০৮:২৫ পি.এম
দেশে গত ২৪ ঘণ্টার মধ্যে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। ফলে চলতি বছরের শুরু থেকে মশাবাহিত এই রোগে মোট প্রাণহানি ২৮১ জনে পৌঁছেছে। পাশাপাশি, গত একদিনে ডেঙ্গু রোগে নতুন করে ১ হাজার ৯৯৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য প্রকাশিত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) তিনজন, বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুইজন, ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) একজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে একজন এবং রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: ক্ষমা চাইলেন ‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’ বলা এমপি রতন
এদিকে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) সর্বাধিক ৪৮০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে বরিশাল বিভাগে ২০৩ জন, চট্টগ্রাম বিভাগে ২২২, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৯৪, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৮৭, খুলনা বিভাগে ৩০২, ময়মনসিংহ বিভাগে ৯৬, রাজশাহী বিভাগে ১৯৯, রংপুর বিভাগে ৭৫ এবং সিলেট বিভাগে ১৮ জন ডেঙ্গু রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন।
মোট মিলিয়ে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ মঙ্গলবার পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২৮১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ ঢাকা বিভাগে ১২৭ জন মারা গেছেন। এছাড়া, খুলনা বিভাগে ৫৫ জন, ময়মনসিংহ বিভাগে ২৩, বরিশাল বিভাগে ২৪, চট্টগ্রাম বিভাগে ২৫, রাজশাহী বিভাগে ১৯, রংপুরে ৬ জন এবং সিলেট বিভাগে দুইজনের মৃত্যু হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন