলী মান্নাও জানিয়েছেন, অশ্লীলতার বিরুদ্ধে মান্নার অবস্থান ছিল দীর্ঘদিনের। তিনি বলেন, "সে অশ্লীল সিনেমায় কখনোই অভিনয় করেনি। কেউ যেন এমন সিনেমা না বানায়, সেটা নিয়েও কথা বলেছে। একসময় তার যুদ্ধটা একার ছিল।"

তবে এই লড়াই করতে গিয়ে একপর্যায়ে ক্লান্ত হয়ে পড়েছিলেন মান্না। ভিডিওতে নিজের ওপর চাপ ও নানা সমালোচনার কথাও জানান তিনি।

মান্না বলেন, "অশ্লীলতা নিয়ে একার পক্ষে যুদ্ধ করা সম্ভব নয়। আমি একা ক্লান্ত হয়ে গিয়েছি। অশ্লীল সিনেমা সম্পর্কে আমি কোনো মন্তব্য করতে চাই না। কারণ, আমাকে নিয়ে এসব কারণে চলচ্চিত্র অঙ্গনে অনেক আলোচনা-সমালোচনা হয়েছে। অনেক সময় বিপদের মুখোমুখিও হয়েছি।"

তৎকালীন চলচ্চিত্র অঙ্গনের পরিস্থিতি সম্পর্কে নাম প্রকাশ না করার শর্তে চলচ্চিত্র পরিচালক সমিতির এক নেতা জানান, ওই সময়ে অনেক সিনেমাতেই অশ্লীল দৃশ্য যুক্ত করা হতো। এর বিরোধিতা করতেন মান্না। কয়েকজন পরিচালক, ফাইট ডিরেক্টর ও অন্যান্য কলাকুশলীকে সঙ্গে নিয়ে অশ্লীলতামুক্ত সামাজিক সিনেমা নির্মাণের উদ্যোগও নিয়েছিলেন তিনি।

আরও পড়ুন: শিশু চিত্রশিল্পীদের পুরস্কার বিতরণ করলো লায়ন্স ইন্টারন্যাশনাল

ওই নেতার দাবি, শুধু অশ্লীলতা নিয়ে আপত্তিই নয়, ‘ফায়ার’ সিনেমার শিডিউল নিয়েও মান্নার জটিলতা তৈরি হয়েছিল। সব মিলিয়ে সিনেমাটি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি।

‘ফায়ার’ সিনেমাটি পরিচালনা ও প্রযোজনা করেন মোহাম্মদ হোসেন। এতে নায়িকার চরিত্রে অভিনয় করেন পলি। মোহাম্মদ হোসেন বর্তমানে দেশের বাইরে থাকায় সিনেমাটি নিয়ে ওঠা অভিযোগ এবং মান্নার বক্তব্য প্রসঙ্গে তার মন্তব্য পাওয়া যায়নি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুলনায় বিএল কলেজের গেটে যুবক মহিদুল গুলিবিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৫০ পি.এম


খুলনায় বিএল কলেজের গেটে যুবক মহিদুল গুলিবিদ্ধ

খুলনা নগরীর দৌলতপুরের সরকারি বিএল কলেজের ২ নম্বর গেট এলাকায় এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন, যার নাম মহিদুল (২০)।

এটি ঘটে বুধবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে।

আহত যুবক মহিদুল গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বনগাঁ গ্রামের শওকত খাঁর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মহিদুলকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সময় মহিদুল দৌলতপুর থানার বিএল কলেজের দ্বিতীয় গেট এলাকার ফাঁকা স্থানে বা এর কাছাকাছি অবস্থান করছিলেন। হঠাৎ করে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা এসে তাকে লক্ষ্য করে গুলি চালায় এবং দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে মহিদুলের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন।

দৌলতপুর থানার এসআই আব্দুর রাজ্জাক বলেন, "খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হাসপাতালের চিকিৎসাধীন মহিদুলের সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে জানার চেষ্টা চলছে। পাশাপাশি ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা করা হচ্ছে।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পা হারিয়েও দমেননি, রাবির সাবেক শিক্ষার্থী সুজন এখন পীরগঞ্জ স্টেশনমাস্টার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৫১ পি.এম


পা হারিয়েও দমেননি, রাবির সাবেক শিক্ষার্থী সুজন এখন পীরগঞ্জ স্টেশনমাস্টার

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ রেলস্টেশন থেকে মাইকে ট্রেন থামার বার্তা শোনা যাচ্ছে। প্ল্যাটফর্মে যাত্রীদের ব্যস্ততা বৃদ্ধি পেয়েছে। মো. সোহরাব হোসেন সুজন স্টেশনমাস্টারের কক্ষে বসে ট্রেনের সিগন্যাল ও কন্ট্রোল রুমের নির্দেশনা তদারকি করছেন। সাধারণ মানুষের মতো কক্ষ থেকে বের হলেও বোঝা যায় না যে তিনি বাঁ পা ছাড়া এত বড় স্টেশনের দায়িত্ব সামলাচ্ছেন।

২০০৩ সালে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মাগুরা গ্রামের কিশোর সুজন সপ্তম শ্রেণিতে পড়াশোনা করছিলেন। এক দুপুরে বড় বাবার সঙ্গে মাঠে গিয়ে পাওয়ার টিলার চালানোর ইচ্ছা জাগে তার। ওই সময় বাড়িতে চাচাতো ভাইয়ের বিয়ের বৌভাতের আয়োজন চলছিল, চারপাশে উৎসবের আমেজ ছিল। ছেলের আবদারে শেষমেশ বড় আব্বা তাকে গাড়িটি চালাতে দেন। কিন্তু অনভিজ্ঞতার কারণে মোড় ঘোরাতে গিয়ে পাওয়ার টিলারটি পাশের পুকুরে উল্টে যায়। এতে সুজনের বাঁ পা স্লিপ কেটে টিলারের ফালসেটে ঢুকে যায়। পরে গুরুতর আহত অবস্থায় প্রথমে দিনাজপুর এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। জীবন বাঁচাতে হাঁটুর নিচ থেকে সুজনের বাঁ পা কেটে ফেলতে হয়।

সেই সময় এক বছর পড়ালেখা বন্ধ হয়ে যায়। বন্ধুদের সামনে কিভাবে দাঁড়াবেন, এ নিয়ে কিশোর মনে সংকোচ ও লজ্জা ভর করে। গ্রামের মানুষ বলতে শুরু করে, ‘ছেলেটার জীবন তো শেষ, ওকে দিয়ে আর কিছু হবে না।’ কিন্তু সুজনের উকিল বোন নাসিমা ও দুলাভাই হাবিবের সহায়তায় পায়ে প্লাস্টিক সার্জারি করে কৃত্রিম পা লাগানো হয়। লজ্জা ভেঙে কৃত্রিম পা দিয়ে সাইকেল চালানো শুরু করেন এবং স্কুলে যাওয়া শুরু করেন। তবে ক্লাসে যেতেন না, শুধু পরীক্ষা দিতেন। স্কুলের গণিত শিক্ষক মহিনুদ্দীন স্যারের সহযোগিতায় বাড়িতে বসেই পড়াশোনা চলতে থাকে। স্থানীয় কোচিংয়ের মডেল টেস্টে প্রথম স্থান অধিকার করে সবাইকে চমকে দেন। ২০০৮ সালে এসএসসিতে মানবিক বিভাগ থেকে তিনি জিপিএ ৪.৬০ পান। এরপর কলেজ থেকে এইচএসসিতে ৪.৯০ অর্জন করেন।

সুজনের স্বপ্ন ছিল আরও বড়। ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে চান্স পান। রাজশাহী থেকে মাস্টার্স শেষ করার পর সুজন দিনাজপুরে ফিরে আসেন। কোনো কোচিং সেন্টারে না গিয়ে মেসে বসে সরকারি চাকরির প্রস্তুতি শুরু করেন। রাত ৩টা-৪টা, কখনো ফজরের আজান পর্যন্ত টেবিল-চেয়ারেই কাটত তার সময়।

সুজনের কঠোর পরিশ্রমের ফল মিলতে দেরি হয়নি। তিনি প্রাথমিক শিক্ষক নিয়োগ ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষসহ একাধিক পরীক্ষায় উত্তীর্ণ হন। তবে ২০১৯ সালের মে মাসে সহকারী স্টেশনমাস্টার (এএসএম) হিসেবে বাংলাদেশ রেলওয়েতে যোগ দেন।

দিনরাত সুজনের দায়িত্বের প্রতি নিষ্ঠা ও একাগ্রতা দেখে কর্তৃপক্ষ মাত্র পাঁচ-ছয় মাসের মাথায় ব্যস্ত পীরগঞ্জ স্টেশনের দায়িত্ব তার ওপর ন্যস্ত করে। চার বছর পর ২০২৩ সালে তিনি পদোন্নতি পেয়ে পূর্ণাঙ্গ স্টেশনমাস্টার হিসেবে একই স্টেশনের দায়িত্ব নেন। বর্তমানে সুজন সময়মতো ট্রেনস্টেশন পরিচালনা, শত শত যাত্রীর নিরাপত্তা এবং টিকিট ও ক্যাশের সঠিক হিসাব সবকিছুই দক্ষতার সঙ্গে সামলাচ্ছেন।

সুজন বলেন, "প্রতিদিন আমার মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে রেলস্টেশনে আসা-যাওয়া করি। এখন স্যাররা আমার প্রতি ভরসা করে দায়িত্ব দিয়েছেন। আমি সততার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করি।"

স্টেশনমাস্টার সুজন আরও বলেন, "সমাজে কে কী বলল, তাতে কান দিলে চলা যায় না। লক্ষ্য যদি স্থির থাকে আর মনে আত্মবিশ্বাস থাকে, তবে কোনো শারীরিক প্রতিবন্ধকতাই মানুষকে আটকে রাখতে পারে না।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এবার দেশের বড় দায়িত্বে লিওনেল মেসি: প্রেসিডেন্ট হতে পারেন দাবি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৫১ পি.এম


এবার দেশের বড় দায়িত্বে লিওনেল মেসি: প্রেসিডেন্ট হতে পারেন দাবি

ফুটবল মাঠে তার বর্ণময় ক্যারিয়ারের সমাপ্তি ঘটিয়ে কি এবার রাজনীতির মঞ্চে প্রবেশ করতে যাচ্ছেন লিওনেল মেসি? বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন মহাতারকাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি চাঞ্চল্যকর দাবি ছড়িয়ে পড়েছে।

এক ভূ-রাজনৈতিক বিশ্লেষক ও ভবিষ্যদ্বক্তার মতে, আগামী পাঁচ থেকে ১০ বছরের মধ্যে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হিসেবে মেসিকে দেখা যেতে পারে।

কানাডীয় শিক্ষাবিদ এবং ভবিষ্যদ্বক্তা হিসেবে পরিচিত ‘প্রফেসর জিয়াং’ মার্কিন রাজনৈতিক ভাষ্যকার নিকোলাস কেন ডি বালিনথাজির, যিনি ‘স্নিকো’ নামেও পরিচিত, এক সাক্ষাৎকারে এই দাবি করেন।

প্রফেসর জিয়াং উল্লেখ করেন, অদূর ভবিষ্যতে মেসি পেশাদার রাজনীতিতে সক্রিয় হতে পারেন। এরপর তিনি ধীরে ধীরে দেশের রাজনীতিতে নিজের অবস্থান শক্ত করে প্রেসিডেন্টের দায়িত্বেও আসীন হতে পারেন এই ফুটবল কিংবদন্তি।

জিয়াং বলেন, তিনি ‘গেম থিওরি’ ও বিভিন্ন বৈজ্ঞানিক কৌশলের মাধ্যমে বিশ্ব রাজনীতি এবং ভূ-রাজনীতির সম্ভাব্য গতিপথ বিশ্লেষণ করেন। তার পূর্বাভাসগুলোর মধ্যে বেশ কিছু পূর্বাভাস সত্যি হয়েছে বলেও তিনি দাবি করেন।

তবে প্রফেসর জিয়াংয়ের পেশাগত পরিচয় এবং তার ভবিষ্যদ্বাণীগুলোর বৈজ্ঞানিক ভিত্তি সম্পর্কে স্বাধীন ও নিরপেক্ষভাবে যাচাই করা তথ্য পাওয়া যায়নি। ফলে, মেসির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে তার বক্তব্যকে নিশ্চিত তথ্যের পরিবর্তে একটি পূর্বাভাস হিসেবেই দেখা হচ্ছে।

জিয়াং শুধু প্রেসিডেন্ট হওয়ার দাবিতেই থামেননি। তার মতে, যদি মেসি সত্যিই আর্জেন্টিনার প্রেসিডেন্ট হন, তাহলে তিনি দীর্ঘ সময় প্রায় দুই দশক ক্ষমতায় থাকতে পারেন। এ সময় দেশের স্বার্থে বিতর্কিত কিংবা ক্ষতিকর কিছু সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

আরও চমকপ্রদ দাবি করেছেন জিয়াং। তার মতে, মেসি রাষ্ট্রপ্রধান হলেও বর্তমান প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের প্রভাব পুরোপুরি শেষ হবে না। বরং মেসির সম্ভাব্য শাসনামলেও পর্দার আড়াল থেকে প্রভাব বিস্তার করতে পারেন মিলেই।

এখন পর্যন্ত মেসির পক্ষ থেকে আর্জেন্টিনার প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করা বা সক্রিয় রাজনীতিতে যোগ দেওয়ার কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

সুতরাং, মেসির রাজনৈতিক অভিষেক এবং ভবিষ্যতে প্রেসিডেন্ট হওয়ার বিষয়টি আপাতত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী হিসেবেই রয়ে যাচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেন্ট মার্টিনে বিনামূল্যে খতনার পর হাসপাতালে ৫০ শিশু, গুরুতর দুজন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৫২ পি.এম


সেন্ট মার্টিনে বিনামূল্যে খতনার পর হাসপাতালে ৫০ শিশু, গুরুতর দুজন

কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপে ‘আল মোমিন সমাজকল্যাণ ফাউন্ডেশন’ এর উদ্যোগে বিনামূল্যে খতনা করানোর পর ৫০ শিশু বিভিন্ন শারীরিক সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসকদের মতে, এর মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, রোববার দ্বীপের সেন্ট মার্টিন অবকাশ নামের একটি রিসোর্টে ২১০ শিশু ও কিশোরকে খতনা করা হয়। শিশু ও কিশোরদের বয়স ৫ থেকে ১৫ বছরের মধ্যে ছিল। মঙ্গলবার থেকেই শিশুরা অসুস্থ হতে শুরু করে এবং তাদের মধ্যে অনেকের রক্তক্ষরণসহ বিভিন্ন সমস্যা দেখা দেয়।

সেন্ট মার্টিন দ্বীপ হাসপাতালের উপ-সহকারী কর্মকর্তা শহীদুল ইসলাম জানিয়েছেন, মঙ্গলবার ৫০ শিশু হাসপাতালে চিকিৎসার জন্য আসে। তাদের মধ্যে কয়েকজনের ক্ষতস্থানে ইনফেকশন ও রক্তক্ষরণ ছিল। প্রাথমিক চিকিৎসার পর দুজনকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, ২১০ শিশুর খতনা করা হয়েছিল। দুই দিন পর কিছু শিশু বিভিন্ন সমস্যা নিয়ে হাসপাতালে যায়। শিশুদের স্বজনরা অভিযোগ করেছেন, খতনার পর কয়েকজনের ক্ষতস্থানে ব্যথা, ফুলে যাওয়া ও পুঁজ দেখা দেয়। পরে কারও কারও রক্তক্ষরণও হয়।

শিশুদের অবস্থা সম্পর্কে জানতে বুধবার (৭ অক্টোবর) সকাল আটটার দিকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসক নওশাদ আলমের নেতৃত্বে তিন সদস্যের একটি মেডিক্যাল টিম সেন্ট মার্টিনের উদ্দেশে রওনা দেয়। দুপুরে তারা দ্বীপে পৌঁছে শিশুদের চিকিৎসা ও পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা এনামুল হক বলেন, খতনা কর্মসূচির বিষয়ে তাদের আগে থেকে জানানো হয়নি। এ কর্মসূচির আওতায় ৫০ শিশু চিকিৎসা নিয়েছে। তবে মূলত দুজনের ইনফেকশন হয়েছিল। তাদেরও দ্বীপে রেখেই চিকিৎসা দেওয়া হয়েছে। অন্যদের সমস্যাগুলো স্বাভাবিক ধরনের। খতনার পর এ ধরনের কিছু সমস্যা হতে পারে। এরপরও পরিস্থিতি দেখতে তিন সদস্যের একটি মেডিকেল টিম সেন্ট মার্টিনে পাঠানো হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও এস এম অনীক চৌধুরী বলেন, বিষয়টি খোঁজ-খবর নেওয়া হচ্ছে। মেডিকেল টিমের প্রতিবেদনে কোনো গাফিলতি পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

খতনা কর্মসূচির বিষয়ে জানতে চেয়ে আল মোমিন সমাজকল্যাণ ফাউন্ডেশনের একাধিক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা হয়। তাদের মুঠোফোনে কল করা হয়। তবে তারা কেউ ফোন রিসিভ করেননি। এ কারণে তাদের বক্তব্য দেওয়া সম্ভব হয়নি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%