০৬:৩৯ পি.এম
সেপ্টেম্বর মাসে ১৪৮ জনের মৃত্যু ঘটানোর পর, অক্টোবরে এসে ডেঙ্গুর পরিস্থিতি যেন আরও ভয়াবহ হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগটি আরও ৮ জনের প্রাণ কেড়ে নিয়েছে। ফলে, গত তিন দিনে (৭২ ঘণ্টা) মোট ২৭ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুর কারণে।
স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত বুলেটিন থেকে বুধবার (৭ অক্টোবর) এই তথ্য প্রকাশিত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৬০ জন। এর মধ্যে ঢাকা বিভাগে ৭৩০ জন রোগী ভর্তি হয়েছেন, যা সর্বাধিক। খুলনা বিভাগে ৩৭৬ জন, বরিশালে ২০০, চট্টগ্রামে ২১৬ জন, ময়মনসিংহে ১১০, রংপুরে ৩৮ জন এবং রাজশাহী বিভাগে ১৭৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
এদিকে, গতকাল (মঙ্গলবার) একদিনে চলতি বছরের সর্বোচ্চ মৃত্যু দেখা গেছে ডেঙ্গুর কারণে। ওইদিন ১০ জনের প্রাণ কেড়ে নিয়েছে এডিস মশাবাহিত রোগটি। তার আগের দিনও ৯ জনের মৃত্যু ঘটেছে। চলতি মাসের প্রথম ছয় দিনে ভাইরাসটিতে ৪৪ জনের মৃত্যু হয়েছে।
এখন পর্যন্ত চলতি বছর মোট ২৮৯ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুর কারণে। এর মধ্যে সেপ্টেম্বর মাসে মারা গেছেন ১৪৮ জন। অক্টোবরের প্রথম ছয় দিনে ৪৪ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২ হাজার ২১৬ জন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন