১০:১২ পি.এম
সুন্দরবনে হরিণ শিকারের উদ্দেশ্যে ফাঁদ পাতার সময় চার জন শিকারিকে আটক করেছে বনরক্ষীরা।
শনিবার (৪ জুলাই) ভোরের সময় সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের মৃগামারী খাল সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। এই সময় তাদের কাছ থেকে হরিণ শিকারের অসংখ্য ফাঁদ ও কাঁকড়া জব্দ করে বনরক্ষকরা। তাদের দুপুরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সুন্দরবন পূর্ব বন বিভাগ জানিয়েছে, বন প্রহরীদের চোখ ফাঁকি দিয়ে গভীর রাতে সুন্দরবনের মৃগামারী খাল সংলগ্ন এলাকায় হরিণ শিকারের চেষ্টা করে চার শিকারী। এ সময় বন বিভাগের টহল দল তাদের আটক করে।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
আটক শিকারীরা হচ্ছেন মোংলা উপজেলার দক্ষিণ চিলা গ্রামের মৃত হাবিব হাওলাদারের ছেলে ফরিদ হাওলাদার (৪৫), একই গ্রামের কাদের খানের ছেলে আতাউর খান (৫০), আলতাফ জমাদ্দারের ছেলে মোজাম জমাদ্দার (৩৩) এবং মৃত হাই জমাদ্দারের ছেলে রুহুল জমাদ্দার (৩৫)।
দীর্ঘদিন ধরে সুন্দরবন থেকে হরিণ শিকার করে আসছিল ফরিদ হাওলাদার, যিনি টাকু ফরিদ নামেই পরিচিত। এ ধরনের অভিযোগের ভিত্তিতে কয়েক দিন নিয়মিত টহলের পর বন বিভাগ চিহ্নিত ওই শিকারীদের আটক করতে সক্ষম হয়। অবশেষে কয়েক দিনের চেষ্টা শেষে এই হরিণ শিকারীকে ৪ জুলাই আটক করা সম্ভব হয়।
আটক হরিণ শিকারীদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের শেষে শনিবার দুপুরের পর তাদের বাগেরহাট আদালতে পাঠিয়েছে বন বিভাগ।
আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন