ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

রুয়েটে লিফট চালুর দাবিতে শিক্ষার্থীদের লং মার্চ


রুয়েটে লিফট চালুর দাবিতে শিক্ষার্থীদের লং মার্চ

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) নবনির্মিত আবাসিক হল ছাত্র হল-১-এর বহুতল ভবনে দ্রুত লিফট চালুর দাবি জানিয়ে উপাচার্যের বাসভবনের দিকে লং মার্চ করেছেন হলটির শিক্ষার্থীরা। দীর্ঘদিন ধরে দাবি জানানো সত্ত্বেও তা বাস্তবায়িত না হওয়ায় তারা ভোগান্তির সম্মুখীন হচ্ছেন।

শনিবার (৩ অক্টোবর) রাত ১০টা নাগাদ শতাধিক শিক্ষার্থী এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। লিফট চালুর জন্য পরীক্ষামূলক কার্যক্রম শেষে কয়েক দফা তারিখ নির্ধারণ করা হলেও তা বাস্তবায়ন হয়নি। শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে লিফট চালুর দাবি জানিয়ে আসলেও কার্যত কোনো সুফল না পাওয়ায় তাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর হল শিক্ষার্থীদের স্বাক্ষরসংবলিত একটি লিখিত আবেদনপত্র জমা দেওয়ার উদ্দেশ্যে যান। তবে উপাচার্য তখন বিশ্ববিদ্যালয়ে উপস্থিত না থাকায় প্রশাসনের পক্ষ থেকে ছাত্রকল্যাণ দপ্তরের সহকারী পরিচালক মো. আবু ইসমাইল সিদ্দিকী সাইফ আবেদন গ্রহণ করেন। তিনি শিক্ষার্থীদের আশ্বাস দেন যে, হলের লিফট চালুর বিষয়ে প্রশাসন কার্যকর পদক্ষেপ নেবে।

আরও পড়ুন: চুয়েটের অচলাবস্থা নিরসনে তদন্ত কমিটি গঠনের উদ্যোগ

আবেদনে শিক্ষার্থীদের প্রধান দাবি ছিল দ্রুততম সময়ের মধ্যে হলের লিফট সচল করার জন্য প্রশাসনের কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ। এতে উল্লেখ করা হয়েছে, নবনির্মিত ১০ তলা হল (ছাত্র হল-১)-এ আবাসিক শিক্ষার্থীরা বসবাস শুরু করলেও লিফট এখনো চালু হয়নি। ফলে প্রতিদিন সিঁড়ি দিয়ে ওঠানামা করতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে শিক্ষার্থীদের। ক্লাস, ল্যাব, পরীক্ষা ও ডাইনিংয়ে যাতায়াতের জন্য দিনে একাধিকবার নিচে নামা এবং আবার ওপরে ওঠা দুর্বিষহ হয়ে পড়েছে।

আবেদনে আরও বলা হয়েছে, তীব্র গরম ও ক্লান্তিকর একাডেমিক চাপের পর সিঁড়ি বেয়ে বিভিন্ন তলায় ওঠা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। এ অবস্থায় কোনো শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাকে জরুরি চিকিৎসাসেবা দিতে বা দ্রুত নিচে নামানো প্রায় অসম্ভব হয়ে যায়।

এদিকে, হল-সংক্রান্ত প্রকল্পের তথ্য অনুযায়ী, এ বছরের ডিসেম্বরে ছাত্র হল-১-এর কাজ সম্পন্ন করে হস্তান্তরের কথা ছিল। শিক্ষার্থীদের সুবিধা বিবেচনা করে প্রশাসন অধিকাংশ কাজ সম্পন্ন করে প্রায় আট মাস আগে তা শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করে। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকে ধাপে ধাপে শিক্ষার্থীরা হলটিতে বসবাস শুরু করেন। তবে এরপর হলের অন্যান্য সেবা ধারাবাহিকভাবে চালু হলেও লিফট এখনো চালু হয়নি। অভিযোগ রয়েছে, ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতিতে প্রায় পাঁচ মাস পেরিয়ে গেলেও হলটির লিফটের কাজ সম্পন্ন হয়নি।

জানা গেছে, প্রায় একই সময়ে পাশাপাশি দুটি ১০ তলা ভবন, অর্থাৎ ছাত্র হল-১ ও ছাত্র হল-২-এর নির্মাণকাজ সম্পন্ন হয়েছিল। ইতিমধ্যেই গত ২০ আগস্ট ছাত্র হল-২-এ দুটি লিফট চালু করা হয়েছে। কিন্তু ছাত্র হল-১-এর লিফট চালু না থাকায় আবাসিক শিক্ষার্থীরা দুর্বিষহ অবস্থায় পড়েছেন।

আরও পড়ুন: ইবি প্রশাসনের চার পদে নতুন পরিচালক নিয়োগ

তাদের এ দাবির বিষয়ে যন্ত্রকৌশল বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাহিম রহমান বলেন, "৮ তলায় ওঠার কয়েক দিনের মধ্যে আমার পায়ের পাতায় খুব ব্যথা হয়। এমন অবস্থায় ডাক্তার দেখালে তিনি পায়ে কোনো রকম চাপ দিতে মানা করেন। কিন্তু গত ২-৩ মাস ধরে প্রতিদিন ৩-৪ বার ওঠানামা করার কারণে আমি এখনো পায়ের এই সমস্যায় ভুগছি। স্যারদের জানালে উনারা শুধু একই উত্তর দেন যে ঠিকাদার কাজ করে না। কিন্তু হল-২ ও হল-১-এর ঠিকাদারি প্রতিষ্ঠান একই। তাহলে হল-২-এ লিফট চালু হলেও আমাদের হলে কেন হলো না? এটা অবশ্যই রুয়েট প্রশাসনের চরম ব্যর্থতা ও শিক্ষার্থীদের প্রতি অবহেলার বহিঃপ্রকাশ।"

আন্দোলন চলাকালীন দাবির বিষয়ে মুঠোফোনে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. এইচ. এম. রাসেল। তিনি জানান, নিজে দায়িত্ব নিয়ে আগামী ১৫ অক্টোবরের মধ্যেই হলটিতে লিফট চালুর ব্যবস্থা করবেন। পাশাপাশি হল-সংক্রান্ত অন্যান্য অসুবিধার বিষয়ে তার সঙ্গে যোগাযোগের আহ্বান জানান এবং সমাধানের আশ্বাস দেন।

নতুন ভবন হওয়ার পরও লিফট চালু না থাকায় শিক্ষার্থীদের ধৈর্যের মাত্রা ছাড়িয়ে ক্ষোভ ও অসন্তোষ চরমে পৌঁছে গেছে। তাদের ভোগান্তি দূর করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন অবিলম্বে কার্যকর ব্যবস্থা নেবে বলে প্রত্যাশা করছেন তারা। দ্রুততম সময়ে লিফট সচল করে দীর্ঘদিনের কষ্ট লাঘব ও পড়াশোনার সুস্থ পরিবেশ নিশ্চিত করা এখন সময়ের দাবি বলে মনে করছেন আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা। এ দাবির পরিপ্রেক্ষিতেই মূলত উপাচার্যের বাসভবনের উদ্দেশ্যে লং মার্চ করেন তারা। দ্রুত সমস্যাটির সমাধানে উপাচার্য ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন হলের শিক্ষার্থীরা।

আরও পড়ুন: ২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের তারিখ ঘোষণা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেসিকে ছাড়াই বুরকিনা ফাসোকে ৭-০ গোলে উড়িয়ে দিল আর্জেন্টিনা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৪৬ পি.এম


মেসিকে ছাড়াই বুরকিনা ফাসোকে ৭-০ গোলে উড়িয়ে দিল আর্জেন্টিনা

বুরকিনা ফাসোর বিরুদ্ধে গোল উৎসবের মাধ্যমে আর্জেন্টিনা জয়লাভ করেছে লিওনেল মেসিকে ছাড়াই। বিশ্বচ্যাম্পিয়নরা প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষকে ৭-০ গোলে পরাজিত করে দাপুটে জয় অর্জন করে। আলবিসেলেস্তেরা দলের হয়ে গোল করেন লাওতারো মার্তিনেজ, জিয়ানলুকা প্রেস্টিয়ান্নি, নিকোলাস পাজ, হুলিয়ান আলভারেজ, ফ্রাঙ্কো মাস্তানতুয়ানো এবং গুলিয়ানো সিমিওনে।

বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল প্রদর্শন করতে থাকে আর্জেন্টিনা। বুরকিনা ফাসোর বেবেল দুম্বিয়ার ফাউলে পেনাল্টি পায় স্বাগতিকরা ম্যাচের দ্বিতীয় মিনিটে। যদিও তৃতীয় মিনিটে স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন, তবে ফিরতি বলে জাল খুঁজে পান লাওতারো মার্তিনেজ। এই গোলের মাধ্যমে আর্জেন্টিনা এগিয়ে যায়।

এরপর অষ্টম মিনিটে আত্মঘাতী গোলে ব্যবধান দ্বিগুণ করে আর্জেন্টিনা। মৌমুনি দিয়ালো বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে পাঠিয়ে দেন। ১৩ মিনিটে তরুণ ফরোয়ার্ড জিয়ানলুকা প্রেস্টিয়ান্নি নিজের অভিষেককে স্মরণীয় করে তোলেন। দারুণ একটি আক্রমণ থেকে গোল করে আর্জেন্টিনার লিড আরও বাড়ান তিনি।

প্রথমার্ধের শেষ দিকে আর্জেন্টিনা আরও দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয়। ৩৪ মিনিটে গোল করেন নিকোলাস পাজ। এর দুই মিনিট পর, ৩৬ মিনিটে প্রেস্টিয়ান্নির পাস থেকে গোল করে ব্যবধান ৫-০ করেন হুলিয়ান আলভারেজ।

বিরতির পর আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি একাধিক পরিবর্তন আনেন। মাঠে নেমে দলের আক্রমণভাগে নতুন গতি যোগ করেন ফ্রাঙ্কো মাস্তানতুয়ানো, মাতিয়াস সুলে এবং অন্যান্য বদলি খেলোয়াড়েরা। ৫৬ মিনিটে মাতিয়াস সুলের অ্যাসিস্ট থেকে গোল করেন মাস্তানতুয়ানো। এটি তার জাতীয় দলের হয়ে প্রথম গোল। ফলে আর্জেন্টিনার ব্যবধান বেড়ে দাঁড়ায় ৬-০।

দ্বিতীয়ার্ধে ব্যবধান কমানোর চেষ্টা করে বুরকিনা ফাসো। তবে আর্জেন্টিনার রক্ষণভাগের দৃঢ়তায় তারা গোলের দেখা পায়নি। একটি গুরুত্বপূর্ণ শটও ঠেকিয়ে দেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। পরে ৭৯ মিনিটে তাকে তুলে নিয়ে জেরোনিমো রুইলিকে মাঠে নামান স্কালোনি।

ম্যাচের শেষদিকে সান্তিয়াগো কাস্ত্রোর একটি শট পোস্টে লেগে ফিরে আসে। তবে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ভ্যালেন্তিন বারকোর ক্রস থেকে হেডে গোল করে আর্জেন্টিনার ৭-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন গুলিয়ানো সিমিওনে।

মেসিকে ছাড়াই আর্জেন্টিনার এই বড় জয় দলটির শক্তিমত্তার আরেকটি প্রদর্শনী হয়ে উঠেছে। আক্রমণভাগের কার্যকারিতা এবং তরুণদের পারফরম্যান্সে বিশ্বচ্যাম্পিয়নরা ম্যাচজুড়ে প্রতিপক্ষের ওপর আধিপত্য বজায় রেখেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কর্নেল বিশ্ববিদ্যালয়ে গণধর্ষণের ২২ ঘণ্টা আগে একই জায়গা থেকে মাদকসহ গ্রেপ্তার ১, উঠছে প্রশ্ন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৪৬ পি.এম


কর্নেল বিশ্ববিদ্যালয়ে গণধর্ষণের ২২ ঘণ্টা আগে একই জায়গা থেকে মাদকসহ গ্রেপ্তার ১, উঠছে প্রশ্ন

যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয়ের একটি ভ্রাতৃসংঘের ভবনে যৌন নিপীড়নের (গণধর্ষণ) অভিযোগ ওঠার প্রায় ২২ ঘণ্টা আগে বিশ্ববিদ্যালয় পুলিশ সেখানে মাদকসংক্রান্ত ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছিল। পুলিশি নথিতে ওই ঘটনার উল্লেখ থাকলেও, কী ধরনের মাদক জড়িত ছিল অথবা পরবর্তী যৌন নিপীড়নের অভিযোগের সঙ্গে এর কোনো সম্পর্ক ছিল কি না, তা জানা যায়নি।

কর্নেল ডেইলি সান-এর প্রতিবেদনের সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ অক্টোবর রাত ১টার কিছু পরে বিশ্ববিদ্যালয় পুলিশ চি ফাই ভ্রাতৃসংঘের ভবনে অভিযান চালায়। সেখানে মাদকসংক্রান্ত ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয় এবং বিষয়টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আচরণবিধি দপ্তরে পাঠানো হয়।

বিশ্ববিদ্যালয় পুলিশের সংরক্ষিত নথি পর্যালোচনা করেও ওই ব্যক্তির পরিচয় বা কী ধরনের মাদক জড়িত ছিল, তা জানা যায়নি। একইভাবে, ওই ঘটনার সঙ্গে পরবর্তী যৌন নিপীড়নের অভিযোগের কোনো যোগসূত্রও নথিতে পাওয়া যায়নি।

এ বিষয়ে কর্নেল বিশ্ববিদ্যালয় কোনো মন্তব্য করেনি। বিশ্ববিদ্যালয় পুলিশও তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি।

এদিকে, কর্নেলের সাবেক এক শিক্ষার্থী, যাকে জেন ডো নামে পরিচয় দেওয়া হয়েছে, গত মাসে বিশ্ববিদ্যালয় ও চি ফাইয়ের সাত সদস্যের বিরুদ্ধে মামলা করেছেন। মামলায় তিনি অভিযোগ করেন, ওই রাতে কয়েক ঘণ্টা ধরে তাকে যৌন নিপীড়ন করা হয়। তার অভিযোগ, সে সময় তিনি কেটামিন, অ্যালকোহল ও গাঁজার প্রভাবে ছিলেন।

অভিযোগের পর পুলিশের করা একটি সাক্ষাৎকারের নথিতেও মাদকসংক্রান্ত তথ্য উঠে এসেছে। তদন্তকারীদের কাছে এক নারী জানান, ঘটনার প্রায় দুই মাস আগে তিনি ভ্রাতৃসংঘের এক সদস্যকে কেটামিনের একটি ব্যাগসহ দেখেছিলেন। ওই ব্যক্তি এর আগে অতিরিক্ত মাদক গ্রহণ করে অসুস্থ হয়ে চিকিৎসা নিয়েছিলেন বলেও তিনি জানান। তবে ঘটনাটি ঠিক কবে ঘটেছিল বা তিনি নিজে সেটি প্রত্যক্ষ করেছিলেন কি না, সাক্ষাৎকারের নথি থেকে তা নিশ্চিত হওয়া যায়নি।

কর্নেল বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট মাইকেল কোটলিকফ শনিবার (৩ অক্টোবর) এক ভিডিও বার্তায় জেন ডোর অভিযোগকে ‘গভীরভাবে উদ্বেগজনক’ বলে উল্লেখ করেন। অভিযোগের পর তদন্ত নিয়ে প্রশ্ন উঠেছে বলেও তিনি জানান। তার ভাষ্য, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুরো সম্প্রদায়কে আরও ভালোভাবে দায়িত্ব পালন করতে হবে।

এর আগে জানা যায়, অভিযোগের পর তদন্তের প্রথম কয়েক সপ্তাহে কর্নেল বিশ্ববিদ্যালয় পুলিশ বিভিন্ন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলেছিল এবং বেনামি তথ্য পেয়েছিল। তবে টম্পকিন্স কাউন্টির জেলা অ্যাটর্নি ম্যাথিউ ভ্যান হাউটেন অভিযোগের বিষয়ে মামলা না করার সিদ্ধান্ত নেওয়ার আগে এসব অতিরিক্ত তথ্য পর্যালোচনা করেননি।

ভ্যান হাউটেন জানান, তিনি জেন ডোর পুলিশের কাছে দেওয়া প্রথম ছয় পৃষ্ঠার বক্তব্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছিলেন। তার দাবি, ওই বক্তব্যে অপরাধের অভিযোগ স্পষ্টভাবে উঠে আসেনি।

তবে জেন ডোর আইনজীবী থমাস জিউফ্রা অভিযোগ করেন, কর্তৃপক্ষ যথাযথ তদন্ত করেনি। তার দাবি, রাতে কিছু ঘটনায় জেন ডো সম্মতি দিয়েছিলেন—এমন বক্তব্যের ভিত্তিতে তদন্তকারীরা আগেই ঘটনাটিকে একটি নির্দিষ্টভাবে দেখেছিলেন।

বিষয়টি নতুন করে খতিয়ে দেখতে বৃহস্পতিবার নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল রাজ্যের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমসকে বিশেষ কৌঁসুলি হিসেবে নিয়োগ দেন। অভিযোগের ভিত্তিতে ফৌজদারি মামলা করা হবে কি না, তা বিবেচনা করবেন তিনি।

শুক্রবার (২ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে গভর্নর হোকুল প্রশ্ন তোলেন, অভিযোগকারী বা সংশ্লিষ্ট অন্য কাউকে সাক্ষাৎকার না নিয়ে, এমনকি তার সাক্ষাৎকারের পূর্ণ নথি না চেয়েই কীভাবে জেলা অ্যাটর্নি সিদ্ধান্ত নিলেন।

সূত্র: এনবিসি নিউজ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোহাম্মদপুরে সিসি ক্যামেরায় ধরা পড়ল চার্চের ঘণ্টা চোর

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৪৮ পি.এম


মোহাম্মদপুরে সিসি ক্যামেরায় ধরা পড়ল চার্চের ঘণ্টা চোর

ঢাকার মোহাম্মদপুরে সেন্ট পল স্কুল অ্যান্ড চার্চ থেকে ৭০ কেজি ওজনের পিতলের ঘণ্টা চুরির ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে তুহিন ও বাদশা নামের দুজনকে আটক করা হয়। এর আগে, চুরি হওয়া ঘণ্টাটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাতে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হামিদ এ তথ্য জানান।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গত বুধবার দিবাগত রাতে, মোহাম্মদপুরের আসাদ অ্যাভিনিউয়ে ওয়াসা ভবনের বিপরীতে অবস্থিত সেন্ট পল স্কুল অ্যান্ড চার্চের দ্বিতীয় তলার খোলা জায়গা থেকে ঘণ্টাটি চুরি হয়। খবর পেয়ে বৃহস্পতিবার ভোরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে, চোরদের শনাক্ত ও ঘণ্টা উদ্ধারে একাধিক দল অভিযান শুরু করে।

তদন্তের এক পর্যায়ে আশপাশের বিভিন্ন ভবনের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হয়। এতে দেখা যায়, চোরেরা রিকশায় করে ঘণ্টাটি নিয়ে যাচ্ছে। ফুটেজের সূত্র ধরে অভিযান চালিয়ে তুহিন ও বাদশাকে গ্রেপ্তার করে পুলিশ।

এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে, মোহাম্মদপুরের জাকির হোসেন রোডের একটি ডাস্টবিনের পাশে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ঘণ্টাটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, অভিযানের চাপে চোরেরা ঘণ্টাটি ফেলে পালিয়ে যায়।

মোহাম্মদপুর থানার ওসি আব্দুল হামিদ বলেন, মোহাম্মদপুর এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে ব্যক্তিগত উদ্যোগে প্রায় ৭০টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছেন মন্ত্রী ববি হাজ্জাজ। আরও ক্যামেরা স্থাপনের কাজ চলছে। এসব ক্যামেরার মাধ্যমে অপরাধীদের শনাক্ত করা সহজ হচ্ছে বলেও তিনি জানান।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার তুহিনের বিরুদ্ধে মোহাম্মদপুর ও আদাবর থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় চুরির আগে রাত ১২টা ৩ মিনিট থেকে চার্চের নিজস্ব সিসিটিভি ক্যামেরার রেকর্ডিং বন্ধ থাকার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ রয়েছে কি না, তা জানতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রামপালে নতুন রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৪৯ পি.এম


রামপালে নতুন রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন

বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র নতুন একটি উৎপাদন রেকর্ড স্থাপন করেছে। প্রথমবারের মতো দুই ইউনিট মিলিয়ে সর্বাধিক ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছে প্রতিষ্ঠানটি। উৎপাদিত বিদ্যুৎ সরাসরি জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে।

শনিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান মানবসম্পদ কর্মকর্তা আনোয়ারুল আজিম এই তথ্য প্রদান করেন।

তিনি উল্লেখ করেন, শনিবার (৩ অক্টোবর) বিকেল ৪:৩০ টার দিকে প্রথম ইউনিট থেকে ৬৫৬ মেগাওয়াট এবং দ্বিতীয় ইউনিট থেকে ৬৬৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এই বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

সম্প্রতি যান্ত্রিক ত্রুটির কারণে কেন্দ্রটির দ্বিতীয় ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ ছিল। যান্ত্রিক ত্রুটি মেরামত হওয়ার পর থেকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদন অব্যাহত রয়েছে। কেন্দ্র কর্তৃপক্ষের দাবি, বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি পেয়েছে।

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের তথ্য অনুযায়ী, বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে ২০১০ সালে কেন্দ্রটির নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ২০১২ সালের ২৯ জানুয়ারি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) এবং ভারতের ন্যাশনাল থার্মাল পাওয়ার করপোরেশন (এনটিপিসি) এর মধ্যে একটি চুক্তি সই হয়। চুক্তির আওতায় বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড (বিআইএফপিসিএল) গঠন করা হয়।

এই প্রকল্পের আওতায় বাগেরহাটের রামপাল উপজেলার রাজনগর ও গৌরম্ভা ইউনিয়নের সাপমারী-কৈগর্দ্দাশকাঠি মৌজায় ১ হাজার ৩৪ একর জমি অধিগ্রহণ করা হয়। প্রায় ১৬ হাজার কোটি টাকা ব্যয়ে ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্টের নির্মাণকাজ শুরু হয়।

দীর্ঘ নির্মাণপ্রক্রিয়া শেষে ২০২২ সালের ২৩ ডিসেম্বর কেন্দ্রটির ৬৬০ মেগাওয়াট ক্ষমতার প্রথম ইউনিট উৎপাদনে যায়। পরবর্তী বছর ২৪ অক্টোবর পরীক্ষামূলকভাবে দ্বিতীয় ইউনিটের উৎপাদন শুরু হয়।

কেন্দ্রটির দুটি ইউনিটের মোট উৎপাদন ক্ষমতা ১ হাজার ৩২০ মেগাওয়াট। তবে স্বাভাবিকভাবে দুটি ইউনিট একসঙ্গে চালু থাকলে ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন হয়ে থাকে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%