০৫:৫০ পি.এম
ভারতের উত্তরপ্রদেশের হাপুরে এক গয়নার দোকানে ভুল করে অ্যাসিড পান করে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন একটি তরুণী। ঘটনা ঘটার পরপরই এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার সন্ধ্যায় হাপুরের অর্জুন নগর এলাকার একটি গয়নার দোকানে গিয়েছিলেন ওই তরুণী। তিনি তৃষ্ণার্ত হয়ে দোকান মালিকের কাছে পানি চেয়েছিলেন। দোকান মালিক একজন কর্মচারীকে পাশের একটি মিষ্টির দোকানে গিয়ে বোতলজাত পানি নিয়ে আসতে বলেন। কর্মচারী এক সিল করা বোতল নিয়ে আসলে তরুণী সেটি থেকে এক চুমুক পান করেন।
পানি পান করার সঙ্গে সঙ্গে তার গলায় তীব্র জ্বালাপোড়া শুরু হয়। পরে জানা যায়, ওই বোতলটিতে পানি নয়, বরং অ্যাসিড ছিল। অসুস্থ অবস্থায় তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে, তাকে উত্তরপ্রদেশের একটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
ঘটনার পর পুলিশ মিষ্টির দোকানের মালিককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। তার দাবি হলো, তিনি ফ্রিজ থেকে একটি সিল করা পানির বোতলই দিয়েছিলেন। কিন্তু কীভাবে সেটির মধ্যে অ্যাসিড এল, তা তিনি জানেন না।
পুলিশ মিষ্টির দোকানে তল্লাশি চালিয়ে আরও কিছু অ্যাসিড ভর্তি বোতল উদ্ধার করেছে। পুরো ঘটনার তদন্ত কাজ চলছে। অন্যদিকে গয়নার দোকানের মালিকও পুলিশকে জানিয়েছেন, কিভাবে সিল করা বোতলে পানির পরিবর্তে অ্যাসিড আসল, সে বিষয়েও তার কোনো ধারণা নেই।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গয়নার দোকানের মধ্যে বসে থাকা তরুণীকে পাশে থাকা একটি নারী একটি বোতল তুলে দেন। তরুণী যখন বোতল থেকে এক চুমুক পান করেন তখনই ছটফট করতে করতে দোকানের বাইরে বেরিয়ে যান এবং বমি করার চেষ্টা করেন। দোকান মালিক ও অন্য উপস্থিত লোকজন হতবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকেন। পাশে থাকা নারী বারবার তার শারীরিক অবস্থার সম্পর্কে জানতে চাইলেও তরুণী কথা বলতে পারছিলেন না।
ভিডিওটি ইনস্টাগ্রামের ‘ইন্ডিবাজঅফিসিয়াল’ নামক একটি অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা হয়েছে। ভিডিওটি ইতোমধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। অনেকেই তরুণীর দ্রুত সুস্থতা কামনা করেছেন, আবার অনেকে ঘটনার নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন। সূত্র: আনন্দবাজার
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন