০৯:৩০ পি.এম
ঢাকার মিরপুর পল্লবী বিহারি ক্যাম্পে জামায়াত ও বিএনপিপন্থি দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, এ সময় কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়েছে এবং ককটেল নিক্ষেপের ঘটনাও ঘটেছে।
শনিবার (২৯ আগস্ট) বিকেল ৪টার দিকে সংঘর্ষের এই ঘটনা ঘটে ক্যাম্পের এলাকায়।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির জানান, ক্যাম্পে একটি মৃতদেহের গোসলখানা নির্মাণের কাজ চলছিল। সেখানে পানির পাম্প বসানোর বিষয়ে প্রথমে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। পরে এই বিরোধ ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়।
আরও পড়ুন: সদরঘাটে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসানের আকস্মিক পরিদর্শন
ওসি বলেন, "পানির পাম্প বসানোর বিষয়টি নিয়ে বিরোধের সূচনা ঘটে। বিষয়টি শুরুতে বিহারিদের মধ্যে বিরোধ থাকলেও পরে তা দুই পক্ষের মধ্যে ছড়িয়ে পড়ে।"
পুলিশের তথ্য অনুযায়ী, স্থানীয় জামায়াত কর্মী মানিকের নেতৃত্বে প্রায় ৫০ থেকে ৬০ জন এবং বিএনপিপন্থি সোহেল ও বিহারি সংগঠনের নেতা সাদাকাত খান ফাক্কুর নেতৃত্বে প্রায় ২০০ থেকে ২৫০ জনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়। ককটেল নিক্ষেপের অভিযোগও পাওয়া গেছে।
সংঘর্ষে কেউ আহত হয়েছেন কি না জানতে চাইলে ওসি হাসান বাসির জানান, দুই পক্ষের মধ্যে ঢিল ছোড়াছুড়ি হয়েছে। তবে আহত হওয়ার বিষয়ে এখনো কোনো তথ্য পুলিশের কাছে আসেনি।
পুলিশ জানিয়েছে, বর্তমানে ক্যাম্প এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন: ঢাকায় ২৪ ঘণ্টার অভিযানে পুলিশের হাতে ৪৮৪ জন গ্রেপ্তার
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন