ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

টাইফুন বাভির প্রভাবে ফিলিপাইনে ভূমিধস, ৫ জনের প্রাণহানি


টাইফুন বাভির প্রভাবে ফিলিপাইনে ভূমিধস, ৫ জনের প্রাণহানি

 সর্বশেষ তিন দশকের মধ্যে সবচেয়ে বড় টাইফুন বাভি বর্তমানে তাইওয়ানের দিকে ধেয়ে আসছে। টাইফুনটির প্রভাবে ফিলিপাইনে ভূমিধসে অন্তত পাঁচজন প্রাণ হারিয়েছেন। অন্যদিকে তাইওয়ানে এক সহস্রাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

শুক্রবার এবং শনিবার টাইফুন বাভি তাইওয়ানের উত্তর ও পূর্বাঞ্চল এবং জাপানের দক্ষিণ-পশ্চিমের দূরবর্তী দ্বীপগুলোতে আঘাত হানবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এরপর এটি চীনে আছড়ে পড়তে পারে। চলতি সপ্তাহের প্রাণঘাতী ঝড়ে চীন ইতোমধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে।

তাইওয়ানের কিলুং থেকে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানায়। ফিলিপাইনের পুলিশ জানায়, বাভির প্রভাবে সৃষ্ট ভারী বৃষ্টিপাতে ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে ভূমিধসে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও ছয়জন।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

তাইওয়ানের বন্দরনগরী কিলুংকে দ্বীপটির সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা হিসেবে ধরা হচ্ছে। সেখানে বাসিন্দারা প্রয়োজনীয় খাদ্যসামগ্রী মজুত করেছেন। জানালায় টেপ লাগিয়েছেন এবং দোকানের সামনে বালুর বস্তা সাজিয়ে রেখেছেন। কর্তৃপক্ষের সতর্কবার্তা মেনে তারা আগাম প্রস্তুতি নিয়েছেন।

সোমবার সুপার টাইফুন হিসেবে গুয়াম ও নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জে আঘাত হানার পর প্রশান্ত মহাসাগর অতিক্রমের সময় বাভির শক্তি কিছুটা কমে টাইফুনে পরিণত হয়।

কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসন (সিডব্লিউএ) জানিয়েছে, শুক্রবার বাভির সর্বোচ্চ স্থায়ী বাতাসের গতি ছিল ঘণ্টায় ১৬২ কিলোমিটার এবং দমকা হাওয়ার গতি ছিল ঘণ্টায় প্রায় ১৯৮ কিলোমিটার। বৃহস্পতিবারের তুলনায় এটির গতি কিছুটা কমেছে।

সিডব্লিউএর আবহাওয়াবিদ ওয়াং পিং-শিয়াং এএফপিকে বলেন, ‘পরিবেশগত পরিস্থিতি অনুকূলে না থাকলে টাইফুনটি আরও দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে।’

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

তিনি জানান, ‘তাইপে, নিউ তাইপে, কিলুং ও ইলান সবচেয়ে বেশি প্রভাবিত হতে পারে এবং মধ্য ও উত্তর তাইওয়ানের পার্বত্য এলাকায় সবচেয়ে বেশি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।’

বাভির প্রবল বাতাসের বিস্তৃতি ৩৮০ কিলোমিটার। ফলে এটি ৩০ বছরেরও বেশি সময়ের মধ্যে তাইওয়ানে আঘাত হানা সবচেয়ে বড় টাইফুন হতে চলেছে।

শুক্রবার রাজধানী তাইপেসহ উত্তর ও পূর্ব তাইওয়ানের বহু স্কুল ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। বাতিল করা হয়েছে শত শত অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট।

কিলুংয়ে বাসিন্দারা তাজা ফল ও সবজি কিনতে বাজারে ভিড় করছেন। ভ্রাম্যমাণ বিক্রেতারা তাঁদের স্টল সুরক্ষিত করছেন। একটি মন্দির কর্তৃপক্ষও ঝড়ের আগে বাইরে থাকা একটি মূর্তি ঢেকে বেঁধে রাখছে।

আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত

বাভির প্রভাবে কোথাও কোথাও এক মিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এই কারণে বন্যা ও ভূমিধসের আশঙ্কা দেখা দিয়েছে।

তাইওয়ানের পূর্বাঞ্চলের পার্বত্য হুয়ালিয়েন কাউন্টিতে দুইটি প্রাকৃতিক বাঁধ পর্যবেক্ষণে রেখেছে কর্তৃপক্ষ। এখানে বেশি ঝুঁকি থাকায় সহস্রাধিক মানুষকে বাড়িঘর থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে বাভিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে এমন এলাকার মানুষকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

জরুরি পরিস্থিতি মোকাবিলায় ২০ সহস্রাধিক সেনাসদস্যের পাশাপাশি প্রয়োজনীয় যন্ত্রপাতি, সরঞ্জাম ও যানবাহন প্রস্তুত রাখা হয়েছে।

আরও পড়ুন: ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৪, হাসপাতালে ভর্তি ১৮৫১ জন

জাপানের দূরবর্তী সাকাশিমা দ্বীপপুঞ্জের কয়েকটি এলাকায় টাইফুনের কারণে স্কুল ও অফিস বন্ধ রাখা হয়েছে। আবহাওয়াবিদরা উঁচু ঢেউ, ঝড়ো আবহাওয়া ও ভূমিধসের সতর্কতা দিয়েছেন।

জাপানের দ্বীপপুঞ্জে আঘাত হেনে এবং তাইওয়ানের উত্তর প্রান্ত অতিক্রম করে সপ্তাহান্তে পূর্ব চীনে বাভির আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছিনতাই চক্রের ১১ নারী সদস্য আটক ব্রাহ্মণবাড়িয়ায়

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৬:১২ পি.এম


ছিনতাই চক্রের ১১ নারী সদস্য আটক ব্রাহ্মণবাড়িয়ায়

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে ১১ জন নারী ছিনতাইকারীকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ। শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে আছেন সেলিনা বেগম-(৩৫), সাফিয়া বেগম-(৩০), সুলেমা বেগম-(৬২), আবুনী বেগম(৬৫), শাহানা বেগম(৩৫), লাকি আক্তার-(৩০), শাহানা বেগম-(৪৫), সাথি আক্তার-(২৩), আঁখি আক্তার-(২৩), রাহালা বেগম-(৫০) ও সুজনা আক্তার-(৩৫)।

তাদের সকলের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনর্চাজ মোঃ শাহ আলম মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন ট্রেনে যাত্রী সেজে মহিলাদের গলার চেইন, কানের দুলসহ স্বর্ণালঙ্কার ছিনতাই করে আসছিল। তাদের প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

পরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। তিনি জানান, রেলওয়ে পুলিশের পক্ষ থেকে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বর্ষণে জলমগ্ন খুলনার নিম্নাঞ্চল, ক্ষতিগ্রস্ত কৃষিজমি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৬:১৪ পি.এম


বর্ষণে জলমগ্ন খুলনার নিম্নাঞ্চল, ক্ষতিগ্রস্ত কৃষিজমি

ক খুলনার উপকূলীয় উপজেলা পাইকগাছার বিভিন্ন এলাকায় টানা পাঁচ দিনের ভারী বর্ষণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জলাবদ্ধতা পৌরসভার পাশাপাশি উপজেলার ১০টি ইউনিয়নের বিভিন্ন নিম্নাঞ্চলে দেখা দিয়েছে, যার কারণে জনজীবন ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হয়েছেন নিম্নআয়ের মানুষ, পথচারী ও ক্ষুদ্র ব্যবসায়ীরা।

শুক্রবার (১০ জুলাই) সকাল ১১টার পর থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে পাইকগাছা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন সড়ক, অলিগলি এবং বসতবাড়ির আঙিনায় পানি জমে গেছে। দুপুরে সরেজমিনে দেখা গেছে, অনেক সড়কে পানি জমে থাকায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। সাধারণ মানুষকে কাদা-পানি মাড়িয়ে চলাচল করতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গত প্রায় এক সপ্তাহ ধরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। শুক্রবারের ভারী বর্ষণের পর পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকা অবস্থায় অনেক এলাকায় দীর্ঘ সময় ধরে পানি জমে রয়েছে।

পৌরসভার পাশাপাশি উপজেলার বিভিন্ন ইউনিয়নেও জলাবদ্ধতার খবর পাওয়া গেছে। এতে দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হওয়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্যেও প্রভাব পড়েছে।

জলাবদ্ধতা নিরসনে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের স্লুইসগেট দিয়ে পানি অপসারণের কাজ চলছে। গেটের দায়িত্বে থাকা ইব্রাহীম মোল্লা জানিয়েছেন, যত দ্রুত সম্ভব জমে থাকা পানি নিষ্কাশনের চেষ্টা করা হচ্ছে।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একবামুল হোসেন জানিয়েছেন, অতিবৃষ্টিতে আওশ ধান, মরিচের ক্ষেত এবং অফ সিজেন তরমুজসহ কয়েক হেক্টর ধানের বীজতলা তলিয়ে গেছে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক জানিয়েছেন, এখনো পুকুর ও মৎস্য ঘের তলিয়ে যাওয়ার খবর নেই। তবে বৃষ্টি অব্যাহত থাকলে মৎস্য ঘের তলিয়ে গেলে এটি ঘের মালিকদের জন্য ব্যাপক ক্ষতি হবে।

পাইকগাছা পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী বলেছেন, জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের পক্ষ থেকে পানি দ্রুত অপসারণের কাজ চলছে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পারমাণবিক শক্তি আরও বাড়ানোর বার্তা দিল উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৬:১৭ পি.এম


পারমাণবিক শক্তি আরও বাড়ানোর বার্তা দিল উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া তাদের পারমাণবিক শক্তি ‘গুণগত ও পরিমাণগত-উভয় দিক থেকেই’ আরও জোরদার করবে। একই সঙ্গে দক্ষিণ কোরিয়া কেন্দ্রিক সামরিক গোয়েন্দা সংস্থার ভূমিকা ও দায়িত্বও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

শুক্রবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে এ তথ্য প্রকাশিত হয়েছে।

পারমাণবিক কর্মসূচির কারণে উত্তর কোরিয়ার ওপর ব্যাপক আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ১৯৫০-৫৩ সালের কোরীয় যুদ্ধ শান্তিচুক্তি ছাড়া শেষ হওয়ায় উত্তর ও দক্ষিণ কোরিয়া এখনো আনুষ্ঠানিকভাবে যুদ্ধাবস্থায় রয়েছে।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ংয়ের উদ্যোগ বারবার প্রত্যাখ্যাত হওয়ার পর এ ঘোষণা দেওয়া হয়েছে। উত্তর কোরিয়া সিউলকে তাদের ‘সবচেয়ে বৈরী’ হিসেবে চিহ্নিত করেছে এবং নিজেকে ‘অপরিবর্তনীয়’ একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানায়, বৃহস্পতিবার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সামরিক কমিশনের একটি বর্ধিত বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা করা হয়।

বৈঠকে ‘গুণগত ও পরিমাণগত-উভয় দিক থেকেই পারমাণবিক শক্তি জোরদার’ করার মতো পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এতে দক্ষিণ কোরিয়া সংক্রান্ত অভিযানের দায়িত্বে থাকা পিয়ংইয়ংয়ের সামরিক গোয়েন্দা সংস্থা জেনারেল রিকনেসান্স অ্যান্ড ইন্টেলিজেন্স ব্যুরোর কার্যক্রম ও দায়িত্ব ব্যাপকভাবে সম্প্রসারণ করার জন্য আহ্বান জানানো হয়েছে।

কেসিএনএ জানায়, সম্ভাব্য শত্রুর হুমকি নিয়ন্ত্রণ এবং গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহে সংস্থাটি ‘গুরুত্বপূর্ণ ভূমিকা’ পালন করছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বৈঠকে সংস্থাটির ‘সামরিক নজরদারি ও গোয়েন্দা তৎপরতার সক্ষমতা বৃদ্ধি’ করার উপায় নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।

কোরিয়া ইনস্টিটিউট ফর ন্যাশনাল ইউনিফিকেশনের জ্যেষ্ঠ গবেষক হং মিন মন্তব্য করেছেন যে, উত্তর কোরিয়ার সাম্প্রতিক পদক্ষেপ বোঝা যাচ্ছে যে, পিয়ংইয়ং এখন দুই কোরিয়াকে ‘দু’টি বৈরী রাষ্ট্র’ হিসেবে বিবেচনা করছে। এর ফলে যুদ্ধবিরতি ভিত্তিক আগের কাঠামো পরিবর্তিত হতে পারে।

সূত্র : এএফপি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সহায়তা কমে যাওয়ায় ঝুঁকিতে ১০ লাখ নারী ও কিশোরী: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৬:২০ পি.এম


সহায়তা কমে যাওয়ায় ঝুঁকিতে ১০ লাখ নারী ও কিশোরী: জাতিসংঘ

জাতিসংঘ শুক্রবার সতর্কবার্তা দিয়েছে যে, ২০২৫ সালের জানুয়ারি থেকে বৈদেশিক সহায়তা কমে যাওয়ার কারণে ব্যয় হ্রাসের ফলে অন্তত ১০ লাখ নারী ও কিশোরী জরুরি সহায়তা থেকে বঞ্চিত হয়েছেন।

জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা ইউএন উইমেন একটি নতুন প্রতিবেদনে জানিয়েছেন, প্রয়োজন দ্রুত বৃদ্ধি পেলেও নারীদের নিয়ে কাজ করা বেশ কিছু সংগঠন ভেঙে পড়ার ঝুঁকিতে রয়েছে।

জেনেভা থেকে এএফপি সংবাদ মাধ্যমটি এই তথ্য জানিয়েছে।

গত বছরে দায়িত্ব গ্রহণের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈদেশিক সহায়তা উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেন। একই সময় অন্যান্য গুরুত্বপূর্ণ দাতা দেশও সহায়তা ব্যয় হ্রাস করেছে।

ইউএন উইমেনের মানবিক কার্যক্রম বিভাগের প্রধান সোফিয়া কালতোর্প এক বিবৃতিতে বলেছেন, ‘বন্ধ হওয়ার ঝুঁকিতে থাকা নারী সংগঠনগুলো বিশ্বব্যাপী সবচেয়ে ভয়াবহ মানবিক সংকটের সামনের সারিতে কাজ করছে।’

তিনি আরও বলেন, ‘নারী সংগঠনগুলোর জন্য প্রত্যাহার করা প্রতিটি ডলার মানে সংঘাতজনিত যৌন সহিংসতার শিকার ব্যক্তি, বাস্তুচ্যুত মা, স্কুলছুট হতে বাধ্য হওয়া কিশোরী এবং টিকে থাকার ত্রাণসামগ্রী রক্ষা করার জন্য যুদ্ধরত জনগণের কাছ থেকে এক ডলার করে সহায়তা প্রত্যাহার করা।’

ইউএন উইমেন জানিয়েছে যে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সশস্ত্র সংঘাত বিশ্বজুড়ে এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। এই পরিস্থিতিতে প্রায় ১২ কোটি নারী ও কিশোরীর মানবিক সহায়তা ও সুরক্ষা প্রয়োজন।

সংকট কবলিত ৫২টি দেশের নারী নেতৃত্বাধীন ও নারীর অধিকারভিত্তিক ৮৫৫টি সংগঠনের মতামতের ভিত্তিতে তৈরি প্রতিবেদনে দেখা গেছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে ৮৪ শতাংশ সংগঠনের সেবার চাহিদা বৃদ্ধি পেয়েছে।

সংস্থাটি জানিয়েছে, প্রতি ১০টি সংগঠনের মধ্যে প্রায় ৯টি বর্তমানে চাহিদা পূরণ করতে সক্ষম হচ্ছে না। জরিপে অংশ নেওয়া প্রতি পাঁচটি সংগঠনের মধ্যে দুটি আগামী এক বছরের মধ্যে সাময়িক বা স্থায়ীভাবে বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সংগঠনগুলো টিকিয়ে রাখতে অবস্থান নিয়েছেন নেতৃস্থানীয় ব্যক্তি ও কর্মীরা নিজেদের শ্রম ও ব্যক্তিগত প্রচেষ্টা দিয়ে।

ইউএন উইমেন জানিয়েছে, নারী নেতৃত্বাধীন ৬৫ শতাংশ সংগঠনের কর্মীরা কোনো পারিশ্রমিক ছাড়াই সেবা প্রদান করে চলেছেন।

প্রায় অর্ধেক সংগঠন জানিয়েছে, কর্মীদের মধ্যে মানসিক ও শারীরিক অবসাদ বৃদ্ধি পাচ্ছে।

ইউএন উইমেনের বিবৃতিতে সতর্ক করে বলা হয়েছে, ২০২৫ সালে সংঘাতজনিত যৌন সহিংসতার ঘটনা দ্বিগুণ বেড়ে গেছে। ঠিক সেই সময়েই ভুক্তভোগীদের সুরক্ষার জন্য গড়ে তোলা ব্যবস্থা ভেঙে পড়ছে।

প্রতিবেদনে দেখা গেছে, ৮৬ শতাংশ নারী সংগঠন জানিয়েছে, তারা যেসব এলাকায় কাজ করছে সেখানে লিঙ্গভিত্তিক সহিংসতার বৃদ্ধি ঘটেছে।

সংস্থাটি জোর দিয়ে জানিয়েছে, সহায়তা কমানোর প্রভাব ভয়াবহ।

তারা বলেছেন, সহিংসতা থেকে আশ্রয় নিতে আসা একজন নারী হয়তো এমন এক আশ্রয়কেন্দ্রে পৌঁছাবেন, যা ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে। আবার একজন গর্ভবতী নারীকে চিকিৎসা কেন্দ্রে পৌঁছাতে ঘণ্টার পর ঘণ্টা হাঁটতে হতে পারে।

এছাড়াও, কোনো মাকে তাঁর সন্তানদের জন্য খাদ্য সহায়তার অভাবেও পড়তে হতে পারে।

ইউএন উইমেন আরও জানায়, এ সহায়তা কমানো মানে শুধু মানবিক সহায়তা কার্যক্রমকে দুর্বল করা নয়।

সংস্থাটি বলেছে, ‘নারী সংগঠনগুলোর বিলুপ্তি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি এমন একটি সময়ে ঘটছে, যখন বিশ্বজুড়ে নারী ও কিশোরীদের অধিকারের বিরুদ্ধে প্রতিক্রিয়া জোরদার হচ্ছে।’

প্রতিবেদনে দেখা গেছে, প্রতি পাঁচটি সংগঠনের মধ্যে একটি ইতোমধ্যে নারীর নেতৃত্ব ও লিঙ্গসমতা এগিয়ে নিয়ে যাওয়ার কার্যক্রম স্থগিত করেছে। আর অর্ধেকের বেশি সংগঠন জানিয়েছে, স্থানীয় নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণে নারীদের অংশগ্রহণ কমে যেতে দেখছে তারা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%