ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

খাল পুনঃখননে বদলে যাচ্ছে রাজাপুরের চিত্র, সুফল পাচ্ছেন ২৪ হাজার মানুষ


খাল পুনঃখননে বদলে যাচ্ছে রাজাপুরের চিত্র, সুফল পাচ্ছেন ২৪ হাজার মানুষ

এক সময় পলি ও আবর্জনায় ভরাট হয়ে গিয়েছিল ঝালকাঠির রাজাপুর উপজেলার বিভিন্ন খাল। ফলে পানিপ্রবাহ হারানোর কারণে বর্ষায় জলাবদ্ধতায় ফসল নষ্ট হতে যেতো, আবার শুষ্ক মৌসুমে দেখা দিত তীব্র সেচ সংকট। কিন্তু দীর্ঘদিনের সেই দুর্ভোগ কাটিয়ে এখন নতুন সম্ভাবনার দ্বার খুলেছে রাজাপুর। সরকারের উদ্যোগে পাঁচটি গুরুত্বপূর্ণ খাল পুনঃখননের ফলে ফিরেছে পানির স্বাভাবিক প্রবাহ। এর ফলে কৃষি, মৎস্য, পরিবেশ ও গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তনের পাশাপাশি সরাসরি উপকৃত হবেন ২৪ হাজারেরও বেশি মানুষ।

উপজেলা প্রকৌশল অধিদপ্তর সূত্র জানাচ্ছে, সরকারের 'সারা দেশের পুকুর-খাল উন্নয়ন (আইপিসিপি)' এবং 'জলবায়ু ও দুর্যোগ সহনশীল পানি সম্পদ ব্যবস্থাপনা' প্রকল্পের আওতায় এসব খাল পুনঃখনন করা হয়েছে।

এর মাঝে শুক্তাগড় ইউনিয়নের ধানসিঁড়ি নদী থেকে পিংড়ি হয়ে কাঠাখালী পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার খাল পুনঃখননে ব্যয় হয়েছে ১ কোটি ২৫ লাখ ৮২ হাজার টাকা। এতে উপকৃত হবেন প্রায় ৫ হাজার মানুষ। আরও উল্লেখযোগ্য, সাতুরিয়া ইউনিয়নের উত্তর তারাবুনিয়ার ৮০০ মিটার খাল পুনঃখননে ব্যয় হয়েছে ১৬ লাখ টাকা, যার সুফল পাবেন সাড়ে ৩ হাজার মানুষ।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

এছাড়া রাজাপুর সদর ইউনিয়নের মরিচবুনিয়া খালের ১ হাজার ২০০ মিটার পুনঃখননে খরচ হয়েছে ১৪ লাখ ১৩ হাজার টাকা। এখানে উপকৃত হবেন প্রায় ১২ হাজার ৫০ জন। তুলাতলি এলাকার ২ হাজার ৯০০ মিটার খাল পুনঃখননে ব্যয় হয়েছে ৩৪ লাখ ৪০ হাজার টাকা, যার সুফল পাবেন আড়াই হাজার মানুষ। রাড়িবাড়ি খালের ১ হাজার ২০০ মিটার পুনঃখননে খরচ হয়েছে ১৪ লাখ ৫ হাজার টাকা। এতে উপকৃত হবেন আরও প্রায় ১ হাজার ৪০০ মানুষ।

স্থানীয় কৃষকরা মনে করেন, খালগুলোতে পানির প্রবাহ ফিরে আসায় সেচের সমস্যা অনেকটাই দূর হবে। কৃষক রিপন সিকদার, কাদের সিকদার ও করিম বলেছেন, আগে খালে পানি না থাকায় জমিতে সেচ দিতে চরম দুর্ভোগ পোহাতে হতো। কিন্তু এখন সহজেই পানি পাওয়া যাবে, ফলে ধানসহ বিভিন্ন ফসলের উৎপাদন বাড়বে।

শুধু কৃষি ক্ষেত্রেই নয়, খাল পুনঃখননের সুফল স্থানীয়দের দৈনন্দিন জীবনে মিলছে। স্থানীয় বাসিন্দা শিখারানি, মনিকা রায় ও শেফালি বেগম জানিয়েছেন, আগে রান্না, গোসলসহ নিত্যপ্রয়োজনীয় কাজে পানির সংকট ছিল নিয়মিত ঘটনা। খাল পুনঃখননের পর সেই সমস্যা অনেকটা দূর হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, খালের স্বাভাবিক প্রবাহ ফিরে এলে ভূগর্ভস্থ পানির পুনর্ভরণ বাড়ে, দেশীয় মাছের আবাসস্থল তৈরি হয়, জীববৈচিত্র্য সংরক্ষণ হয় এবং জলাবদ্ধতা কমে কৃষি উৎপাদন বৃদ্ধি পায়। এছাড়াও খালের দুই পাড়ে চলাচলের সুবিধা সৃষ্টি হওয়ায় গ্রামীণ যোগাযোগ ব্যবস্থাও উন্নত হয়েছে।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

কিন্তু স্থানীয় জনগণের দাবী, শুধু খাল পুনঃখনন করলেই হবে না; নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে। অন্যথায় ভবিষ্যতে আবারও পলি জমে খাল ভরাট হয়ে একই সমস্যা ফিরে আসতে পারে।

রাজাপুর উপজেলা প্রকৌশলী অভিজিৎ মজুমদার জানিয়েছেন, সরকারি নিয়ম মেনে খালগুলো পুনঃখনন করা হয়েছে। এর ফলে জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি, সেচ ব্যবস্থার উন্নয়ন এবং মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে। তিনি জানিয়েছেন, এসব প্রকল্প বাস্তবায়নের ফলে এলাকার আর্থ-সামাজিক উন্নয়ন আরও গতিশীল হবে।

একসময় যে খাল ছিল দুর্ভোগের প্রতীক, পুনঃখননের পর সেটিই এখন রাজাপুরের কৃষক ও সাধারণ মানুষের জন্য নতুন আশার প্রতীক হয়ে উঠেছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা গেলে এই খালগুলো দীর্ঘমেয়াদে কৃষি, মৎস্যসম্পদ, পরিবেশ ও গ্রামীণ অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কারওয়ান বাজারে ছিনতাইয়ের প্রস্তুতিকালে ৫ জন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

১১:৫৯ পি.এম


কারওয়ান বাজারে ছিনতাইয়ের প্রস্তুতিকালে ৫ জন গ্রেপ্তার

ঢাকার কারওয়ান বাজার এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে পাঁচ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

মঙ্গলবার (২১ জুলাই) রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (২২ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলো রায়হান (২০), মো. নূর আলম (২৫), মো. হৃদয় (২৬), মো. মেহেদী হাসান (৩৮) ও মো. জুয়েল (৩০)।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সিটিটিসি’র ট্রান্সন্যাশনাল বিভাগের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কারওয়ান বাজার এলাকায় কয়েকজন দুষ্কৃতকারী ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছে।

এই তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ছিনতাইয়ের প্রস্তুতিকালে তাদেরকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আর্জেন্টিনার নিজ শহরে কান্নায় ভেঙে পড়া স্কালোনির বীরোচিত সংবর্ধনা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ ইং

১২:২৫ এম


আর্জেন্টিনার নিজ শহরে কান্নায় ভেঙে পড়া স্কালোনির বীরোচিত সংবর্ধনা

২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের দুঃখবোধ নিয়ে বুধবার লিওনেল স্কালোনি ফিরে আসেন স্বদেশ পুহাতোতে। প্রিয় শহরের মানুষের উচ্ছ্বাস, ভালোবাসা এবং উষ্ণ অভ্যর্থনা দেখে তিনি আবেগে কান্নায় ভেঙে পড়েন। পরিচিত মুখগুলোর সামনে স্কালোনি অশ্রু আর ধরে রাখতে পারেননি। যদিও শিরোপা হাতছাড়া হওয়ার বিষণ্ণতা তার মনে ছিল, কিন্তু তারপরও শহরজুড়ে হাজার হাজার সমর্থক তাকে উষ্ণ অভ্যর্থনা জানাতে ভিড় করেন।

গত রোববার রাতে নিউইয়র্ক নিউজার্সি স্টেডিয়ামে মারাত্মক হার মেনে নিয়েছিল আর্জেন্টিনা, যারা আগের আসরে চ্যাম্পিয়ন হয়েছিল। অতিরিক্ত সময়ে চলা ফাইনালে ১-০ গোলে স্পেনের কাছে হেরে গেছে তারা, যার ফলে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে ফুটবল ইতিহাসে প্রবেশ করেছে স্পেন। পরদিন যুক্তরাষ্ট্র থেকে বুয়েন্স এইরেস পৌঁছানোর পর স্কালোনি সান্তা ফে প্রদেশের শহর পুহাতোতে পা রাখেন। সেখানে তাকে এক বীরোচিত সংবর্ধনা দেওয়া হয়, তবে আরেকটি বিশ্বকাপ শিরোপা হাতে নাতে পাওয়ার কষ্ট তার ভিতরে স্পষ্ট ছিল।

ফাইনাল পরবর্তী সংবাদ সম্মেলনে স্কালোনি অত্যন্ত আবেগাপ্লুত হয়ে পড়েন। পুহাতোতে এসে তিনি নিজেকে মনোযোগ কেন্দ্রীভূত করতে পারছিলেন না এবং টানা দুদিনের মধ্যে দ্বিতীয়বার জনসমক্ষে কান্নায় ভেঙে পড়েন।

তিনি উপস্থিত জনতার উদ্দেশে বলেন, এই পরাজয়ের ভার এখনও তাকে এবং তার খেলোয়াড়দের গভীরভাবে পীড়া দিচ্ছে। স্প্যানিশ সংবাদপত্র এএসের প্রতিবেদনে তিনি জানিয়েছেন, 'আমরা জিততে পারিনি। আমরা জানি যে, দেশের মানুষকে আনন্দ দেওয়ার জন্যই আমরা খেলি। আর ঠিক এই কারণেই এই কষ্টটা এত বেশি।'

৪৮ বছর বয়সী এই কোচ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে স্পেনের শ্রেষ্ঠত্ব অকপটে স্বীকার করেছেন। তিনি আরও বলেন, ফাইনালের বাস্তবতা মেনে নেওয়ার মধ্যে কোনো লজ্জা নেই, 'মাঝেমধ্যে আপনি জিতবেন, আবার কখনও হারবেন। আমাদের স্বীকার করে নিতেই হবে যে, স্পেন ভালো খেলেছে। আর এই উপলব্ধিটা আমাদের আরও পরিণত হতে সাহায্য করবে।'

স্কালোনি আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের অন্যতম সফল অধ্যায়ের রূপকার। শেষ পর্যন্ত হেরে গেলেও দলের লড়াই করার মানসিকতার ভূয়সী প্রশংসা করেন তিনি, 'আমাদের মানসিকতা সব সময় একই থাকে। আর তা হলো— পরিস্থিতির বিরুদ্ধে থাকার পরও আমরা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করি। আর্জেন্টাইন হিসেবে আমাদের বুঝতে হবে যে, প্রতিপক্ষও মাঠে খেলতে নামে এবং তারা আমাদের চেয়ে ভালোও হতে পারে। কিন্তু আমরা তাদের কাজটা বেশ কঠিন করে দিয়েছিলাম।'

এই আবেগঘন সংবর্ধনা অনুষ্ঠানে তাকে জাতীয় দলের দায়িত্ব চালিয়ে যাওয়ার জন্য জোরালো আহ্বান জানানো হয়। তার ভবিষ্যৎ নিয়ে ক্রমবর্ধমান অনিশ্চয়তার মধ্যে সমর্থকরা বারবার স্লোগান দেন, 'লিও, ছেড়ে যেও না!'

আগামী ডিসেম্বর পর্যন্ত আর্জেন্টিনার সঙ্গে স্কালোনির চুক্তির মেয়াদ আছে। চুক্তির সময় শেষ হলে তিনি সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন আগেই। তবে এখনও পর্যন্ত তার কাছ থেকে চূড়ান্ত কোনো ঘোষণা এসেছে কিনা তা স্পষ্ট নয়। শিল্পকের স্লোগানের জবাবে তিনি বিশেষ কিছু ধারণা দেননি।

শিরোপার দীর্ঘ খরা কাটিয়ে গত আট বছরে আর্জেন্টিনাকে অভূতপূর্ব সাফল্য এনে দেওয়ার কারিগর স্কালোনি মন্তব্য করেন, 'আমি ডিসেম্বর পর্যন্ত থাকছি। আর আমরা আমাদের লড়াই চালিয়ে যাব।'

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকার ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম শুরু করবে: স্বাস্থ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ ইং

১২:৩৯ এম


সরকার ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম শুরু করবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকার সাধারণ মানুষের রোগ শনাক্ত করতে সারা দেশে ‘হোম-টু-হোম হেলথ স্ক্রিনিং’ কার্যক্রম প্রাথমিক পর্যায়ে শুরু করতে যাচ্ছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এ তথ্য জানান।

তিনি বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় ঢাকার গুলশানের লেক পার্কে হাইজিন ফর হেলথ বাংলাদেশের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে এবং কেউ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবে না। সরকারের উদ্দেশ্য হলো জনগণের স্বাস্থ্যের যত্ন নেয়া এবং মারাত্মক রোগগুলো যাতে প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা যায়, সেই জন্য সারা দেশে ‘হোম-টু-হোম হেলথ স্ক্রিনিং’ কার্যক্রম চালু করা হবে।

সরদার মো. সাখাওয়াত হোসেন আরও জানান, সরকার ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে, যাদের মধ্যে ৮০ শতাংশ নারী। নারীরা ঘরে ঘরে গিয়ে সাধারণ নারীদের স্তন ও জরায়ু ক্যান্সার পরীক্ষা করার পদ্ধতি শেখাবেন, যাতে প্রাথমিক অবস্থাতেই রোগ শনাক্ত করে দ্রুত চিকিৎসা করা সম্ভব হয়।

মন্ত্রী আরও বলেন, স্বাস্থ্যকর্মীরা একটি বিশেষ বক্স নিয়ে বাড়ি বাড়ি যাবেন এবং রক্তচাপ, ওজন, ডায়াবেটিস, লিপিড প্রোফাইলের পরীক্ষা করার পাশাপাশি ঘরে বসেই বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার সুবিধা দেবেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সুস্থ থাকার জন্য পরিস্কার-পরিচ্ছন্ন পরিবেশ অপরিহার্য। একটি সুস্থ ও জ্ঞানভিত্তিক জাতি গঠনের জন্য জনসচেতনতা ও সুস্বাস্থ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি সারাদেশে সিজারিয়ান সেকশন বাড়ানোর বিষয়টি উল্লেখ করে বলেন, বর্তমানে অধিকাংশ শিশু সিজারিয়ান সেকশনের মাধ্যমে জন্মগ্রহণ করছে। সিজারের পর শিশুদের ‘শালদুধ’ দেওয়া হচ্ছে না। মায়েদের কর্মব্যস্ততা, অবহেলা এবং জীবনযাত্রার পরিবর্তনের কারণে মাতৃদুগ্ধ পান করানোর হার কমে যাচ্ছে। ফলে শিশুদের মারাত্মক পুষ্টিহীনতা দেখা দিচ্ছে।

সভায় মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬ এর খেতাব প্রাপ্ত সামানজার সাঈদ, গুলশান সোসাইটির সভাপতি ওমর সাদাত, মিস ওয়ার্ল্ড বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর আজরা মাহমুদ, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, গুলশান সোসাইটির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মৃধাসহ অনেকে উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভোটার তালিকা সংশোধনে পশ্চিমবঙ্গে বাদ পড়েছেন ২৭ লাখ, অধিকাংশই মুসলিম

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ ইং

১২:৪৫ এম


ভোটার তালিকা সংশোধনে পশ্চিমবঙ্গে বাদ পড়েছেন ২৭ লাখ, অধিকাংশই মুসলিম

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের জন্য ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) কার্যক্রমের গতিতে যাচাইয়ের আওতায় আসা ২৭ লাখের বেশি ভোটারের মধ্যে প্রায় ৭০ শতাংশই মুসলিম ছিল।

কলকাতাভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সাবার ইনস্টিটিউটের এক বিশ্লেষণে এ বিষয়টি তুলে ধরা হয়েছে।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে সাবার ইনস্টিটিউট তাদের গবেষণার ফলাফল প্রকাশ করে জানায়, যাচাইয়ের আওতায় আসা ভোটারদের ৫১ শতাংশই নারী।

প্রতিষ্ঠানটি আরও বলেছে, তালিকা সংশোধন প্রক্রিয়ায় কথিত যৌক্তিক অসঙ্গতির কারণে অনেক ভোটারকে যাচাইয়ের আওতায় রাখা হয়েছে।

ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রেই 'যৌক্তিক অসঙ্গতি' বলতে বাবা-মায়ের নামের অমিল, বয়সে ফারাক কম থাকা এবং কোনো বাবা-মায়ের সন্তানের সংখ্যা ছয়ের বেশি হওয়া বোঝানো হয়েছে।

বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে ফেব্রুয়ারিতে প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা থেকে প্রথমে ৬১ লাখের বেশি ভোটারের নাম বাদ পড়েছিল। পরে, সম্পূরক তালিকা প্রকাশ করার পর এবং প্রায় ৬০ লাখ 'সন্দেহজনক ও নিষ্পত্তির অপেক্ষায় থাকা' মামলার যাচাইয়ের মাধ্যমে এ প্রক্রিয়া চলতে থাকে।

৬ এপ্রিল পর্যন্ত ভোটার তালিকা থেকে প্রায় ৯১ লাখ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছিল, যা তালিকা সংশোধন শুরুর আগের মোট ভোটারের প্রায় ১১ দশমিক ৯ শতাংশ।

এই বিধানসভা নির্বাচনের জন্য আপিল ট্রাইব্যুনালগুলোর কাছে প্রায় ৩৪ লাখ আপিল নিষ্পত্তির অপেক্ষায় ছিল, যা নিয়মিতভাবে ভোটার তালিকা থেকে বাদ পড়া ব্যক্তিদের করা আপিলের অন্তর্ভুক্ত ছিল ২৭ লাখ।

উল্লেখযোগ্য যে, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) কার্যক্রমের অংশ হিসেবে গঠিত ট্রাইব্যুনালগুলো পরবর্তীতে ১ হাজার ৬০৭ জনের নাম পুনরায় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার অনুমতি প্রদান করে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%