০৫:০২ পি.এম
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জহির উদ্দিন স্বপন এমপি জানিয়েছেন, সরকারের আওতাধীন সব জনসেবা বিভাগ ও দপ্তরে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে ‘মিট দ্য প্রেস’ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বরিশালের গৌরনদী উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে সরকারি ও প্রাতিষ্ঠানিক পুকুর এবং উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পরে রাজনৈতিক উপদেষ্টার কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য
জহির উদ্দিন স্বপন উল্লেখ করেন, ‘জনগণের দোরগোড়ায় তথ্য পৌঁছে দেওয়া এবং সরকারি সেবার গতিশীলতা বাড়াতে সরকারের আওতাধীন যতগুলো জনসেবা বিভাগ বা দপ্তর আছে, সেগুলোতে নিয়মিত ‘মিট দ্য প্রেস’ আয়োজন করা হবে। এর মাধ্যমে প্রশাসন ও সংবাদমাধ্যমের সমন্বয়ে জনগণের কাছে বস্তুনিষ্ঠ তথ্য প্রকাশ পাবে।’
তিনি আঞ্চলিক মৎস্য খাত সম্প্রসারণের বিষয়ে আরও বলেন, গৌরনদীর সরকারি হ্যাচারির সক্ষমতা বাড়িয়ে মাছের রেণু থেকে উন্নতমানের পোনা উৎপাদন করা হবে, যা স্থানীয় জনগণের পোনার চাহিদা পূরণ করে জেলা ও জাতীয় পর্যায়ে ইতিবাচক ভূমিকা রাখবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীমের সভাপতিত্বে পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপজেলা মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক, বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মো. মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোবর আলম বিপ্লব, সদস্য সচিব শরিফ জহির সাজ্জাদ হান্নান এবং পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় গৌরনদীর বিভিন্ন উন্মুক্ত জলাশয় ও সরকারি পুকুরে আনুষ্ঠানিকভাবে এই পোনা অবমুক্ত করা হয়।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন