০৮:১৩ পি.এম
সৌদি আরবের রিয়াদে অবস্থিত কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকার কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনস আগামী ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটের সকল ফ্লাইট স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।
রাষ্ট্রায়ত্ত সংস্থাটির মহাব্যবস্থাপক (জনসংযোগ) সোমবার (১২ অক্টোবর) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, স্থগিত হওয়া ফ্লাইটগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত এবং নতুন যাত্রার সময়সূচি যথাসময়ে জানানো হবে।
আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য
ফ্লাইট স্থগিত হওয়ার কারণে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনস আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। একইসঙ্গে, উদ্ভূত পরিস্থিতিতে যাত্রীদের ধৈর্য ও সহযোগিতা কামনা করা হয়েছে।
ঢাকা-রিয়াদ রুটের সকল ফ্লাইট বাতিল করেছে ইউএস বাংলা এয়ারলাইনসও। আগামী ২১ অক্টোবর পর্যন্ত এই রুটে কোনও ফ্লাইট পরিচালনা করবে না বেসরকারি সংস্থাটি।
ইউএস বাংলার জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক কামরুল ইসলাম সোমবার (১২ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামী ২১ অক্টোবর পর্যন্ত রিয়াদগামী ইউএস বাংলার সব ফ্লাইট স্থগিত করা হয়েছে।
এর আগে, ঢাকা থেকে সৌদি আরবের দাম্মামগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৪৯ ফ্লাইটও স্থগিত করা হয়েছিল।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা থেকে দাম্মামগামী বিজি-৩৪৯ ফ্লাইটটি মঙ্গলবার (১৩ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৩টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করার কথা ছিল। তবে নিরাপত্তার স্বার্থে তা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থগিত হওয়া ফ্লাইটটির নতুন সময়সূচি এবং এ সংক্রান্ত পরবর্তী সিদ্ধান্ত আগামী ১৪ অক্টোবর বাংলাদেশ সময় দুপুর ১২টা নাগাদ জানানো হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন