০৮:২৮ পি.এম
জলাবদ্ধতার কারণে গত সরকারের দায় নেওয়ার জন্য রাজধানী উন্নয়নে বিশেষ বরাদ্দের দাবি করেছেন বিরোধীদলীয় নেতা তথা জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (১৫ জুলাই) তিনি জাতীয় সংসদে আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন।
জামায়াতের আমির আরও বলেন, জলাবদ্ধতার সমস্যা বর্তমান সরকারের সৃষ্টি নয়, বরং এটি বিগত সরকারের তৈরি। জলাবদ্ধতা একটি দীর্ঘমেয়াদি সমস্যা হিসেবে চিহ্নিত হয়েছে। এজন্য একটি কোঅর্ডিনেটেড এবং ওয়েল প্ল্যানড প্রকল্প হাতে নেওয়া প্রয়োজন। কিন্তু বিগত সময়ে উন্নয়নের জন্য বাজেট বরাদ্দ হলেও, সে অর্থটা কিছু লোকের পকেটে গিয়েছে। এ অবস্থায় রাজধানীর উন্নয়নের জন্য বাজেটে বিশেষ বরাদ্দ রাখা প্রয়োজন।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
তিনি এ সময় বিরোধীদলের প্রতি ইনসাফ না হওয়ার কথাও উল্লেখ করেন। তিনি বলেন, সরকারের গৃহীত আর্থিক পদক্ষেপের মধ্যে বিরোধীদলের প্রতি ইনসাফ করা হয়নি। আমাদের কারণে আমাদের আসনগুলোতে জনগণ যেন বঞ্চিত না হয়, সেটি লক্ষ্য রাখতে হবে। সংরক্ষিত আসনের সদস্যদের ফান্ড অ্যালোকেশন করা হয়েছে। কিন্তু এখনো বিরোধীদলের কাউকেই তা দেয়া হয়নি। এটি অন্যায্য।
রাষ্ট্রের টাকার সঠিক ব্যবহারের আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, রাষ্ট্রের ট্রেজারির প্রতিটি টাকা সরকারের কাছে একটি আমানত। এখানে যদিও ছোট স্থাপনা তৈরি করা হয়, তাও উদ্বোধন করে স্টোন বসাতে অর্থ খরচ হয়। যেন খাজনার চেয়ে বাজনা বেড়ে যাচ্ছে। আর কিছু কিছু ভাইরাস এখনো সক্রিয় রয়েছে, যেখানে আমাদেরকে নেগেটিভভাবে সমালোচনা করা হচ্ছে।
বিরোধীদলীয় নেতা শিক্ষার বিস্তারে গুরুত্বারোপ করে বলেন, শিক্ষার মৌলিক প্রয়োজনের দিকে বেশি নজর দিতে হবে, বিশেষ করে প্রাইমারি এবং টারশিয়ারি। বাকিটা অটোমেটিক্যালি চলবে। টেকনিক্যাল শিক্ষার পাশাপাশি নৈতিক ও ধর্মীয় শিক্ষার দিকেও গুরুত্ব দেওয়া প্রয়োজন।
তিনি দুর্নীতি প্রতিরোধের ওপর জোর দিয়ে বলেন, যদি এই সংসদ দুর্নীতির পৃষ্ঠপোষক না হয়, তবে বাংলাদেশ থেকে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন