ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পদে পরীক্ষার ফল প্রকাশ, ৫,৩৮৬ জন উত্তীর্ণ


যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পদে পরীক্ষার ফল প্রকাশ, ৫,৩৮৬ জন উত্তীর্ণ

যুব উন্নয়ন অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (গ্রেড-১১) পদে নিয়োগের জন্য বাছাই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এই পরীক্ষায় ৫ হাজার ৩৮৬ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

শনিবার (১৭ অক্টোবর) যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডি এম আতিকুর রহমানের স্বাক্ষরিত একটি অফিস আদেশে এই তথ্য জানানো হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়েছে যে, অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের ২৪২টি শূন্য পদে জনবল নিয়োগের জন্য এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এটি ১১তম গ্রেডের পদ, যা পূর্বে ক্রেডিট সুপারভাইজার নামে পরিচিত ছিল। গত শুক্রবার বাছাই পরীক্ষা সম্পন্ন হয়।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্র সম্পর্কে এখনও কোনো ঘোষণা করা হয়নি। এই তথ্য যুব উন্নয়ন অধিদপ্তরের ওয়েবসাইট এবং টেলিটকের মাধ্যমে খুদে বার্তার মাধ্যমে পরে জানানো হবে। অফিস আদেশে আরও উল্লেখ করা হয়েছে যে, নিয়োগপ্রক্রিয়ার যেকোনো পর্যায়ে যদি কোনো প্রার্থী অনিয়ম বা অসাধু উপায় অবলম্বন করেন, তবে তার প্রার্থিতা বা ফল বাতিল বলে গণ্য হবে।

এদিকে, এই নিয়োগের বাছাই পরীক্ষার আয়োজনের পূর্বে ১০ অক্টোবর পরীক্ষা হওয়ার কথা ছিল। ২৪২টি পদের জন্য প্রায় ৩ লাখ ১৯ হাজার প্রার্থী আবেদন করেছিলেন। কিন্তু পরীক্ষার শুরুতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার কারণে পরীক্ষা স্থগিত করা হয়।

মূল প্রশ্নের সঙ্গে ফাঁস হওয়া প্রশ্নের মিল পাওয়ার পর শেষ মুহূর্তে পরীক্ষা স্থগিত করা হয়। এই কারণে অনেক প্রার্থী দূরদূরান্ত থেকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে গিয়েছিলেন। ক্ষুব্ধ প্রার্থীরা রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ ও বিক্ষোভে অংশ নেন।

পরবর্তীতে নতুন প্রশ্নপত্রে ১৬ অক্টোবর পরীক্ষার আয়োজন করা হয়। এই দিন বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

এছাড়া, প্রশ্নপত্র ফাঁসের ঘটনার তদন্তের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মাহফুজুল আলম খানকে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। প্রথমে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হলেও পরে সময় বাড়ানো হয়েছে।

প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দায়ের করা মামলায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) সাতজনকে গ্রেপ্তার করেছে। পরে শনিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৬ বছর আগের ঘটনায় জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানায় ফাঁসলেন রাখি সাওয়ান্ত

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৩২ পি.এম


১৬ বছর আগের ঘটনায় জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানায় ফাঁসলেন রাখি সাওয়ান্ত

উত্তর প্রদেশের ঝাঁসি আদালত ২০১০ সালের একটি পুরোনো মৃত্যুর মামলায় বলিউডের ড্রামা কুইন খ্যাত রাখি সাওয়ান্তের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা (NBW) জারি করেছে। দীর্ঘ ১৬ বছর আগে ঘটে যাওয়া এক বিতর্কিত ঘটনাকে কেন্দ্র করে এই আইনি পদক্ষেপ গ্রহণ করা হলো।

২০১০ সালে ঝাঁসির প্রেমনগর এলাকার বাসিন্দা লক্ষ্মণ নামের এক যুবক তার স্ত্রীর সঙ্গে পারিবারিক বিবাদের কারণে রাখি সাওয়ান্তের সঞ্চালনায় একটি জনপ্রিয় টেলিভিশন রিয়েলিটি শোতে অংশগ্রহণ করেছিলেন। অভিযোগ রয়েছে, ওই শো-এর মঞ্চে রাখি লক্ষ্মণের বিরুদ্ধে অত্যন্ত অবমাননাকর ও আপত্তিকর মন্তব্য করেন।

অনুষ্ঠানটি সম্প্রচারিত হওয়ার পর লক্ষ্মণ ভয়াবহ মানসিক অবসাদ ও সামাজিক হেনস্তার শিকার হন। মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়ার ফলে তিনি সেই বছরই মারা যান।

লক্ষ্মণের মৃত্যুর পর, তার মা রাখি সহ চারজনের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার মামলা দায়ের করেন। পরে মামলায় আত্মহত্যার প্ররোচনার পাশাপাশি অপরাধমূলক ষড়যন্ত্র এবং ইচ্ছাকৃতভাবে অপমান করার ধারাও যুক্ত করা হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়া ও চার্জশিট দাখিলের পর অবশেষে আদালত এই পরোয়ানা জারি করেছে।

ঝাঁসির জেলা সরকারি আইনজীবী মৃদুলকান্ত শ্রীবাস্তব জানিয়েছেন, মামলার পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে খুব দ্রুত রাখি সাওয়ান্তকে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করতে হবে। ১৬ বছর আগের এই মর্মান্তিক ঘটনার কারণে এখন এই অভিনেত্রীর মাথার ওপর গ্রেপ্তারির খাঁড়া ঝুলছে।

সূত্র: টাইমস এন্টারটেইনমেন্ট

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এবার ইশরাকের ফিল্মি স্টাইলের অভিযানে তাসনিম জারার স্ট্যাটাস

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৩৩ পি.এম


এবার ইশরাকের ফিল্মি স্টাইলের অভিযানে তাসনিম জারার স্ট্যাটাস

রাজধানীর গেন্ডারিয়ায় রেললাইন সংলগ্ন একটি মাদকের আস্তানায় ফিল্মি স্টাইলে অভিযান চালিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন আবারও আলোচনায় এসেছেন। শনিবার (১৭ অক্টোবর) গেন্ডারিয়া রেললাইন সংলগ্ন এলাকায় এ অভিযানের সময় একটি পিস্তল হাতে ‘অ্যাকশন মুডে’ দেখা গেছে তাকে। অভিযানের ভিডিও তিনি নিজেই তার ফেসবুক পেজে শেয়ার করেছেন।

এখন তার এই কর্মকাণ্ড নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। এনসিপির সাবেক নেত্রী ডা. তাসনিম জারা এই সমালোচকদের দলে যোগ দিয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) মধ্যরাতে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের মাদকবিরোধী অভিযান সম্পর্কে একটি স্ট্যাটাস দিয়েছেন।

ডা. তাসনিম জারা তার স্ট্যাটাসে উল্লেখ করেন, "অস্ত্র হাতে মানুষকে ধাওয়া করছেন যিনি, তিনি আমাদের সরকারের একজন প্রতিমন্ত্রী। সেই ভিডিও আবার তার নিজের পেজ থেকেই প্রচার করা হচ্ছে।"

তিনি প্রশ্ন তোলেন, প্রকাশ্যে এই গুন্ডামি দেখানো মানুষ কীভাবে আমাদের শাসন করার দায়িত্ব পান। তিনি আরও বলেন, "আমাদের সমাজে কি এর চেয়ে যোগ্য ও দায়িত্বশীল মানুষ নেই? অবশ্যই আছেন। কিন্তু তাদের নির্বাচনে দাঁড়ানো, প্রতিদ্বন্দ্বিতা করা এবং জিতে সংসদে যাওয়ার বাস্তব সুযোগ প্রায় বন্ধ করে রাখা হয়েছে।"

একজন নতুন স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে দাঁড়াতে চাইলে শুরুতেই তাকে হাজার হাজার মানুষের স্বাক্ষর সংগ্রহ করতে হবে। অন্যদিকে, কোনো দলের কাছে মনোনয়নের জন্য তদবির করা ছাড়া আর কোনো পথ নেই। তিনি বলেন, "আর দলগুলো কাদের, কোন প্রক্রিয়ায় মনোনয়ন দেয়, সেটা আমরা বছরের পর বছর ধরে দেখেই আসছি।"

তিনি আরও যোগ করেন, "যদি কোনোভাবে আপনার মনোনয়ন বৈধ হয়, এরপর আসে নির্বাচনী খরচের সীমা। আইন মেনে চলা প্রার্থীকে সেই সীমার মধ্যে প্রচার চালাতে হবে। অন্যদিকে প্রভাবশালী প্রার্থীরা সীমা ভেঙে বিপুল অর্থ ঢাললেও কমিশন সেটা না দেখার ভান করে থাকে।"

ডা. তাসনিম জারা বলেন, "আপনি যদি সততার সঙ্গে নির্বাচন করতে চান, তাহলে আইন মানাটাই আপনার পিছিয়ে পড়ার কারণ হয়ে দাঁড়াবে।" এরপর ভোটের দিন আসে। ভোটকেন্দ্রের নিরাপত্তা ও অনিয়ম ঠেকানোর দায়িত্ব রাষ্ট্রের। কিন্তু বাস্তবে সেই দায়িত্বও প্রার্থীদের ঘাড়ে এসে পড়ে। তিনি বলেন, "প্রতিপক্ষের গুন্ডাবাহিনী ঠেকাতে আপনারও একটা বাহিনী লাগবে। নিজের ভোট রক্ষা করতেও যদি পেশিশক্তির ওপর নির্ভর করতে হয়, তাহলে একজন সাধারণ নাগরিক প্রতিযোগিতা করবেন কীভাবে?"

তিনি উল্লেখ করেন, "আপনার বৈধ পোলিং এজেন্টদেরও নানা অজুহাতে কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না।"

তাসনিম জারা বলেন, "এই ব্যবস্থায় এগিয়ে থাকেন তারা, যাদের অস্ত্র আছে, গুন্ডাবাহিনী আছে কিংবা আগে থেকেই বিপুল অর্থ ও প্রভাব আছে। তারপর আমরা প্রশ্ন করি, ভালো মানুষ রাজনীতিতে আসেন না কেন। মানুষ এমন প্রতিনিধি বেছে নেয় কেন। "১০টা হোন্ডা, ২০টা গুন্ডা, নির্বাচন ঠান্ডা"–এই ব্যবস্থা বজায় রেখে আর কী আশা করবেন? নির্বাচনী ব্যবস্থা ঠিক না করলে এই গুন্ডাতন্ত্রই আমাদের শাসন করে যাবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অরেগনের স্কুলে গুলিতে নিহত ৪, আহত ২; শহর শোকে স্তব্ধ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৩৩ পি.এম


অরেগনের স্কুলে গুলিতে নিহত ৪, আহত ২; শহর শোকে স্তব্ধ

যুক্তরাষ্ট্রের অরেগন অঙ্গরাজ্যের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে তিন শিশু ও এক শিক্ষকের মৃত্যুর ঘটনায় পুরো এলাকা শোকের ছায়ায় নিমজ্জিত হয়ে পড়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেন্ড শহরের সিলভার রেইল প্রাথমিক বিদ্যালয়ে এই হামলার পর আহত এক শিক্ষক ও এক শিশু এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের বেঁচে থাকার খবর কিছুটা আশার আলো জোগাচ্ছে স্বজন ও পরিচিতদের মনে।

আহতদের মধ্যে সবচেয়ে ছোট সাত বছর বয়সী সেলর গ্রাহাম। সে সাধারণত হুইলচেয়ারে চলাফেরা করে এবং কথা বলতেও পারে না, কারণ তার জিনগত সমস্যা রয়েছে। তবে তার প্রাণবন্ত স্বভাব ও হাসিমুখ অনেকের মন ছুঁয়ে গেছে। শিশুদের চিকিৎসাজনিত প্রয়োজনে সহায়তা করা স্বেচ্ছাসেবী সংগঠন স্প্যারো ক্লাবসের নির্বাহী পরিচালক ম্যাট স্যাম্পসন জানিয়েছেন, সেলর শারীরিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও চোখ ও বিশেষ কম্পিউটার ট্যাবলেটের মাধ্যমে যোগাযোগ করতে পারে।

আহত শিক্ষকের নাম ৫৪ বছর বয়সী বেকি ড্রুরি, যিনি হাত ও বাহুতে আঘাত নিয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তার পরিবারের একজন ঘনিষ্ঠজন জানিয়েছেন, তিনি দ্রুত বাড়ি ফেরার আশা করছেন।

পুলিশের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ১৬ বছর বয়সী সাবেক শিক্ষার্থী গ্রিফিন জে জন বিদ্যালয়টির বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শ্রেণিকক্ষে ঢুকে গুলি চালায়। এই হামলায় পাঁচ, আট ও ১১ বছর বয়সী তিন শিশু এবং ২৫ বছর বয়সী শিক্ষিকা মেগান ল্যামবার্ট নিহত হন।

এক শিক্ষক বন্দুকধারীর কাছ থেকে অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করেন। পরে দুই শিক্ষার্থীর বাবা সেখানে এসে বন্দুকধারীকে গুলি করে হত্যা করেন। তাদের সাহসী ভূমিকার কারণে আরও অনেকের প্রাণ রক্ষা পেয়েছে বলে মনে করা হচ্ছে।

শনিবার (১৭ অক্টোবর) বিদ্যালয়ের বাইরে ফুল, খেলনা ও বেলুন রেখে নিহতদের স্মরণ করেন স্থানীয় বাসিন্দা, অভিভাবক ও শিক্ষকরা। নিহত শিক্ষিকা মেগান ল্যামবার্টের সহকর্মীরা জানিয়েছেন, তিনি ছিলেন নিবেদিতপ্রাণ শিক্ষক ও প্রশিক্ষক। তিনি খেলাধুলার খরচ বহন করতে না পারা শিশুদের বৃত্তি দেওয়ার জন্য নিজের প্রশিক্ষকের পারিশ্রমিকও ছেড়ে দিয়েছিলেন।

অরেগনের এই ছোট্ট শহর এখন গভীর বেদনায় আচ্ছন্ন, যেখানে স্বজন হারানোর শোক এবং হাসপাতালে জীবনযুদ্ধে থাকা শিক্ষক ও শিশুকে ঘিরে উদ্বেগের আবহ বিরাজ করছে। পুলিশ হামলার উদ্দেশ্য খতিয়ে দেখছে।

সূত্র: এপি

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৩৩ পি.এম


সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

সাভার সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের সাতটি ইউনিটের কাছে জাতীয় পতাকা প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১৮ অক্টোবর) সকাল সোয়া ৯টার দিকে প্রধানমন্ত্রী সাভার সেনানিবাসে পৌঁছান। এই সময় তাকে স্বাগত জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

প্রধানমন্ত্রী সেনানিবাসে প্রবেশ করার পর সেনাবাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। এরপর তিনি উপস্থিত সেনাসদস্যদের সঙ্গে সালাম বিনিময় করেন। পরে নবম পদাতিক ডিভিশনের সাতটি ইউনিটের কাছে জাতীয় পতাকা তুলে দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর সাভার সেনানিবাস সফর উপলক্ষে ঢাকা-আরিচা মহাসড়কসহ আশপাশের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। এ সময় সড়কের দুই পাশে দাঁড়িয়ে স্থানীয় বাসিন্দারা হাত নেড়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%