০৩:১৮ পি.এম
দীর্ঘদিনের ভোগান্তি ও উত্তেজনার কারণ হয়ে চলা সীমান্ত তল্লাশি তুলে নেওয়ার মাধ্যমে বুধবার স্পেন এবং ব্রিটিশ ভূখণ্ড জিব্রাল্টারের মধ্যে নতুন একটি অধ্যায় শুরু হয়েছে।
এএফপির একজন সাংবাদিক সীমান্তের এলাকায় অবস্থান করে জানান, মধ্যরাতের কয়েক মিনিট পর প্রথমবারের মতো স্পেন থেকে আসা একাধিক মানুষ ও যানবাহন কোনোরূপ তল্লাশি ছাড়াই সীমান্ত পার হয়েছে।
এ খবর বর্ণনা করেছে বার্তা সংস্থা এএফপি।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
এই উপলক্ষে কয়েকশ মানুষ সেখানে উপস্খিত হন এবং স্পেনের জাতীয় পতাকা উড়ান। এ সময় জিব্রাল্টারের মুখ্যমন্ত্রী ফ্যাবিয়ান পিকার্দো ঘোষণা দেন, ‘ইউরোপ ফিরে এসেছে।’
আইবেরীয় উপদ্বীপের দক্ষিণ প্রান্তে অবস্থিত স্বশাসিত ব্রিটিশ ভূখণ্ড জিব্রাল্টারে প্রায় ৪০ হাজার মানুষ বসবাস করছেন। কিন্তু প্রতিদিন স্পেন থেকে সীমান্ত পার হয়ে প্রায় ১৫ হাজার ৫০০ কর্মী সেখানে কাজ করতে যান।
ব্যস্ত সময়ে সীমান্তে প্রায়ই দীর্ঘ যানজট সৃষ্টি হত। বিশেষ করে ব্রিটেন এবং স্পেনের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেলে নথিপত্র যাচাইয়ের কারণে ভোগান্তি আরো বেড়ে যেত। স্পেন এই ভূখণ্ডের ওপর নিজের সার্বভৌমত্ব দাবি করে, যার পরিচিতি ‘দ্য রক।’
তবে, ২০২০ সালে ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার পর ব্রাসেলস এবং লন্ডনের মধ্যকার এক চুক্তির আওতায় সীমান্তের নিয়ন্ত্রণ তুলে নেওয়া হয়েছে।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
মঙ্গলবার ব্রাসেলসে চুক্তিটি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য প্রধান মারোস সেফচোভিচ, ব্রিটেন এবং স্পেনের মন্ত্রীরা এবং জিব্রাল্টারের মুখ্যমন্ত্রী পিকার্দো উভয়েই উপস্থিত ছিলেন।
এর আগে একটি রেডিও সাক্ষাৎকারে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস বলেন, এই চুক্তি জিব্রাল্টার এবং তার সংলগ্ন স্পেনীয় অঞ্চলের জন্য ‘নতুন যুগের সূচনা করবে’ এবং ‘বিপুল সুযোগ’ সৃষ্টি করবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন