বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৩:০৭ পি.এম
গাজীপুরের কাপাসিয়া উপজেলা সদরে অবস্থিত 'কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে'র উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে 'মেধা ও সৃজনশীলতা উৎসব-২০২৬' অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানটি ২৩ সেপ্টেম্বর বুধবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফ পাঠানের সভাপতিত্বে, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা নায়েবে আমির ও কেন্দ্রীয় সূরা সদস্য মাওলানা সেফাউল হক।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোঃ গোলাম মোস্তফা মিয়া। কলেজের অধ্যক্ষ মোঃ রাসেল সরকার স্বাগত বক্তব্য প্রদান করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও তরগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ খলিলুর রহমান, কাপাসিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান মোঃ সেলিম হোসেন আরজু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আজগর হোসেন খান, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য এফ এম কামাল হোসেন, জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী প্রমুখ।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন আফজল হোসেন সৈয়দ মেম্বার, সাংবাদিক সফিকুল আলম সবুজ, কাপাসিয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীম, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক আমিনুর রহমান, কাপাসিয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল কাইয়ুম এবং হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের প্রতিষ্ঠাতা ও সাংবাদিক জাহাঙ্গীর আলমসহ আরও অনেকে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের প্রতিভা বিকাশের ওপর গুরুত্বারোপ করা হয়। অতিথিরা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিক মূল্যবোধ, মানবিকতা এবং সামাজিক দায়িত্ববোধ অর্জনের আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে শাহ রিয়াজুল হান্নান উল্লেখ করেন, অল্প সময়ের মধ্যে কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজ সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে প্রতিষ্ঠানের এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে আরও এগিয়ে নিতে ভূমিকা রাখবে।
তিনি বলেন, "শুধু জ্ঞান ও মেধা অর্জন করলেই একজন শিক্ষার্থী পরিপূর্ণ মানুষ হয়ে ওঠে না। শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। সমাজের মানুষের পাশে দাঁড়ানো, অন্যকে সহযোগিতা করা এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখার মানসিকতা তৈরি করতে হবে। তাহলেই শিক্ষাজীবনের সার্থকতা অর্জিত হবে।"
অনুষ্ঠানের একপর্যায়ে কৃতি শিক্ষার্থীদের হাতে বিশেষ সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়, যা শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও আনন্দের সৃষ্টি করে। এছাড়া আমন্ত্রিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
বক্তারা শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক এবং অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে। অনুষ্ঠানের শুরুতে সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
গাজীপুরের কালীগঞ্জে এক কলেজ ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে পলাতক আসামী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কালীগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সদস্য সচিব জাহিদ মুন্সিকে পুলিশ আটক করেছে।
স্থানীয় থানার সূত্র অনুযায়ী, পৌরসভার মুনসুরপুর গ্রামের জাকির মিস্ত্রির পুত্র জাহিদ মুন্সির (২৬) সাথে সরকারী কালীগঞ্জ শ্রমিক কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের এক ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে জাহিদ মুন্সি ওই ছাত্রীকে গেস্ট হাউজে নিয়ে গিয়ে ধর্ষণ করে এবং মোবাইলে তার ব্যক্তিগত ছবি ও ভিডিও ধারণ করে। এরপর, ওই ব্যক্তিগত গোপনীয় ছবি ও ভিডিও সোস্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে বিভিন্ন হোটেল ও কলেজ সংলগ্ন রেলওয়ের পরিত্যক্ত কোয়াটারে তাকে একাধিকবার ধর্ষণ করে।
এই ঘটনার প্রেক্ষিতে, গত ১৪ সেপ্টেম্বর ধর্ষিতার বড় বোন কালীগঞ্জ থানায় ১২(৯)২৬ নং মামলা দায়ের করেন। মামলাটি দায়ের হওয়ার পর থেকে অভিযুক্ত এনসিপি নেতা জাহিদ মুন্সি আত্মগোপন করে থাকে। কালীগঞ্জ থানা পুলিশ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাতে পুবাইলের মাঝুখান এলাকায় অভিযান চালিয়ে জাহিদ মুন্সিকে আটক করে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন বলেন, "মামলা দায়েরের পর অভিযুক্ত জাহিদ মুন্সি পলাতক ছিল। মঙ্গলবার রাতে পুবাইলের মাঝুখান এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে এবং বুধবার দুপুরে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।"
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
টাঙ্গাইলে মিথ্যা ও ষড়যন্ত্র মূলক সংবাদ সম্মেলনের প্রতিবাদে ভুক্তভোগী আমান উল্লাহ্ (আমান) পাল্টা সংবাদ সম্মেলন করেছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আমান উল্লাহ্ আমান।
আমান উল্লাহ্ উল্লেখ করেন, গত (১৭ সেপ্টেম্বর) জমি সংক্রান্ত একটি বিষয় নিয়ে টাঙ্গাইল প্রেসক্লাবে মোস্তাফিজুর রহমান এবং আরফান মোল্লা মিলে মিথ্যা, বানোয়াট এবং মানহানিকর তথ্য উপস্থাপন করে সংবাদ সম্মেলন করেন। তিনি এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। তিনি দাবি করেন যে, প্রকৃত সত্য আড়াল করার জন্যই তাদের বিরুদ্ধে এই অপপ্রচার চালানো হয়েছে।
তিনি আরও জানান, প্রতিপক্ষের অন্যায়ের প্রতিবাদ করার কারণে বর্তমানে তিনি এবং তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। আমান উল্লাহ্ অভিযোগ করেন, বিবাদীপক্ষের লোকজনের ভয় ও হুমকির কারণে তাদের প্রাণনাশের আশঙ্কা রয়েছে। তিনি শঙ্কা প্রকাশ করেন যে, যে কোনো সময় তাদের শারীরিক, মানসিক, আর্থিক এবং সম্পত্তির ক্ষতি করা হতে পারে।
এই ঘটনার প্রেক্ষিতে তিনি জেলা প্রশাসক, পুলিশ সুপার, র্যাব, সদর উপজেলা নির্বাহী অফিসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেন। একই সাথে তিনি প্রশাসনের কাছে অনুরোধ জানান যাতে কোনো প্রকার মিথ্যা মামলার মাধ্যমে তাকে হয়রানি করা না হয় এবং সঠিক তথ্য তুলে ধরার জন্য প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এডভোকেট আরমান মোল্লা, আব্দুর রাজ্জাক, মাসুদ, আহাদ, আজম, হাশেম মিয়াসহ ভুক্তভোগীর পরিবারের সদস্যরা।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
দৈনিক সমকালের টাঙ্গাইলের ঘাটাইল প্রতিনিধি মাসুমের বিরুদ্ধে তথ্য চেয়ে আবেদন করায় ইউএনও ও পৌর প্রশাসক মো.মাহমাদুল হাসান অফেন্সিভ মোডে যাওয়ার হুমকি প্রদান করেছেন। আজ (২৩ সেপ্টেম্বর) দুপুরে, ওই সংবাদকর্মীকে মুঠোফোনের মাধ্যমে এ হুমকি দেন তিনি। এ সময় তিনি উল্লেখ করেন, "আপনি তথ্য চেয়ে আবেদন করেছেন। এটা ফাজলামি ছাড়া অন্যকিছু না। আপনি যদি অফেন্সিভ মোডে যান আমি ইউএনও অফেন্সিভ মোডে যাব। আপনি কার কথা শুনে এ কাজ করতেছেন? এটা অফেন্সিভ মোড।"
এর আগে, আজ সকালে মাসুম মিয়া পৌর প্রশাসকের কাছে তথ্য অধিকার আইনে তথ্য চেয়ে আবেদন করেন। আবেদনে তিনি জানতে চান, ঘাটাইল পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরে মোট কত টাকা পৌর কর আদায় হয়েছে এবং কোন কোন খাতে তা ব্যয় করা হয়েছে, সাব রেজিস্ট্রি অফিস থেকে প্রাপ্ত (ওয়ান পার্সেন্ট রাজস্ব) আয় ও ব্যয়, হাট-বাজার থেকে খাস কালেকশন বাবদ আয় ও ব্যয়, অটোরিকশা ও ভ্যানের লাইসেন্স বাবদ আয় ও ব্যয়ের বিষয়টি।
এদিকে, আবেদন পাওয়ার পর ইউএনও ও পৌর প্রশাসক মো.মাহমাদুল হাসান ক্ষুব্ধ হয়ে ওঠেন। তিনি সাংবাদিক মাসুম মিয়াকে মোবাইলে অফেন্সিভ মোডে যাওয়ার হুমকি দেন এবং তথ্য চাওয়া ফাজলামি বলে মন্তব্য করেন। সমকালের ঘাটাইল প্রতিনিধি মাসুম মিয়া বলেন, "তথ্য অধিকার আইনে তথ্য পাওয়ার অধিকার শুধু সংবাদকর্মীর নয়, সকল নাগরিকের। আমি সেই হিসেবে পৌরসভার কাজের তথ্য চেয়ে আবেদন করেছি।" ইউএনওর ক্ষোভের বিষয়টি নিয়ে জানতে ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো.মাহমাদুল হাসানের মুঠোফোনে কল করা হলে তিনি তা রিসিভ করেননি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা ঢাকায় অফিস স্থাপনের প্রতি আগ্রহ প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশের ই-কমার্স এবং অনলাইন ব্যবসার সম্প্রসারণ, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সহযোগিতা এবং সাইবার নিরাপত্তা বিষয়ে সরকারের সঙ্গে কাজ করার আগ্রহও দেখিয়েছে। মেটা ঢাকায় একটি প্রশাসনিক কেন্দ্র বা ফোকাল পয়েন্ট স্থাপনের বিষয়টি পর্যালোচনা করবে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এ তথ্য জানান। প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণের জন্য নিউইয়র্ক সফরের প্রথম দিনের বিভিন্ন কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলীসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা।
শামা ওবায়েদ জানান, মেটার প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশের একটি ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ঢাকায় অফিস খোলার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রীর বৈঠকে উপস্থিত থাকার কথা থাকলেও অন্য একটি জরুরি কর্মসূচির কারণে তিনি অংশ নিতে পারেননি।
মেটার ঢাকায় অফিস খোলার আগ্রহের পেছনে বাংলাদেশের বড় ফেসবুক ব্যবহারকারী ভিত্তি উল্লেখ করা হয়েছে। শামা ওবায়েদ বলেন, "বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর উপস্থিতি বড় হওয়ায় ঢাকায় একটি ফোকাল পয়েন্ট স্থাপনে মেটা বিশেষ আগ্রহ দেখিয়েছে।"
বৈঠকে বাংলাদেশের সাইবার সিকিউরিটি অ্যাক্ট নিয়েও আলোচনা হয়েছে। প্রতিষ্ঠানটি দেশের ই-কমার্স এবং অনলাইন ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ করারও ইচ্ছা রয়েছে মেটার। (Dhaka Stream)
ডিজিটাল হয়রানির বিষয়টিও বৈঠকে গুরুত্ব পেয়েছে। শামা ওবায়েদ জানান, বাংলাদেশের সামাজিক বাস্তবতায় ডিজিটাল হয়রানি কমাতে সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে কীভাবে কাজ করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে। মেটা এ বিষয়ে আগ্রহ দেখিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
বাংলাদেশের প্রথম বাজেটে ই-কমার্স ও প্রযুক্তি খাতকে দেওয়া গুরুত্ব নিয়েও আলোচনা হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, ভবিষ্যতে বাংলাদেশের সংশ্লিষ্ট টিমের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রতিষ্ঠানটি আগ্রহ প্রকাশ করেছে।
ঢাকায় মেটার অফিস কবে এবং কীভাবে চালু হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। প্রতিষ্ঠানটি বিষয়টি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে।
এদিকে সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক নিয়েও কথা বলেন। তিনি জানান, ওই বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ এবং প্রতিরক্ষা বিনিয়োগসহ বিভিন্ন বিষয়ে সাধারণ আলোচনা হয়েছে। মক্কা প্যাক্ট নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও তিনি জানান।
হুমায়ুন কবির বলেন, বৈঠকটি আন্তরিক ছিল এবং এর মাধ্যমে ভবিষ্যতে পারস্পরিক অংশীদারত্ব ও কৌশলগত অংশীদারত্ব আরও জোরদার হওয়ার আশা করা হচ্ছে।
এলডিসি উত্তরণ নিয়ে তিনি আলোচনা করেন। তার বক্তব্য অনুযায়ী, বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়নি। তবে কোভিড-পরবর্তী পরিস্থিতি, গত ১৫ বছরের গণতান্ত্রিক ঘাটতি, প্রাতিষ্ঠানিক ভঙ্গুরতা এবং বিশেষ করে জ্বালানি সংকটের বিষয়গুলো বাংলাদেশের এলডিসি উত্তরণ সংক্রান্ত আবেদনের প্রেক্ষাপটে আন্তর্জাতিক মহলে তুলে ধরা হচ্ছে।
তিনি বলেন, এসব বিষয়ে বাংলাদেশ সমর্থন পাচ্ছে এবং সরকার বিষয়টি ইতিবাচকভাবে দেখছে। জ্বালানি সংকটের বিষয়টিও জাতিসংঘ সাধারণ পরিষদের সংশ্লিষ্ট পর্যায়ে ইতিবাচকভাবে উপস্থাপিত হয়েছে।
মেটার সঙ্গে বৈঠকটি প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফরের প্রথম দিনের কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর সরাসরি অংশগ্রহণের কথা থাকলেও সময়সূচির কারণে তিনি বৈঠকে উপস্থিত থাকতে পারেননি। তবে বাংলাদেশের প্রতিনিধিদল মেটার সঙ্গে আলোচনা করেছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ