০৮:১৩ পি.এম
চলতি ফিফা বিশ্বকাপে বাংলাদেশের জন্য গৌরব বয়ে এনেছেন সঞ্জয় দেব। সিলেটের এই তরুণ, যিনি আমেরিকায় বেড়ে ওঠা, বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানের মতো বিশাল মঞ্চে বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরেছেন। নোরা ফাতেহির সঙ্গে তার গান 'সির সির' দারুণ সাড়া ফেলেছে।
এই উন্মাদনার মধ্যেই, সঞ্জয়ের নতুন মিউজিক ভিডিও 'কার জন্য করিলা মায়া' প্রকাশিত হয়েছে বাংলাদেশের কাইনেটিক মিউজিকের ইউটিউব চ্যানেলে। সাধারণ মিউজিক ভিডিওর ধারার বাইরে গিয়ে এটি পরিচালনা করেছেন বর্তমানের জনপ্রিয় নৃত্যশিল্পী হৃদি শেখ। এছাড়া, ড্যান্স কোরিওগ্রাফিও তিনি করেছেন। হৃদির সঙ্গে পরিচালনায় অংশ নিয়েছেন রিয়াজ ও মাক্কি।
সঞ্জয়, জুয়েল মোর্শেদ ও রিয়াজ আলীর কথার গানটির সঙ্গীতায়োজন করেছেন সঞ্জয় দেব। গানটি গেয়েছেন লোকশিল্পী মাখন এবং মডেল হয়েছেন সানজিদা জাহান পুষ্প। গানটির প্রকাশের দুই দিনের মধ্যেই লোক সুরের গানটি দর্শকের মন কাড়তে সক্ষম হয়েছে। ভিউ ও মন্তব্যের দিক থেকে গানটি ইতিবাচক সাড়া ফেলেছে।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
হৃদি শেখ জানিয়েছেন, 'এতদিন আমি নাচের সঙ্গেই যুক্ত ছিলাম। তবে আমি ক্রিয়েটিভ দিকেও কিছুটা যুক্ত থাকতাম। এবার পরিচালনায় অগ্রসর হলাম। কনসেপ্ট থেকে শুরু করে সবকিছুতেই আমার হাত ছিল। সঞ্জয়ের মিউজিক সম্পর্কে নতুন করে কিছু বলার নেই! বিশ্বের কাছে তার ক্রিয়েশন ইতোমধ্যে প্রশংসিত হয়েছে। দারুণ একটি গান সে তৈরি করেছে। আমরা লোক সুর এবং কথার সঙ্গে কনটেম্পরারি স্বাদ যোগ করার চেষ্টা করেছি মিউজিক, ড্যান্স ও ভিডিও নির্মাণে।'
তিনি আরও বলেছেন, 'কাজটি একদমই ভীষণ এক্সপেরিমেন্টাল। তাই আমি চিন্তায় ছিলাম, দর্শক কিভাবে নেবে। তবে প্রকাশের পর সবার ইতিবাচক সাড়া আমাকে আরও নতুন এক্সপেরিমেন্ট করতে উৎসাহ দিয়েছে। ভবিষ্যতে এমন নতুন কাজ নিয়ে হাজির হব।'
সঞ্জয়ের আন্তর্জাতিক সাফল্য নিয়ে হৃদি বলেন, 'ফিফা বিশ্বকাপে সঞ্জয় দারুণ সাফল্য অর্জন করেছে। এখন সবাই তাকে চিনছে এবং নিয়ে আলোচনা করছে। তবে সে আমার অনেক আগের বন্ধু। আমরা এর আগে একাধিক কাজ করেছি। আমি তখন থেকেই জানতাম, সে অনেক বড় জায়গায় যাবে।'
তিনি বলেন, 'কারণ, মিউজিক নিয়ে সে অত্যন্ত পরিশ্রমী ও একাগ্র। এখন তার সাফল্য দেখে আমি গর্বিত। সবচেয়ে ভালো লেগেছে, আমেরিকায় বেড়ে উঠলেও সে তার সিলেটের শেকড়কে ভুলেনি। বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতি তার ভালোবাসা খুব সুন্দরভাবে তুলে ধরায় তাকে সম্মান আরও বেড়ে গেছে। কারণ, আমিও রাশিয়ায় বেড়ে উঠেছি কিন্তু যথাসাধ্য চেষ্টা করি আন্তর্জাতিক অঙ্গনে আমার দেশকে উপস্থাপন করতে।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন