সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৪:৩৪ পি.এম
বাংলাদেশ ফিফা আসিয়ান কাপের যাত্রা শুরু করেছে মালয়েশিয়ার কাছে হার দিয়ে। এখন সিঙ্গাপুরের বিরুদ্ধে টুর্নামেন্টে টিকে থাকার জন্য লড়াই করছে লাল-সবুজের প্রতিনিধিরা। ম্যাচটি অনুষ্ঠিত হবে সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টায়। এটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।
গুরুত্বপূর্ণ এই ম্যাচের জন্য বাংলাদেশের কোচ থমাস ডুলি একাদশে একাধিক পরিবর্তন করেছেন। নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া শুরুর একাদশে ফিরেছেন। তবে আগের ম্যাচে খেলা মিডফিল্ডার সোহেল রানাকে আজ একাদশে রাখা হয়নি। মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ শেষে সোহেলের প্রশংসা করেছিলেন কোচ ডুলি।
ফারহান আলী ওয়াহিদের পরিবর্তে এবার সুকি ইতোফুসা সুযোগ পেয়েছেন, যিনি ইংল্যান্ডে খেলে থাকেন। এছাড়া, মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে ভুল করা ডিফেন্ডার শাকিল আহাদ তপুর জায়গায় একাদশে এসেছেন জিদান ইউসুফ।
গোলরক্ষক শ্রাবণ আগের ম্যাচে কিছু ভালো সেভ করলেও তাঁর কিছু ভুল নজরে এসেছে। তবুও, কোচ ডুলি তার ওপর আস্থা রেখেছেন। অন্যদিকে, আগের ম্যাচে একাদশে থাকা ফাহমিদুল ইসলামকে আজকের দলে রাখা হয়নি। তাঁর পরিবর্তে সুযোগ পেয়েছেন শেখ মোরসালিন।
সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য টুর্নামেন্টে ঘুরে দাঁড়ানোর একটি গুরুত্বপূর্ণ সুযোগ। এর আগে, গত ৩১ মার্চ সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে দুই দল মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে বাংলাদেশ ১-০ গোলে পরাজিত হয়েছিল।
ম্যাচের সময় ও সম্প্রচার
ম্যাচ: বাংলাদেশ বনাম সিঙ্গাপুর
তারিখ: সোমবার, ২৮ সেপ্টেম্বর
সময়: বাংলাদেশ সময় বিকেল ৩টা
সরাসরি সম্প্রচার: টি স্পোর্টস
বাংলাদেশ একাদশ: শ্রাবণ, সাদ উদ্দিন, জিদান ইউসুফ, জায়ান আহমেদ, তারিক কাজী, হামজা চৌধুরী, সামিত সোম, জামাল ভূঁইয়া, রাকিব হোসেন, সুকি ইতোফুসা ও মোরসালিন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
এসিআই পিএলসি জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের জন্য জীবনবৃত্তান্ত, সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি এবং জাতীয় পরিচয়পত্রের কপিসহ নির্দিষ্ট ঠিকানা ও সময়ে সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা লাভ করবেন।
পদের নাম: ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি (তবে এইচএসসি পর্যায়ে বিজ্ঞান বিভাগ থাকতে হবে)।
অন্যান্য যোগ্যতা: ইংরেজি ও বাংলায় ভালো যোগাযোগ দক্ষতা।
অভিজ্ঞতা: প্রয়োজন নেই
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর
কর্মস্থল: যেকোনো জায়গায়
বেতন: আকর্ষণীয় ও সামগ্রিক বেতন কাঠামো
অন্যান্য সুবিধা: টিএ/ডিএ, মাসিক, ত্রৈমাসিক ও বার্ষিক প্রণোদনা, উৎসব বোনাস, লভ্যাংশ ও ছুটিকালীন ভ্রমণ সহায়তা, সেরা পারফর্মারদের জন্য বিদেশ ভ্রমণের সুযোগ, পরিবারের জন্য চিকিৎসা সুবিধা, প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২ অক্টোবর ২০২৬
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
গর্ভাবস্থায় মায়ের শরীর থেকে ভ্রূণে ছড়িয়ে পড়া নির্দিষ্ট কিছু সংক্রমণ শিশুর পরবর্তী জীবনে অটিজম ও বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধকতার ঝুঁকি বৃদ্ধি করতে পারে। নতুন একটি গবেষণায় দেখা গেছে, জন্মগত এসব সংক্রমণে আক্রান্ত শিশুদের অটিজমের ঝুঁকি প্রায় তিনগুণ এবং বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধকতার ঝুঁকি সাতগুণেরও বেশি হতে পারে।
গবেষণায় সিফিলিস, রুবেলা, টক্সোপ্লাসমোসিস, সাইটোমেগোভাইরাস (সিএমভি) ও হার্পিসভাইরাসের মতো জন্মগত সংক্রমণের দীর্ঘমেয়াদি প্রভাব বিশ্লেষণ করা হয়েছে। এসব সংক্রমণ সম্মিলিতভাবে টর্চ সংক্রমণ নামে পরিচিত।
সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের গবেষকদের নেতৃত্বে পরিচালিত এই গবেষণায় ১৯৮৭ থেকে ২০২১ সালের মধ্যে জন্ম নেওয়া প্রায় ৩৭ লাখ মানুষের তথ্য বিশ্লেষণ করা হয়। তাদের মধ্যে ৯৭৫ জনের জন্মগত টর্চ সংক্রমণ শনাক্ত হয়েছিল। গবেষকেরা প্রায় তিন দশক ধরে অংশগ্রহণকারীদের স্বাস্থ্য ও শিক্ষাজীবনের বিভিন্ন তথ্য পর্যবেক্ষণ করেন।
গবেষণার ফলাফলে দেখা যায়, জন্মগত টর্চ সংক্রমণে আক্রান্ত শিশুদের মধ্যে অটিজম ও বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধকতার ঝুঁকি তুলনামূলকভাবে বেশি। গবেষকদের ধারণা, গর্ভাবস্থায় নির্দিষ্ট কিছু জীবাণু ভ্রূণের শরীরে প্রবেশ করলে মস্তিষ্কের স্বাভাবিক বিকাশ ব্যাহত হতে পারে, যার প্রভাব দীর্ঘমেয়াদে দেখা দিতে পারে।
শিশুদের শিক্ষাজীবনেও এসব সংক্রমণের প্রভাবের ইঙ্গিত পেয়েছেন গবেষকেরা। গবেষণায় সংক্রমণে আক্রান্ত এমন কিছু শিশুর বিদ্যালয়ের ফলাফল খারাপ হওয়ার বিষয়টি উঠে এসেছে, যাদের অটিজম বা বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধকতা শনাক্ত হয়নি।
গবেষকদের মতে, জন্মগত টর্চ সংক্রমণ তুলনামূলকভাবে বিরল হলেও এর সম্ভাব্য দীর্ঘমেয়াদি প্রভাব জনস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে সাইটোমেগালোভাইরাস নবজাতকদের মধ্যে উল্লেখযোগ্য হারে দেখা যায়। বিশ্বজুড়ে এই সংক্রমণের প্রকোপ অঞ্চলভেদে ভিন্ন এবং কিছু স্বল্প ও মধ্যম আয়ের দেশে এর বোঝা বেশি হতে পারে।
গর্ভাবস্থায় সংক্রমণের ঝুঁকি কমাতে টিকাদান, প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা এবং সংক্রমণ প্রতিরোধের ব্যবস্থা জোরদার করার ওপর গুরুত্ব দিয়েছেন গবেষকেরা। রুবেলার মতো টিকা-প্রতিরোধযোগ্য রোগের ক্ষেত্রে গর্ভধারণের আগে টিকাদান বিশেষ গুরুত্বপূর্ণ। তবে সব টিকা গর্ভাবস্থায় দেওয়া যায় না তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী টিকা গ্রহণ করা প্রয়োজন।
এ ছাড়া জন্মগত সংক্রমণ শনাক্ত করার কার্যকর পদ্ধতি উন্নত করা এবং প্রয়োজন অনুযায়ী নবজাতকদের পরীক্ষা করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। কারণ, কিছু সংক্রমণে আক্রান্ত মা বা নবজাতকের কোনো স্পষ্ট উপসর্গ নাও থাকতে পারে।
বিশেষজ্ঞদের মতে, গবেষণার ফলাফল ঝুঁকি সম্পর্কে সচেতনতা বাড়ালেও জন্মগত সংক্রমণে আক্রান্ত সব শিশুর অটিজম বা বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধকতা হবে এমন সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই। ব্যক্তিভেদে ঝুঁকি ভিন্ন হতে পারে। তাই গর্ভাবস্থায় নিয়মিত চিকিৎসাসেবা, সংক্রমণ প্রতিরোধ এবং সময়মতো রোগ শনাক্ত করাই গুরুত্বপূর্ণ।
সূত্র: ইউরো নিউজ
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
কক্সবাজার বিমানবন্দরের নবনির্মিত আন্তর্জাতিক টার্মিনাল থেকে আজ ফ্লাইট পরিচালনার কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৮টা ৫০ মিনিটে প্রায় ১৮ হাজার বর্গমিটারের আধুনিক এই টার্মিনাল থেকে পরীক্ষামূলকভাবে ফ্লাইট পরিচালনা শুরু হয়।
কক্সবাজারে ভ্রমণরত পর্যটকদের মাঝে বিমানবন্দরটির আধুনিকায়নে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।
যাত্রীরা তাদের সন্তুষ্টি প্রকাশ করতে গিয়ে বলেন, "নতুন হিসেবে এটি খারাপ নয়, বরং বেশ ভালো লাগছে। আগের তুলনায় এখানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অনেক বেশি। আমাদের হয়রানিও কম হয়েছে। খুব সহজেই লাগেজগুলো পেয়ে গেছি। কক্সবাজারের মতো একটি জায়গায় আসলে আমাদের এমন একটি পরিবেশেরই প্রয়োজন ছিল। যখন ফ্রেশ রুমে যাচ্ছিলাম কিংবা বসছিলাম, তখন সত্যিই দারুণ লাগছিল। এটি নিঃসন্দেহে একটি দারুণ আয়োজন।"
দেশীয় বিমান সংস্থাগুলোর মতে, দেশের দ্বিতীয় বৃহৎ এই টার্মিনালে দেশি-বিদেশি পর্যটকরা অত্যাধুনিক সুযোগ-সুবিধা পাবেন।
নবনির্মিত টার্মিনাল ভবন সম্পর্কে ইউএস-বাংলার স্টেশন ম্যানেজার মোসা আহমেদ মন্তব্য করেন, "আমাদের প্রস্থান হলটি বেশ প্রশস্ত, আগমন হলটিও প্রশস্ত। পাশাপাশি, বোর্ডিং লাউঞ্জটিও অনেক বড় ও সুন্দর। সব মিলিয়ে এখানে আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধা রয়েছে। যাত্রীদের জন্য প্রায় সব ধরনের সুযোগ-সুবিধাই এখানে রাখা হয়েছে।"
নভোএয়ারের স্টেশন ম্যানেজার সারওয়ার উল কাদের জানান, "এখানে ব্যাগেজ বেল্টের সুবিধা রয়েছে। পুরো এলাকাটিও অনেক বড় ও প্রশস্ত। আগে যেভাবে যাত্রীদের গাদাগাদি করে থাকতে হতো, সেই পরিস্থিতি থেকে আমরা এখন পরিত্রাণ পেয়েছি।"
বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ-বেবিচক জানিয়েছে, যাত্রী হয়রানি রোধে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে দেশের চতুর্থ এই আন্তর্জাতিক বিমানবন্দরে।
নিরাপত্তার বিষয়ে কক্সবাজার বিমানবন্দরের নিরাপত্তা সুপারভাইজার মো. সাইফুল্লাহ বলেন, "এখানে আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি নিরাপত্তা বিভাগে বিমানবাহিনীর সদস্যরাও কাজ করছেন। এ ছাড়া বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিরাপত্তা বিভাগও শক্তিশালীভাবে দায়িত্ব পালন করছে। পুলিশের এপিবিএন সদস্যরাও এখানে রয়েছেন। এ ছাড়া আরও বিভিন্ন সংস্থার সদস্যরা কাজ করছেন। সব মিলিয়ে প্রায় ১৬টি বিভাগ বা সংস্থা এখানে একযোগে নিরাপত্তার দায়িত্ব পালন করছে।"
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী অক্টোবরে এই টার্মিনাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার পরিকল্পনা থাকলেও আজ থেকেই এখান থেকে সব ধরনের অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালিত হবে। তবে অক্টোবর মাস থেকে পর্যটন নগরীর এই রানওয়েতে আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামা করার কথা রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
পিরোজপুরের মঠবাড়িয়ায় পোস্ট অফিসের নতুন ভবনের নির্মাণকাজ দীর্ঘ সময় ধরে বন্ধ থাকায় ভবনটির ভবিষ্যৎ সম্পর্কে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। গত ৪ বছর ধরে ভাড়া করা ভবনের ছোট দুটি কক্ষে কার্যক্রম পরিচালিত হচ্ছে। স্থানীয়দের মধ্যে উদ্বেগ রয়েছে কবে নাগাদ নির্মাণকাজ শেষ হবে। এ বিষয়ে ঠিকাদার প্রতিষ্ঠান এবং ডাক বিভাগের কর্মকর্তাদের বক্তব্যে ভিন্নতা লক্ষ্য করা যাচ্ছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, ভবনটির একাংশে গরু পালন করা হচ্ছে। নিচতলার একটি কক্ষে চেয়ার-টেবিলসহ বিভিন্ন সামগ্রী রাখা হয়েছে। সেখানে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামও পড়ে থাকতে দেখা গেছে। ভবনের ভেতরে ও আশপাশে মানুষের মলমূত্র পড়ে থাকার চিত্রও দেখা গেছে। দীর্ঘদিন রক্ষণাবেক্ষণ না করার কারণে স্থাপনাটি নোংরা ও অপরিচ্ছন্ন অবস্থায় রয়েছে।
মঠবাড়িয়া পোস্ট অফিস সূত্রে জানা গেছে, মডেল মসজিদ রোডে উপজেলা পোস্ট অফিসের পুরাতন ভবনটি ঝুঁকিপূর্ণ ও পরিত্যক্ত ঘোষণা করার পর ২০২২ সাল থেকে সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনে গোয়ালি পাড়া রোডে ভাড়া নেওয়া ছোট দুটি কক্ষে কোনোমতে পোস্ট অফিসের কার্যক্রম পরিচালিত হচ্ছে। তাদের ১৫ জন কর্মকর্তা-কর্মচারী থাকার কথা থাকলেও বর্তমানে মাত্র ৮ জন কর্মী রয়েছে। এ অবস্থায় দীর্ঘ ৪ বছর ধরে অফিস পরিচালনা করতে গিয়ে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের।
এ বিষয়ে ডাক অধিদপ্তরের প্রকল্প পরিচালক শামীম আল রাজীর সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও প্রকল্পটির বিষয়ে প্রয়োজনীয় তথ্য পাওয়া যায়নি।
গত ২০ সেপ্টেম্বর তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ‘ব্যস্ততা’ আছে জানিয়ে কথা বলেননি। পরে তার হোয়াটসঅ্যাপ নম্বরে প্রকল্প-সংক্রান্ত তথ্য জানতে খুদেবার্তা পাঠানো হয়। সেখানে প্রকল্পের কাজ শুরুর সময়, নির্ধারিত মেয়াদ, মোট ব্যয়, ঠিকাদারি প্রতিষ্ঠান, কাজ বন্ধ থাকার কারণ এবং পুনরায় কাজ শুরু ও শেষ করার বিষয়ে নতুন সময়সীমা নির্ধারণ করা হয়েছে কি না—এমন ছয়টি প্রশ্ন করা হয়। তবে ওই বার্তারও কোনো জবাব মেলেনি।
পরদিন (২১ সেপ্টেম্বর) ডাক অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা) মোহাম্মদ তৈয়ব আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তথ্য দেওয়ার বিষয়ে আশ্বস্ত করেন এবং প্রকল্প পরিচালক শামীম আল রাজীকে বিষয়টি জানানোর কথা বলেন। এর কিছুক্ষণ পর প্রকল্প পরিচালক নিজেই ফোন করে তথ্য দেওয়ার আগ্রহ প্রকাশ করেন এবং ২৪ সেপ্টেম্বরের মধ্যে তথ্য দেওয়ার কথা জানান। পাশাপাশি ঢাকায় চা খাওয়ার আমন্ত্রণও জানান।
তবে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল পাঁচটা পর্যন্ত অপেক্ষা করেও কোনো তথ্য পাওয়া যায়নি। পরে প্রকল্প পরিচালকের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। ফলে প্রকল্পটির কাজের অগ্রগতি, ব্যয়, ঠিকাদারি প্রতিষ্ঠান, কাজ বন্ধ থাকার কারণ এবং পুনরায় কাজ শুরুর সম্ভাব্য সময়সীমা সম্পর্কে ডাক অধিদপ্তরের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি মো. জালাল হোসেন বলেন, ভবনের গ্রেড বিম ও কলামের ঢালাই, ছাদ ঢালাইয়ের কাজ সম্পন্ন করার পর থেকে নির্মাণকাজ বন্ধ রয়েছে।
কী কারণে বন্ধ রয়েছে জানতে চাইলে তিনি বলেন, ডিপার্টমেন্টের কিছু জটিলতার কারণে আপাতত কাজ বন্ধ রয়েছে। সমস্যার সমাধান হলে দ্রুত নির্মাণকাজ পুনরায় শুরু করা হবে।
মঠবাড়িয়া উপজেলা পোস্টমাস্টার উত্তম কুমার রায় (অতিরিক্ত দায়িত্ব) বলেন, দীর্ঘদিন ধরে ভাড়া করা ছোট দুটি কক্ষে অফিস পরিচালনা করতে গিয়ে আমরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছি। প্রয়োজনীয় জায়গার অভাবে গুরুত্বপূর্ণ নথিপত্র ও অফিস সরঞ্জাম সঠিকভাবে সংরক্ষণ করা যাচ্ছে না। নতুন ভবনের কাজ দ্রুত সম্পন্ন হলে সেবার মান আরও উন্নত ও কর্মকর্তা-কর্মচারীদের কাজের পরিবেশও ভালো হবে।
তিনি আরও বলেন, ডাক বিভাগের স্পিড পোস্ট কার্যক্রমের মাধ্যমে সারা দেশে ৪৮ ঘণ্টার মধ্যে পণ্য পৌঁছে দেওয়ার ব্যবস্থা রয়েছে। তবে নতুন ভবন না থাকায় স্পিড পোস্টের মালামাল সংরক্ষণ ও ব্যবস্থাপনায় ভোগান্তিতে পড়তে হচ্ছে।
মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আতাউর রাব্বি বলেন, পোস্ট অফিস একটি গুরুত্বপূর্ণ সরকারি সেবাপ্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরে ভাড়া ভবনে কার্যক্রম পরিচালিত হওয়া দুঃখজনক। সংশ্লিষ্ট বিভাগ দ্রুত নির্মাণকাজ পুনরায় শুরু করে ভবনটি সম্পন্ন করবে বলে আশা করছি।
এ বিষয়ে পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ বলেন, উপজেলা প্রশাসন কাজ বন্ধ থাকার বিষয়টি লিখিতভাবে জানালে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ