০৬:৩৯ পি.এম
চট্টগ্রামে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ডিজিটাল ডট নেটের (ডিডিএন) অফিসে চাঁদা দাবি ও হামলার ঘটনায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। সংগঠনটি সতর্ক করেছে, যদি এই সময়ের মধ্যে অভিযুক্তদের আইনের আওতায় না আনা হয়, তাহলে চট্টগ্রাম বিভাগে ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৩টায় চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন আইএসপিএবি নেতারা। সংবাদ সম্মেলনের পর চট্টগ্রামের বিভিন্ন ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের শতাধিক কর্মকর্তা-কর্মচারী প্রেস ক্লাবের সামনে মানববন্ধনও করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আইএসপিএবি চট্টগ্রাম বিভাগের আহ্বায়ক রাজিব শাহরিয়ার রুবেন্স। তিনি জানান, শনিবার ডিডিএনের কাছে ফোনে চাঁদা দাবি করা হয়েছে। এরপর সোমবার দুপুরে একটি সশস্ত্র দলের সদস্যরা প্রতিষ্ঠানটির অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করে। এই ঘটনায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। অনেকেই নিরাপত্তার অভাবে কর্মস্থলে যেতে ভয় পাচ্ছেন।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
রাজিব শাহরিয়ার রুবেন্স আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো নিয়মিতভাবে চাঁদাবাজি, হুমকি এবং হয়রানির শিকার হচ্ছে। এটি কোনো একক প্রতিষ্ঠান না, বরং পুরো আইএসপি খাতের জন্য একটি বড় নিরাপত্তা সংকট হয়ে দাঁড়িয়েছে।
তিনি বলেন, বর্তমানে দেশের অর্থনীতি, প্রশাসন ও জনসেবার বড় অংশই ইন্টারনেটনির্ভর হয়ে পড়েছে। তাই ইন্টারনেট অবকাঠামোর ওপর হামলা দেশের স্বাভাবিক কার্যক্রমকে ব্যাহত করার অপচেষ্টা হিসেবেই তারা মনে করছেন।
সংবাদ সম্মেলনে চার দফা দাবি তুলে ধরা হয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে— ডিডিএনের অফিসে হামলার সঙ্গে যুক্তদের দ্রুত শনাক্ত করে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা, দেশের সব আইএসপি প্রতিষ্ঠান ও তাদের নেটওয়ার্ক অবকাঠামোর নিরাপত্তা বৃদ্ধি করা, আইএসপি খাতে সংঘটিত চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের দ্রুত তদন্ত করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্মিলিত উদ্যোগ গ্রহণ।
আইএসপিএবি নেতারা জানান, সাধারণ মানুষের স্বার্থে এখনও পর্যন্ত ইন্টারনেট সেবা চালু রাখা হয়েছে। তবে যদি ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করা না হয়, তাহলে তারা কঠোর কর্মসূচি হিসেবে চট্টগ্রাম বিভাগে ইন্টারনেট সেবা বন্ধ করতে বাধ্য হবেন।
আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা
সংবাদ সম্মেলনে আইএসপিএবি কেন্দ্রীয় কমিটির পরিচালক রাশিদুর রহমান রাজনসহ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্তরের সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে, ১১ মে প্রতিষ্ঠানের মালিক আদিল বিন মামুনকে একটি বিদেশি নম্বর থেকে ফোন করে মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন বলেন, ‘আমি সাজ্জাদ গ্রুপের ডেবিট ইমন। এককালীন ২ কোটি টাকা দেবেন। আর প্রতি মাসে ১০ লাখ টাকা। না হলে এখন থেকে আপনি আর ব্যবসা করতে পারবেন না। আমার ছেলেরা ব্যবসা করবে। বেশি দূর যেতে হবে না- পুলিশ কমিশনারের কাছ থেকে জিজ্ঞেস করে জেনে নেবেন আমি কে। আপনি স্মার্ট গ্রুপের মুজিবের চেয়ে বড় হননি। দুই দিন টাইম দিচ্ছি। না হলে দুই দিন পর ব্যবসা করছেন দেখি, তাহলে দেখবেন কী কী হয়। চট্টগ্রাম শহরের সব ব্যবসায়ী আমাদের সঙ্গে সমন্বয় করেই ব্যবসা করছে।’
এভাবেই কথোপকথন হয় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে বড় সাজ্জাদের অন্যতম সহযোগী ডেবিড ইমনের। তার নির্দেশ অনুয়ায়ী ব্যবসা বন্ধ না করার কারণে ঠিক দুই দিন পর তৃতীয় দিনেই ওই প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করেন একদল সশস্ত্র দুর্বৃত্ত।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন