০৫:০২ পি.এম
ময়মনসিংহের ভালুকায় এক হিন্দু নারী শ্রমিক (২৩) কে জোরপূর্বক তুলে নিয়ে মুখ বেঁধে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় পুলিশ আল আমিন (৩৬) এবং হুসেন (২২) নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) তাদের গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করা হয়। এর আগে, ভুক্তভোগী নারী বাদী হয়ে তিনজনকে আসামি করে ভালুকা মডেল থানায় মামলা দায়ের করেন।
গ্রেপ্তার হওয়া আল আমিন ও হুসেন উপজেলার মল্লিকবাড়ী ইউপির নয়নপুর এলাকার বাসিন্দা। একই এলাকার অপর আসামি ইকবাল হোসেনকে গ্রেপ্তার করার জন্য পুলিশ তৎপরতা চালাচ্ছে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা ও ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মুহিদুল আলম।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভুক্তভোগী ওই নারী উপজেলার কাঠালী এলাকার স্কয়ার টেক্সকম ফ্যাক্টরিতে কর্মরত ছিলেন। গত ৪ অক্টোবর রাতে ফ্যাক্টরি থেকে ছুটি পাওয়ার পর আনুমানিক রাত ১০টার দিকে মল্লিকবাড়ী মোড় থেকে অটোরিকশাযোগে নয়নপুরে তার এক বান্ধবীর বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। নয়নপুর ৯ নম্বর এলাকায় পৌঁছানোর পর, পায়ে হেঁটে বান্ধবীর বাড়ির দিকে যাওয়ার সময় আসামিরা তাকে জোরপূর্বক ১নং আসামি আল আমিনের বসতঘরে নিয়ে গিয়ে মুখ কাপড় দিয়ে বেঁধে পালাক্রমে ধর্ষণ করে। পরে, ঘটনাটি কাউকে না বলার জন্য বিভিন্ন ধরনের হুমকি দিয়ে রাত ৪টা ৪৫ মিনিটের দিকে তাকে ছেড়ে দেওয়া হয়। পরবর্তীতে, ভুক্তভোগী নারী ভালুকা মডেল থানায় তিনজনকে আসামি করে মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, "মামলার প্রধান আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি একজন পলাতক রয়েছে, পলাতক আসামিকে দ্রুত আইনের আওতায় আনতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।"
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন