বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৩:০৬ পি.এম
বাংলাদেশ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণের জন্য যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন হয়েছে। এই চুক্তির স্বাক্ষর বুধবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় নিউইয়র্কের গ্র্যান্ড হায়াত হোটেলে অনুষ্ঠিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
মাহদী আমিন মন্তব্য করেন, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জন্য ১১টি বোয়িং বিমান কেনার বিষয়ে একটি গুরুত্বপূর্ণ চুক্তি সম্পন্ন হয়েছে। এ সময় যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক, পররাষ্ট্র দপ্তরের উপ-সচিব ক্রিস্টোফার ল্যান্ডাউ, বাণিজ্য দপ্তরের আন্ডার সেক্রেটারি উইলিয়াম কিমিট এবং দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরসহ কয়েকজন উচ্চপর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
তিনি আরও জানান, দেশের বিমান চলাচল খাতের সম্প্রসারণের প্রয়োজন বিবেচনা করে নতুন উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। নতুন রুট চালুর পরিকল্পনা এবং খাতের সম্প্রসারণের কারণে বিমানের বহরে নতুন উড়োজাহাজের প্রয়োজন দেখা দিয়েছে।
মাহদী আমিন বলেন, বোয়িংয়ের সঙ্গে বাংলাদেশের দীর্ঘমেয়াদী বাণিজ্যিক সম্পর্ক বিদ্যমান। ভবিষ্যতে প্রয়োজন হলে এয়ারবাসের সঙ্গেও আলোচনা করা হবে। উড়োজাহাজ কেনার ক্ষেত্রে দেশের চাহিদা এবং প্রয়োজনকে গুরুত্ব দেওয়া হবে।
এর আগে ৩০ এপ্রিল, বাংলাদেশ রাষ্ট্রীয় মালিকানাধীন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জন্য বোয়িংয়ের কাছ থেকে ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি হয়েছিল। ওই চুক্তির মূল্য ছিল ৩ দশমিক ৭ বিলিয়ন ডলার। নতুন ১১টি উড়োজাহাজ যুক্ত হলে বোয়িং থেকে বাংলাদেশের পরিকল্পিত উড়োজাহাজ কেনার সংখ্যা ২৫টিতে পৌঁছাবে।
তবে নতুন ১১টি উড়োজাহাজের মডেল, দাম, অর্থায়নের শর্ত এবং সরবরাহের সময়সূচি সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়নি। একই সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১০টি এয়ারবাস উড়োজাহাজ কেনার একটি প্রস্তাবও বিবেচনা করছে।
চুক্তিটি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বোয়িং এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে অভিনন্দন জানিয়েছেন। তিনি মন্তব্য করেন, "আরও ১১টি বিশ্বমানের বাণিজ্যিক উড়োজাহাজ কেনার এই চুক্তি দুই দেশের সম্পর্কের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন এবং এতে উভয় দেশই উপকৃত হবে।"
পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানান, সরকার জাতীয় স্বার্থ এবং দেশের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে। নতুন উড়োজাহাজ যুক্ত হলে বিমান চলাচল খাত আরও উন্নত হবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে নতুন বাংলাদেশের বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ে আগ্রহ সৃষ্টি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে নিউইয়র্কে বিভিন্ন বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। সফরের দ্বিতীয় দিনে স্বাস্থ্য, কৃষি, রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, আঞ্চলিক স্থিতিশীলতা ও দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা হয়েছে।
গেটস ফাউন্ডেশনের সঙ্গে বৈঠকে স্বাস্থ্য ও কৃষি খাতে সহযোগিতা, কৃষকদের জন্য প্রযুক্তির ব্যবহার, কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি এবং বাংলাদেশে টিকা উৎপাদনের সক্ষমতা তৈরির বিষয়ে আলোচনা হয়েছে।
বাংলাদেশ ও গাম্বিয়ার যৌথ আয়োজনে জাতিসংঘের অধিবেশনের সাইড ইভেন্টে রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়েছে। সেখানে আন্তর্জাতিক অংশগ্রহণ ছিল। রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়। মিয়ানমারে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং রোহিঙ্গাদের ওপর নিপীড়নের জন্য জবাবদিহির বিষয়ও আলোচনায় আসে।
মাহদী আমিন বলেন, "বাংলাদেশে থাকা ১২ লাখের বেশি রোহিঙ্গার প্রসঙ্গ তুলে ধরে আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় এ সংকটে চাপ বাড়ছে।" রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন ও ভারতের ভূমিকা নিয়েও বাংলাদেশ দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় পর্যায়ে যোগাযোগ চালিয়ে যাচ্ছে। চীন বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার হওয়ায় দেশটির সঙ্গে উচ্চপর্যায়ের আলোচনা অব্যাহত রয়েছে। একই সঙ্গে মিয়ানমারসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে যোগাযোগের পথ খোলা রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি বলেন, "কূটনীতিতে সব দরজা ও বিকল্প খোলা রাখতে হয়। সংলাপ কখনো বন্ধ করা যায় না।"
ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করা, বাণিজ্য, বিনিয়োগ ও অভিবাসনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। পূর্ব ইউরোপের দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়েও আলোচনা হয়।
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়েও আলোচনা হয়েছে। বাংলাদেশ এ সংকটের শান্তিপূর্ণ সমাধানের পক্ষে অবস্থান নিয়েছে। বন্ধুত্বপূর্ণ ও নিরপেক্ষ অবস্থান থেকে সংলাপের উদ্যোগে সহায়তা করার সুযোগ থাকলে বাংলাদেশ তা করতে পারে বলেও জানানো হয়েছে। মধ্যপ্রাচ্যের সংঘাত জ্বালানি, বাণিজ্য ও বাংলাদেশি প্রবাসীদের ওপর প্রভাব ফেলছে বলে বৈঠকে আলোচনা হয়।
এ ছাড়া জলবায়ু সংকট মোকাবিলায় ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য জলবায়ু অর্থায়ন, নদী ও খাল খনন, বৃক্ষরোপণ, নবায়নযোগ্য ও সৌর জ্বালানির ব্যবহার এবং কার্বন নিঃসরণ কমাতে বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে।
চার দিনের জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রীর আরও কর্মসূচি রয়েছে। এ সময় জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় বক্তব্য দেওয়ার কর্মসূচিও রয়েছে।
নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, শামা ওবায়েদ, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতীকুর রহমান রুমনসহ প্রেস উইংয়ের সদস্যরা বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
গাজীপুরের কাপাসিয়া উপজেলা সদরে অবস্থিত 'কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে'র উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে 'মেধা ও সৃজনশীলতা উৎসব-২০২৬' অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানটি ২৩ সেপ্টেম্বর বুধবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফ পাঠানের সভাপতিত্বে, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা নায়েবে আমির ও কেন্দ্রীয় সূরা সদস্য মাওলানা সেফাউল হক।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোঃ গোলাম মোস্তফা মিয়া। কলেজের অধ্যক্ষ মোঃ রাসেল সরকার স্বাগত বক্তব্য প্রদান করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও তরগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ খলিলুর রহমান, কাপাসিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান মোঃ সেলিম হোসেন আরজু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আজগর হোসেন খান, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য এফ এম কামাল হোসেন, জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী প্রমুখ।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন আফজল হোসেন সৈয়দ মেম্বার, সাংবাদিক সফিকুল আলম সবুজ, কাপাসিয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীম, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক আমিনুর রহমান, কাপাসিয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল কাইয়ুম এবং হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের প্রতিষ্ঠাতা ও সাংবাদিক জাহাঙ্গীর আলমসহ আরও অনেকে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের প্রতিভা বিকাশের ওপর গুরুত্বারোপ করা হয়। অতিথিরা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিক মূল্যবোধ, মানবিকতা এবং সামাজিক দায়িত্ববোধ অর্জনের আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে শাহ রিয়াজুল হান্নান উল্লেখ করেন, অল্প সময়ের মধ্যে কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজ সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে প্রতিষ্ঠানের এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে আরও এগিয়ে নিতে ভূমিকা রাখবে।
তিনি বলেন, "শুধু জ্ঞান ও মেধা অর্জন করলেই একজন শিক্ষার্থী পরিপূর্ণ মানুষ হয়ে ওঠে না। শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। সমাজের মানুষের পাশে দাঁড়ানো, অন্যকে সহযোগিতা করা এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখার মানসিকতা তৈরি করতে হবে। তাহলেই শিক্ষাজীবনের সার্থকতা অর্জিত হবে।"
অনুষ্ঠানের একপর্যায়ে কৃতি শিক্ষার্থীদের হাতে বিশেষ সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়, যা শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও আনন্দের সৃষ্টি করে। এছাড়া আমন্ত্রিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
বক্তারা শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক এবং অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে। অনুষ্ঠানের শুরুতে সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
গাজীপুরের কালীগঞ্জে এক কলেজ ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে পলাতক আসামী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কালীগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সদস্য সচিব জাহিদ মুন্সিকে পুলিশ আটক করেছে।
স্থানীয় থানার সূত্র অনুযায়ী, পৌরসভার মুনসুরপুর গ্রামের জাকির মিস্ত্রির পুত্র জাহিদ মুন্সির (২৬) সাথে সরকারী কালীগঞ্জ শ্রমিক কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের এক ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে জাহিদ মুন্সি ওই ছাত্রীকে গেস্ট হাউজে নিয়ে গিয়ে ধর্ষণ করে এবং মোবাইলে তার ব্যক্তিগত ছবি ও ভিডিও ধারণ করে। এরপর, ওই ব্যক্তিগত গোপনীয় ছবি ও ভিডিও সোস্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে বিভিন্ন হোটেল ও কলেজ সংলগ্ন রেলওয়ের পরিত্যক্ত কোয়াটারে তাকে একাধিকবার ধর্ষণ করে।
এই ঘটনার প্রেক্ষিতে, গত ১৪ সেপ্টেম্বর ধর্ষিতার বড় বোন কালীগঞ্জ থানায় ১২(৯)২৬ নং মামলা দায়ের করেন। মামলাটি দায়ের হওয়ার পর থেকে অভিযুক্ত এনসিপি নেতা জাহিদ মুন্সি আত্মগোপন করে থাকে। কালীগঞ্জ থানা পুলিশ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাতে পুবাইলের মাঝুখান এলাকায় অভিযান চালিয়ে জাহিদ মুন্সিকে আটক করে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন বলেন, "মামলা দায়েরের পর অভিযুক্ত জাহিদ মুন্সি পলাতক ছিল। মঙ্গলবার রাতে পুবাইলের মাঝুখান এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে এবং বুধবার দুপুরে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।"
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
টাঙ্গাইলে মিথ্যা ও ষড়যন্ত্র মূলক সংবাদ সম্মেলনের প্রতিবাদে ভুক্তভোগী আমান উল্লাহ্ (আমান) পাল্টা সংবাদ সম্মেলন করেছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আমান উল্লাহ্ আমান।
আমান উল্লাহ্ উল্লেখ করেন, গত (১৭ সেপ্টেম্বর) জমি সংক্রান্ত একটি বিষয় নিয়ে টাঙ্গাইল প্রেসক্লাবে মোস্তাফিজুর রহমান এবং আরফান মোল্লা মিলে মিথ্যা, বানোয়াট এবং মানহানিকর তথ্য উপস্থাপন করে সংবাদ সম্মেলন করেন। তিনি এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। তিনি দাবি করেন যে, প্রকৃত সত্য আড়াল করার জন্যই তাদের বিরুদ্ধে এই অপপ্রচার চালানো হয়েছে।
তিনি আরও জানান, প্রতিপক্ষের অন্যায়ের প্রতিবাদ করার কারণে বর্তমানে তিনি এবং তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। আমান উল্লাহ্ অভিযোগ করেন, বিবাদীপক্ষের লোকজনের ভয় ও হুমকির কারণে তাদের প্রাণনাশের আশঙ্কা রয়েছে। তিনি শঙ্কা প্রকাশ করেন যে, যে কোনো সময় তাদের শারীরিক, মানসিক, আর্থিক এবং সম্পত্তির ক্ষতি করা হতে পারে।
এই ঘটনার প্রেক্ষিতে তিনি জেলা প্রশাসক, পুলিশ সুপার, র্যাব, সদর উপজেলা নির্বাহী অফিসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেন। একই সাথে তিনি প্রশাসনের কাছে অনুরোধ জানান যাতে কোনো প্রকার মিথ্যা মামলার মাধ্যমে তাকে হয়রানি করা না হয় এবং সঠিক তথ্য তুলে ধরার জন্য প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এডভোকেট আরমান মোল্লা, আব্দুর রাজ্জাক, মাসুদ, আহাদ, আজম, হাশেম মিয়াসহ ভুক্তভোগীর পরিবারের সদস্যরা।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
দৈনিক সমকালের টাঙ্গাইলের ঘাটাইল প্রতিনিধি মাসুমের বিরুদ্ধে তথ্য চেয়ে আবেদন করায় ইউএনও ও পৌর প্রশাসক মো.মাহমাদুল হাসান অফেন্সিভ মোডে যাওয়ার হুমকি প্রদান করেছেন। আজ (২৩ সেপ্টেম্বর) দুপুরে, ওই সংবাদকর্মীকে মুঠোফোনের মাধ্যমে এ হুমকি দেন তিনি। এ সময় তিনি উল্লেখ করেন, "আপনি তথ্য চেয়ে আবেদন করেছেন। এটা ফাজলামি ছাড়া অন্যকিছু না। আপনি যদি অফেন্সিভ মোডে যান আমি ইউএনও অফেন্সিভ মোডে যাব। আপনি কার কথা শুনে এ কাজ করতেছেন? এটা অফেন্সিভ মোড।"
এর আগে, আজ সকালে মাসুম মিয়া পৌর প্রশাসকের কাছে তথ্য অধিকার আইনে তথ্য চেয়ে আবেদন করেন। আবেদনে তিনি জানতে চান, ঘাটাইল পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরে মোট কত টাকা পৌর কর আদায় হয়েছে এবং কোন কোন খাতে তা ব্যয় করা হয়েছে, সাব রেজিস্ট্রি অফিস থেকে প্রাপ্ত (ওয়ান পার্সেন্ট রাজস্ব) আয় ও ব্যয়, হাট-বাজার থেকে খাস কালেকশন বাবদ আয় ও ব্যয়, অটোরিকশা ও ভ্যানের লাইসেন্স বাবদ আয় ও ব্যয়ের বিষয়টি।
এদিকে, আবেদন পাওয়ার পর ইউএনও ও পৌর প্রশাসক মো.মাহমাদুল হাসান ক্ষুব্ধ হয়ে ওঠেন। তিনি সাংবাদিক মাসুম মিয়াকে মোবাইলে অফেন্সিভ মোডে যাওয়ার হুমকি দেন এবং তথ্য চাওয়া ফাজলামি বলে মন্তব্য করেন। সমকালের ঘাটাইল প্রতিনিধি মাসুম মিয়া বলেন, "তথ্য অধিকার আইনে তথ্য পাওয়ার অধিকার শুধু সংবাদকর্মীর নয়, সকল নাগরিকের। আমি সেই হিসেবে পৌরসভার কাজের তথ্য চেয়ে আবেদন করেছি।" ইউএনওর ক্ষোভের বিষয়টি নিয়ে জানতে ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো.মাহমাদুল হাসানের মুঠোফোনে কল করা হলে তিনি তা রিসিভ করেননি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ