০৫:০৫ পি.এম
বিশ্বের বিভিন্ন দেশ ভয়াবহ দাবানলের কবলে পড়েছে। গ্রিসে একই পরিবারের দুই সদস্য প্রাণ হারিয়েছেন। যুক্তরাষ্ট্রে নতুন করে অন্তত ৮৩টি আগুনের ঘটনা শনাক্ত করা হয়েছে। ইউক্রেনের চেরনোবিল এলাকায় দুই শতাধিক উদ্ধারকর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এছাড়া ক্রোয়েশিয়া, স্পেন ও তুরস্কেও দাবানল ছড়িয়েছে।
যুক্তরাষ্ট্রের মধ্য ও পশ্চিমাঞ্চলের বিভিন্ন অঙ্গরাজ্যে দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছে। নতুন করে ৮৩টি আগুনের ঘটনা শনাক্ত হওয়ায় কর্তৃপক্ষ সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। এর মধ্যে ৫৪টি বড় দাবানল এখনো পূর্ণরূপে নিয়ন্ত্রণে আসেনি।
ইউটাহ অঙ্গরাজ্যের দাবানল বর্তমানে দেশের সবচেয়ে বড় আগুন হিসেবে চিহ্নিত হয়েছে। তীব্র গরম, শুষ্ক আবহাওয়া ও দমকা বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। দেশজুড়ে দাবানল মোকাবিলায় ৮ হাজারের বেশি দমকল কর্মী কাজে নিয়োজিত রয়েছেন।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
ইউক্রেনের চেরনোবিল এলাকায় কয়েক দিন ধরে জ্বলছিলো বনাঞ্চলের আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন দুই শতাধিক উদ্ধারকর্মী। কর্তৃপক্ষ জানায়, এলাকায় বিকিরণের মাত্রা এখনো স্বাভাবিক রয়েছে। তবে আগুনের ধোঁয়া কিয়েভ পর্যন্ত পৌঁছে বায়ুদূষণ এবং দৃশ্যমানতা কমিয়ে দিয়েছে। উত্তর দিকের বাতাস প্রবাহিত হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে সতর্কতা দেওয়া হয়েছে।
তীব্র তাপপ্রবাহের মধ্যে দাবানলের ঝুঁকি বৃদ্ধি পেয়েছে ক্রোয়েশিয়ায়। ওরেবিচ শহরের কাছে জরুরী কর্মীরা আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আগুনের বিস্তার ঠেকাতে দমকলকর্মীদের পাশাপাশি আকাশপথ থেকেও অভিযান চলছে। পরিস্থিতি মোকাবিলায় দেশের কয়েকটি অঞ্চলে সর্বোচ্চ পর্যায়ের লাল আবহাওয়া সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।
স্পেনের আরাগন অঞ্চলেও দাবানল ছড়িয়ে পড়েছে। এতে অন্তত ২ হাজার হেক্টরের বেশি এলাকা পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে শতাধিক সেনা ও দমকল সদস্য মোতায়েন করেছে কর্তৃপক্ষ। তবে এখন পর্যন্ত কোনো এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়নি।
গ্রিসে ভয়াবহ দাবানলের কারণে বাবা ও ছেলে প্রাণ হারিয়েছেন। আগুন থেকে বাঁচতে গিয়ে তাদের মৃত্যু হয়েছে বলে কর্তৃপক্ষের ধারণা। এ ঘটনায় একজন আহত হয়েছেন। দাবানল নিয়ন্ত্রণে ব্যাপক অভিযান চালাচ্ছে দমকল বাহিনী।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
অন্যদিকে তুরস্কের ইজমিরে আবাসিক এলাকার কাছে দাবানল ছড়িয়ে পড়েছে। আগুনের লেলিহান শিখা বাড়িঘর ও সড়কের খুব কাছাকাছি চলে এসেছে, এ কারণে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে। আগুন নিয়ন্ত্রণে দ্রুত ঘটনাস্থলে দমকল বাহিনী মোতায়েন করা হয়েছে। আবাসিক এলাকায় যাতে আগুন না ছড়ায়, সেজন্য দমকলকর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন