১১:৫৩ পি.এম
জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে আসা একটি ফোনকলের সূত্র ধরে বাগেরহাটের ফকিরহাটে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে একটি চোরাই মোটরসাইকেল। এই অভিযানে পুলিশ চুরির অভিযোগে গ্রেপ্তার করেছে হেলাল শেখ (৩০) নামক এক যুবককে।
রোববার (৫ জুলাই) সকালে ফকিরহাট থানাধীন শ্যামবাগাত এলাকায় এ ঘটনা ঘটেছে। গ্রেপ্তারকৃত হেলাল শেখ রামপাল থানার গৌরুবা (১নং ওয়ার্ড) গ্রামের মৃত মোছলেম শেখের ছেলে। তিনি বর্তমানে ফকিরহাটের শ্যামবাগাত এলাকায় বসবাস করছিলেন।
পুলিশের সূত্রে জানা যায়, রোববার সকালে শ্যামবাগাত গ্রামের একজন বাসিন্দা ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান যে, তাদের গ্রামের আজিম শেখের বাড়িতে এক ব্যক্তি একটি চোরাই মোটরসাইকেল রেখে গেছে। ৯৯৯-এর কলটেকার কনস্টেবল জাকির হোসেন কলটি রিসিভ করেন এবং তাৎক্ষণিকভাবে বিষয়টি ফকিরহাট থানাকে অবহিত করেন।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
পরবর্তীতে ৯৯৯-এর পুলিশ ডিসপাচার এএসআই উদয় কুমার ঘোষ কলার এবং সংশ্লিষ্ট থানার সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
সংবাদ পেয়ে ফকিরহাট থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে হাজির হয়। পরে স্থানীয় জনগণের সহায়তায় চোরাই মোটরসাইকেলটি উদ্ধার করা হয় এবং চুরির অভিযোগে হেলাল শেখকে গ্রেপ্তার করা হয়।
ফকিরহাট থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আটককৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন