ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

মেসিকে ছাড়াই বুরকিনা ফাসোকে ৭-০ গোলে উড়িয়ে দিল আর্জেন্টিনা


মেসিকে ছাড়াই বুরকিনা ফাসোকে ৭-০ গোলে উড়িয়ে দিল আর্জেন্টিনা

বুরকিনা ফাসোর বিরুদ্ধে গোল উৎসবের মাধ্যমে আর্জেন্টিনা জয়লাভ করেছে লিওনেল মেসিকে ছাড়াই। বিশ্বচ্যাম্পিয়নরা প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষকে ৭-০ গোলে পরাজিত করে দাপুটে জয় অর্জন করে। আলবিসেলেস্তেরা দলের হয়ে গোল করেন লাওতারো মার্তিনেজ, জিয়ানলুকা প্রেস্টিয়ান্নি, নিকোলাস পাজ, হুলিয়ান আলভারেজ, ফ্রাঙ্কো মাস্তানতুয়ানো এবং গুলিয়ানো সিমিওনে।

বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল প্রদর্শন করতে থাকে আর্জেন্টিনা। বুরকিনা ফাসোর বেবেল দুম্বিয়ার ফাউলে পেনাল্টি পায় স্বাগতিকরা ম্যাচের দ্বিতীয় মিনিটে। যদিও তৃতীয় মিনিটে স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন, তবে ফিরতি বলে জাল খুঁজে পান লাওতারো মার্তিনেজ। এই গোলের মাধ্যমে আর্জেন্টিনা এগিয়ে যায়।

এরপর অষ্টম মিনিটে আত্মঘাতী গোলে ব্যবধান দ্বিগুণ করে আর্জেন্টিনা। মৌমুনি দিয়ালো বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে পাঠিয়ে দেন। ১৩ মিনিটে তরুণ ফরোয়ার্ড জিয়ানলুকা প্রেস্টিয়ান্নি নিজের অভিষেককে স্মরণীয় করে তোলেন। দারুণ একটি আক্রমণ থেকে গোল করে আর্জেন্টিনার লিড আরও বাড়ান তিনি।

আরও পড়ুন: শূন্য রান করেও ম্যাচের নায়ক ম্যাক্স ফিল্ড, খেললেন ১৩২ বল

প্রথমার্ধের শেষ দিকে আর্জেন্টিনা আরও দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয়। ৩৪ মিনিটে গোল করেন নিকোলাস পাজ। এর দুই মিনিট পর, ৩৬ মিনিটে প্রেস্টিয়ান্নির পাস থেকে গোল করে ব্যবধান ৫-০ করেন হুলিয়ান আলভারেজ।

বিরতির পর আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি একাধিক পরিবর্তন আনেন। মাঠে নেমে দলের আক্রমণভাগে নতুন গতি যোগ করেন ফ্রাঙ্কো মাস্তানতুয়ানো, মাতিয়াস সুলে এবং অন্যান্য বদলি খেলোয়াড়েরা। ৫৬ মিনিটে মাতিয়াস সুলের অ্যাসিস্ট থেকে গোল করেন মাস্তানতুয়ানো। এটি তার জাতীয় দলের হয়ে প্রথম গোল। ফলে আর্জেন্টিনার ব্যবধান বেড়ে দাঁড়ায় ৬-০।

দ্বিতীয়ার্ধে ব্যবধান কমানোর চেষ্টা করে বুরকিনা ফাসো। তবে আর্জেন্টিনার রক্ষণভাগের দৃঢ়তায় তারা গোলের দেখা পায়নি। একটি গুরুত্বপূর্ণ শটও ঠেকিয়ে দেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। পরে ৭৯ মিনিটে তাকে তুলে নিয়ে জেরোনিমো রুইলিকে মাঠে নামান স্কালোনি।

ম্যাচের শেষদিকে সান্তিয়াগো কাস্ত্রোর একটি শট পোস্টে লেগে ফিরে আসে। তবে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ভ্যালেন্তিন বারকোর ক্রস থেকে হেডে গোল করে আর্জেন্টিনার ৭-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন গুলিয়ানো সিমিওনে।

আরও পড়ুন: রিয়ালের জয় ছাপিয়ে গুলারের লাল কার্ড বিতর্ক

মেসিকে ছাড়াই আর্জেন্টিনার এই বড় জয় দলটির শক্তিমত্তার আরেকটি প্রদর্শনী হয়ে উঠেছে। আক্রমণভাগের কার্যকারিতা এবং তরুণদের পারফরম্যান্সে বিশ্বচ্যাম্পিয়নরা ম্যাচজুড়ে প্রতিপক্ষের ওপর আধিপত্য বজায় রেখেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কর্নেল বিশ্ববিদ্যালয়ে গণধর্ষণের ২২ ঘণ্টা আগে একই জায়গা থেকে মাদকসহ গ্রেপ্তার ১, উঠছে প্রশ্ন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৪৬ পি.এম


কর্নেল বিশ্ববিদ্যালয়ে গণধর্ষণের ২২ ঘণ্টা আগে একই জায়গা থেকে মাদকসহ গ্রেপ্তার ১, উঠছে প্রশ্ন

যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয়ের একটি ভ্রাতৃসংঘের ভবনে যৌন নিপীড়নের (গণধর্ষণ) অভিযোগ ওঠার প্রায় ২২ ঘণ্টা আগে বিশ্ববিদ্যালয় পুলিশ সেখানে মাদকসংক্রান্ত ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছিল। পুলিশি নথিতে ওই ঘটনার উল্লেখ থাকলেও, কী ধরনের মাদক জড়িত ছিল অথবা পরবর্তী যৌন নিপীড়নের অভিযোগের সঙ্গে এর কোনো সম্পর্ক ছিল কি না, তা জানা যায়নি।

কর্নেল ডেইলি সান-এর প্রতিবেদনের সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ অক্টোবর রাত ১টার কিছু পরে বিশ্ববিদ্যালয় পুলিশ চি ফাই ভ্রাতৃসংঘের ভবনে অভিযান চালায়। সেখানে মাদকসংক্রান্ত ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয় এবং বিষয়টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আচরণবিধি দপ্তরে পাঠানো হয়।

বিশ্ববিদ্যালয় পুলিশের সংরক্ষিত নথি পর্যালোচনা করেও ওই ব্যক্তির পরিচয় বা কী ধরনের মাদক জড়িত ছিল, তা জানা যায়নি। একইভাবে, ওই ঘটনার সঙ্গে পরবর্তী যৌন নিপীড়নের অভিযোগের কোনো যোগসূত্রও নথিতে পাওয়া যায়নি।

এ বিষয়ে কর্নেল বিশ্ববিদ্যালয় কোনো মন্তব্য করেনি। বিশ্ববিদ্যালয় পুলিশও তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি।

এদিকে, কর্নেলের সাবেক এক শিক্ষার্থী, যাকে জেন ডো নামে পরিচয় দেওয়া হয়েছে, গত মাসে বিশ্ববিদ্যালয় ও চি ফাইয়ের সাত সদস্যের বিরুদ্ধে মামলা করেছেন। মামলায় তিনি অভিযোগ করেন, ওই রাতে কয়েক ঘণ্টা ধরে তাকে যৌন নিপীড়ন করা হয়। তার অভিযোগ, সে সময় তিনি কেটামিন, অ্যালকোহল ও গাঁজার প্রভাবে ছিলেন।

অভিযোগের পর পুলিশের করা একটি সাক্ষাৎকারের নথিতেও মাদকসংক্রান্ত তথ্য উঠে এসেছে। তদন্তকারীদের কাছে এক নারী জানান, ঘটনার প্রায় দুই মাস আগে তিনি ভ্রাতৃসংঘের এক সদস্যকে কেটামিনের একটি ব্যাগসহ দেখেছিলেন। ওই ব্যক্তি এর আগে অতিরিক্ত মাদক গ্রহণ করে অসুস্থ হয়ে চিকিৎসা নিয়েছিলেন বলেও তিনি জানান। তবে ঘটনাটি ঠিক কবে ঘটেছিল বা তিনি নিজে সেটি প্রত্যক্ষ করেছিলেন কি না, সাক্ষাৎকারের নথি থেকে তা নিশ্চিত হওয়া যায়নি।

কর্নেল বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট মাইকেল কোটলিকফ শনিবার (৩ অক্টোবর) এক ভিডিও বার্তায় জেন ডোর অভিযোগকে ‘গভীরভাবে উদ্বেগজনক’ বলে উল্লেখ করেন। অভিযোগের পর তদন্ত নিয়ে প্রশ্ন উঠেছে বলেও তিনি জানান। তার ভাষ্য, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুরো সম্প্রদায়কে আরও ভালোভাবে দায়িত্ব পালন করতে হবে।

এর আগে জানা যায়, অভিযোগের পর তদন্তের প্রথম কয়েক সপ্তাহে কর্নেল বিশ্ববিদ্যালয় পুলিশ বিভিন্ন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলেছিল এবং বেনামি তথ্য পেয়েছিল। তবে টম্পকিন্স কাউন্টির জেলা অ্যাটর্নি ম্যাথিউ ভ্যান হাউটেন অভিযোগের বিষয়ে মামলা না করার সিদ্ধান্ত নেওয়ার আগে এসব অতিরিক্ত তথ্য পর্যালোচনা করেননি।

ভ্যান হাউটেন জানান, তিনি জেন ডোর পুলিশের কাছে দেওয়া প্রথম ছয় পৃষ্ঠার বক্তব্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছিলেন। তার দাবি, ওই বক্তব্যে অপরাধের অভিযোগ স্পষ্টভাবে উঠে আসেনি।

তবে জেন ডোর আইনজীবী থমাস জিউফ্রা অভিযোগ করেন, কর্তৃপক্ষ যথাযথ তদন্ত করেনি। তার দাবি, রাতে কিছু ঘটনায় জেন ডো সম্মতি দিয়েছিলেন—এমন বক্তব্যের ভিত্তিতে তদন্তকারীরা আগেই ঘটনাটিকে একটি নির্দিষ্টভাবে দেখেছিলেন।

বিষয়টি নতুন করে খতিয়ে দেখতে বৃহস্পতিবার নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল রাজ্যের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমসকে বিশেষ কৌঁসুলি হিসেবে নিয়োগ দেন। অভিযোগের ভিত্তিতে ফৌজদারি মামলা করা হবে কি না, তা বিবেচনা করবেন তিনি।

শুক্রবার (২ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে গভর্নর হোকুল প্রশ্ন তোলেন, অভিযোগকারী বা সংশ্লিষ্ট অন্য কাউকে সাক্ষাৎকার না নিয়ে, এমনকি তার সাক্ষাৎকারের পূর্ণ নথি না চেয়েই কীভাবে জেলা অ্যাটর্নি সিদ্ধান্ত নিলেন।

সূত্র: এনবিসি নিউজ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোহাম্মদপুরে সিসি ক্যামেরায় ধরা পড়ল চার্চের ঘণ্টা চোর

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৪৮ পি.এম


মোহাম্মদপুরে সিসি ক্যামেরায় ধরা পড়ল চার্চের ঘণ্টা চোর

ঢাকার মোহাম্মদপুরে সেন্ট পল স্কুল অ্যান্ড চার্চ থেকে ৭০ কেজি ওজনের পিতলের ঘণ্টা চুরির ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে তুহিন ও বাদশা নামের দুজনকে আটক করা হয়। এর আগে, চুরি হওয়া ঘণ্টাটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাতে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হামিদ এ তথ্য জানান।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গত বুধবার দিবাগত রাতে, মোহাম্মদপুরের আসাদ অ্যাভিনিউয়ে ওয়াসা ভবনের বিপরীতে অবস্থিত সেন্ট পল স্কুল অ্যান্ড চার্চের দ্বিতীয় তলার খোলা জায়গা থেকে ঘণ্টাটি চুরি হয়। খবর পেয়ে বৃহস্পতিবার ভোরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে, চোরদের শনাক্ত ও ঘণ্টা উদ্ধারে একাধিক দল অভিযান শুরু করে।

তদন্তের এক পর্যায়ে আশপাশের বিভিন্ন ভবনের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হয়। এতে দেখা যায়, চোরেরা রিকশায় করে ঘণ্টাটি নিয়ে যাচ্ছে। ফুটেজের সূত্র ধরে অভিযান চালিয়ে তুহিন ও বাদশাকে গ্রেপ্তার করে পুলিশ।

এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে, মোহাম্মদপুরের জাকির হোসেন রোডের একটি ডাস্টবিনের পাশে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ঘণ্টাটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, অভিযানের চাপে চোরেরা ঘণ্টাটি ফেলে পালিয়ে যায়।

মোহাম্মদপুর থানার ওসি আব্দুল হামিদ বলেন, মোহাম্মদপুর এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে ব্যক্তিগত উদ্যোগে প্রায় ৭০টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছেন মন্ত্রী ববি হাজ্জাজ। আরও ক্যামেরা স্থাপনের কাজ চলছে। এসব ক্যামেরার মাধ্যমে অপরাধীদের শনাক্ত করা সহজ হচ্ছে বলেও তিনি জানান।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার তুহিনের বিরুদ্ধে মোহাম্মদপুর ও আদাবর থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় চুরির আগে রাত ১২টা ৩ মিনিট থেকে চার্চের নিজস্ব সিসিটিভি ক্যামেরার রেকর্ডিং বন্ধ থাকার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ রয়েছে কি না, তা জানতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রামপালে নতুন রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৪৯ পি.এম


রামপালে নতুন রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন

বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র নতুন একটি উৎপাদন রেকর্ড স্থাপন করেছে। প্রথমবারের মতো দুই ইউনিট মিলিয়ে সর্বাধিক ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছে প্রতিষ্ঠানটি। উৎপাদিত বিদ্যুৎ সরাসরি জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে।

শনিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান মানবসম্পদ কর্মকর্তা আনোয়ারুল আজিম এই তথ্য প্রদান করেন।

তিনি উল্লেখ করেন, শনিবার (৩ অক্টোবর) বিকেল ৪:৩০ টার দিকে প্রথম ইউনিট থেকে ৬৫৬ মেগাওয়াট এবং দ্বিতীয় ইউনিট থেকে ৬৬৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এই বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

সম্প্রতি যান্ত্রিক ত্রুটির কারণে কেন্দ্রটির দ্বিতীয় ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ ছিল। যান্ত্রিক ত্রুটি মেরামত হওয়ার পর থেকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদন অব্যাহত রয়েছে। কেন্দ্র কর্তৃপক্ষের দাবি, বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি পেয়েছে।

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের তথ্য অনুযায়ী, বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে ২০১০ সালে কেন্দ্রটির নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ২০১২ সালের ২৯ জানুয়ারি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) এবং ভারতের ন্যাশনাল থার্মাল পাওয়ার করপোরেশন (এনটিপিসি) এর মধ্যে একটি চুক্তি সই হয়। চুক্তির আওতায় বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড (বিআইএফপিসিএল) গঠন করা হয়।

এই প্রকল্পের আওতায় বাগেরহাটের রামপাল উপজেলার রাজনগর ও গৌরম্ভা ইউনিয়নের সাপমারী-কৈগর্দ্দাশকাঠি মৌজায় ১ হাজার ৩৪ একর জমি অধিগ্রহণ করা হয়। প্রায় ১৬ হাজার কোটি টাকা ব্যয়ে ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্টের নির্মাণকাজ শুরু হয়।

দীর্ঘ নির্মাণপ্রক্রিয়া শেষে ২০২২ সালের ২৩ ডিসেম্বর কেন্দ্রটির ৬৬০ মেগাওয়াট ক্ষমতার প্রথম ইউনিট উৎপাদনে যায়। পরবর্তী বছর ২৪ অক্টোবর পরীক্ষামূলকভাবে দ্বিতীয় ইউনিটের উৎপাদন শুরু হয়।

কেন্দ্রটির দুটি ইউনিটের মোট উৎপাদন ক্ষমতা ১ হাজার ৩২০ মেগাওয়াট। তবে স্বাভাবিকভাবে দুটি ইউনিট একসঙ্গে চালু থাকলে ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন হয়ে থাকে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রী তার বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ দিয়ে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করেছেন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৫০ পি.এম


প্রধানমন্ত্রী তার বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ দিয়ে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করেছেন

প্রধানমন্ত্রী তারেক রহমান সৌর বিদ্যুতের ব্যবহার বৃদ্ধির ক্ষেত্রে শুধুমাত্র ঘোষণা দিয়ে থেমে থাকেননি। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, রাজধানীর গুলশানের নিজ বাসভবনের ছাদে সৌর প্যানেল থেকে উৎপাদিত ১ হাজার ইউনিট বিদ্যুৎ তিনি নিজেই ব্যবহার করেছেন এবং জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট বিদ্যুৎ দিয়েছেন।

শনিবার (৩ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরে সমবায় ভবনে অনুষ্ঠিত ‘সৌরবিদ্যুৎ, ডেঙ্গু প্রতিরোধ ও উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা সভা’য় এই তথ্য তুলে ধরেন প্রতিমন্ত্রী। সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী গত তিন দিনে এই পরিমাণ সৌরবিদ্যুৎ উৎপাদন ও ব্যবহার করে একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি উল্লেখ করেন, সমবায় ভবনসহ সকল জাতীয় ভবনের ছাদ ব্যবহার করে নিজেদের চাহিদা পূরণের পাশাপাশি সরকারকে সৌর বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা নেওয়া হবে। বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়াকে ব্যবসা হিসেবে দেখার কথাও বলেন তিনি।

দুর্গাপূজা সামনে রেখে পরিস্থিতি অস্থিতিশীল করার সম্ভাবনা সম্পর্কে মাঠপর্যায়ে ইউএনওদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “কোনো বিশৃঙ্খলা হতে দেওয়া যাবে না।”

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সর্বশক্তি প্রয়োগ করতে ইউএনওদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করবে সরকার।”

প্রতিমন্ত্রী ইউএনওদের উদ্দেশে বলেন, এলাকার গরিব মানুষ ইউএনওর কাছে হাত পাতে। প্রত্যেক ইউএনওর জন্য ঐচ্ছিক ফান্ড দেওয়া জরুরি। এতে গরিবদের তাৎক্ষণিক ২ হাজার থেকে ৫ হাজার টাকা সহায়তা দেওয়া সম্ভব। জনপ্রশাসন মন্ত্রণালয় যদি এই অর্থের জোগান না দিতে পারে, তবে স্থানীয় সরকার মন্ত্রণালয় রাজস্ব আয় থেকে বরাদ্দ দেওয়ার ব্যবস্থা করবে। বিদ্যুতের নেট মিটারিং পদ্ধতি নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে বসে ফয়সালা করার কথাও বলেন তিনি।

তিনি আরও বলেন, সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো মাঠ পর্যায়ে ইউএনওদের তত্ত্বাবধানে বাস্তবায়িত হচ্ছে। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, ইমাম মুয়াজ্জিন কার্ড, খাল খননসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের কাজ সরাসরি তদারকি করছেন। প্রতিবছর ডিসি সম্মেলনের মতো উপজেলা নির্বাহী কর্মকর্তাদের বার্ষিক সম্মেলন হলে সরাসরি উপজেলার উন্নয়ন কর্মকাণ্ড ও দাবি-দাওয়া প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা সম্ভব।

বিএনপি সরকার জনগণের সরকার এবং নারীর ক্ষমতায়নে বিশ্বাসী বলে মন্তব্য করেছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, স্বৈরাচারী আমলে সরকারের নির্দেশনা মানতে গিয়ে অনেক কর্মকর্তাই চাকরি হারিয়েছেন; কিন্তু বিএনপি সরকার কাউকে বলবে না— দিনের ভোট রাতে করতে, ডামি নির্বাচন করতে।

তিনি আরও বলেন, রাজনৈতিক বিষয়েও ব্যবস্থা নিতে কাজ শুরু করেছে বিএনপি। মিরপুরের ঘটনায় উত্তরের কমিটি বাতিল করা হয়েছে, সংসদ সদস্যকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে, এমপির ব্যক্তিগত দায় সরকার নেবে না। এছাড়া নদী ও পুকুরের পানি পরিশোধনের মাধ্যমে নিরাপদ পানি সরবরাহ বাড়ানোর এবং ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন প্রতিমন্ত্রী।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%