১২:৪১ পি.এম
ইন্দোনেশিয়ার অশান্ত পূর্বাঞ্চলীয় পাপুয়া প্রদেশে বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের গুলিতে এক মার্কিন পাইলট নিহত হয়েছেন।
দেশটির সামরিক বাহিনী তার মরদেহ উদ্ধার করেছে। শুক্রবার (৩ জুলাই) ইন্দোনেশীয় সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে। এর আগে একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী জানায়, এ হামলা যুক্তরাষ্ট্র ও ইন্দোনেশিয়া সরকারের জন্য একটি বার্তা।
খনিজ ও প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ পাপুয়া দ্বীপে বিচ্ছিন্নতাবাদীরা ইন্দোনেশিয়া থেকে স্বাধীন হওয়ার জন্য দীর্ঘদিন ধরে সশস্ত্র লড়াই করছেন। সম্প্রতি উন্নত অস্ত্রশস্ত্র হাতে পাওয়ায় হামলা আরও মারাত্মক এবং ঘন ঘন হচ্ছে।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ওয়েস্ট পাপুয়া ন্যাশনাল লিবারেশন আর্মির (টিপিএনপিবি) মুখপাত্র সেবি সামবম বৃহস্পতিবার (২ জুলাই) বলেন, তাদের সদস্যরা মার্কিন পাইলট নিকোলাস এফ গোসেলিনকে গুলি করে হত্যা করেছেন। ইয়াহুকিমো অঞ্চলে অবতরণ করার পর তারা উড়োজাহাজটিতে আগুন ধরিয়ে দেন।
সেবি সামবম আরও বলেন, উড়োজাহাজটি বারবার ইন্দোনেশীয় সেনাসদস্যদের বিভিন্ন স্থানে পৌঁছে দিচ্ছিল এবং টিপিএনপিবির জারি করা আলটিমেটাম লঙ্ঘন করছিল। ইন্দোনেশিয়া বেসামরিক উড়োজাহাজগুলোকে পাপুয়ার বিদ্রোহী–নিয়ন্ত্রিত রেড জোনে প্রবেশের অনুমতি দেয়া বন্ধ না করলে সামনে আরও হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীটির এই মুখপাত্র বলেন, ইন্দোনেশীয় সামরিক বাহিনী ও ওয়েস্ট পাপুয়া ন্যাশনাল লিবারেশন আর্মির মধ্যকার সংকটের মূল কারণগুলো সমাধানে ব্যর্থতার দায় মনে করিয়ে দিতেই এ হামলা চালানো হয়েছে। এর মাধ্যমে ইন্দোনেশিয়া ও মার্কিন সরকারকে একটি বার্তা দেওয়া হয়েছে।
পাপুয়ার সামরিক মুখপাত্র উইরিয়া আরতাদিগুণা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর হামলার বিষয়টি নিশ্চিত করেন এবং বলেন, মার্কিন পাইলটের মরদেহ উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। সামরিক বাহিনী হামলাকারীদের খোঁজার পাশাপাশি ওই ফ্লাইটের যাত্রীদেরও সন্ধান করছে।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
এর আগে কর্মকর্তারা জানিয়েছিলেন, উড়োজাহাজটিতে সাতজন যাত্রী ছিলেন। তারা সবাই পাপুয়ার স্থানীয় বাসিন্দা।
জাকার্তায় অবস্থিত মার্কিন দূতাবাস এ বিষয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন