সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৪:৩২ পি.এম
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের জন্য শিক্ষার্থীদের আন্দোলন সপ্তম দিনে প্রবাহিত হয়েছে। আন্দোলনের প্রভাবে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক একাডেমিক কার্যক্রমে স্থবিরতা অব্যাহত রয়েছে। সপ্তম দিনেও নিয়মিত ক্লাস অনুষ্ঠিত হয়নি। ল্যাব, পরীক্ষা ও অন্যান্য একাডেমিক কার্যক্রমও বন্ধ রয়েছে। ফলে দীর্ঘ সময় ধরে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকার কারণে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। কবে নাগাদ এসব একাডেমিক কার্যক্রম পুনরায় শুরু হবে, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
এদিকে শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন। বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরাও আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে একই কর্মসূচিতে যুক্ত হয়েছেন। এর ফলে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের আন্দোলনে চুয়েটের স্বাভাবিক কার্যক্রম অনেকটাই স্থবির হয়ে পড়েছে। একাডেমিক কার্যক্রমের পাশাপাশি প্রশাসনিক কাজেও এর প্রভাব পড়ছে।
আজ আন্দোলনের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে একটি ক্রিকেট পিচ তৈরি করা হয়েছে। সেখানে শিক্ষার্থীদের আয়োজনে ‘৫৬ বল শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট’ অনুষ্ঠিত হচ্ছে। আন্দোলনের মধ্যে প্রধান ফটকেই ক্রিকেট খেলায় অংশ নিচ্ছেন শিক্ষার্থীরা।
আজকের কর্মসূচির অংশ হিসেবে একটি শ্বেতশাড়িতে অধ্যাপক ড. সায়েমের সফল কার্যক্রম ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনার গণসাক্ষ্য তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষক, শিক্ষার্থী ও আন্দোলনকারীদের ওপর বিভিন্ন মহল থেকে চাপ, ভয়ভীতি প্রদর্শন ও হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিলেরও কর্মসূচি রয়েছে। পরে শহীদ মিনার প্রাঙ্গণে বড় পর্দায় ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমা প্রদর্শনের আয়োজন রয়েছে।
এদিকে আন্দোলনের কারণে চুয়েটের শ্রেণিকক্ষগুলো ফাঁকা পড়ে আছে। উপাচার্য ভবনের দরজাতেও তালা ঝুলছে। সেখানে টাঙানো একটি নোটে লেখা রয়েছে, ‘এই তালা শুধুমাত্র সায়েম স্যার খুলতে পারবেন।’
রোববার (২৭ সেপ্টেম্বর) রাতেও আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান করছিলেন। মধ্যরাতের নীরবতা ভেঙে কেউ কার্ড খেলায় মেতে ছিলেন, কেউ গিটারে সুর তুলছিলেন। কারও চোখ ছিল ল্যাপটপের পর্দায়—সেখানে চলছিল অনলাইন ফুটবল গেম। কেউ খেলছিলেন ই-ফুটবল, কেউ ফিফা। আবার প্রধান ফটকের সামনের রাস্তায় ক্রিকেট খেলায় ব্যস্ত ছিলেন আরও কয়েকজন শিক্ষার্থী।
নতুন উপাচার্যের প্রবেশ ঠেকাতে এভাবেই রাতভর প্রধান ফটকে পাহারা দিচ্ছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আন্দোলনের মধ্যে রাতের সময়টিও নিজেদের মতো করে নানা আয়োজনে কাটাচ্ছেন তারা।
এর আগে রোববার দিনভরও বিভিন্ন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। ‘৫৬?’ প্রতীকী প্রশ্নযাত্রায় অংশ নিতে চুয়েটের বিভিন্ন আবাসিক হল থেকে শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হন। তাদের হাতে ছিল ‘৫৬?’ লেখা লাল কাগজের প্ল্যাকার্ড। সেখান থেকে প্রশ্নযাত্রা বের হয়ে স্বাধীনতা চত্বর প্রদক্ষিণ করে আবার শহীদ মিনারে এসে শেষ হয়।
প্রশ্নযাত্রা শেষে অনুষ্ঠিত হয় ‘৫৬ কর্ণার’। সেখানে অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমের সময়ে চুয়েটের আধুনিকায়নে নেওয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন শিক্ষার্থীরা। পরে পথনাট্যের মাধ্যমে মাত্র ৫৬ দিনের দায়িত্ব পালনের পর উপাচার্য পরিবর্তন, নতুন উপাচার্যের অনলাইনে যোগদান এবং আন্দোলনের বিভিন্ন ঘটনাপ্রবাহ তুলে ধরা হয়।
এর আগে আন্দোলনের ধারাবাহিকতায় গণস্বাক্ষর, মানববন্ধন, অবস্থান ও বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। ক্লাস-পরীক্ষা বর্জনের পাশাপাশি তারা উপাচার্য ভবন ও বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেন।
শিক্ষার্থীদের দাবি, অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনরায় উপাচার্য পদে বহাল করতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তারা।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বৃষ্টির কারণে ওমানের বিপক্ষে ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় মালয়েশিয়া ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে আবির্ভূত হয়েছে। এর ফলে এশিয়ান গেমস ক্রিকেট প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ মালয়েশিয়াকে প্রতিপক্ষ হিসেবে পেতে যাচ্ছে। মঙ্গলবার(২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল ১১টায় নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
এর আগে ২০২২ সালের চীনে অনুষ্ঠিত এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ ও মালয়েশিয়া একবার আন্তর্জাতিক ক্রিকেটে মুখোমুখি হয়েছিল। সেই উত্তেজনাপূর্ণ ম্যাচে বাংলাদেশ ২ রানে জয় লাভ করে সেমিফাইনালে প্রবেশ করে।
সম্প্রতি মালয়েশিয়া বাংলাদেশ সফর করে এবং বাংলাদেশ হাই পারফরম্যান্স দলের বিপক্ষে একটি সিরিজ খেলেছে।
নিশিনে ওমানের বিপক্ষে মালয়েশিয়ার ম্যাচটি হওয়ার কথা থাকলেও টানা বৃষ্টির কারণে ম্যাচ শুরু করা সম্ভব হয়নি। ফলে দুই দল পয়েন্ট ভাগ করে নেয়। দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে মালয়েশিয়া ‘বি’ গ্রুপের শীর্ষে উঠে কোয়ার্টার ফাইনালে স্থান করে নেয়।
দুই পয়েন্ট নিয়ে হংকং গ্রুপ রানার্সআপ হয়েছে। এক পয়েন্ট পাওয়া ওমান প্রতিযোগিতা থেকে বাদ পড়েছে।
‘এ’ গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনালের বাকি দুটি জায়গা নিশ্চিত করেছে নেপাল ও আফগানিস্তান। বৃষ্টির কারণে স্বাগতিক জাপানের বিপক্ষে নেপালের ম্যাচটিও পরিত্যক্ত হয়ে যায়। এতে গ্রুপের শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালে উঠে নেপাল। বাদ পড়ে জাপান।
আইসিসি র্যাঙ্কিংয়ের ভিত্তিতে ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও পাকিস্তান আগেই সরাসরি শেষ আটে জায়গা নিশ্চিত করেছিল।
আজ পাকিস্তান-হংকং এবং আফগানিস্তান-ভারত মধ্যকার টুর্নামেন্টের প্রথম দুই কোয়ার্টার ফাইনালে দু’টি ম্যাচই বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। এর ফলে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে সেমিফাইনালে উঠে পাকিস্তান ও ভারত।
প্রথম সেমিফাইনালে পাকিস্তানের প্রতিপক্ষ হবে বাংলাদেশ-মালয়েশিয়ার মধ্যকার চতুর্থ কোয়ার্টার ফাইনালের বিজয়ী দল।
বাংলাদেশ-মালয়েশিয়ার ম্যাচও যদি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়, তাহলে সেমিফাইনালে উঠবে টাইগাররা। মালয়েশিয়ার ম্যাচ নিয়ে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস মন্তব্য করেন, "বৃষ্টিতে খেলা না হলে কিছু করার থাকবে না। আগেই বলেছি, বৃষ্টির উপর কারও হাত নেই।"
পদক নিয়ে এখনই না ভেবে প্রথম ম্যাচের দিকে মনোযোগ দিচ্ছেন লিটন। তিনি বলেন, "দেশ ছাড়ার আগে আমি একটা কথা বলেছিলাম, আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে- ফাইনালে যাওয়া। স্বর্ণপদক পাবো কিনা, সেটা পরের বিষয়। তবে কালকের ম্যাচটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপতত ঐ ম্যাচের দিকে আমরা মনোযোগ দিচ্ছি।"
অধিনায়ক লিটনের মতো মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন এবারের গেমসে বাংলাদেশ দলের কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। তিনি বলেন, "আমার মনে হয়, আমাদের জন্য প্রথম ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। ৫-৭ দিন ম্যাচ ছাড়া সরাসরি খেলাটা আসলে খুব কঠিন হয়ে যাবে। কোয়ার্টার ফাইনাল প্রেসার ম্যাচ, কারণ এটা নকআউট স্টেজ। আমরাও জানি এটার গুরুত্ব কতটুকু। আমাদের মোটিভেশনের কোনো অভাব নেই। ইনশাআল্লাহ ভালো করব।"
এছাড়া নেপাল-শ্রীলঙ্কার মধ্যকার তৃতীয় কোয়ার্টার ফাইনালের বিজয়ী দল সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে। আগামীকাল সকাল ৬টায় মাঠে নামবে নেপাল ও শ্রীলঙ্কা।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
পাকিস্তান কর্তৃক আকাশসীমা ব্যবহারের অনুমতি প্রদান না করার কারণে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য ইউরেনিয়াম জ্বালানি পরিবহন বিলম্বিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এই পারমাণবিক জ্বালানি বাংলাদেশে পৌঁছানোর কথা ছিল, কিন্তু ফ্লাইট পারমিশন না পাওয়ার কারণে নির্ধারিত চালানের আগমন আটকে যায়।
এএনআইয়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, চালানটি ২৪ সেপ্টেম্বর বাংলাদেশে পৌঁছানোর পরিকল্পনা ছিল। তবে ইউরেনিয়াম বহনকারী কার্গো উড়োজাহাজটি পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় নির্ধারিত সময়ে ফ্লাইটটি পরিচালনা করা সম্ভব হয়নি।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম টেলিফোনে এএনআইকে জানান, "আমরা জানতে পেরেছি, বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য ইউরেনিয়াম বহনকারী একটি কার্গো উড়োজাহাজ ২৪ সেপ্টেম্বর আসার কথা ছিল। তবে ফ্লাইটটিকে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেওয়া হয়নি। ফলে পরিকল্পনা অনুযায়ী ইউরেনিয়াম বাংলাদেশে পৌঁছায়নি।"
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম এএনআইকে জানান, বিমানবন্দরের সব প্রস্তুতি সম্পন্ন থাকা সত্ত্বেও রোসাটমের লিয়াজোঁ কর্মকর্তা আকাশসীমা খালি না থাকার কথা জানান। ফলে সূচি পুনর্বিন্যাস করার প্রয়োজন পড়েছে। তবে কোন দেশ আকাশসীমা ব্যবহারে বাধা দিয়েছে তা নির্দিষ্ট করে জানানো সম্ভব হয়নি।
রাশিয়া চালানের অনুমতি না পাওয়ায় বিকল্প নতুন রুটে পারমাণবিক জ্বালানি পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। এই বিষয়ে তথ্যের জন্য রোসাটমের সঙ্গে ইমেইলে যোগাযোগ করা হলেও তাদের কোনো প্রতিক্রিয়া পায়নি এএনআই।
পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের পদ্মা নদীর তীরে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। রাশিয়া সরকারের রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি কর্পোরেশন রোসাটমের কারিগরি সহায়তায় এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের তত্ত্বাবধানে নির্মিত এই প্রকল্পে দুটি ৩য় প্রজন্মের ভিভিইআর-১২০০ রিয়্যাক্টর থাকছে, যা থেকে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে।
গত এপ্রিলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু হওয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের যুগে প্রবেশ করে বাংলাদেশ। এর মধ্য দিয়ে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার পথ তৈরি হয়।
এর আগে, ২০২৩ সালের অক্টোবরে রোসাটমের নভোসিবির্স্ক কেমিক্যাল কনসেন্ট্রেটস প্ল্যান্টে তৈরি প্রথম ইউনিটের জন্য ১৬৪টি ফ্রেশ ফুয়েল অ্যাসেম্বলি সমন্বিত লঘুকৃত ইউরেনিয়াম সরাসরি কার্গো বিমানে ঢাকায় আনা হয়। পরবর্তীতে সেনা ও আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ পাহারায় সুরক্ষিত গ্রিন করিডোর দিয়ে পাবনার ঈশ্বরদী প্রকল্প এলাকায় পৌঁছে আনুষ্ঠানিকভাবে তা হস্তান্তর করা হয়েছিল।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বাংলাদেশ ফিফা আসিয়ান কাপের যাত্রা শুরু করেছে মালয়েশিয়ার কাছে হার দিয়ে। এখন সিঙ্গাপুরের বিরুদ্ধে টুর্নামেন্টে টিকে থাকার জন্য লড়াই করছে লাল-সবুজের প্রতিনিধিরা। ম্যাচটি অনুষ্ঠিত হবে সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টায়। এটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।
গুরুত্বপূর্ণ এই ম্যাচের জন্য বাংলাদেশের কোচ থমাস ডুলি একাদশে একাধিক পরিবর্তন করেছেন। নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া শুরুর একাদশে ফিরেছেন। তবে আগের ম্যাচে খেলা মিডফিল্ডার সোহেল রানাকে আজ একাদশে রাখা হয়নি। মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ শেষে সোহেলের প্রশংসা করেছিলেন কোচ ডুলি।
ফারহান আলী ওয়াহিদের পরিবর্তে এবার সুকি ইতোফুসা সুযোগ পেয়েছেন, যিনি ইংল্যান্ডে খেলে থাকেন। এছাড়া, মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে ভুল করা ডিফেন্ডার শাকিল আহাদ তপুর জায়গায় একাদশে এসেছেন জিদান ইউসুফ।
গোলরক্ষক শ্রাবণ আগের ম্যাচে কিছু ভালো সেভ করলেও তাঁর কিছু ভুল নজরে এসেছে। তবুও, কোচ ডুলি তার ওপর আস্থা রেখেছেন। অন্যদিকে, আগের ম্যাচে একাদশে থাকা ফাহমিদুল ইসলামকে আজকের দলে রাখা হয়নি। তাঁর পরিবর্তে সুযোগ পেয়েছেন শেখ মোরসালিন।
সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য টুর্নামেন্টে ঘুরে দাঁড়ানোর একটি গুরুত্বপূর্ণ সুযোগ। এর আগে, গত ৩১ মার্চ সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে দুই দল মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে বাংলাদেশ ১-০ গোলে পরাজিত হয়েছিল।
ম্যাচের সময় ও সম্প্রচার
ম্যাচ: বাংলাদেশ বনাম সিঙ্গাপুর
তারিখ: সোমবার, ২৮ সেপ্টেম্বর
সময়: বাংলাদেশ সময় বিকেল ৩টা
সরাসরি সম্প্রচার: টি স্পোর্টস
বাংলাদেশ একাদশ: শ্রাবণ, সাদ উদ্দিন, জিদান ইউসুফ, জায়ান আহমেদ, তারিক কাজী, হামজা চৌধুরী, সামিত সোম, জামাল ভূঁইয়া, রাকিব হোসেন, সুকি ইতোফুসা ও মোরসালিন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
এসিআই পিএলসি জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের জন্য জীবনবৃত্তান্ত, সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি এবং জাতীয় পরিচয়পত্রের কপিসহ নির্দিষ্ট ঠিকানা ও সময়ে সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা লাভ করবেন।
পদের নাম: ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি (তবে এইচএসসি পর্যায়ে বিজ্ঞান বিভাগ থাকতে হবে)।
অন্যান্য যোগ্যতা: ইংরেজি ও বাংলায় ভালো যোগাযোগ দক্ষতা।
অভিজ্ঞতা: প্রয়োজন নেই
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর
কর্মস্থল: যেকোনো জায়গায়
বেতন: আকর্ষণীয় ও সামগ্রিক বেতন কাঠামো
অন্যান্য সুবিধা: টিএ/ডিএ, মাসিক, ত্রৈমাসিক ও বার্ষিক প্রণোদনা, উৎসব বোনাস, লভ্যাংশ ও ছুটিকালীন ভ্রমণ সহায়তা, সেরা পারফর্মারদের জন্য বিদেশ ভ্রমণের সুযোগ, পরিবারের জন্য চিকিৎসা সুবিধা, প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২ অক্টোবর ২০২৬
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ