ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ভেনেজুয়েলা নির্বাচনের জন্য এখনো প্রস্তুত নয়: ট্রাম্প


ভেনেজুয়েলা নির্বাচনের জন্য এখনো প্রস্তুত নয়: ট্রাম্প

ঢাকা, ২৫ জুলাই, ২০২৬ : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার জানিয়েছেন, ভেনেজুয়েলা এখনো নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত হয়নি। সামরিক অভিযানে নিকোলাস মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার সাত মাসেরও বেশি সময় পর ট্রাম্প এ মন্তব্য করেন।

লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলার পরিস্থিতি সম্পর্কে প্রশ্ন করা হলে ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘ভেনেজুয়েলার নির্বাচনের বিষয়টি বলতে গেলে, তারা এখনো সত্যিকার অর্থে এর জন্য প্রস্তুত নয়। তবে অনেক অগ্রগতি হয়েছে।’

এএফপি’র খবর অনুসারে, ট্রাম্প বলছেন, ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ—যিনি আগে মাদুরোর ভাইস প্রেসিডেন্ট ছিলেন এবং ওয়াশিংটনের সম্মতিতে কার্যত ক্ষমতায় টিকে আছেন—তিনি ‘অসাধারণভাবে কাজ করছেন।’ ট্রাম্প আরও বলেন, ‘আমাদের সবকিছু সঠিকভাবে করতে হবে। নির্বাচন সময়মতো নিজস্ব গতিতেই হবে।’

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

ট্রাম্প ভেনেজুয়েলার তেল শিল্পের গুরুত্বের দিকেও মনোযোগ দেন। তিনি জানান, দেশটি থেকে বিপুল পরিমাণ তেল রপ্তানি হচ্ছে এবং তিনি উল্লেখ করেন, ‘আমরাও আমাদের প্রচেষ্টার জন্য অনেক কিছু নিচ্ছি।’

তিনি আরও বলেছেন, ‘আমি ভেনেজুয়েলায় খুব জনপ্রিয়, কারণ আমরা দেশটিতে ব্যাপক অর্থনৈতিক কর্মকাণ্ড ফিরিয়ে আনছি। তারা সম্পূর্ণভাবে দুরবস্থার মধ্যে ছিল।’

৩ জানুয়ারির ভয়াবহ মার্কিন সামরিক অভিযানের পর, মাদুরো ও তার স্ত্রী দেশ থেকে বিতাড়িত হয়ে গেলে ট্রাম্প বারবার ভেনেজুয়েলা নিয়ে তার আগ্রহের কথা প্রকাশ করেছেন। মাদুরো আগামী বছর যুক্তরাষ্ট্রে বিচারের মুখোমুখি হওয়ার কথা রয়েছে। তবে, নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা নিয়ে ট্রাম্প এবং তার প্রশাসন এখন পর্যন্ত সতর্ক অবস্থান নিয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জুনে বলেছিলেন, ভেনেজুয়েলায় প্রথমে স্বাধীন গণমাধ্যম এবং নতুন নির্বাচন কমিশন প্রয়োজন। ২০২৪ সালের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের মাধ্যমে কর্তৃত্ববাদী নেতা মাদুরো আবার ক্ষমতায় ফিরে আসেন। ওই নির্বাচনটি যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং লাতিন আমেরিকার কয়েকটি দেশ স্বীকৃতি দেয়নি।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাইফুন নউল চীনের দিকে আসছে, ২০ হাজার মানুষকে সরানো হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৪:৪৩ পি.এম


টাইফুন নউল চীনের দিকে আসছে, ২০ হাজার মানুষকে সরানো হয়েছে

প্রবল বৃষ্টি ও ঝোড়ো বাতাসের আশঙ্কায় চীনের দক্ষিনাঞ্চল থেকে ২০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে, এবং রেল চলাচল স্থগিত করা হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, টাইফুন নউল উপকূলের দিকে এগিয়ে আসছে।

চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, শনিবার সন্ধ্যা থেকে রোববার সকালের মধ্যে হংকং থেকে গুয়াংডং প্রদেশ পর্যন্ত উপকূলীয় এলাকায় টাইফুনটি আঘাত হানতে পারে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

শনিবার আবহাওয়া কেন্দ্র চার স্তরের সতর্কতা ব্যবস্থার দ্বিতীয় সর্বোচ্চ স্তর ‘কমলা সতর্কতা’ বহাল রেখেছে। এর আগে সংস্থাটি জানিয়েছিল, গুয়াংডং ও পার্শ্ববর্তী ফুজিয়ান প্রদেশের কিছু এলাকায় প্রবল ঝোড়ো বাতাস ও ভারী বৃষ্টিপাত হতে পারে।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, শুক্রবার রাত পর্যন্ত গুয়াংডং প্রদেশে ২০ হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

এ ছাড়া সাগরে থাকা মাছ ধরার নৌযানগুলো ঝড় থেকে নিরাপদ থাকতে বন্দরে ফিরে এসেছে বলে জানিয়েছে সিসিটিভি।

সিসিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সকালে গুয়াংডংয়ে কয়েকটি ট্রেন চলাচল বন্ধ থাকবে, এবং রোববার প্রদেশটির সব ট্রেন পরিষেবা স্থগিত থাকবে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গুয়াংডং প্রদেশের চাওঝৌ শহরের স্কুলগুলোকে ক্যাম্পাসে সব ধরনের শিক্ষা ও অন্যান্য কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

চলতি মাসেই চীনের দক্ষিণ ও মধ্যাঞ্চলে চরম আবহাওয়া ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। গুয়াংশি অঞ্চলে টাইফুন মায়সাকের কারণে সৃষ্ট ভয়াবহ বন্যায় ৩৯ জন নিহত হয়েছেন।

মায়সাকের প্রভাবে মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশে বজ্রঝড় ও প্রবল বাতাসে আরও ১১ জন নিহত এবং ৩৩১ জন আহত হয়।

বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, জীবাশ্ম জ্বালানি ব্যবহারের কারণে পৃথিবীর উষ্ণতা বাড়তে থাকায় বিশ্বজুড়ে চরম আবহাওয়ার ঘটনা আরও ঘন ঘন এবং তীব্র হতে পারে।

চীন বিশ্বের সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস নিঃসরণকারী দেশ হলেও নবায়নযোগ্য জ্বালানি খাতে এটি বিশ্বের অন্যতম শীর্ষ শক্তি। ২০৬০ সালের মধ্যে নিজেদের অর্থনীতিকে কার্বন-নিরপেক্ষ পর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়েছে বেইজিং।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাটোর সরকারি নার্সিং কলেজের শিক্ষা কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৪:৪৮ পি.এম


নাটোর সরকারি নার্সিং কলেজের শিক্ষা কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন

নাটোর, ২৫ জুলাই, ২০২৬ : চলতি শিক্ষাবর্ষ শুরু হওয়ার পর নাটোর সরকারি নার্সিং কলেজের পাঠদান কার্যক্রমের একাডেমিক স্বীকৃতির জন্য আজ শনিবার পরিদর্শন কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

বিএসসি-ইন-নার্সিং কোর্সের একাডেমিক স্বীকৃতির পরিদর্শন টিমের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপ সচিব মুহা. আখতারুজ্জামান।

এছাড়া পরিদর্শন দলের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের ডেপুটি রেজিষ্ট্রার নিলুফার ইয়াসমিন এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের উপ পরিচালক ফাতেমা খাতুন।

পরিদর্শন টিম কলেজের শিক্ষা কার্যক্রম, লাইব্রেরী, ল্যাবরেটরি, আবাসনসহ সব কার্যক্রম প্রত্যক্ষ করেন। টিমের সদস্যবৃন্দ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ও করেন।

নাটোর সরকারি নার্সিং কলেজের অধ্যক্ষ ড. মুহা. ফয়েজুর রহমান জানান, গত ৫ মে থেকে কলেজের শিক্ষার কার্যক্রম শুরু হওয়ার পর আজ স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিদর্শন কার্যক্রম সম্পন্ন হল।

এর আগে রাজশাহী মেডিকেল কলেজের আরো একটি টিম একাডেমিক কার্যক্রম পরিদর্শন করেছে। অধ্যক্ষ আশা করেন, নাটোর নার্সিং কলেজ দ্রুত একাডেমিক স্বীকৃতি অর্জনে সক্ষম হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অপরাধী শনাক্তে সুন্দরবনে বাড়ছে প্রযুক্তির ব্যবহার, কাজে আসছে ড্রোন ও ফুট পেট্রোলিং

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৪:৫১ পি.এম


অপরাধী শনাক্তে সুন্দরবনে বাড়ছে প্রযুক্তির ব্যবহার, কাজে আসছে ড্রোন ও ফুট পেট্রোলিং

বিশ্ব ঐতিহ্য ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন রক্ষার ক্ষেত্রে বনরক্ষীদের দৃঢ় নজরদারি ও কার্যকর অভিযান অব্যাহত রয়েছে। বিশেষ করে যেসব স্থানে বন গহীনে নৌযান অচল, সেসব জায়গায় পায়ে হেঁটে অর্থাৎ ফুট পেট্রোলিং পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি, যেখানে ফুট পেট্রোলিং সম্ভব নয়, সেখানে আধুনিক প্রযুক্তির ড্রোন ব্যবহার করে অপরাধীদের শনাক্ত করা হচ্ছে। এভাবে নানা কর্মকাণ্ড এবং সচেতনমূলক কার্যক্রমের মাধ্যমে বন অপরাধ দমনে পশ্চিম বিভাগে উল্লেখযোগ্য সফলতা এসেছে।

সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এ জেড এম হাছানুর রহমান বাসসকে জানিয়েছেন, যদিও জনবল সংকট, উন্নত জলযানের ঘাটতি এবং আধুনিক সুযোগ সুবিধার অভাব রয়েছে, তবে বনকে নিরাপদ রাখতে বনরক্ষীরা বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছেন।

বন বিভাগের তথ্য অনুযায়ী, গত ১ বছরে পশ্চিম সুন্দরবনের খুলনা রেঞ্জের বিভিন্ন সাঁড়াশি অভিযানে ২৯৪ টি মামলায় ৩৯৬ জন বন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। এ সময়ে উদ্ধার করা হয়েছে ৫ হাজার ৭১২ মিটার হরিণ ধরার ফাঁদ, ৪৮৭ কেজি হরিণের মাংস এবং বিপুল পরিমাণ অবৈধ মৎস্য ও কাঁকড়া আহরণের সরঞ্জাম। একই সঙ্গে, বন্যপ্রাণী শিকার বন্ধ করতে সংশ্লিষ্ট ১৩৫ জনের একটি বিশেষ তালিকা তৈরি করে তাদের নজরদারিতে রাখা হয়েছে। এ ব্যবস্থা বন অপরাধকে বিগত দিনের তুলনায় অনেক কমিয়ে আনা সম্ভব করেছে।

সূত্র জানায়, বন বিভাগ ২০২৫-২০২৬ অর্থ বছরে সুন্দরবনে বিশেষ অভিযান পরিচালনা করবে। সুন্দরবনের জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী রক্ষায় বনরক্ষীরা বনের গহীনে পায়ে হেঁটে ও জলপথে অভিযান পরিচালনা করবেন। গত ১ বছরে বন অপরাধের দায়ে খুলনা রেঞ্জে মোট ২৯৪ টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় মোট ৩৯৬ জনকে হাতেনাতে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ছাড়া, পলাতক আসামি সংখ্যা ৬৩ জন। এর মধ্যে অভয়ারণ্যে মাছ ও কাঁকড়া ধরার অপরাধে মামলা দায়ের করা হয়েছে ১০৬ টি। বিষ সংক্রান্ত ৩৩ টি মামলা দায়ের করা হয়েছে।

খুলনা রেঞ্জের অধীন বনের বিভিন্ন দুর্গম এলাকা থেকে গত ১ বছরে জব্দকৃত সামগ্রীর তালিকায় রয়েছে ২২টি ট্রলার, ৩৪৯টি নৌকা, ৬ হাজার ৯৮৬টি অবৈধ কাঁকড়া ধরার (আটন) ফাঁদ, ৯ হাজার ৮৩৩ মিটার দৌনদড়ি, ২ হাজার ৬১২ কেজি মাছ এবং ১ হাজার ৯৮১ কেজি অবৈধভাবে আহরিত কাঁকড়া।

এ ছাড়া, সুন্দরবনের নদী ও খালে বিষ প্রয়োগ করে মাছ শিকারি চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এ সময়ে, দস্যু ও অসাধু চক্রের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৮৭ বোতল মাছ ধরার অবৈধ কীটনাশক এবং ২০৩ কেজি মধু জব্দ করা হয়েছে। হরিণ সংক্রান্ত মামলা দায়ের করা হয়েছে ৩৩ টি। অভিযানে জব্দ করা হয় ৪৮৭ কেজি হরিণের মাংস ও ৫ হাজার ৭১২ মিটার হরিণ ধরার ফাঁদ।

সুন্দরবন খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বাসসকে বলেন, স্মার্ট টহল টিম ও বিশেষ টহল টিম মোতায়েন এবং ফুট পেট্রোলিং এর মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণ করা হচ্ছে।

তিনি আরও জানান, অপরাধ উদ্ঘাটন করতে গিয়ে জেলেদের আগ্রাসী আচরণ লক্ষ্য করা যাচ্ছে। যা বন অপরাধ দমনে নেতিবাচক প্রভাব ফেলছে। সুন্দরবনের হরিণ শিকার ও বিষ দিয়ে মাছ শিকার বন্ধ করতে সামাজিক আন্দোলনের প্রয়োজন রয়েছে। জনবল সংকট ও আধুনিক জলযানের অভাবে বিশাল এই সম্পদ পাহারা দিতে বনকর্মীদের সমস্যায় পড়তে হচ্ছে। সেই সঙ্গে বন নির্ভর জনগণের বিকল্প কর্মসংস্থান না থাকার ফলে বনের উপর চাপ কমছে না। ফলে, বন কর্মকর্তাদের দিনরাত টহল কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে।

সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এজেডএম হাছানুর রহমান বাসসকে জানান, বনের গহীনে ফুট পেট্রোলিং ও আধুনিক প্রযুক্তির ড্রোন ব্যবহার করে অপরাধী শনাক্ত করা এবং সচেতনতামূলক কার্যক্রমে বন অপরাধ দমনের ক্ষেত্রে সফলতা এসেছে। সর্বোপরি, বনরক্ষীরা চরম ঝুঁকি ও কষ্ট মাথায় নিয়ে দুর্গম বনে পায়ে হেঁটে এবং নদীতে নৌযান চালিয়ে নিয়মিত টহল দিয়ে যাচ্ছেন, ফলে বন অপরাধ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হয়েছে। এ বিষয়ে সুন্দরবনকে নিরাপদ রাখতে বন বিভাগ সদা জাগ্রত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারে পৌরসভার বিশেষ উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৪:৫৩ পি.এম


শেরপুরে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারে পৌরসভার বিশেষ উদ্যোগ

শেরপুর, ২৬ জুলাই, ২০২৬ : পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য পৌর শহর গড়ে তোলার লক্ষ্যে শেরপুর পৌরসভার আয়োজনে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার দুপুরে পৌর শহরের ঢাকলহাটি এলাকায় কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

এ সময় পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা, প্রেস ক্লাবের সভাপতি কাকন রেজা, পৌর নির্বাহী কর্মকর্তা আবু লায়েস মো. বজলুর করিম ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে শহরের ঢাকলহাটী, নবীনগরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমস্থলে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়।

এ সময় জেলা প্রশাসক পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে নাগরিকদের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও, শহরের ডেঙ্গুর প্রাদুর্ভাব কমাতে এবং একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও সবুজ শেরপুর গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে বলেও জানান তিনি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%