বৃহস্পতিবার, ২০ই আগস্ট, ২০২৬ ইং
০৮:০০ পি.এম
বাংলাদেশ জামায়াতে ইসলামী যদি সুযোগ পায় তাহলে দলের নেতারা আওয়ামী লীগের চেয়েও বড় ফ্যাসিস্ট হয়ে যাবে, এ কথা বলেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্র অধিকার পরিষদের সভাপতি সোহানুর রহমান সোহানকে দেখতে গিয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে এই মন্তব্য করেন তিনি। উল্লেখ্য, সম্প্রতি কুষ্টিয়ায় জামায়াত-শিবিরের সাথে গণঅধিকার পরিষদের সংঘর্ষের সময় গুরুতর আহত হন সোহান।
নুর বলেন, চলতি ছয় মাস যেতে না যেতেই জামায়াতে ইসলামী সরকারের দিকে যাওয়ার বাসনা পোষণ করছে। বর্তমান সরকারকে নিয়ে দলটির নেতারা বিভিন্ন বিরক্তিকর বক্তব্য রাখতে শুরু করেছেন।
তিনি আরও বলেন, জামায়াত ইসলাম থেকে ইসলাম নামটি বাদ দিতে হবে এবং জামায়াতের সুযোগ পেলে আওয়ামী লীগের চাইতে বড় ফ্যাসিস্ট হয়ে যাবে। জামায়াত ইসলাম লেবাস পরিধান করে ইসলামকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বলেও মন্তব্য করেন। জামায়াতের নৈতিক চরিত্রের অবক্ষয় ঘটেছে, এর বড় উদাহরণ হলো কুষ্টিয়ার এমপি জামায়াত নেতা আমির হামজা এবং গাজী নজরুল।
আমির হামজা সম্পর্কে নুর বলেন, এই উন্মাদ সংসদ সদস্য বিভিন্ন সময় আমাদের নারী সংসদ সদস্যদের সম্পর্কে অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করে থাকেন। এই সঙ্গে তিনি আরাফাত রহমান কোকোকে নিয়েও অত্যন্ত নোংরা মন্তব্য করেছেন। জামায়াত এসব নোংরা কথা সমর্থন করে আসছে।
প্রতিমন্ত্রী যোগ করেন, আমির হামজা এবং সাতক্ষীরার এমপি গাজী নজরুল ইসলামের মতো নেতাদের এসব কর্মকাণ্ডের পরেও জামায়াত যদি নিজেদের ইসলামী দল হিসেবে দাবি করে, তাহলে সেটি ইসলামের সঙ্গে সাংঘর্ষিক। তাই আমি জামায়াতে ইসলাম থেকে ইসলামী নামটি বাদ দিতে বলবো, কারণ তারা ‘ইসলামী’ নাম ব্যবহার করে ইসলামের লেবাস ধারণ করে ইসলামেরই সবচেয়ে বেশি ক্ষতি করছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
এক শুভেচ্ছাবার্তায় তিনি উল্লেখ করেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক পথচলা পাঁচ দশকেরও অধিক সময় ধরে বিস্তৃত হয়েছে এবং এটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সঙ্গে নিবিড়ভাবে জড়িত। তাঁর সাংগঠনিক দক্ষতা, প্রজ্ঞা, সংকটকালে নেতৃত্বদান এবং তৃণমূলের মানুষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার অভিজ্ঞতা তাঁকে এ দেশের জাতীয় রাজনীতির একটি স্বতন্ত্র অবস্থানে প্রতিষ্ঠিত করেছে।
অধ্যাপক মুহাম্মদ ইউনূস আরও বলেন, “একজন শিক্ষাবিদ, অভিজ্ঞ রাজনীতিক ও সজ্জন ব্যক্তি হিসেবে তাঁর এই নতুন দায়িত্ব গ্রহণ রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদটির মর্যাদা আরও সমুন্নত করবে।”
তিনি তাঁর বার্তায় যোগ করেন, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বাংলাদেশ আরও সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক পথে এগিয়ে যাবে-এই প্রত্যাশা ব্যক্ত করেন।সঙ্গে, তিনি রাষ্ট্রপতির জন্য সুস্বাস্থ্যের কামনা এবং দীর্ঘায়ু ও দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
রাজবাড়ীর পাংশায় নিখোঁজের দু’দিন পর এক নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বজনদের অভিযোগ রয়েছে, তাকে নির্যাতনের পর একটি চোখ উপড়িয়ে ফেলা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) বিকেলে পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের স্বর্ণগড়া ঠাকুরের বাগান এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রাবেয়া খাতুন (৩৫) পাংশা উপজেলার নারানপুর পূর্ব রেলগেট এলাকার হোসেন আলীর কন্যা।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
নিহতের পরিবার সূত্রে জানা গিয়েছে, গত দু’দিন ধরে রাবেয়া নিখোঁজ ছিলেন। এ ঘটনায় তার বড় বোন পাংশা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। এ দিন বিকেল সাড়ে ৪টার দিকে স্থানীয় ব্যক্তিরা বাগানের মধ্যে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশের খবর দেন। খবর পেয়ে পাংশা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের স্বজনদের অভিযোগ, রাবেয়াকে অমানবিক নির্যাতনের পর হত্যা করা হয়েছে। এমনকি তার একটি চোখ উপড়ে ফেলা হয়েছে বলেও স্বজনরা দাবি করেছেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে।
পুলিশের প্রাথমিক ধারণা, ওই নারীকে নির্যাতন ও শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
নওগাঁয়ে একটি মাদরাসার ১২ শিক্ষার্থী এইচআইভি পজিটিভ হয়েছে—সংসদ সদস্য ফজলে হুদা বাবুলের এমন দাবি সঠিক নয় বলে জানান জেলার সিভিল সার্জন মো. আমিনুল ইসলাম। তিনি এ বিষয়ে সতর্ক করে বলেন, নওগাঁয় বর্তমানে এইচআইভি পজিটিভ রোগী রয়েছেন মাত্র দুজন। তাদের মধ্যে দুজনই ২০২৫ সালে শনাক্ত হয়েছেন। ২০২৬ সালে নতুন করে কোনো এইচআইভি রোগী শনাক্ত হয়নি।
এই বিষয়ে বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১০টার দিকে তিনি এসব তথ্য জানান নওগাঁর সিভিল সার্জন মো. আমিনুল ইসলাম। সাম্প্রতিক একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল দাবি করেন, তার জেলায় ১২ জন এইচআইভি পজিটিভ রোগী শনাক্ত হয়েছেন। তিনি দাবি করেন, তাদের সবাই মাদরাসার শিক্ষার্থী এবং তারা হোস্টেলে থাকেন।
তবে সিভিল সার্জন আমিনুল ইসলাম বলেন, নওগাঁয় ১২ জন মাদরাসাশিক্ষার্থী এইচআইভি পজিটিভ—এমন কোনো তথ্য আমাদের কাছে নেই। তাদের সবার এইচআইভি পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। সিভিল সার্জন জানান, ওই ১২ শিক্ষার্থী রক্ত দিতে এসেছিলেন। রক্তদাতাদের নিয়মিত স্ক্রিনিং পরীক্ষার অংশ হিসেবে তাদের এইচআইভি পরীক্ষা করা হয়। পরীক্ষায় সবার ফল নেগেটিভ এসেছে। এর ফলে তাদের এইচআইভি নিয়ে কোনো সমস্যা নেই এবং তারা অন্যকে রক্ত দিতে পারবেন।
এইচআইভি প্রতিরোধে সচেতনতার ওপর গুরুত্ব দিয়ে সিভিল সার্জন বলেন, রক্ত নেওয়ার আগে রক্তের প্রয়োজনীয় স্ক্রিনিং পরীক্ষা যথাযথভাবে হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া জরুরি। তিনি উল্লেখ করেন, অনিরাপদ যৌন সম্পর্কের মাধ্যমেও এইচআইভি ছড়াতে পারে। এ ছাড়া একই সুচ বা সিরিঞ্জ একাধিক ব্যক্তি ব্যবহার করলে সংক্রমণের ঝুঁকি থাকে। তাই অনিরাপদ যৌন আচরণ ও মাদক গ্রহণের ক্ষেত্রে একই সুচ ব্যবহারের মতো ঝুঁকিপূর্ণ আচরণ থেকে বিরত থাকার পরামর্শ দেন তিনি।
তিনি আরও বলেন, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ মেনে চলা এবং ঝুঁকিপূর্ণ আচরণ এড়িয়ে চলার মাধ্যমে এইচআইভির বিস্তার প্রতিরোধ করা সম্ভব।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান সভাপতি তামিম ইকবাল বলেছেন, বিতর্ক এড়াতে এবং দায়সারা বিপিএল আয়োজন করতে তিনি চান না। তিনি মনে করেন, চলতি বছরে বিপিএল অনুষ্ঠিত হবে না।
বৃহস্পতিবার (২০ আগস্ট) মিরপুরে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি।
তামিম বলেছেন, '১২ মাস কিংবা ১৪ মাস লাগুক আমি ভালোভাবে বিপিএল করব। নাহলে করব না। আর আমার মনে হয় না, এবার বিপিএল আয়োজন করা হবে।'
তিনি আরও জানিয়েছেন, বিপিএলের শেষ দুই আসরে বিসিবির ৪০ কোটি টাকা ক্ষতি হয়েছে। তিনি বলছেন, 'এই টুর্নামেন্টে আমার ২০ কোটি টাকা ক্ষতি হওয়ার কারণে এই টুর্নামেন্ট আমার প্রায়ারোটি লিস্টে নাই এই মুহূর্তে।'
বিসিবি প্রধান বলেছেন, 'টুর্নামেন্টটা করে বিসিবির লস হচ্ছে, ইমেজও যাচ্ছে। সবকিছু ঠিক করতে যত মাস লাগে তত মাস সময় নেবে। আশাকরি ক্রিকেটাররাও পরিস্থিতিটা বুঝবে।'
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ