০৩:২০ পি.এম
নোয়াখালীর কবিরহাট থানার সামনে সিএনজিচালিত অটোরিকশার চাপায় মারা গেছেন মো. সফি উল্যাহ (৬০) নামে একজন কৃষক।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে কবিরহাট থানার উপপরিদর্শক (এসআই) ইমদাদুল ইসলাম ঘটনা নিশ্চিত করেছেন।
এর আগে, সোমবার (২০ জুলাই) রাত সাড়ে ৮টার সময়ে কবিরহাট থানার সামনে এই দুর্ঘটনা ঘটে। পরে রাতে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মাইজদীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
নিহত সফি উল্যাহ কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের জগদানন্দ গ্রামের আব্দুর রশীদের পুত্র ছিলেন।
অপরদিকে, দুর্ঘটনার পরপরই অভিযান চালিয়ে অটোরিকশার চালক মো. ইউসুফকে (২৭) আটক করে পুলিশ। তিনি কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের আশ্রাফপুর গ্রামের মনির আহম্মদের ছেলে।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, সোমবার রাতে ব্যক্তিগত কাজে সফি উল্যাহ স্থানীয় এক ইউপি সদস্যের সঙ্গে কবিরহাট থানার সামনে আসেন। রাত সাড়ে ৮টার দিকে সড়ক পার হওয়ার সময় কবিরহাটগামী একটি সিএনজিচালিত অটোরিকশা তার ওপর চাপা দেয়। এই ঘটনায় তিনি গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থার উন্নতি না হলে উন্নত চিকিৎসার জন্য মাইজদীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার সময় তার মৃত্যু ঘটে।
আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা
কবিরহাট থানার উপপরিদর্শক (এসআই) ইমদাদুল ইসলাম বলেন, দুর্ঘটনার পরপরই অটোরিকশার চালককে আটক করা হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন