০৪:০৮ পি.এম
সরকারি চাকরিতে কর্মরত অবস্থায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চরফ্যাশন উপজেলা আহ্বায়ক কমিটিতে পদে থাকার অভিযোগে শোকজের মুখে পড়েছেন ভোলার চরফ্যাশন উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা সফিউল্ল্যাহ জগলু। বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে আরটিভিসহ একাধিক গণমাধ্যমে এ-সংক্রান্ত সংবাদ প্রকাশের পর। এর পরিপ্রেক্ষিতে ১১ অক্টোবর তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
চরফ্যাশন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রাজন আলী স্বাক্ষরিত ওই নোটিশে সফিউল্ল্যাহ জগলুকে আগামী তিন কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দাখিল করতে বলা হয়েছে।
এর আগে, গত ৫ অক্টোবর এনসিপির ভোলা জেলা আহ্বায়ক অ্যাডভোকেট মো. জিয়াউর রহমান ও সদস্যসচিব শরীফ হাওলাদার সাগরের স্বাক্ষরে আগামী ছয় মাসের জন্য দলটির চরফ্যাশন উপজেলা আহ্বায়ক কমিটির আংশিক অনুমোদন দেওয়া হয়। সাত সদস্যবিশিষ্ট ওই কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে সফিউল্ল্যাহ জগলুর নাম অন্তর্ভুক্ত রয়েছে।
আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য
সরকারি চাকরিতে কর্মরত একজন কর্মকর্তার রাজনৈতিক দলের সাংগঠনিক পদে থাকা নিয়ে বিষয়টি আলোচনায় আসে। সরকারি কর্মচারীদের রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার বিধিনিষেধ এবং সংশ্লিষ্ট আচরণবিধি প্রতিপালন নিয়েও প্রশ্ন দেখা দেয়।
সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯-এর বিধি ২৫(১)-এ সরকারি কর্মচারীদের রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততা ও রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের বিষয়ে বিধিনিষেধ রয়েছে। এ বিধানের আলোকে সফিউল্ল্যাহ জগলুর রাজনৈতিক দলের কমিটিতে পদে থাকার বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে।
এ বিষয়ে চরফ্যাশন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রাজন আলী বলেন, "বিষয়টি নিয়ে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে। আমরা ১১ অক্টোবর সফিউল্ল্যাহ জগলুকে লিখিত শোকজ করেছি। তিন কর্মদিবসের মধ্যে জবাব দাখিলের জন্য বলা হয়েছে।"
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন