সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৯:০৪ পি.এম
কুষ্টিয়ায় ৬৫ বছর বয়সী নূরজাহান বেগমকে বাড়ি থেকে তুলে নিয়ে ইসলামি বিশ্ববিদ্যালয় থানা পুলিশ সারাদিন থানায় রেখে বিকেলে নাশকতার মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে আদালতে পাঠিয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের নলকুলা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে পুলিশ নিয়ে যায়।
জানা গেছে, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) স্থানীয় মারামারি ও ভাঙচুরের কারণে নূরজাহান বেগমের বাড়িতে হামলা, ভাঙচুর এবং গোডাউনে আগুন দেওয়ার ঘটনায় তিনি সোমবার (২১ সেপ্টেম্বর) আদালতে একটি মামলা করেন। ওই মামলায় ৬২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫/২০ জনকে আসামি করা হয়।
পরে রোববার সকালে ওসি কথা বলবে জানিয়ে ইসলামি বিশ্ববিদ্যালয় থানার পুলিশ নূরজাহান বেগমকে নিয়ে যায়।
নূরজাহান বেগমের মেয়ে সেলিনা আক্তার শিল্পী গণমাধ্যমকে জানান, দুই সপ্তাহ আগে সামাজিক ও জমিসংক্রান্ত বিরোধের কারণে তাদের বাড়িতে এবং পাটের গোডাউনে অগ্নিসংযোগ ও লুটপাট চালায় এলাকার কিছু মানুষ। পরে কৃষকদলের স্থানীয় অফিসে ভাঙচুর করে এবং এলাকার আরও মানুষের বাড়িতে হামলা ও লুটপাট চালানো হয়। বিএনপির পাশাপাশি আওয়ামী লীগের কিছু লোকজন এই ঘটনার সঙ্গে জড়িত।
তিনি বলেন, হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় তার মা নূরজাহান বেগম বাদী হয়ে সোমবার (২১ সেপ্টেম্বর) কুষ্টিয়া আদালতে মামলা করেন।
শিল্পী বলেন, ‘রোববার সকালে একদল পুলিশ বাড়িতে ঢুকে পড়ে। তারা মাকে বলেন, আপনি আদালতে গোডাউন পোড়ানোর মামলা করেছেন। মামলার বাদী আপনি। এ বিষয়ে ওসি সাহেব আপনার সাথে কথা বলবে। আমাদের সঙ্গে চলুন। এই বলে কয়েকজন পুলিশ তাকে গাড়িতে তুলে নিয়ে যায়। এরপর থেকে মায়ের কোনো খোঁজ পাচ্ছিলাম না। এখন শুনছি পুলিশ মাকে আদালতে পাঠিয়েছে।’
নূরজাহান বেগমের ছেলে আব্দুল্লাহ আল মামুন জানান, পুলিশ বাড়ি থেকে নিয়ে আসার পর তার মায়ের কোনো খবর পাচ্ছিলেন না। পরে থানায় গেলে তাকে জানানো হয়, মাকে বিকেলে আদালতে পাঠানো হয়েছে। কী কারণে তাকে বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে এবং কেন আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে, এ বিষয়ে তারা কিছুই বুঝতে পারছেন না।
জানা গেছে, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের নলকুলা গ্রামের ১ নম্বর ওয়ার্ডে অবস্থিত অফিস ভাঙচুর ও ভেতরে অবস্থানরত ব্যক্তিদের মারধরের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে ৭৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০০/১২০ জনকে আসামি করে বুধবার (১৬ সেপ্টেম্বর) মামলা করা হয়। সেই মামলায় রোববার নূরজাহান বেগমকে সন্দেহভাজন গ্রেপ্তার দেখিয়ে বিকেলে ইবি থানা পুলিশ আদালতে সোপর্দ করলে আদালত তাকে জেলহাজতে পাঠান।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মামুনুর রশিদ দাবি করেন, নূরজাহান হামলার সঙ্গে জড়িত। এ কারণে তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সাংগঠনিক কাজে গতিশীলতা আনতে ২৩ সদস্যের একটি সাংগঠনিক উপ-কমিটি গঠন করেছে। এই উপকমিটির প্রধান হিসেবে সারজিস আলমকে দায়িত্ব দেওয়া হয়েছে, যিনি দলের উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বাংলামোটরে দলের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে তাকে এই দায়িত্ব প্রদান করা হয়।
বৈঠকটি পরিচালনা করেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
দলীয় সূত্রে জানানো হয়েছে, রাজনৈতিক পর্ষদ থেকে দুইজন উপ-প্রধান থাকবেন। এছাড়া, প্রতি বিভাগে একজন করে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং সহ-সাংগঠনিক সম্পাদক নিয়োগ করা হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বাগেরহাটের শরণখোলা উপজেলার বগী গ্রামে একটি গাভী কুমিরের হামলায় আহত হয়েছে।
এটি ঘটেছে সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে, যখন গাভীটি বলেশ্বর নদসংলগ্ন চরে কচুরিপানা খাচ্ছিল। স্থানীয়রা লাঠিসোটা নিয়ে কুমিরটিকে তাড়া করলে, কুমিরটি গাভীটিকে ছেড়ে দিয়ে নদীতে চলে যায়।
জানা গেছে, কুমিরের আক্রমণের ফলে গাভীটির পেছনের অংশ মারাত্মকভাবে জখম হয়েছে। পরে শরণখোলা উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের চিকিৎসক গাভীটিকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করেন।
গরুর মালিক পুতুল বেগম জানান, তার চারটি গরু বলেশ্বর নদের চরে জমে থাকা কচুরিপানা খাচ্ছিল। দুপুর ১টার দিকে হঠাৎ নদী থেকে একটি কুমির উঠে এসে একটি গাভীর পেছনের দিকে আক্রমণ করে এবং গাভীটিকে নদীর দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয় লোকজন লাঠিসোঁটা নিয়ে এগিয়ে গেলে কুমিরটি গাভীটিকে ছেড়ে দেয়।
প্রত্যক্ষদর্শী রাসেল ও সুজন জানান, দুপুরে তারা কয়েকজন নদীর পাড়ে বসেছিলেন। এ সময় একটি কুমির গাভীটিকে টেনে নদীর দিকে নিয়ে যেতে দেখেন। পরে তারা কয়েকজন মিলে লাঠিসোঁটা নিয়ে কুমিরটিকে তাড়া করলে এটি গাভীটিকে ছেড়ে নদীতে চলে যায়। এই ঘটনার পর এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন।
শরণখোলা উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি চিকিৎসক মাসুম বিল্লাহ বলেন, কুমিরের আক্রমণে গাভীটি বেশ জখম হয়েছে। এটিকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শরীফুল ইসলাম বলেন, খবর পেয়ে বনরক্ষীদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। কুমিরটির গতিবিধি পর্যবেক্ষণে রাখা হয়েছে। স্থানীয়দের আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ভারত বাংলাদেশ থেকে আমদানি করা পাটপণ্যে অ্যান্টি ডাম্পিং শুল্কের হার নতুনভাবে নির্ধারণ করেছে। উৎপাদনকারী প্রতিষ্ঠান অনুযায়ী আলাদা আলাদা শুল্কহার নির্ধারণ করা হয়েছে।
ভারতের অর্থ মন্ত্রণালয়ের রাজস্ব বিভাগ ২৪ সেপ্টেম্বর একটি প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ ও নেপাল থেকে আমদানি করা পাটের সুতা, টুইন, হেসিয়ান কাপড়, স্যাকিং ব্যাগ এবং স্যাকিং ক্লথের ওপর ভিন্ন ভিন্ন শুল্ক কার্যকর করেছে। নতুন এই শুল্ক কাঠামোর অধীনে, ১ থেকে ৫৫ নম্বরে তালিকাভুক্ত বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর জন্য শুল্কের হার অপেক্ষাকৃত কম রাখা হয়েছে, তবে তালিকার বাইরে থাকা প্রতিষ্ঠানের জন্য সর্বোচ্চ শুল্ক আরোপ করা হয়েছে।
তালিকার বাইরের প্রতিষ্ঠানগুলোর পাটের সুতায় প্রতি টনে ৪৪৫ ডলার, হেসিয়ান কাপড়ে ৮৮ ডলার এবং স্যাকিং ব্যাগে ২৮৩ ডলার পর্যন্ত শুল্ক দিতে হবে। প্রজ্ঞাপনের নির্দেশনা অনুযায়ী, জুট স্যাকিং ব্যাগের জন্য নির্ধারিত শুল্ক জুট স্যাকিং ক্লথের ওপরও প্রযোজ্য হবে, তবে বাংলাদেশ থেকে ১০টি নির্দিষ্ট প্রতিষ্ঠানের তৈরি স্যাকিং ক্লথকে এই শুল্কের বাইরে রাখা হয়েছে। তবে শুল্ক সুবিধা পেতে হলে রপ্তানিকারককে বৈধ বাণিজ্যিক চালানের মাধ্যমে পণ্যের মূল প্রস্তুতকারকের সঠিক ঘোষণা প্রদান করতে হবে, অন্যথায় সর্বোচ্চ শুল্কহার প্রযোজ্য হবে।
প্রতিষ্ঠানভেদে শুল্কের হারের ক্ষেত্রে উল্লেখযোগ্য তারতম্য দেখা গেছে। এএম জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পাটের সুতা ও হেসিয়ান কাপড়ে কোনো শুল্ক আরোপ করা হয়নি। নাটোর জুট মিলসের স্যাকিং ব্যাগ এবং জনতা জুট মিলসের হেসিয়ান কাপড়েও শুল্ক শূন্য ধার্য করা হয়েছে। তবে অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে আশা জুট ইন্ডাস্ট্রিজের পাটের সুতায় প্রতি টনে ৫৯ ডলার এবং স্যাকিং ব্যাগে ৯৪ ডলার, নাটোর জুট মিলসের সুতায় ১০৭ ডলার এবং সুপার জুট মিলসের সুতায় ১৩৯ ডলার ও স্যাকিং ব্যাগে ১৫৫ ডলার শুল্ক নির্ধারণ করা হয়েছে। এছাড়াও হাসান জুট, জনতা জুট, সাদাত জুট, সাগর জুট স্পিনিং এবং সিডল অ্যান্ড টেক্সটাইলসের পাটের সুতায় ৬৯ ডলার এবং স্যাকিং ব্যাগে ১২০ ডলার করে শুল্ক নির্ধারণ করা হয়েছে। আফিল জুট ও আলিনা জুট মিলসের হেসিয়ান কাপড়ে ৮৮ ডলার এবং রাজবাড়ী জুট মিলসের সুতায় ৬৯ ডলার ও হেসিয়ান কাপড়ে ৮৮ ডলার শুল্ক দিতে হবে।
ভারতের ডিরেক্টরেট জেনারেল অব ট্রেড রেমেডিজ (ডিজিটিআর) ২০২৫ সালের ৩০ জুন অ্যান্টি ডাম্পিং শুল্কের মধ্যবর্তী পর্যালোচনা শুরু করে এবং ডিজিটিআরের চূড়ান্ত সুপারিশের ভিত্তিতে রাজস্ব বিভাগ এই নতুন হার প্রজ্ঞাপন আকারে জারি করে। সিদ্ধান্তের বিষয়ে বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান তাপস প্রামাণিক জানিয়েছেন, আগে সুবিধাপ্রাপ্ত অনেক প্রতিষ্ঠান নতুন করে বাদ পড়েছে, আবার অনেকে যুক্ত হয়েছে। বর্তমানে বাংলাদেশে এ খাতে কোনো সরকারি ভর্তুকি না থাকায় এ শুল্ক আরোপের যৌক্তিকতা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন।
নতুন এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশ থেকে ভারতগামী পাটপণ্যের রপ্তানিতে দৃশ্যমান প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। তালিকার বাইরে থাকা প্রতিষ্ঠানগুলোর পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় তারা ভারতের বাজারে প্রতিযোগিতার সক্ষমতা হারাবে। বিশেষ করে তালিকাবহির্ভূত ক্ষুদ্র ও মাঝারি পাটকলগুলো অতিরিক্ত শুল্কের বোঝা সামলাতে না পেরে রপ্তানি বন্ধ করতে বাধ্য হতে পারে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জানিয়েছেন, সরকার সাংবাদিকদের অধিকার রক্ষা করতে এবং ওয়েজবোর্ড ও কল্যাণ নিশ্চিত করতে কাজ করছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬ এর কনসালটেশন সভায় তিনি এ বিষয়ে বক্তব্য রাখেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রকৃত সাংবাদিকদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত না হওয়া নিশ্চিত করতে হবে এবং সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সুবিধা যাতে অন্য কেউ গ্রহণ করতে না পারে, সেজন্য সাংবাদিক ও গণমাধ্যমের সংজ্ঞা স্পষ্ট করা আবশ্যক।
তিনি সাংবাদিকদের ওয়েজবোর্ড, পেশাগত অধিকার ও কল্যাণের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করে একটি গ্রহণযোগ্য কাঠামো প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন।
ইয়াসের খান চৌধুরী আরও বলেন, সাংবাদিকদের অধিকার নিশ্চিত করার পাশাপাশি সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সহায়তা প্রকৃত সাংবাদিকদের কাছে পৌঁছানো নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে কাকে সাংবাদিক হিসেবে গণ্য করা হবে এবং কাকে গণ্য করা হবে না, তা স্পষ্ট থাকা প্রয়োজন।
এ সময় তিনি সাংবাদিকদের পেশাগত স্বীকৃতির জন্য একটি সুস্পষ্ট কাঠামো প্রণয়নের প্রস্তাব দেন। তিনি সাংবাদিক সংগঠনগুলোর কাছ থেকে বার কাউন্সিলের মতো ব্যবস্থা করার বিষয়ে সুনির্দিষ্ট পরামর্শ আহ্বান করেন।
সভায় আরও বক্তব্য রাখেন ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, দৈনিক মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, একুশে টেলিভিশনের সিইও আবদুস সালাম, ইনডিপেনডেন্ট টেলিভিশনের সিইও মোস্তফা আকমল, ডা. শাখাওয়াত হোসেন সায়ন্ত, আরটিভির হেড অব নিউজ ইলিয়াস হোসেন, ইআরএফের সাবেক সভাপতি শারমিন রিনভী, দৈনিক প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ, ইউএনবির ডেপুটি এডিটর মাসউদ-উল-হক, দৈনিক আমার দেশ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক জাহিদ চৌধুরী প্রমুখ।
এ সভায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও বক্তব্য রাখেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ