ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

মার্কিন হামলার মাঝেও থামেনি খামেনির শোকানুষ্ঠান


মার্কিন হামলার মাঝেও থামেনি খামেনির শোকানুষ্ঠান

ইরানে মার্কিন হামলাও দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির চলমান শোকযাত্রা থামাতে পারেনি। হরমুজ প্রণালী ঘিরে তীব্র উত্তেজনার মধ্যে আজ বুধবার (৮ জুলাই) খামেনির কফিন ইরাকের পবিত্র নগরী নাজাফে এসে পৌঁছেছে। প্রিয় নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে দলে দলে শোকযাত্রায় অংশ নিচ্ছেন মানুষ।

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির অবসরে ইরান গত শুক্রবার (৩ জুলাই) থেকে খামেনির স্মরণে সাতদিনের রাষ্ট্রীয় শোক ও দাফনের আনুষ্ঠানিকতা শুরু করে। এর মধ্যে একটি দিন প্রতিবেশী ইরাকে কর্মসূচির জন্য নির্ধারণ করা হয়।

খামেনির শোকযাত্রার মধ্যে ইরানে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, মঙ্গলবার রাতে চার ঘণ্টার অভিযানে ৮০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। তাদের দাবি, হরমুজ প্রণালী অতিক্রমকারী তিনটি বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার জবাবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্যজুড়ে বেশ কয়েকটি মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে ইরান। দেশটির রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানায়, তারা বাহরাইন ও কুয়েতে যুক্তরাষ্ট্রের ৮৫টি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের এই হামলা পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যজুড়ে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। তবে এতে ইরাকে খামেনির নির্ধারিত শোকযাত্রা বন্ধ হয়নি। আল জাজিরার প্রতিবেদন মতে, এই মুহূর্তে ইরাকের পবিত্র শহর নাজাফে শোকযাত্রা চলছে। লাখো শোকাহত মানুষ এতে অংশ নিয়েছেন।

এ উপলক্ষে বুধবার ইরাক সরকার দেশজুড়ে সরকারি ছুটি ঘোষণা করেছে। স্থানীয় সময় সকাল ৬টা (গ্রিনিচ মান সময় ০৩:০০) থেকে শোকযাত্রা শুরু হয়।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে খামেনি ও তার পরিবারের কয়েকজন সদস্য নিহত হন। এরপর শুরু হওয়া এই দীর্ঘ শোকানুষ্ঠানের মাধ্যমে যুদ্ধের প্রেক্ষাপটে নিজেদের শক্তি ও জাতীয় ঐক্য প্রদর্শনের চেষ্টা করছে তেহরান।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

ইরানের পবিত্র শহর কোম-এ বিশাল শোকযাত্রা শেষে মঙ্গলবার রাতে খামেনির মরদেহ নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সেখানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং খামেনির বড় ছেলে মোস্তাফা হোসেইনি খামেনির উপস্থিতিতে ইরাকি কর্মকর্তা ও জ্যেষ্ঠ রাজনীতিকরা কফিন গ্রহণ করেন।

এরপর খামেনির কফিন নাজাফের সড়ক প্রদক্ষিণ করে হযরত মুহাম্মদ (সা.)-এর জামাতা এবং শিয়া মুসলিমদের প্রথম ইমাম আলি ইবনে আবি তালিবের মাজারে নিয়ে যাওয়া হয়।

আল জাজিরার নাজাফ প্রতিনিধি জ্যাক হিউসন বলেন, মক্কা ও মদিনার পরে নাজাফ শিয়া ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান। ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানে এখানে বিপুলসংখ্যক তীর্থযাত্রীর সমাগম হয় এবং বর্তমান শোকযাত্রাও গুরুত্বের দিক থেকে সেই পর্যায়ের।

তিনি জানান, নাজাফে ঠিক কত মানুষ জড়ো হয়েছেন তার সুনির্দিষ্ট সংখ্যা জানা না গেলেও, অংশগ্রহণকারীর সংখ্যা কয়েক লাখ বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত

নাজাফের কর্মসূচি শেষে খামেনির মরদেহ প্রায় ৬০ কিলোমিটার উত্তরে অবস্থিত কারবালায় নেওয়া হবে। সেখানে ইমাস হোসেইনের মাজারে এবং আল-আব্বাসের মাজারে আরেকটি শোকযাত্রা অনুষ্ঠিত হবে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের কুদস ফোর্সের প্রধান ইসমাইল কানি বলেন, এই ঐতিহাসিক আয়োজনের জন্য ইরাক সরকার ও জনগণের ব্যাপক প্রস্তুতি ইরাক ও ইরানের মধ্যকার গভীর আধ্যাত্মিক বন্ধনের প্রমাণ।

অন্যদিকে ইরাকের নাগরিক মোহাম্মদ আল-বায়াতি, যিনি কয়েক ঘণ্টা ভ্রমণ করে নাজাফে এসেছেন, বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ক্ষমতার বিরুদ্ধে অবস্থান নেওয়া একজন ব্যক্তির দাফন অনুষ্ঠানে অংশ নেওয়ার এই সুযোগ হাতছাড়া করা যায় না।’

ইরাকে শোকযাত্রা শেষে খামেনির কফিন ফের ইরানে নেয়া হবে এবং আগামী বৃহস্পতিবার উত্তর-পূর্ব ইরানের নিজ শহর মাশহাদে তাকে দাফন করা হবে।

আরও পড়ুন: ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৪, হাসপাতালে ভর্তি ১৮৫১ জন

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৃহস্পতিবার দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে ঢাকার কয়েক এলাকা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৮:২১ পি.এম


বৃহস্পতিবার দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে ঢাকার কয়েক এলাকা

ঢাকার ধামরাইয়ে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য, বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত, ভাড়ারিয়া (একমি) ৩৩ কেভি ও ধামরাই উপকেন্দ্রের বিভিন্ন ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এই সময়ে রক্ষণাবেক্ষণ কাজ চলাকালীন ভাড়ারিয়া (একমি) ৩৩ কেভি ও ধামরাই উপকেন্দ্রের কয়েকটি এলাকার ফিডার শাটডাউনে থাকবে।

বুধবার (৮ জুলাই) বিকেলে ঢাকা পল্লি বিদ্যুৎ সমিতি-৩ এর ধামরাই জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার লিপিয়া খাতুন তার নিজস্ব স্বাক্ষরিত একটি নোটিশের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। ধামরাই জোনাল অফিস সূত্রে জানা গেছে, এ কাজের কারণে ভাড়ারিয়া (একমি) ৩৩ কেভি ও ধামরাই উপকেন্দ্রের DH-1A, 3C, 6F, 7G, DH-8H, DH-9I, DH-10J, 11k ফিডারের সঙ্গে সঙ্গে ধানসিঁড়ি, আমিন মডেল টাউন, বরাত সেন্টার, বরাত নগর, থানা, হার্ডিঞ্জ স্কুল, ধামরাই সরকারি কলেজ, পাঠানটুলা, কালিয়াগার, উত্তর পাতা, গোয়ারীপাড়া, কমিশনার মোড়, কুমড়াইল, হাসপাতাল, কুমরাইল, ঋষিপাড়া, টেকপাড়া, ইসলামপুর হাসপাতাল রোড এবং মাদ্রাসা রোড থেকে সুইডিশ মাঠ, তালতলা, ঢুলিভিটা রাস্তার উত্তর পাশে, নতুন দক্ষিণ পাড়া, ছোট চন্দ্রাইল, ছয়বাড়িয়া, খাত্রা, বাসাইল, বাড়ীগাও, লাড়ুয়াকুন্ড, কুল্লা, রামকুল্লা, হিরানদী কুল্লা, জয়পুরা দক্ষিণ পাশ, জলশীন, কান্দাপারা, গাওয়াইল, বাদে গাওয়াইল, বানেশ্বর, গোপালপুর, শরীফবাগ, কাকরান, তেতুলিয়া, হাজিপুর, স্বর্ণখালী, ইকুরিয়া, ইসলামনগর, ডেমরান থেকে ভাড়ারিয়া পর্যন্ত সব এলাকা এবং ধামরাই সদর ইউনিয়নের আওতাধীন সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এ পরিস্থিতির জন্য কর্তৃপক্ষ গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আরব সাগরে হারিয়ে গেল পাকিস্তানের কার্গো বিমান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৮:২৬ পি.এম


আরব সাগরে হারিয়ে গেল পাকিস্তানের কার্গো বিমান

আরব সাগরের ওপর থেকে একটি কার্গো বিমান নিখোঁজ হওয়ার পর পাকিস্তান অভিযান শুরু করেছে। বিমানটি পাকিস্তানের বেসরকারি কার্গো এয়ারলাইন কেটু এয়ারওয়েজের বোয়িং 737-400 মডেলের ছিল। বিমানের সঙ্গে ৫ জন ক্রু সদস্য ছিলেন।

পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ওই বিমানটি সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে করাচির উদ্দেশ্যে উড্ডয়ন করে। মঙ্গলবার (০৮ জুলাই) রাত প্রায় নয়টা আঠারো মিনিটে বিমানটি নেভিগেশন ব্যবস্থায় ত্রুটির কথা জানায়। এরপর বিমানটির সাথে বিমান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

বৈশ্বিক উড়োজাহাজ পর্যবেক্ষণ সংস্থার তথ্য অনুযায়ী, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আগে বিমানটি দ্রুত উচ্চতা হারাচ্ছে। পরে কিছুটা ওপরে উঠলেও শেষ পর্যন্ত প্রায় খাড়া অবস্থায় নিচে নামতে থাকে। সর্বশেষ সংকেত অনুযায়ী, বিমানটির অবস্থান ছিল করাচি থেকে প্রায় ২৮৭ কিলোমিটার পশ্চিমে আরব সাগরের আকাশে।

নিরাপত্তা সূত্র জানিয়েছে, পাকিস্তান নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ, পাকিস্তান ন্যাশনাল শিপিং করপোরেশনের একটি বাণিজ্যিক জাহাজ এবং নৌবাহিনীর দুটি উড়োজাহাজ অনুসন্ধান অভিযানে অংশগ্রহণ করছে। তবে, এখন পর্যন্ত বিমানটির কোনো ধ্বংসাবশেষ বা আরোহীদের সন্ধান পাওয়া যায়নি।

কেটু এয়ারওয়েজ তাদের এক বিবৃতিতে জানিয়েছে, নিখোঁজ সহকর্মীদের নিরাপদে ফিরে আসার জন্য তারা প্রার্থনা করছে এবং অনুসন্ধান কাজে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সর্বাত্মক সহযোগিতা করছে। বিমানটি কেটু এয়ারওয়েজের বিমানের বহরে একমাত্র বিমান ছিল।

এদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং নিখোঁজ ক্রু সদস্যদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর বরিশাল সফর সফল করতে প্রস্তুতি সভা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৮:৩০ পি.এম


প্রধানমন্ত্রীর বরিশাল সফর সফল করতে প্রস্তুতি সভা

 বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী ১৩ জুলাই বরিশাল আগমন উপলক্ষে প্রস্তুতি সভা করেছে মহানগর বিএনপি।

আজ বুধবার বিকেল সাড়ে ৫টায় বরিশাল জেলা ও মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সঙ্গে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান।  এতে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার।

প্রস্তুতি সভা থেকে জানানো হয় আগামী ১৩ জুলাই প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশালের গৌরনদীতে সেনাবাহীনির মহড়ায় উপস্থিত হবেন। এছাড়া বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি, খাল খনন, বিএনপির নেতৃবৃন্দদের সঙ্গে সাংগঠনিক সভাসহ আরও একটি মতবিনিময় সভা করার কথা রয়েছে। 

তার এই সফরকে ঘিরে মহানগর বিএনপিসহ বিএনপির সকল অঙ্গসহযোগী সংগঠন প্রস্তুতি নিচ্ছে। এসময় বরিশালের উন্নয়নসহ বিভিন্ন দাবির বিষয়টিও তুলে ধরা হবে বলে জানানো হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল আনছে ওপেনএআই

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৮:৩৩ পি.এম


নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল আনছে ওপেনএআই

চ্যাটজিপিটি নির্মাতারূপে পরিচিত ওপেনএআই জানিয়েছে যে, তাদের সর্বাধুনিক এবং সবচেয়ে শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলটি আগামী বৃহস্পতিবার সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হবে। এদিকে, মার্কিন সরকার এই মডেলটির ব্যাপক পরিসরে প্রকাশের অনুমোদন দিয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর এসেছে।

ওপেনএআইয়ের নতুন জিপিটি-৫.৬ সিরিজ এবং অ্যানথ্রপিকের মিথোস সিরিজসহ সর্বাধুনিক এআই মডেলগুলো নিয়ে গবেষকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। গবেষকদের মতে, এসব মডেলের সফটওয়্যারের দুর্বলতা শনাক্ত করার বিষয়ক সক্ষমতা নজিরবিহীন হয়েছে, যা সাইবার হ্যাকারদের অপব্যবহারের সুযোগ সৃষ্টি করতে পারে।

এ কারণে, জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগ জনিত হওয়ায় ওপেনএআই জুন মাসের শেষের দিকে জানিয়েছে যে, ওয়াশিংটনের অনুরোধে তারা জিপিটি-৫.৬-এর প্রিভিউ সংস্করণ সীমিত সংখ্যক বিশ্বস্ত মার্কিন অংশীদারের জন্য উন্মুক্ত করেছে।

বৃহৎ ভাষা মডেল (লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল) হলো সেই প্রযুক্তি, যার ওপর চ্যাটবটসহ নানা এআই টুল পরিচালিত হয়। এই প্রযুক্তির মাধ্যমে বিশাল পরিমাণ ডিজিটাল তথ্য বিশ্লেষণ ও প্রক্রিয়াকরণের ক্ষমতা অন্যতম বৈশিষ্ট্য।

জিপিটি-৫.৬ সিরিজে মোট তিনটি সংস্করণ রয়েছে। ‘সোল’ মডেলটি হচ্ছে কোম্পানির নতুন ফ্ল্যাগশিপ, ‘টেরা’ মডেলটি দৈনন্দিন কাজের জন্য মধ্যম ক্ষমতার এবং ‘লুনা’ হচ্ছে দ্রুতগতির ও তুলনামূলকভাবে কম খরচের সংস্করণ।

সান ফ্রান্সিসকো থেকে এএফপি জানায়, মঙ্গলবার এক্সে (সাবেক টুইটার) মাধ্যমে ওপেনএআই জানায়, ‘জিপিটি-৫.৬ সোল, টেরা ও লুনা- তিনটিই বৃহস্পতিবার সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হবে। একই সঙ্গে বিশ্বব্যাপী প্রিভিউ সুবিধাও সম্প্রসারণ করা হবে।’ তবে এ বিষয়ে প্রতিষ্ঠানটি আর কোনো বিস্তারিত তথ্য প্রদান করেনি।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস সংশ্লিষ্ট একটি সূত্রের বরাতে জানিয়েছে যে, প্রযুক্তিগত পরীক্ষা-নিরীক্ষা এবং কোম্পানির সাথে সরকারি কর্মকর্তাদের একাধিক বৈঠকের পর ট্রাম্প প্রশাসন জিপিটি-৫.৬-এর ব্যাপক উন্মুক্তকরণের অনুমতি দিয়েছে।

তবে এএফপির প্রশ্নের জবাবে হোয়াইট হাউসের একজন কর্মকর্তা জানিয়েছেন, মডেলটি ব্যাপকভাবে উন্মুক্ত করার বিষয়ে সরকারের আনুষ্ঠানিক অনুমোদন নয়। তিনি জানান, ওপেনএআই স্বেচ্ছায় তাদের মডেল পর্যালোচনার জন্য সরকারের কাছে জমা দিয়েছিল।

উন্নত এআই মডেল নিয়ে বিতর্কও আরো তীব্র হচ্ছে। ক্রমশ আরো শক্তিশালী হয়ে ওঠা এআই মডেল বাজারে ছাড়া নিয়ে হোয়াইট হাউসের ভেতরেও মতপার্থক্য রয়েছে। একদল কর্মকর্তা এ খাতে সরকারের সীমিত হস্তক্ষেপের পক্ষে অবস্থান নিয়েছেন, অন্যদিকে কিছু কর্মকর্তা জাতীয় নিরাপত্তার ওপর সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

ওপেনএআইয়ের প্রধান প্রতিদ্বন্দ্বী অ্যানথ্রপিকের ক্ষেত্রেও একই ধরনের পরিস্থিতি দেখা যাচ্ছে। গত সপ্তাহে অ্যানথ্রপিক জানায়, ওয়াশিংটন তাদের সবচেয়ে শক্তিশালী ফেবল-৫ ও মিথোস-৫ মডেলের প্রকাশের বিধিনিষেধ শিথিল করেছে, তাই এগুলোর ব্যবহার ধীরে ধীরে পুনঃস্থাপন করা হবে।

মিথোস বাজারে আসার আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এআই কোম্পানিগুলোর ওপর কঠোর নিয়ন্ত্রণের পরিবর্তে বেশি শিথিল ব্যবস্থা রেখেছিল, যাতে যুক্তরাষ্ট্র কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতিযোগিতায় চীনের চেয়ে এগিয়ে থাকতে পারে।

তবে বর্তমানে, হোয়াইট হাউসের এক নির্বাহী আদেশের আলোকে কোন ধরনের এআই মডেলের ওপর নতুন নিরাপত্তা বিধিনিষেধ আরোপের বিষয়টি সরকারের জন্য একটি বিবেচনার বিষয়।

ওপেনএআই জুনে জানিয়েছিল, ‘আমরা মনে করি না, এ ধরনের সরকারি পর্যালোচনা প্রক্রিয়া দীর্ঘমেয়াদে নিয়মিত পদ্ধতি হওয়া উচিত। এতে ব্যবহারকারী, ব্যবসা প্রতিষ্ঠান এবং যাদের এই উন্নত প্রযুক্তির প্রয়োজন, তারা সেরা সরঞ্জাম থেকে বঞ্চিত হয়ে যাবে।’

প্রতিষ্ঠানটি আরও জানায়, ভবিষ্যতে নতুন মডেল উন্মুক্ত করার জন্য একটি পুনরাবৃত্তিযোগ্য কাঠামো তৈরিতে তারা ওয়াশিংটনের সাথে কাজ করছে, যা সাইবার নিরাপত্তার নির্বাহী আদেশের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে।

ওপেনএআই জানিয়েছে, ‘টেরা’ মডেলটি জনগণের জন্য উন্মুক্ত হলে, এর ব্যবহারমূল্য জিপিটি-৫.৫-এর ওপরে অর্ধেক হবে। অ্যানথ্রপিক এবং গুগলের প্রতি তীব্র প্রতিযোগিতার মধ্যে গ্রাহক ধরে রাখার কৌশল হিসেবে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

ওপেনএআই এবং অ্যানথ্রপিক—উভয় প্রতিষ্ঠানই যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থার কাছে গোপনীয়ভাবে প্রাথমিক শেয়ার বিক্রির (আইপিও) নথি জমা দিয়েছে। তারা প্রায় এক ট্রিলিয়ন ডলার মূল্যায়নকে সামনে রেখে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার পরিকল্পনা করছে, যা কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতিযোগিতাকে আরও তীব্র করে তুলবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%