ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাব্য সময় জানাল পিএসসি


৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাব্য সময় জানাল পিএসসি

চলতি বছরের নভেম্বরে ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনা ছিল। সেই অনুযায়ী সরকারি কর্ম কমিশন (পিএসসি) প্রস্তুতি নিচ্ছিল। তবে হঠাৎ করে কমিশনের চেয়ারম্যানের পদত্যাগের কারণে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। এর ফলে আগামী নভেম্বরে নির্ধারিত সময়ে ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

পিএসসি সূত্র জানিয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে শূন্যপদের তথ্য এখনও আসেনি। মন্ত্রণালয় শূন্যপদের তথ্য পাঠানোর পর পিএসসি কার্যক্রম শুরু করবে। যদি সরকার পিএসসিতে নতুন চেয়ারম্যান নিয়োগ দেয়, তাহলে নভেম্বরে বিজ্ঞপ্তি প্রকাশে কোনো সমস্যা হবে না। তবে যদি চেয়ারম্যানের নিয়োগ দ্রুত না হয়, তাহলে কমিশনের সভা অনুষ্ঠিত হবে না। এতে বিজ্ঞপ্তির সময় পেছানোর সম্ভাবনা তৈরি হতে পারে।

শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় কমিশনের একজন সদস্য গণমাধ্যমকে জানান, "নিয়মিত বিসিএস আয়োজন ও শেষ করার ধারা বজায় রাখতে বিজ্ঞপ্তি প্রকাশের প্রাথমিক কাজ শুরু হয়েছে।" তিনি আরও বলেন, "৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষা চলমান রয়েছে।"

আরও পড়ুন: চুয়েটের অচলাবস্থা নিরসনে তদন্ত কমিটি গঠনের উদ্যোগ

৫১তম বিসিএসের বিজ্ঞপ্তির জন্য প্রথা অনুযায়ী, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ক্যাডারভিত্তিক শূন্যপদের চাহিদা পিএসসিতে পাঠানো হবে। মন্ত্রণালয়ের শূন্যপদের তালিকা পাওয়ার পর পদসংখ্যা চূড়ান্ত করা হবে। এরপর আনুষ্ঠানিকভাবে বিসিএসের প্রজ্ঞাপন প্রকাশ করবে কমিশন।

চেয়ারম্যানের অভাবে কাজের গতি কমে যাবে কি না, এমন প্রশ্নের জবাবে ওই সদস্য বলেন, "চেয়ারম্যান না থাকায় স্বাভাবিক গতি হারাচ্ছে পিএসসি। তবে বিজ্ঞপ্তিতে দেরি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি।" তিনি আরও বলেন, "সেপ্টেম্বর মাসের মধ্যে চেয়ারম্যান পদে নিয়োগ না হলে, তখন যথাসময়ে বিজ্ঞপ্তি প্রকাশে প্রভাব পড়তে পারে।"

পিএসসির চেয়ারম্যান পদে নতুন নিয়োগের বিষয়ে জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ বিভাগের যুগ্মসচিব মো. তৌফিক ইমাম বলেন, "যিনি ছিলেন, তিনি অব্যাহতি চেয়ে চিঠি দিয়েছেন। তাকে এখনো অব্যাহতি দেওয়া হয়েছে কি না, তা জানা নেই।" তিনি আরও বলেন, "পিএসসির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধানের পদ সরকারও ফাঁকা রাখতে চায় না। সেক্ষেত্রে অবশ্যই এ নিয়ে দ্রুত ইতিবাচক পদক্ষেপ দেখতে পাবেন।"

আরও পড়ুন: ইবি প্রশাসনের চার পদে নতুন পরিচালক নিয়োগ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেপালের বন্যা থেকে বেঁচে ফেরা ৭ জনের ভয়ংকর অভিজ্ঞতা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৩১ পি.এম


নেপালের বন্যা থেকে বেঁচে ফেরা ৭ জনের ভয়ংকর অভিজ্ঞতা

কিছু মিনিটের মধ্যে সবকিছু পালটে যায়। কেউ প্রাণ রক্ষার জন্য পাহাড়ে দৌড়ান, কেউ বনমুখী হন। আবার কেউ বন্যার তীব্র স্রোতের আগে গাড়ি চালিয়ে নিরাপদ স্থানে চলে যান। একজন জীবন বাঁচাতে বিদ্যুতের তারের ওপর আঁকড়ে ধরেছিলেন। প্রাণে ফিরলেও তাঁদের মনে এখনো ঘরবাড়ি, বসতি ও প্রিয়জনদের হারানোর ভয়াবহ স্মৃতি তাড়া করে।

গত বুধবার সকালে নেপালের ভোতেকোশী নদীতে ভয়াবহ আকস্মিক বন্যার পর এমন অভিজ্ঞতার সম্মুখীন হন অনেকে। মুহূর্তের মধ্যে পানির স্রোতে ভেসে যায় বিশাল এলাকা। ধ্বংস হয়ে যায় বসতি, প্রাণ হারান মানুষ। নেপালের সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট সাতজন বেঁচে ফেরা মানুষের অভিজ্ঞতা তুলে ধরেছে।

বিদ্যুতের তার আঁকড়ে বাঁচলেন রামবাচন

৩৬ বছর বয়সী রামবাচন সাহ প্রায় ১৫ বছর ধরে সেতুর কাছে শ্যাম মিষ্টির দোকানে কাজ করতেন। বুধবার সকালে দোকানে মিষ্টি তৈরির সময় হঠাৎ বন্যার পানি ঢুকে পড়ে। প্রবল স্রোতে ভেসে যাওয়ার সময় একটি বিদ্যুতের তার তাঁর হাতে আটকে যায়।

প্রায় আধা ঘণ্টা সেই তার আঁকড়ে ঝুলে থেকে প্রাণে বাঁচেন তিনি। রামবাচন বলেন, "নিজেকে বাঁচানোর আর কোনো উপায় না দেখে তিনি তারটি ধরে ফেলেছিলেন। হাত ফসকে গেলে তার বেঁচে ফেরার কোনো সুযোগ ছিল না।"

তবে প্রাণে বাঁচলেও তার সঙ্গে থাকা তিনজন সঙ্গীতা, তার ছেলে রাহুল ও আরেক কর্মী বিনোদ ভগত এখনো নিখোঁজ।

স্বজনদের হারিয়ে বেঁচে আছেন সচিন

বন্যার সময় ঘটনাস্থলে না থাকায় প্রাণে বেঁচে যান সচিন খাতি। তবে তাঁর মামা রাজ কুমার দিয়ালি, মামি শ্রিতি এবং তাঁদের চার বছরের ছেলে শ্রীরাজ এখনো নিখোঁজ।

রাজ কুমার দীর্ঘদিন ধরে রাসুয়ার স্যাব্রুবেশি-৫ এলাকায় গয়নার ব্যবসা করতেন। স্ত্রী ও সন্তানকে নিয়ে সেখানেই থাকতেন। সচিনও তাঁদের সঙ্গে থেকে ব্যবসায় সহযোগিতা করছিলেন।

বুধবার সকালে কাজের জন্য সচিনকে চিলিমেতে পাঠিয়েছিলেন রাজ কুমার। বন্যার খবর পেয়ে ফিরে এসে তিনি দেখেন, তাঁদের পুরো বসতিই স্রোতে ভেসে গেছে।

বর্তমানে নেপালি সেনাবাহিনীর নিরাপত্তায় ধুনচেতে রয়েছেন সচিন। তার স্বজনেরা এখনো নিখোঁজ তিনজনের সন্ধানের অপেক্ষায়।

বন্যার স্রোতের আগে গাড়ি চালিয়ে পালালেন রাজ কুমার কার্কি। বন্যার ভয়াবহ স্রোতের সামনে থেকে গাড়ি চালিয়ে প্রাণে বেঁচেছেন রাজ কুমার কার্কি। মঙ্গলবার নুয়াকোটের বেত্রাবতিতে পৌঁছেছিলেন তিনি। পরদিন সকালে পণ্য নিতে তিমুরের দিকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

ঠিক তখনই মাইকে বন্যার সতর্কবার্তা দেওয়া হয়। কার্কি দ্রুত কনটেইনার ট্রাক ঘুরিয়ে গালছির দিকে যেতে শুরু করেন। কিছুক্ষণ পরই দেখতে পান বিশাল পানির স্রোত তাঁর দিকে ধেয়ে আসছে।

তিনি গাড়ির গতি বাড়িয়ে দেন। তার সামনে থাকা কয়েকটি গাড়ি ও চালক স্রোতে ভেসে যায়। পেছনে থাকা প্রায় নয়টি কনটেইনার ট্রাকও বন্যার পানিতে হারিয়ে যায়।

সাইড মিররে পেছনে ধেয়ে আসা পানি দেখতে দেখতে কার্কি ত্রিশূলীর ধুংগে বাজারের কাছে ট্রাকটি পাহাড়ের দিকে তুলে দেন। এতে প্রাণের পাশাপাশি তাঁর ট্রাকটিও রক্ষা পায়।

পরে পাহাড়ের ওপর থেকে নিজের পরিচিত বসতি ও মানুষদের ধ্বংস হতে দেখেন তিনি।

পাহাড়ে দৌড়ে উঠে বাঁচলেন গাথে কামি

জলবিদ্যুৎ প্রকল্পের কাছে কাজ করছিলেন সাল্যানের ৪০ বছর বয়সী গাথে কামি। বুধবার সকালে পাহাড় থেকে পাথর গড়িয়ে পড়ার মতো শব্দ শুনে তিনি বুঝতে পারেন বিপদ আসছে।

এরপর ভোতেকোশী নদীর পানি ভয়াবহ গতিতে এগিয়ে আসতে দেখে সবাইকে দৌড়াতে বলেন কামি। নিজেও প্রায় ৫০০ মিটার উঁচু বনাঞ্চলের দিকে ছুটে যান।

দৌড়ানোর একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়েন। জ্ঞান ফেরার পর দেখেন, নিচের বসতি ধ্বংস হয়ে গেছে। মানুষের চিৎকার আর ছোটাছুটির দৃশ্য এখনো তাঁর চোখে ভাসে।

কামির ভাষায়, "পুরো ঘটনাটি এখনো তাঁর কাছে স্বপ্নের মতো মনে হয়। শৈশবে পাহাড়ে গরু-ছাগল চরানোর সময় খাড়া পাহাড়ে দৌড়ানোর অভিজ্ঞতাই সেদিন তাকে বাঁচতে সাহায্য করেছে।"

বনের দিকে দৌড়ে প্রাণে বাঁচেন রাজু

তিমুরেতে নিজের কক্ষে বিশ্রাম নিচ্ছিলেন কাস্টমস এজেন্ট রাজু বুধাথোকি। সকাল সাড়ে ৮টার দিকে হঠাৎ পাহাড় কাঁপতে শুরু করলে ঘুম ভেঙে যায় তাঁর।

রাজু জানান, "পুরো পাহাড় এমনভাবে কাঁপছিল যেন ভূমিকম্প হচ্ছে। কী ঘটছে তা বোঝার আগেই জীবন বাঁচাতে ঘর থেকে বেরিয়ে দৌড় দেন তিনি।"

পুলিশ পোস্টের দিকে যাওয়ার চেষ্টা করলেও দেখেন, পুলিশ সদস্যরাও নিরাপদ স্থানে পালাচ্ছেন। পেছনে তাকিয়ে দেখতে পান, তিমুরের ঘরবাড়ি একের পর এক পানিতে ভেঙে পড়ছে।

শেষ পর্যন্ত বসতি থেকে প্রায় ৫০০ মিটার উঁচু বনের মধ্যে গিয়ে আশ্রয় নেন তিনি। সেখান থেকেই দেখেন, পুরো এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

‘নতুন জীবন’ নিয়ে ফিরলেন প্রকাশ গৌতম

কাঠমান্ডুর গোকর্ণেশ্বরের বাসিন্দা প্রকাশ গৌতমও বুধবার তিমুরেতে ছিলেন। হঠাৎ বিকট শব্দে পুরো বসতি কেঁপে ওঠে। মুহূর্তের মধ্যে অন্ধকার হয়ে যায় চারপাশ, আকাশ ঢেকে যায় কালো মেঘে।

কোথায় যাবেন বুঝতে না পেরে জীবন বাঁচাতে দৌড়াতে শুরু করেন গৌতম। পালানোর সময় বাঁ পায়ের কনিষ্ঠ আঙুলে আঘাত পান। পরে বনের মধ্যে উঠে সেখান থেকে দেখতে পান, বন্যার পানিতে মানুষের মরদেহ ভেসে যাচ্ছে এবং তিমুরের পুরো বসতি ধ্বংস হয়ে গেছে।

বৃহস্পতিবার সকালে সেনাবাহিনীর হেলিকপ্টারে তাঁদের বিদুরে নিয়ে যাওয়া হয়। হেলিকপ্টারে ওঠার পরই গৌতম বুঝতে পারেন, এবার হয়তো তিনি সত্যিই বেঁচে ফিরতে পারবেন।

তার ভাষায়, "তিনি যেন নতুন জীবন নিয়ে ফিরে এসেছেন।"

বন্যার ঢেউয়েই প্রাণ বাঁচল তুলসীর

রাসুয়ার একটি বসতিতে ছিলেন তুলসী বাহাদুর ভান্ডারি। হঠাৎ কালো কাদা ও পানির ভয়াবহ স্রোত বসতির ওপর দিয়ে বয়ে যেতে শুরু করে। একপর্যায়ে একটি শক্তিশালী ঢেউ তাকে ছুড়ে ফেলে পাহাড়ের দিকে।

তুলসী বাহাদুর জানান, "ভবনগুলো মুহূর্তের মধ্যে ভেঙে পড়ছিল। কীভাবে কোথা থেকে ওই ভয়াবহ স্রোত এলো, তা বোঝারও সুযোগ পাননি তিনি।"

দৌড়ে পালানোর চেষ্টা করলেও পানির স্রোত তাকে ধরে ফেলে। পরে একটি ঢেউ প্রচণ্ড আঘাত করে তাঁকে পাশের পাহাড়ের দিকে ছুড়ে দেয়। তাঁর ধারণা, ওই ঢেউ তাঁকে পাহাড়ের দিকে না ছুড়ে দিলে আজ তিনি বেঁচে থাকতেন না।

বেঁচে ফিরলেও কাটছে না ভয়

ভোতেকোশীর ভয়াবহ বন্যা থেকে সাতজন প্রাণে বাঁচলেও তাদের জন্য নতুন লড়াই শুরু হয়েছে। একদিকে বেঁচে ফেরার স্বস্তি, অন্যদিকে স্বজন হারানোর বেদনা এবং চোখের সামনে দেখা ধ্বংসযজ্ঞের স্মৃতি।

কেউ বিদ্যুতের তার আঁকড়ে, কেউ পাহাড়ে উঠে, কেউ বনের দিকে ছুটে কিংবা কেউ বন্যার স্রোতের সঙ্গে পাল্লা দিয়ে গাড়ি চালিয়ে প্রাণে ফিরেছেন। কিন্তু কয়েক মিনিটের সেই ভয়াবহতা তাঁদের স্মৃতিতে স্থায়ী হয়ে গেছে যে সময়ে চোখের সামনে ঘরবাড়ি, বসতি ও পরিচিত মানুষগুলো হারিয়ে গেছে ভয়ংকর স্রোতে।

সূত্র: কাঠমান্ডু পোস্ট

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৫৭ মুসলিম দেশের জোটে নতুন নেতৃত্ব

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৩১ পি.এম


৫৭ মুসলিম দেশের জোটে নতুন নেতৃত্ব

মৌরিতানিয়ার কূটনীতিক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ইসমাইল উলদ শেখ আহমেদ নতুন মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ৫৭টি মুসলিম দেশের জোট ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি)।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সৌদি আরবের জেদ্দায় ওআইসির সদর দপ্তরে পররাষ্ট্রমন্ত্রীদের কাউন্সিলের ২৩তম বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়। ওই অধিবেশনে হুসেইন ইব্রাহিমের স্থলাভিষিক্ত হয়ে ইসমাইল উলদ শেখ আহমেদ মহাসচিব হিসেবে দায়িত্ব নেন।

মহাসচিব হিসেবে শপথ নেওয়ার পর ইসমাইল শেখ আহমেদ বলেন, "রাজনৈতিক ও কূটনৈতিক জীবনে ওআইসির মহাসচিব হওয়া তার জন্য অত্যন্ত সম্মানের।" তিনি আরও উল্লেখ করেন, আন্তর্জাতিক, আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে তিন দশকের বেশি সময় কাজ করার পর এই দায়িত্ব পাওয়া তার ক্যারিয়ারের সর্বোচ্চ স্বীকৃতি।

নতুন মহাসচিব হিসেবে সদস্যদেশগুলো তার ওপর যে আস্থা রেখেছে, তাতে গর্বিত তিনি। তিনি জানান, "শুধু কথায় নয়, কাজের মাধ্যমে তিনি এই আস্থার মর্যাদা রাখতে চান।"

বিশেষ অধিবেশনে ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী ও প্রবাসী কল্যাণমন্ত্রী ড. ভারসেন আগাবেকিয়ান শাহিনও বক্তব্য রাখেন। তিনি সভা আয়োজনের উদ্যোগ এবং ফিলিস্তিনের প্রতি সৌদি আরবের অব্যাহত সমর্থনের জন্য দেশটির প্রতি কৃতজ্ঞতা জানান।

সভায় ফিলিস্তিনি মন্ত্রী অভিযোগ করেন, ইসরায়েল এখনও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, "দীর্ঘদিন ধরে জবাবদিহির বাইরে থাকার সুযোগ পাওয়ায় ইসরায়েল এ ধরনের কর্মকাণ্ডে আরও উৎসাহিত হচ্ছে।"

ড. ভারসেন আগাবেকিয়ান শাহিন পশ্চিম তীরে ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনের সঙ্গে জড়িত ব্যক্তিদের এবং এসব কর্মকাণ্ডে অর্থায়নকারীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানান।

তিনি আল-কুদস বা জেরুজালেম এবং আল-আকসা মসজিদে ইসরায়েলি অনুপ্রবেশ ও বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী ও প্রবাসী কল্যাণমন্ত্রীর ভাষ্য, এসব কর্মকাণ্ড জেরুজালেমের ঐতিহাসিক ও আইনগত অবস্থান পরিবর্তনের চেষ্টা। একইসঙ্গে এগুলো অঞ্চলটির শান্তি ও স্থিতিশীলতার জন্য সরাসরি হুমকি তৈরি করছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুপারি গাছে উঠতে না চাওয়ায় শিশুকে ছুরিকাঘাতে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৩১ পি.এম


সুপারি গাছে উঠতে না চাওয়ায় শিশুকে ছুরিকাঘাতে হত্যা

লক্ষ্মীপুরে রিয়াদ হোসেন নামে এক শিশুকে ছুরিকাঘাতে হত্যা করেছেন রুবেল হোসেন নামে একজন ব্যক্তি, যিনি পালিয়ে গেছেন।

এটি ঘটে শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চররুহিতা এলাকায়।

নিহত রিয়াদ চররুহিতা এলাকার অটোরিকশাচালক শাহেদ হোসেনের ছেলে। অভিযুক্ত রুবেল একই এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, রুবেল রিয়াদকে সুপারি গাছে উঠতে বলেন। কিন্তু রিয়াদ তার অনিচ্ছার কথা জানায়। এতে রুবেল ক্ষিপ্ত হয়ে রিয়াদকে ছুরিকাঘাত করেন। পরে রিয়াদকে আহত অবস্থায় সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই রুবেল পালিয়ে যান, ফলে তাকে আটক করা সম্ভব হয়নি।

চররুহিতা ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন সুমন বলেন, "রিয়াদকে সুপারি গাছে না উঠায় ছুরিকাঘাত করে রুবেল। এতে রিয়াদ মারা যায়। ঘাতক রুবেল পলাতক, তাকে আটকের জন্য আমরা খুঁজছি। সে মাদক সেবনের সঙ্গে জড়িত।"

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, "খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেপালের বন্যায় আশপাশের ঘরবাড়ি ভেসে গেলেও অক্ষত দোতলা ভবন, ঘটনা কী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৩১ পি.এম


নেপালের বন্যায় আশপাশের ঘরবাড়ি ভেসে গেলেও অক্ষত দোতলা ভবন, ঘটনা কী

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার ফলে ব্যাপক ধ্বংসযজ্ঞের মধ্যে একটি অলৌকিক ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। প্রবল স্রোতে আশপাশের ঘরবাড়ি ও স্থাপনা ভেসে গেলেও একটি সবুজ রঙের দোতলা বাড়ি অক্ষত অবস্থায় দাঁড়িয়ে থাকার দৃশ্য নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছে। পরবর্তীতে জানা যায়, ওই বাড়ির ভেতরে আটকে থাকা পরিবারের সব সদস্যই জীবিত ও নিরাপদে উদ্ধার হয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, তীব্র গতিতে কাদা-পানির স্রোত বয়ে যাচ্ছে। স্রোতের তোড়ে একের পর এক ঘরবাড়ি ও স্থাপনা ভেঙে পড়ছে কিংবা ভেসে যাচ্ছে। বিশাল ধ্বংসাবশেষও পানির সঙ্গে ভেসে যেতে দেখা যায়।

তবে ভয়াবহ সেই পরিস্থিতির মধ্যেও সবুজ রঙের দোতলা বাড়িটি দৃঢ়ভাবে দাঁড়িয়ে ছিল। চারপাশ দিয়ে প্রবল স্রোত বয়ে গেলেও বাড়িটির বড় ধরনের কোনো ক্ষতি হয়েছে বলে ভিডিওতে দেখা যায়নি।

বাড়িটি টিকে গেলেও ভেতরে একটি পরিবার আটকা পড়েছে এমন খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ সৃষ্টি হয়। ভিডিও দেখে অনেকে পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন এবং তাদের জন্য প্রার্থনা করেন।

এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে আরও একটি ভিডিও। সেখানে দাবি করা হয়, সবুজ বাড়িটির ভেতরে আটকে থাকা পরিবারের প্রত্যেক সদস্যই জীবিত রয়েছেন এবং নিরাপদে তাদের উদ্ধার করা হয়েছে। এই খবরে উদ্বিগ্ন নেটিজেনদের মধ্যে স্বস্তি ফিরে আসে।

ঘটনার ভিডিওগুলো ইতোমধ্যে লাখ লাখ মানুষ দেখেছেন। বাড়িটি কীভাবে এমন ভয়াবহ পানির স্রোতের মধ্যেও টিকে গেল, তা নিয়েও আলোচনা চলছে।

এক ব্যবহারকারী মন্তব্য করেন, এমন পরিস্থিতিতে পরিবারের সদস্যদের মনে কী ধরনের আতঙ্ক কাজ করছিল, তা কল্পনা করাও কঠিন। তার মতে, পরিবারটির সদস্যদের সাক্ষাৎকার নেওয়া উচিত।

আরেকজন লেখেন, ভয়াবহ বন্যার মধ্যেও বাড়িটির টিকে থাকা শক্তিশালী ও টেকসই নির্মাণের গুরুত্ব তুলে ধরে। বাড়িটির নির্মাণশৈলীর প্রশংসা করে এক নেটিজেন মন্তব্য করেন, যিনি এই ভবনটি তৈরি করেছেন, তাকে স্যালুট।

পরিবারটির নিরাপদে উদ্ধার হওয়ার খবরে স্বস্তি প্রকাশ করে আরেকজন সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানান।

ভয়াবহ বন্যায় চারপাশের ধ্বংসযজ্ঞের মধ্যে সবুজ বাড়িটির দাঁড়িয়ে থাকা এবং ভেতরে থাকা একটি পরিবারের সবাই নিরাপদে বেরিয়ে আসার ঘটনা তাই সামাজিক যোগাযোগমাধ্যমে এখন আলোচনার অন্যতম বিষয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%