০১:৪৮ পি.এম
ঢাকার মোহাম্মদপুরে সেন্ট পল স্কুল অ্যান্ড চার্চ থেকে ৭০ কেজি ওজনের পিতলের ঘণ্টা চুরির ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে তুহিন ও বাদশা নামের দুজনকে আটক করা হয়। এর আগে, চুরি হওয়া ঘণ্টাটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাতে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হামিদ এ তথ্য জানান।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গত বুধবার দিবাগত রাতে, মোহাম্মদপুরের আসাদ অ্যাভিনিউয়ে ওয়াসা ভবনের বিপরীতে অবস্থিত সেন্ট পল স্কুল অ্যান্ড চার্চের দ্বিতীয় তলার খোলা জায়গা থেকে ঘণ্টাটি চুরি হয়। খবর পেয়ে বৃহস্পতিবার ভোরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে, চোরদের শনাক্ত ও ঘণ্টা উদ্ধারে একাধিক দল অভিযান শুরু করে।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
তদন্তের এক পর্যায়ে আশপাশের বিভিন্ন ভবনের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হয়। এতে দেখা যায়, চোরেরা রিকশায় করে ঘণ্টাটি নিয়ে যাচ্ছে। ফুটেজের সূত্র ধরে অভিযান চালিয়ে তুহিন ও বাদশাকে গ্রেপ্তার করে পুলিশ।
এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে, মোহাম্মদপুরের জাকির হোসেন রোডের একটি ডাস্টবিনের পাশে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ঘণ্টাটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, অভিযানের চাপে চোরেরা ঘণ্টাটি ফেলে পালিয়ে যায়।
মোহাম্মদপুর থানার ওসি আব্দুল হামিদ বলেন, মোহাম্মদপুর এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে ব্যক্তিগত উদ্যোগে প্রায় ৭০টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছেন মন্ত্রী ববি হাজ্জাজ। আরও ক্যামেরা স্থাপনের কাজ চলছে। এসব ক্যামেরার মাধ্যমে অপরাধীদের শনাক্ত করা সহজ হচ্ছে বলেও তিনি জানান।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার তুহিনের বিরুদ্ধে মোহাম্মদপুর ও আদাবর থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় চুরির আগে রাত ১২টা ৩ মিনিট থেকে চার্চের নিজস্ব সিসিটিভি ক্যামেরার রেকর্ডিং বন্ধ থাকার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ রয়েছে কি না, তা জানতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন