ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

বিয়ের পরই নববধূ অপহরণ, ‘ফিল্মি স্টাইলে’ ঘটনার


বিয়ের পরই নববধূ অপহরণ, ‘ফিল্মি স্টাইলে’ ঘটনার

ভারতের তেলেঙ্গানার পাপান্নাপেট গ্রামে ভিন্ন জাতে বিয়ে করার জন্য এক নববধূকে তার স্বামীর বাড়ি থেকে জোরপূর্বক অপহরণ করার অভিযোগ উঠেছে। এটি ঘটে মাত্র বিয়ের দুই দিন পর। এই ঘটনার একটি সিসিটিভি ফুটেজও প্রকাশিত হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে।

পুলিশের মতে, পাপান্নাপেট মণ্ডলের এল্লাপুর গ্রামের বাসিন্দা প্রণয় গত ৬ জুলাই কাউডিপল্লী মণ্ডলের সালাবাতপুর গ্রামের এক তরুণীকে বিয়ে করেন। দুজনেই প্রাপ্তবয়স্ক থাকলেও তাদের জাত আলাদা হওয়ায় কনের পরিবার বিয়েতে তীব্র আপত্তি জানিয়ে আসছিল। নিরাপত্তা বৃদ্ধির স্বার্থে, বিয়ের পর নবদম্পতি স্থানীয় থানায় যোগাযোগ করেন। তখন পুলিশ উভয় পরিবারকে ডেকে কাউন্সেলিং করে। নববধূ পুলিশের কাছে জবানবন্দি দিয়ে জানান, তিনি নিজের ইচ্ছায় বিয়ে করেছেন এবং স্বামীর সাথেই থাকতে চান।

প্রণয়ের মা শ্যামলা জানান, ভিন্ন জাতে বিয়ে করায় কনের আত্মীয়রা তাদের ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে। বিয়ের দুই দিন পর, বুধবার (৮ জুলাই) কনের পরিবারের কিছু সদস্য চারটি গাড়ি নিয়ে এল্লাপুর গ্রামে প্রণয়দের বাড়ির ওপর চড়াও হন। ঘটনার সময় বাড়ির পুরুষ সদস্যরা উপস্থিত ছিলেন না। সেই সুযোগে হামলাকারীরা ঘরে ঢুকে পড়ে। প্রণয়ের মা বাধা দিতে গেলে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় এবং উপস্থিত সবাইকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে নববধূকে জোরপূর্বক টেনে হিচড়ে গাড়িতে তুলে নিয়ে যায় হামলাকারীরা। এই ঘটনার পুরো দৃশ্য সিসিটিভি ক্যামেরায় ওঠে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

ঘটনার পর প্রণয়ের পরিবার পাপান্নাপেট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। তবে তাদের অভিযোগ, ঘটনার পর কিছু সময় পেরিয়ে গেলেও পুলিশ নববধূকে উদ্ধার করতে পারে নি বা অপরাধীদের বিরুদ্ধে কোনো দৃশ্যমান ব্যবস্থা নিতে পারছে না।

পাপান্নাপেট থানার পুলিশ জানিয়েছে, তারা ঘটনার তদন্ত শুরু করেছে এবং নববধূকে খুঁজে বের করার চেষ্টা চলছে। কনেকে উদ্ধারের পর তার জবানবন্দি নেওয়া হবে। তদন্তে যদি প্রমাণিত হয় যে তরুণীকে জোর করে নিয়ে যাওয়া হয়েছে, তবে অপহরণের সঙ্গে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্ষমতার জন্য নয়, মানুষের জন্য রাজনীতি: তথ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৫:১৭ পি.এম


ক্ষমতার জন্য নয়, মানুষের জন্য রাজনীতি: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের কল্যাণ সাধনই সরকারের মূল লক্ষ্য। তিনি বলেন, গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে সরকার কাজ করে যাচ্ছে। রাজনীতি ক্ষমতা ভোগের কোনো প্রক্রিয়া নয়; বরং জনগণের ভাগ্য উন্নয়নের একটি মাধ্যম।

শুক্রবার(১০ জুলাই) সকালে বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জিয়াউর রহমান ফাউন্ডেশন  এ অনুষ্ঠানের আয়োজন করে।

তথ্যমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন আধুনিক বাংলাদেশের স্থপতি এবং একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক। তিনি বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি সবুজ বিপ্লবের মাধ্যমে দেশের কৃষি ও পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বর্তমান সরকারও পরিবেশবান্ধব উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে পরিবেশ সংরক্ষণ, সামাজিক উন্নয়ন ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করছে।

তথ্যমন্ত্রী আরও বলেন, গণতান্ত্রিক লক্ষ্য অর্জনে সরকারের পাশাপাশি সামাজিক সংগঠনগুলোরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যে রাজনৈতিক দল ক্ষমতায় যেতে চায়, তাদের কর্মকাণ্ডের মাধ্যমেই নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হয়। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সেই সক্ষমতার পরিচয় দিয়েছেন।

তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক পথ অনুসরণ করে তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতিকে সুপ্রতিষ্ঠিত করেছেন। রাজপথের আপসহীন আন্দোলন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের সামাজিক কর্মকাণ্ড এবং দেশের বিশিষ্ট বুদ্ধিজীবীদের নিয়ে ভবিষ্যৎ বাংলাদেশের ‘রাষ্ট্র মেরামত’-এর রূপরেখা প্রণয়নের মাধ্যমে তিনি একজন রাষ্ট্রনায়কের পরিচয় দিয়েছেন।

শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, নতুন প্রজন্মের কাছে জিয়াউর রহমানের দেশপ্রেম ও আদর্শ তুলে ধরতে হবে। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান তিনি।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জহির উদ্দিন স্বপন বলেন, প্রধানমন্ত্রীর আসন্ন বরিশাল সফরের মূল কেন্দ্রবিন্দু বৃক্ষরোপণ কর্মসূচি হলেও সফরকালে তিনি দলের নীতিনির্ধারক এবং দক্ষিণাঞ্চলের জনপ্রতিনিধিদের সঙ্গে এ অঞ্চলের উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন।

মন্ত্রী জানান, ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম-মুয়াজ্জিনদের জন্য বিশেষ কার্ডের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তারেক রহমানের এই বরিশাল সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। গুরুত্বপূর্ণ এ সফরের জন্য বরিশালকে বেছে নেওয়ায় তিনি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার এবং সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. লুৎফর রহমান।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃদ্ধ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ঔষধি ও ফলদ গাছের চারা রোপণ করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাকেরগঞ্জে গৃহবধূকে কুপিয়ে স্বর্ণালংকার লুট: দুই অভিযুক্ত গ্রেপ্তার, লুণ্ঠিত স্বর্ণ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৫:৩৮ পি.এম


বাকেরগঞ্জে গৃহবধূকে কুপিয়ে স্বর্ণালংকার লুট: দুই অভিযুক্ত গ্রেপ্তার, লুণ্ঠিত স্বর্ণ উদ্ধার

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় গভীর রাতে এক গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে স্বর্ণালংকার লুটের ঘটনায় দ্রুত অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর, তাদের কাছ থেকে লুণ্ঠিত স্বর্ণালংকারও উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরলেও স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত গভীর রাতে উপজেলার ভরপাশা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মধ্য ভরপাশি গ্রামের বাসিন্দা হালিম হাওলাদারের বাড়িতে সংঘবদ্ধ চোরের একটি দল প্রবেশ করে। এ সময় ঘরের ভেতরে থাকা গৃহবধূ নাজমা বেগম চোরদের বাধা দেওয়ার চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।

একপর্যায়ে চোরেরা নাজমা বেগমের দুই কান কেটে কানের স্বর্ণের দুল ছিনিয়ে নেয়। একই সঙ্গে তার গলায় থাকা স্বর্ণের চেইন খুলে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা গৃহবধূর চিৎকারে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন।

পরে তাকে রাতেই বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর বৃহস্পতিবার সকালে স্থানীয়দের সন্দেহের ভিত্তিতে একই এলাকার সুমন শরীফ ও জাহিদ শরীফকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তারা লুটের ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে স্থানীয়রা জানান। পরে খবর পেয়ে বাকেরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে লুণ্ঠিত স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন।

স্থানীয়দের অভিযোগ, সুমন শরীফ ও জাহিদ শরীফ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সেবন ও মাদক কারবারের সঙ্গে জড়িত। মাদকের অর্থ জোগাড় করতেই তারা এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে। এছাড়া এলাকায় চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধের সঙ্গেও তাদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

এ বিষয়ে বাকেরঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, গৃহবধূকে আহত করে স্বর্ণালংকার লুটের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের কাছ থেকে লুট হওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় অন্য কোনো ব্যক্তি জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয়রা এ ঘটনার সঙ্গে জড়িত সকল অপরাধীকে দ্রুত গ্রেপ্তার এবং এলাকায় চুরি ও মাদক সংশ্লিষ্ট অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযান জোরদারের দাবি করেছেন। তাদের মতে, দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি এলাকায় কার্যকর নজরদারি বাড়ানো হলে এ ধরনের অপরাধ অনেকাংশে কমে আসবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পটুয়াখালীতে ভারী বর্ষণে ভেসে গেছে কয়েক কোটি টাকার মাছ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৫:৪১ পি.এম


পটুয়াখালীতে ভারী বর্ষণে ভেসে গেছে কয়েক কোটি টাকার মাছ

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও এর পরবর্তী সময়ে লঘুচাপের দূরবর্তী প্রভাবে প্রবাহিত টানা ৬ দিনের বর্ষণে দক্ষিণ উপকূলীয় জনপদগুলোতে গ্রামের পর গ্রাম তলিয়ে যাচ্ছে। প্রকৃতিতে নেমে আসা এমন দুর্যোগের কারণে বৈরিতার কবলে অতিবৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে নিম্নাঞ্চলে। ফলে সাধারণ জীবনযাত্রায় ধীর গতি নেমে এসেছে। জনজীবন এখন স্থবির হয়ে পড়েছে। কিন্তু সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে মৎস্য চাষিরা। প্রবল বর্ষণে অসংখ্য মাছের ঘের ও পুকুর তলিয়ে গেছে। তাই মৎস্য বিভাগ বলছে, কলাপাড়া উপজেলায় ক্ষয়ক্ষতির সংখ্যা এখন পর্যন্ত প্রায় এক কোটি ৭০ লাখ টাকা। সেখানকার সঠিক পরিসংখ্যান নিরূপণ করা হলে এ সংখ্যা আরও বাড়তে পারে।

সরেজমিনে দেখা গেছে, উপজেলায় বৈরী আবহাওয়ার কারণে মুষলধারায় চলমান বৃষ্টিতে বাড়তি পানিপ্রবাহের কারণে অন্তত চার শতাধিক মাছের ঘের ও পুকুর ক্ষতিগ্রস্ত হয়েছে। পানির স্রোতের সঙ্গে অনেক কৃষকের স্বপ্ন ভেসে গেছে। বিশেষ করে মিঠাপানির জলাশয় থেকে অসংখ্য চাষির মাছ বেরিয়ে গেছে। এর মধ্যে অনেক মৎস্য ঘেরের বাঁধ ভেঙে গেছে। আবার কোথাও পুকুর ভেসে মাছ বের হয়ে গেছে।

প্রাকৃতিক এই দুর্যোগের মধ্যে উপজেলার চাকামইয়া, চম্পাপুর, নীলগঞ্জ, ধুলসার, ধানখালী ও মহিপুরের অসংখ্য মৎস্য চাষিদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। তাদের বক্তব্য হলো, বৃষ্টির ধারা অব্যাহত থাকলে মৎস্য খাতে ব্যাপক ক্ষতির পাশাপাশি গো খাদ্য সংগ্রহেও বিরূপ প্রভাব পড়বে। চম্পাপুর ইউপির চালিতাবুনিয়া গ্রামের মৎস্য চাষি হুমায়ূন কবির বলেছেন, তিন একর জমিতে চাষ করা মাছের ঘের তলিয়ে গেছে, সব মাছ ভেসে গেছে। ঘেরে রুই, কাতলসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করেছি, ক্ষতির পরিমাণ অন্তত ৫ লাখ টাকা। এ ছাড়া আমির হোসেন, মতি গাজী, ছলেমান, জিয়ান তালুকদার, শুভ গাজী, টল এনামুলসহ আরো বহু চাষির মৎস্য ঘেরও তলিয়ে গেছে।

চাকামইয়া ইউনিয়নের চেয়ারম্যান মজিবর ফকির বলেন, আমার ইউনিয়নে এখন অনেক এলাকায় অচলাবস্থা বিরাজমান। নিম্নাঞ্চলের ঘরবাড়িসহ ক্ষেত-খামার সব প্লাবিত হয়েছে। অন্তত দুই শতাধিক ঘের ও পুকুর তলিয়ে গেছে, যা অপূরণীয় ক্ষতি করেছে। পাশাপাশি বেশ কয়েকদিন গোয়ালের গরু ও ছাগল নিয়ে মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। কলাপাড়ার খেপুপাড়া রাডার স্টেশন ও পিবিও পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক জয়দীপ কবিরাজ কালবেলাকে জানান, গত ৪ জুলাই সকাল ৬টা থেকে ৯ জুলাই সকাল ৬টা পর্যন্ত ৩০৫ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

কলাপাড়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা অপুসাহা কালবেলাকে বলেন, চলমান প্রাকৃতিক দুর্যোগের ফলে আমরা এখন পর্যন্ত চার শতাধিক মাছের ঘের ও পুকুরের তলিয়ে যাওয়ার তথ্য পেয়েছি। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি ৭০ লাখ টাকা ছাড়িয়ে যাবে। তবে সঠিক পরিসংখ্যান নিরূপণ করে এ সংখ্যা আরও কয়েকগুণ বাড়বে বলে ধারণা করছি। তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত চাষিদের আমরা একটি তালিকা তৈরি করছি। পরে এ তালিকা মৎস্য অধিদপ্তরে পাঠানো হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্থগিত লাইসেন্সেই দায়িত্ব পালন, প্রশ্নের মুখে ফরিদপুর জেলা রেজিস্ট্রারের সিদ্ধান্ত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৫:৪৩ পি.এম


স্থগিত লাইসেন্সেই দায়িত্ব পালন, প্রশ্নের মুখে ফরিদপুর জেলা রেজিস্ট্রারের সিদ্ধান্ত

এক যুগ আগে ফরিদপুরে মো. নুরুজ্জামান নামে এক নিকাহ রেজিস্ট্রারের (কাজী) নিবন্ধন বাতিল করা হয়েছিল বিভিন্ন অনিয়মের অভিযোগে। পরবর্তীতে আইনী লড়াইয়ে দীর্ঘকাল দায়িত্ব পালন করার পর আদালতের আদেশমতে গত দুই বছর আগে তার নিবন্ধন পুনরায় স্থগিত করা হয়। কিন্তু এই স্থগিতাদেশকে উপেক্ষা করে জেলা রেজিস্ট্রার ও সাব-রেজিস্টারের বিরুদ্ধে পুনরায় কর্মরত করার অভিযোগ উঠেছে। এতে অতিরিক্ত দায়িত্বরত নিকাহ রেজিস্ট্রারকে সরে যাওয়ার জন্য হুমকি-ধমকি দেওয়ার অভিযোগও উঠেছে।

উচ্চ আদালত ও জেলা রেজিস্ট্রারের বিভিন্ন নথি সূত্রে জানা যায়, ২০১৩ সালে জেলার ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের দায়িত্বরত নিকাহ রেজিস্ট্রার মো. নুরুজ্জামানের বিরুদ্ধে জালিয়াতি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে তদন্ত করা হয়। সেসময়ে তৎকালীন জেলা রেজিস্ট্রার তার নিবন্ধন বাতিল করেছিলেন। এরপর ওই ইউনিয়নের অতিরিক্ত দায়িত্ব পাশ্ববর্তী চুমুরদি ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার মোহাম্মদ উল্যাহকে দেওয়া হয়। পরে নিবন্ধন বাতিলের বিরুদ্ধে উচ্চ আদালতে রিট দায়ের হলে আদালত চার মাসের জন্য পুর্নবহালের আদেশ দেন। এই আদেশ চার মাসের পর ২০২৩ সাল পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়। সেই সময়ের পরে ২০২৪ সালের ৭ মার্চ জেলা রেজিস্ট্রারের এক আদেশে অতিরিক্ত দায়িত্ব ফিরে পান মোহাম্মদ উল্যাহ।

পরবর্তীতে ২০২৪ সালের ২৭ মে আদালতের একটি রায়ে মো. নুরুজ্জামান পুনরায় দায়িত্ব ফিরে পান, কিন্তু ওই রায়ের বিরুদ্ধে ২০২৪ সালের ১৫ ডিসেম্বর আপিল বিভাগে মামলা করেন মোহাম্মদ উল্যাহ। সেই অনুযায়ী, ২০২৫ সালের ৭ জানুয়ারি চেম্বার আদালতের আদেশে পুনরায় নিবন্ধন স্থগিত করা হয় এবং মোহাম্মদ উল্যাহকে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়। যে বিষয়টি বর্তমানে বিচারাধীন অবস্থায় বিরাজমান, কিন্তু চলতি বছরের ১২ মার্চ জেলা রেজিস্ট্রার মোহাম্মদ শফিকুল ইসলামের স্বাক্ষরিত এক আদেশে নুরুজ্জামানকে পুর্নবহাল রাখা হয়।

ওই আদেশে উল্লেখ করা হয়েছে যে, উচ্চ আদালতে দায়েরকৃত পিটিশনের ২০২৫ সালের ১৮ ডিসেম্বর রায়ের প্রেক্ষিতে নুরুজ্জামানের নিকাহ রেজিস্ট্রারের লাইসেন্স পুনরায় সক্রিয় করা হয়েছে। একই সাথে অতিরিক্ত দায়িত্বরতকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

অতিরিক্ত দায়িত্বরত মোহাম্মদ উল্যাহ অভিযোগ করেছেন যে, নুরুজ্জামানের লাইসেন্স আদালতের আদেশে বর্তমান সময়ে স্থগিত রয়েছে, কিন্তু তা উপেক্ষা করে এবং নথি যাচাই না করেই তাকে অবৈধভাবে অব্যাহতি দেয়া হয়েছে। তিনি এই আদেশ বাতিলের দাবি করেছেন।

তিনি আরও জানান যে, তাকে সরকার থেকে অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছিল। কিন্তু তিনি অভিযোগ করেন যে, নুরুজ্জামান তার জীবনকে নষ্ট করে দিয়েছে এবং তার বিরুদ্ধে মানবপাচারের মামলা সহ বিভিন্ন মিথ্যা অভিযোগ আনা হয়েছে। তিনি বলেন, "আমারতো কোনো দোষ ছিল না- কিন্তু আমাকে দিনের পর দিন হয়রানি করা হয়েছে।" তিনি জানান যে, বর্তমানে তাকে প্রাণনাশেরও হুমকি-ধমকি দেয়া হচ্ছে।

ফরিদপুরের সচেতন নাগরিক কমিটির সনাকের সাবেক সভাপতি এডভোকেট শিপ্রা গোস্বামী মন্তব্য করেছেন যে, আদালতের যেকোনো নিষেধাজ্ঞা বা আদেশ মেনে চলা প্রত্যেক নাগরিকের দায়িত্ব। তিনি বলেন, "এটি কেউ না করলে তিনি অবশ্যই আদালত অমান্য করার অপরাধে অভিযুক্ত হবেন। আমাদের আইনের শাসন বাস্তবায়ন করতে হলে অবশ্যই আদালতের নির্দেশনার প্রতি সম্মান দেখাতে হবে।"

এ প্রসঙ্গে ফরিদপুর জেলা রেজিস্ট্রার মোহাম্মদ শফিকুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার সঙ্গে কোনও কথা বলা সম্ভব হয়নি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%