ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

আরটিভির নামে চাঁদাবাজি, চাকরিচ্যুত প্রতিনিধি বাবুর বিরুদ্ধে অভিযোগ


আরটিভির নামে চাঁদাবাজি, চাকরিচ্যুত প্রতিনিধি বাবুর বিরুদ্ধে অভিযোগ

নোয়াখালীতে অনিয়ম, চাঁদাবাজি ও হুমকি প্রদর্শনের অভিযোগ উঠেছে চাকরিচ্যুত সাবেক জেলা প্রতিনিধি মনির হোসেন বাবুর বিরুদ্ধে, যিনি আরটিভির নাম, লোগো, আইডি কার্ড ও ব্যুম ব্যবহার করেছেন। এ ঘটনায় আরটিভি কর্তৃপক্ষ বেগমগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। একই সঙ্গে জনসাধারণকে সতর্ক করার জন্য একটি বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

মনির হোসেন বাবু নোয়াখালীর চৌমুহনীর ব্যাংক রোড এলাকার দক্ষিণ হাজীপুরের আব্দুর রব মিয়ার পুত্র।

আরটিভি কর্তৃপক্ষ জানায়, ৮ মার্চ ২০২৬ তারিখে কর্মক্ষেত্রে অবহেলা, গাফিলতি, অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি ও সাংবাদিক পদের অপব্যবহারসহ একাধিক অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে চাকরিচ্যুত করা হয়েছে। চাকরিচ্যুতির পর নির্দেশ দেওয়া সত্ত্বেও তিনি আরটিভির লোগোসহ ব্যুম ও আইডি কার্ড জমা দেননি। বরং তিনি ব্যক্তিগত গাড়িতে আরটিভির লোগো ব্যবহার করে সাংবাদিক পরিচয় দিয়ে দখলদারিত্ব, হুমকি ও চাঁদাবাজির কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

আরটিভি কর্তৃপক্ষ জানায়, মনির হোসেন বাবুর বর্তমান কর্মকাণ্ডের সঙ্গে প্রতিষ্ঠানের কোনো সম্পর্ক নেই। তার ব্যক্তিগত বা অর্থনৈতিক লেনদেনের দায় আরটিভি নেবে না। প্রতিষ্ঠানটি আহ্বান জানিয়েছে, কেউ যদি আরটিভির লোগো বা পরিচয় ব্যবহার করে অবৈধ সুবিধা চাইলে তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রী স্বর্ণপদক’-এর জন্য মনোনীত রুয়েটের ৭ শিক্ষার্থী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:২৬ পি.এম


প্রধানমন্ত্রী স্বর্ণপদক’-এর জন্য মনোনীত রুয়েটের ৭ শিক্ষার্থী

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) প্রবর্তিত ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ ২০১৯, ২০২০ ও ২০২১-এর জন্য প্রকাশিত চূড়ান্ত তালিকায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সাত (৭) শিক্ষার্থী স্থান পেয়েছেন। এই তিন বছরে বিশ্ববিদ্যালয়টি থেকে যথাক্রমে তিন, এক ও তিনজন করে শিক্ষার্থী এ স্বীকৃতির জন্য মনোনীত হয়েছেন।

ইউজিসির প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০১৯, ২০২০ ও ২০২১ সালের প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য বিশ্ববিদ্যালয়গুলো থেকে প্রাপ্ত প্রার্থীদের আবেদন যাচাই-বাছাই করে প্রাথমিক তালিকা তৈরি করা হয়। এরপর সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর মাধ্যমে তালিকা পুনরায় যাচাই শেষে মোট ৪৬৯ শিক্ষার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে বলে জানা যায়। ইউজিসির ওয়েবসাইটে সম্মাননা সেবা অংশে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ তালিকাটি প্রকাশ করা হয়েছে।

চূড়ান্ত তালিকায় রুয়েটের সাতজনের মধ্যে ২০২১ সালের জন্য মনোনীত হন ২০১৫–১৬ শিক্ষাবর্ষের তিন সাবেক শিক্ষার্থী। তাদের মধ্যে রয়েছেন—মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. শাহীনুর আলম, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জাহিদ হাসান এবং তড়িৎ ও তড়িৎকৌশল বিভাগের মো. মায়েনুল ইসলাম।

এছাড়াও ২০২০ সালের জন্য মনোনীত হয়েছেন ২০১৪–১৫ শিক্ষাবর্ষের স্থাপত্য বিভাগের সাবেক শিক্ষার্থী তামান্না সুলতানা স্বর্ণা। ২০১৯ সালের জন্য মনোনীত হয়েছেন ২০১৩–১৪ শিক্ষাবর্ষের তিন সাবেক শিক্ষার্থী। তারা হলেন—যন্ত্রকৌশল বিভাগের মিফতাহুল মবিন চৌধুরী, পুরকৌশল বিভাগের সুমাইয়া তাবাসসুম এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের মহিউদ্দিন আহমেদ।

উল্লেখ্য, পেশাগত জীবনেও রুয়েটের এসব সাবেক শিক্ষার্থী সাফল্যের সঙ্গে এগিয়ে চলেছেন। তাদের অধিকাংশই বর্তমানে শিক্ষকতা ও গবেষণার সঙ্গে যুক্ত রয়েছেন। মো. শাহীনুর আলম বর্তমানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ফার্ম পাওয়ার অ্যান্ড মেশিনারি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। তিনি বর্তমানে শিক্ষা ছুটিতে যুক্তরাষ্ট্রের ইলিনয়েস বিশ্ববিদ্যালয় আরবানা-শ্যাম্পেইনের কৃষি ও জৈব প্রকৌশল বিভাগে পিএইচডি করছেন।

জাহিদ হাসান রুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। তবে বর্তমানে যুক্তরাষ্ট্রের আইওয়া বিশ্ববিদ্যালয়ের স্কুল অব প্ল্যানিং অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্সে মাস্টার অব সায়েন্স প্রোগ্রামে অধ্যয়ন করছেন।

এদিকে, মিফতাহুল মবিন চৌধুরী রুয়েটের যন্ত্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। বর্তমানে যুক্তরাষ্ট্রের টেক্সাস এঅ্যান্ডএম বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পর্যায়ের গবেষণা সহকারী হিসেবে কাজ করছেন।

অন্যদিকে, মহিউদ্দিন আহমেদ রুয়েটের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে, সুমাইয়া তাবাসসুম পুরকৌশল বিভাগে, মো. মায়েনুল ইসলাম তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগে এবং তামান্না সুলতানা স্বর্ণা স্থাপত্য বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

ইউজিসির তথ্য অনুযায়ী, ২০১৯ থেকে ২০২১—এই তিন বছরে প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মোট ৪৬৯ শিক্ষার্থী চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন। এর মধ্যে রুয়েটের সাতজন, যা মোট মনোনীতদের প্রায় ১ দশমিক ৪৯ শতাংশ।

তালিকায় দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও রয়েছেন। একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩২, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২৮, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৫, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২৪, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৮ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১৬ শিক্ষার্থী স্থান পেয়েছেন। এই ছয় বিশ্ববিদ্যালয় থেকেই রয়েছেন মোট ১৪৩ জন। এছাড়াও দেশের বেশ কয়েকটি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এ তালিকায় নিজেদের উপস্থিতি নিশ্চিত করেছেন।

পাশপাশি অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ১১, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) থেকে আট, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) থেকে ছয় এবং ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) থেকে ছয়জন মনোনীত হয়েছেন। সব প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে মোট ৩৮ জন শিক্ষার্থী তালিকায় রয়েছেন।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক ইউজিসির প্রবর্তিত একটি জাতীয় পর্যায়ের প্রাতিষ্ঠানিক স্বীকৃতি। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে এ পুরস্কারের জন্য পৃথক সম্মাননা সেবা ও নীতিমালা রয়েছে। ২০২২ সালে ২০১৯, ২০২০ ও ২০২১ সালের জন্য মনোনয়ন আহ্বান করা হয়েছিল এবং পরবর্তী যাচাই-বাছাই শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। রুয়েট শিক্ষার্থীদের এ স্বীকৃতি বিশ্ববিদ্যালয়টির একাডেমিক সাফল্যের পাশাপাশি সাবেক শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, গবেষণা ও শিক্ষকতায় অবদানেরও একটি উল্লেখযোগ্য প্রতিফলন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘হকার ও অটোরিকশা চালকদের আন্দোলনে উসকানি দিচ্ছে জামায়াত-এনসিপি’ অভিযোগ আবু হানিফের

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:২৭ পি.এম


‘হকার ও অটোরিকশা চালকদের আন্দোলনে উসকানি দিচ্ছে জামায়াত-এনসিপি’ অভিযোগ আবু হানিফের

গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ অভিযোগ করেছেন যে, জামায়াত ও এনসিপি হকার ও অটোরিকশা চালকদের আন্দোলনে পেছন থেকে উসকানি দিচ্ছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে তিনি এই বক্তব্য তুলে ধরেন।

আবু হানিফ তার পোস্টে উল্লেখ করেন, শহরের রাস্তায় অটোরিকশা এবং ফুটপাতের হকার উভয়ই বর্তমানে আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে। কিন্তু যখন এগুলো নিয়মের বাইরে চলে যায়, তখন সাধারণ মানুষের ভোগান্তি বেড়ে যায়।

অটোরিকশাগুলি যেখানে সেখানে দাঁড়িয়ে যায়, যাত্রীরা ওঠানামা করে এবং কখনো কখনো উল্টো দিকেও চলে যায়। এর ফলে যানজট বৃদ্ধি পায়, রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং দুর্ঘটনার ঝুঁকিও বৃদ্ধি পায়।

অন্যদিকে, ফুটপাত দখল করে দোকান বসানোর কারণে পথচারীদের হাঁটার জন্য জায়গা থাকে না। অনেককে বাধ্য হয়ে মূল সড়কে হাঁটতে হয়। এতে দুর্ঘটনার আশঙ্কা যেমন বাড়ে, তেমনি যানজট ও জনদুর্ভোগও বৃদ্ধি পায়।

এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য জনগণের দাবি উঠেছে। সরকার যখন সেই দাবি এবং জনদুর্ভোগের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে নিয়ে কাজ শুরু করেছে, তখনই দেখা গেছে হকার এবং অটোরিকশা চালকরা আন্দোলনে নেমেছে। গত কয়েকদিন আগে মিরপুরে হকার উচ্ছেদ করতে গিয়ে পুলিশের উপর হামলা চালায় হকাররা। সেখানে জামায়াত হকারদের পক্ষে দাঁড়িয়েছে।

তিনি আরও বলেন, গত সোমবার অটোরিকশা চালকরা রাস্তা বন্ধ করে আন্দোলন করেছে এবং তারা বাসচালকসহ অনেকের উপর হামলা করেছে। এখানে জামায়াত অটোরিকশা চালকদের পক্ষে অবস্থান নিয়েছে। এসব আন্দোলনে জামায়াত পেছন থেকে উসকানি দিচ্ছে। শুধু জামায়াত নয়, অটোরিকশা চালকদের আন্দোলনে জামায়াতের শিশু সংগঠন এনসিপির শ্রমিকশক্তি যুক্ত হয়েছে এবং এই শ্রমিকশক্তির ব্যানারে দেশের বিভিন্ন এলাকার পলাতক নিষিদ্ধ আওয়ামীলীগের কর্মীরা একত্রিত হয়েছে। জামায়াতে ইসলামীর উদ্দেশ্য হলো বিভিন্ন আন্দোলনে উসকানি দিয়ে পরিকল্পিত বিশৃঙ্খলা সৃষ্টি করা এবং সরকারকে বেকায়দায় ফেলা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাষ্ট্রপতি খ্রিস্টানদের অধিকার নিশ্চিতে ঐক্যবদ্ধ দেশ গড়ার আহ্বান জানালেন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:২৭ পি.এম


রাষ্ট্রপতি খ্রিস্টানদের অধিকার নিশ্চিতে ঐক্যবদ্ধ দেশ গড়ার আহ্বান জানালেন

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ধর্মের ভিত্তিতে বিভাজন ও সাম্প্রদায়িকতা আমাদের কাম্য নয়। স্বৈরাচার ও ফ্যাসিবাদ পুনরায় ফিরে আসার কোনো ইচ্ছা নেই। এজন্য তিনি সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য তালার আহ্বান জানান।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে বঙ্গভবনে ঢাকা ক্যাথলিক আর্চডায়োসিসের সহকারী বিশপ সুব্রত বি. গমেজের নেতৃত্বে ২৫ সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এই আহ্বান জানান।

সাক্ষাৎকালে প্রতিনিধিদল খ্রিস্টান সম্প্রদায়ের বিভিন্ন বিষয় রাষ্ট্রপতির কাছে উপস্থাপন করেন এবং এসব বিষয়ে তার সহযোগিতা প্রার্থনা করেন।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ সকল নাগরিকের দেশ। এখানে সকলের সমান অধিকার রয়েছে। ধর্মীয় পরিচয়ের কারণে কোনো নাগরিক যেন বঞ্চিত বা বৈষম্যের শিকার না হন—এটি নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

তিনি উল্লেখ করেন, দেশের খ্রিস্টান সম্প্রদায় দীর্ঘকাল ধরে শিক্ষা, স্বাস্থ্য ও সমাজসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। হলিক্রস, সেন্ট গ্রেগরিজ, সেন্ট জোসেফ ও নটরডেমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দেশের উচ্চ শিক্ষার মান বজায় রাখতে ও মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

রাষ্ট্রপতি বলেন, প্রতিষ্ঠান পরিচালনা, ভূমি ও সম্পদসহ বিভিন্ন বিষয়ে তাদের যৌক্তিক সমস্যাগুলো যথাযথভাবে তুলে ধরার জন্য তিনি সম্প্রদায়ের নেতৃবৃন্দকে সক্রিয় হওয়ার আহ্বান জানান। তিনি সমস্যা সমাধানে ভূমিকা রাখার আশ্বাস দেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষের মধ্যে পারস্পরিক সহমর্মিতা ও সম্প্রীতির যে দীর্ঘ ঐতিহ্য রয়েছে, তা ধরে রাখতে সকলকে একসঙ্গে কাজ করতে হবে। পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের নিজস্ব ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণেও উদ্যোগী হতে হবে।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের রাষ্ট্রপতি ভবনের দরজা দেশের সকল নাগরিকের জন্য সবসময় উন্মুক্ত। খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের যেকোনো যৌক্তিক সমস্যা ও বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান তিনি।

সাক্ষাৎকালে প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস-চেয়ারম্যান ও জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মিজ্ আন্না মিন্‌জ, নটরডেম কলেজের প্রিন্সিপাল ফাদার হেমন্ত রোজারিও, সিএসসি, নটরডেম ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ফাদার চার্লস, হলিক্রস কলেজের প্রিন্সিপাল সিস্টার শিখা গমেজ, সিএসসি এবং খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জন গমেজ।

এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘পিচ্চি রাজা’ কাণ্ডে সিনেমার গল্পকেও হার মানাবে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:২৮ পি.এম


‘পিচ্চি রাজা’ কাণ্ডে সিনেমার গল্পকেও হার মানাবে

এটি যেন কোনো সিনেমার দৃশ্যের মতো। একটি প্রিজনভ্যান থেকে এক দুর্ধর্ষ আসামিকে নামিয়ে কিছুটা হাঁটিয়ে নিয়ে যাওয়া হলো ব্যস্ত সড়কে অপেক্ষমাণ একটি প্রাইভেটকারের কাছে। এরপর পুলিশের একজন কর্মকর্তা নিজেই সেই আসামিকে গাড়িতে তুলে দেন। তবে এটি কোনো সিনেমার কাহিনী নয়—ঘটনাটি ঘটেছে রাজধানীর বংশালে।

ঘটনাটি ঘটে গত ২৭ সেপ্টেম্বর, রোববার বিকেল ৫টা ৫৮ মিনিটে। নিম্ন আদালতের সড়ক পেরিয়ে একটি প্রিজনভ্যান বংশালের প্রধান সড়কে ওঠে। ভ্যানটিতে ২৯ জন আসামি ছিলেন। তাদের গাজীপুরের কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হচ্ছিল।

বংশাল রোডের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে এসে যানজটে আটকে যায় প্রিজনভ্যানটি। আর তখনই ঘটে চাঞ্চল্যকর ঘটনাটি।

অভিযোগ উঠেছে, প্রিজনভ্যানের নিরাপত্তার দায়িত্বে থাকা এসআই প্রবীর কুমার নিজ হাতে ভ্যানটির গেট খুলে দেন। এরপর মুখে মাস্ক পরা অবস্থায় তিনি গাড়ি থেকে নামিয়ে আনেন পিচ্চি রাজাকে, যিনি একজন শীর্ষ মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। একই সময়ে গাড়ি থেকে নামেন ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের মালিক খায়রুল বাসারও।

প্রিজনভ্যান থেকে নেমে পিচ্চি রাজা সামনে হাঁটতে থাকেন। তার পেছনে ছিলেন এসআই প্রবীর কুমার। অন্যদিকে খায়রুল বাসার তাদের সঙ্গে না গিয়ে উঠে বসেন প্রিজনভ্যানের সামনের অংশে, চালকের পাশের আসনে।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রের দাবি, অন্য আসামিদের সঙ্গে গাদাগাদি করে যাওয়ার পরিবর্তে খায়রুল বাসারকে চালকের পাশের আসনে এসির মধ্যে আরাম করে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়। এ সময় পুলিশের একটি দলও সেখানে দায়িত্ব পালন করছিল।

প্রিজনভ্যান থেকে নামার পর পিচ্চি রাজা ও এসআই প্রবীর প্রায় দুই মিনিট বংশালের মোড়ের দিকে হাঁটতে থাকেন। এরই মধ্যে সেখানে একটি প্রাইভেটকার নিয়ে অপেক্ষা করছিলেন পিচ্চি রাজার বোন তাসলিমা।

একপর্যায়ে এসআই প্রবীর নিজেই পিচ্চি রাজাকে ওই প্রাইভেটকারের কাছে নিয়ে যান এবং তাকে গাড়িতে তুলে দেন। এরপর তিনি প্রিজনভ্যানে ফিরে যান।

ঘটনাটি নিয়ে ইতোমধ্যে প্রশ্ন উঠেছে পুলিশের দায়িত্ব ও নিরাপত্তাব্যবস্থা নিয়ে। গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) কমিশনার ইসরাইল হাওলাদার জানিয়েছেন, কী কারণে একজন দুর্ধর্ষ আসামিকে প্রিজনভ্যান থেকে নামিয়ে দেওয়া হলো, তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি আরও গভীরভাবে তদন্তের চেষ্টা চলছে।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, ঘটনায় এসআই প্রবীর কুমার ও তার টিমের বিরুদ্ধে শুধু একজন আসামিকে প্রিজনভ্যান থেকে বের করে দেওয়ার অভিযোগই নয়, আরও গুরুতর দায়িত্বহীনতার অভিযোগ উঠেছে।

এর মধ্যে প্রথমটি হলো— ব্যস্ত সড়কে প্রকাশ্যে প্রিজনভ্যানের দরজা খুলে দেওয়া। এতে ভেতরে থাকা অন্য আসামিরাও সুযোগ নিয়ে পুলিশের বাধা অতিক্রম করে পালিয়ে যেতে পারতেন। দ্বিতীয়ত, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের মালিক খায়রুল বাসারকে হাতকড়া ছাড়াই কিছু সময়ের জন্য একা ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

তদন্ত সংশ্লিষ্টদের মতে, ওই সময় খায়রুল বাসারও যদি পালিয়ে যেতেন, তাহলে তাকে আটকানোর মতো কার্যকর কোনো ব্যবস্থা পুলিশের হাতে থাকত না।

ফলে একজন দুর্ধর্ষ আসামিকে প্রিজনভ্যান থেকে নামিয়ে ব্যক্তিগত গাড়িতে তুলে দেওয়ার ঘটনাটি শুধু পুলিশের দায়িত্ব পালনের প্রশ্নই তুলছে না, বরং প্রিজনভ্যানে থাকা অন্য আসামিদের নিরাপত্তা ও তাদের পালিয়ে যাওয়ার সম্ভাবনা নিয়েও গুরুতর প্রশ্ন তৈরি করেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%