বৃহস্পতিবার, ২০ই আগস্ট, ২০২৬ ইং
০৮:০১ পি.এম
রাজবাড়ীর পাংশায় নিখোঁজের দু’দিন পর এক নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বজনদের অভিযোগ রয়েছে, তাকে নির্যাতনের পর একটি চোখ উপড়িয়ে ফেলা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) বিকেলে পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের স্বর্ণগড়া ঠাকুরের বাগান এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রাবেয়া খাতুন (৩৫) পাংশা উপজেলার নারানপুর পূর্ব রেলগেট এলাকার হোসেন আলীর কন্যা।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
নিহতের পরিবার সূত্রে জানা গিয়েছে, গত দু’দিন ধরে রাবেয়া নিখোঁজ ছিলেন। এ ঘটনায় তার বড় বোন পাংশা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। এ দিন বিকেল সাড়ে ৪টার দিকে স্থানীয় ব্যক্তিরা বাগানের মধ্যে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশের খবর দেন। খবর পেয়ে পাংশা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের স্বজনদের অভিযোগ, রাবেয়াকে অমানবিক নির্যাতনের পর হত্যা করা হয়েছে। এমনকি তার একটি চোখ উপড়ে ফেলা হয়েছে বলেও স্বজনরা দাবি করেছেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে।
পুলিশের প্রাথমিক ধারণা, ওই নারীকে নির্যাতন ও শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
নওগাঁয়ে একটি মাদরাসার ১২ শিক্ষার্থী এইচআইভি পজিটিভ হয়েছে—সংসদ সদস্য ফজলে হুদা বাবুলের এমন দাবি সঠিক নয় বলে জানান জেলার সিভিল সার্জন মো. আমিনুল ইসলাম। তিনি এ বিষয়ে সতর্ক করে বলেন, নওগাঁয় বর্তমানে এইচআইভি পজিটিভ রোগী রয়েছেন মাত্র দুজন। তাদের মধ্যে দুজনই ২০২৫ সালে শনাক্ত হয়েছেন। ২০২৬ সালে নতুন করে কোনো এইচআইভি রোগী শনাক্ত হয়নি।
এই বিষয়ে বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১০টার দিকে তিনি এসব তথ্য জানান নওগাঁর সিভিল সার্জন মো. আমিনুল ইসলাম। সাম্প্রতিক একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল দাবি করেন, তার জেলায় ১২ জন এইচআইভি পজিটিভ রোগী শনাক্ত হয়েছেন। তিনি দাবি করেন, তাদের সবাই মাদরাসার শিক্ষার্থী এবং তারা হোস্টেলে থাকেন।
তবে সিভিল সার্জন আমিনুল ইসলাম বলেন, নওগাঁয় ১২ জন মাদরাসাশিক্ষার্থী এইচআইভি পজিটিভ—এমন কোনো তথ্য আমাদের কাছে নেই। তাদের সবার এইচআইভি পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। সিভিল সার্জন জানান, ওই ১২ শিক্ষার্থী রক্ত দিতে এসেছিলেন। রক্তদাতাদের নিয়মিত স্ক্রিনিং পরীক্ষার অংশ হিসেবে তাদের এইচআইভি পরীক্ষা করা হয়। পরীক্ষায় সবার ফল নেগেটিভ এসেছে। এর ফলে তাদের এইচআইভি নিয়ে কোনো সমস্যা নেই এবং তারা অন্যকে রক্ত দিতে পারবেন।
এইচআইভি প্রতিরোধে সচেতনতার ওপর গুরুত্ব দিয়ে সিভিল সার্জন বলেন, রক্ত নেওয়ার আগে রক্তের প্রয়োজনীয় স্ক্রিনিং পরীক্ষা যথাযথভাবে হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া জরুরি। তিনি উল্লেখ করেন, অনিরাপদ যৌন সম্পর্কের মাধ্যমেও এইচআইভি ছড়াতে পারে। এ ছাড়া একই সুচ বা সিরিঞ্জ একাধিক ব্যক্তি ব্যবহার করলে সংক্রমণের ঝুঁকি থাকে। তাই অনিরাপদ যৌন আচরণ ও মাদক গ্রহণের ক্ষেত্রে একই সুচ ব্যবহারের মতো ঝুঁকিপূর্ণ আচরণ থেকে বিরত থাকার পরামর্শ দেন তিনি।
তিনি আরও বলেন, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ মেনে চলা এবং ঝুঁকিপূর্ণ আচরণ এড়িয়ে চলার মাধ্যমে এইচআইভির বিস্তার প্রতিরোধ করা সম্ভব।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান সভাপতি তামিম ইকবাল বলেছেন, বিতর্ক এড়াতে এবং দায়সারা বিপিএল আয়োজন করতে তিনি চান না। তিনি মনে করেন, চলতি বছরে বিপিএল অনুষ্ঠিত হবে না।
বৃহস্পতিবার (২০ আগস্ট) মিরপুরে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি।
তামিম বলেছেন, '১২ মাস কিংবা ১৪ মাস লাগুক আমি ভালোভাবে বিপিএল করব। নাহলে করব না। আর আমার মনে হয় না, এবার বিপিএল আয়োজন করা হবে।'
তিনি আরও জানিয়েছেন, বিপিএলের শেষ দুই আসরে বিসিবির ৪০ কোটি টাকা ক্ষতি হয়েছে। তিনি বলছেন, 'এই টুর্নামেন্টে আমার ২০ কোটি টাকা ক্ষতি হওয়ার কারণে এই টুর্নামেন্ট আমার প্রায়ারোটি লিস্টে নাই এই মুহূর্তে।'
বিসিবি প্রধান বলেছেন, 'টুর্নামেন্টটা করে বিসিবির লস হচ্ছে, ইমেজও যাচ্ছে। সবকিছু ঠিক করতে যত মাস লাগে তত মাস সময় নেবে। আশাকরি ক্রিকেটাররাও পরিস্থিতিটা বুঝবে।'
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
কিশোরগঞ্জে কনসার্ট বন্ধ করে দেওয়ার ফলে সারাদেশে জেলায় নেতিবাচক বার্তা এসেছে। সংস্কৃতির চর্চা বন্ধ না করে শালীন ও সামাজিক পরিবেশে তা অনুষ্ঠিত হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকা নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ।
তিনি বলেন, ঘটনাটি ছোট মনে হলেও এর বাস্তবতাতে প্রভাব রয়েছে। পরাজিত শক্তি এটি বিভিন্নভাবে অপপ্রচার করবে যে দেশে সংস্কৃতির চর্চা করা যাচ্ছে না।
বৃহস্পতিবার (২০ আগস্ট) কিশোরগঞ্জ জেলা প্রেসক্লাবে স্থানীয় অনলাইন পত্রিকা নিউজনগরের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব বিষয় তুলে ধরেন।
তিনি আরও বলেন, আমাদের মনে রাখতে হবে বাংলাদেশ একটি সম্প্রতির দেশ। এই দেশে সব কিছুই চর্চা করার সুযোগ রয়েছে। দেশের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরার জন্য এবং সাংস্কৃতিক বিকাশের জন্য সংস্কৃতির চর্চা অত্যন্ত জরুরি। তবে সংস্কৃতির চর্চার নামে কোনো অশালীন কাজের সুযোগ নেই। কিশোরগঞ্জে কনসার্ট বন্ধ না করে বরং তাতে যেন অসামাজিক কোনো কাজ না হয়, সেজন্য সবার দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত ছিল। ভবিষ্যতে এই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে।
আবু হানিফ গণমাধ্যমকে সমাজের দর্পণ উল্লেখ করে বলেন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হলো গণমাধ্যম। আমাদের সুস্থ সাংবাদিকতার চর্চা করা প্রয়োজন। গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রত্যেক মানুষের নিজস্ব রাজনৈতিক চিন্তা থাকতে পারে, তবে সাংবাদিকতা করার সময় এই চিন্তা পরিহার করা উচিত। সাংবাদিকতা করার সময় রাজনৈতিক চিন্তার প্রতিফলন যেন না ঘটে, সেদিকে খেয়াল রাখতে হবে। সাংবাদিককে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সাংবাদিকতা করতে হবে।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল, কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমীর অধ্যাপক রমজান আলী, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক, নিউজনগরের প্রকাশক জুনায়েদ প্রমুখ।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
মহাজাগতিক পূর্ণ সূর্যগ্রহণের পর এখন চলতি মাসেই দেখা মিলতে যাচ্ছে বিরল চন্দ্রগ্রহণ। চাঁদের মোট আয়তনের ৯৬ শতাংশ পৃথিবীর ছায়ায় ঢেকে যাবে। চলতি মাসের শেষের দিকে এই মহাজাগতিক বিরল ঘটনার অবতারণা হতে যাচ্ছে।
জ্যোতির্বিজ্ঞান বিষয়ক ম্যাগাজিন ‘স্কাই অ্যান্ড টেলিস্কোপ’ জানাচ্ছে, আগামী ২৭ ও ২৮ আগস্ট (বৃহস্পতিবার রাতে) আকাশে দেখা মিলবে একটি অনন্য আংশিক চন্দ্রগ্রহণের।
যুক্তরাষ্ট্রের হাওয়াই ও আলাস্কার কিছু অংশ ছাড়া পুরো উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশ থেকে দর্শকরা এই চন্দ্রগ্রহণ প্রত্যক্ষ করতে পারবেন। এছাড়া, আফ্রিকা ও ইউরোপ থেকেও ২৮ আগস্ট ভোরের দিকে এই মহাজাগতিক দৃশ্য দেখা যাবে।
মহাকাশবিজ্ঞানীদের মতে, গ্রহণের সর্বোচ্চ মুহূর্তে চাঁদের প্রায় ৯৬ শতাংশ অংশ পৃথিবীর গাঢ় কেন্দ্রীয় ছায়া বা ‘আমব্রা’র গভীরে চলে যাবে। ফলস্বরূপ, চাঁদ পুরোপুরি ঢেকে না গেলেও এক জ্বলন্ত সূর্যাস্তের মতো রক্তিম ও কমলা রঙের আভায় জ্বলজ্বল করে উঠবে, যা দেখতে অনেকটা ‘ব্লাড মুন’-এর মতো।
চন্দ্রপৃষ্ঠের বাকি অংশ পৃথিবীর বাইরের হালকা ছায়া বা ‘পেনামব্রা’ এর মধ্য দিয়ে যাওয়ার সময় চাঁদের উত্তর প্রান্তে রূপালি আলো বিচ্ছুরিত হবে। আন্তর্জাতিক সময় অনুযায়ী ২৮ আগস্ট রাত ১২টা ১৩ মিনিটে (ইডিটি) চন্দ্রগ্রহণটি তার সর্বোচ্চ অবস্থানে পৌঁছাবে।
চন্দ্রগ্রহণের সময় পৃথিবীর বায়ুমণ্ডল পেরিয়ে আসা আলো প্রতিসরিত হয়ে চাঁদের বুকে পড়ার কারণে তৈরি হওয়া এই লালচে রূপ অতীতে মানুষকে ভীত করলেও বর্তমানে এটি একটি চমৎকার দৃশ্য হিসেবে রয়েছে।
বিজ্ঞানীরা জানিয়েছেন, গ্রহণের সর্বোচ্চ মুহূর্তে চাঁদের অধিকাংশ অংশ অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকায় রাতের আকাশে নক্ষত্ররাজি ও মিল্কিওয়ে নতুন করে তাদের পূর্ণ রূপ নিয়ে ফুটে উঠবে। আমেরিকা মহাদেশের বাসিন্দাদের জন্য ২০২৯ সালের ২৬ জুনের পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের আগে এটি হবে অন্যতম গভীরতম চন্দ্রগ্রহণ দেখার সুযোগ।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ