০২:৪৮ পি.এম
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) এর ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পোস্টার লাগানোর ঘটনা নিয়ে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
কুবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ এবং সদস্যসচিব মো. আবুল বাশারের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (১৩ আগস্ট) এই নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শান্তিপূর্ণ এবং নিরাপদ পরিবেশ বজায় রাখতে ক্যাম্পাসে নিষিদ্ধ কোনো সংগঠনের কার্যক্রম, প্রচারণা কিংবা পোস্টার-ব্যানার প্রদর্শন করা গ্রহণযোগ্য নয়। এমন ধরনের কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য উদ্বেগজনক এবং এটি আইন ও বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধির পরিপন্থী হয়ে থাকে।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
এতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানানো হচ্ছে যাতে ঘটনাটির দ্রুত তদন্ত করা হয় এবং পোস্টার লাগানোর সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রচলিত আইন ও বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। একই সঙ্গে দাবি জানানো হয়, ভবিষ্যতে যাতে ক্যাম্পাসে নিষিদ্ধ কোনো সংগঠনের কার্যক্রম পরিচালিত বা প্রচারিত হতে না পারে, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে নিরাপদ, সুশৃঙ্খল, শিক্ষাবান্ধব ও রাজনৈতিক সহিংসতামুক্ত ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃড় এবং নিরপেক্ষ ভূমিকা প্রত্যাশা করে কুবি ছাত্রদল।
কুবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ বলেন, গত জুলাই মাসে গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলা, গুলিবর্ষণ ও নির্যাতনের অভিযোগে অন্তর্বর্তীকালীন সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ সংগঠন ঘোষণা করেছে। এর ফলে আইন অনুযায়ী তাদের কোনো মতবাদযোগ্য রাজনৈতিক বা সাংগঠনিক কার্যক্রম পরিচালনার সুযোগ নেই।
তিনি বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং এর আশপাশে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের যেকোনো অপতৎপরতা কঠোরভাবে প্রতিহত করা হবে।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
সম্প্রতি ঘোষিত ছাত্রলীগের কমিটিতে যাদের নাম এসেছে, তাদের অনেককেই সাধারণ শিক্ষার্থীরা চেনেন না এবং তারা ক্যাম্পাস বা স্থানীয় এলাকার বাসিন্দাও নন বলে দাবি করেন তিনি।
মোস্তাফিজুর রহমান শুভ আরও বলেন, ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে ক্যাম্পাসের ভেতর বা এর ১০০ গজের মধ্যে নিষিদ্ধ সংগঠনের কোনো কার্যক্রম চালাতে দেওয়া হবে না। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এ ধরনের কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে প্রশাসন এবং প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
সুষ্ঠু শিক্ষার পরিবেশ অক্ষুণ্ন রাখতে সাধারণ শিক্ষার্থী, কুবি ছাত্রদল এবং অন্যান্য ক্রিয়াশীল ছাত্রসংগঠন ঐক্যবদ্ধভাবে এসব অপতৎপরতা প্রতিহত করবে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, ১২ আগস্ট দিবাগত রাতে, অর্থাৎ ১৩ আগস্টের প্রথম প্রহরে, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ১৫ আগস্ট শোক দিবস উপলক্ষে পোস্টার সাঁটানোর অভিযোগ ওঠে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে।
আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন