০৪:০৭ পি.এম
ভোলায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ব্যক্তিগত আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোলা দক্ষিণ জেলা শাখার সেক্রেটারি মাওলানা আব্বাস উদ্দিনের সকল সাংগঠনিক পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এই ঘটনার পর দলটি একটি পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।
রোববার (১১ অক্টোবর) ভোলা দক্ষিণ জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের ঘোষণা করা হয়।
স্থানীয় সূত্র এবং সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী, ভাইরাল ভিডিওতে আব্বাস উদ্দিনকে এক নারীর সঙ্গে ভিডিও কলে আপত্তিকর অবস্থায় কথা বলতে দেখা গেছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।
আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য
আব্বাস উদ্দিন চরফ্যাশন এলাকার একটি কওমি মহিলা মাদ্রাসার পরিচালনার সঙ্গে যুক্ত থাকায়, স্থানীয়রা প্রতিষ্ঠানটির পরিবেশ এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
এদিকে, ভিডিওটি নিয়ে অনুশোচনা প্রকাশ করে আব্বাস উদ্দিন দাবি করেছেন যে, এটি কয়েক মাস আগে ঘটে এবং ভিডিও কলে থাকা নারী তার স্ত্রী। তিনি জানান, ভিডিওটি তার মোবাইল ফোনে সংরক্ষিত ছিল। সম্প্রতি ফোনটি হারিয়ে যাওয়ার পর একটি চক্র অসৎ উদ্দেশ্যে সেটি উদ্ধার করে তাকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছে।
তবে, মোবাইল ফোনে এ ধরনের সংবেদনশীল ভিডিও সংরক্ষণের ক্ষেত্রে অসতর্কতা ছিল বলে তিনি স্বীকার করেছেন। তার এসব দাবির সত্যতা সম্পর্কে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।
ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ সিরাজুল ইসলাম জানিয়েছেন, সংগঠনের শৃঙ্খলা ও আদর্শের প্রশ্নে তারা কঠোর অবস্থানে রয়েছে।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
তিনি জানান, ভোলা দক্ষিণ জেলা শাখার সভাপতি প্রফেসর কামাল উদ্দিনের নেতৃত্বে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের চূড়ান্ত প্রতিবেদনের ভিত্তিতে আব্বাস উদ্দিনের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। যদি তদন্তে অভিযোগ প্রমাণিত হয়, তবে তার বিরুদ্ধে চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আব্বাস উদ্দিনের সকল সাংগঠনিক পদ স্থগিত থাকবে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন