শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৬:২২ পি.এম
কুষ্টিয়ার মিরপুরে নাশকতা মামলায় আটক কৃষকলীগের এক নেতাকে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত দুইটার দিকে থানা থেকে ছাড়িয়ে নিতে এসে জামায়াতের এক নেতাসহ ৮ জনকে পুলিশ আটক করেছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) মুচলেকা দেওয়ার পর তারা থানা থেকে মুক্তি পান।
আটককৃতদের মধ্যে রয়েছেন—মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি সিরাজুল ইসলাম (৪৫), জামায়াত সমর্থক মারুফ (২১), বাশার (৩৫), মফিজুল প্রামাণিক (৪০), জাহাঙ্গীর হোসেন (৪০), বাদল প্রামাণিক (৫০), বিএনপি নেতা মেহেরুল ইসলাম (৪৫) এবং বিএনপি সমর্থক শহীদুল ইসলাম (৫৩)।
মিরপুর থানা পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে চিথলিয়া এলাকায় অভিযান চালিয়ে চিথলিয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি হাফিজুর রহমান হাফিজকে নাশকতা মামলায় আটক করা হয়। পরে তাকে থানায় নিয়ে আসা হয়।
কৃষকলীগ নেতা হাফিজুর রহমানকে আটক করার খবর পেয়ে রাত ২টার দিকে চিথলিয়া ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির সিরাজুল ইসলামের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি থানায় আসেন। তারা হাফিজুরকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশের কাছে তদবির ও চাপ দিতে থাকেন।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, "নিষেধ করার পরও তারা বারবার নাশকতা মামলার আসামিকে ছেড়ে দেওয়ার জন্য তদবির করতে থাকেন।" একপর্যায়ে তাদের আটক করা হয়। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আটক ব্যক্তিদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। এরপর উভয় দলের নেতাদের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান ওসি।
এটি উল্লেখ্য যে, এর আগে চলতি বছরের ৯ মে রাতে কুষ্টিয়ার মিরপুর থানায় আট পিস ইয়াবাসহ ধরা পড়া এক মাদক ব্যবসায়ীকে ছাড়িয়ে নিতে গিয়ে পুলিশের হাতে আটক হন স্থানীয় বিএনপি ও জামায়াতের পাঁচ নেতাকর্মী। পরে তাদের থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে।
নতুন আপডেটটিতে দেখা গেছে, পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি ঘটেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী এবং সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা গেছে।
ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত রয়েছে।
এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ী পরবর্তী ধাপ নির্ধারণ হবে।
ভিসা বুলেটিনে উল্লেখ করা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং চাহিদা কম হলে তারিখ এগিয়ে আসতে পারে।
অন্যদিকে, কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলকভাবে কঠিন রয়েছে। বিশেষ করে কিছু অ্যামপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।
যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন।
বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর।
যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা একটি বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
"আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে।" পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি মন্তব্য করেছেন যে, দীর্ঘ সময়ের এই জঞ্জাল থেকে বের হতে অনেক শ্রম ও ত্যাগ স্বীকার করতে হচ্ছে।
তিনি শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে লক্ষ্মীপুরের রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
পানিসম্পদ মন্ত্রী আরও বলেন, "আমাদের এত যুদ্ধ, এত লড়াই, এত সংগ্রাম, এত আন্দোলন।" তবুও, অভাব অনটন থেকে বের হতে পারছি না। তিনি উল্লেখ করেন, ১৭ বছরের অরাজনৈতিক ও অগণতান্ত্রিক পরিবেশ আমাদেরকে আটকে রেখেছিল। "আমার-আপনার জীবন থেকে ১৭ বছর কেড়ে নিয়েছে।" তিনি বলেন, "১৭ বছরের ট্রেন্ড ১৭ দিনে শেষ করে দেব, ৭ মাসে শেষ হয়ে যাবে এটা মনে করার কোনো অবস্থান বা বলা ঠিক হবে না।" দীর্ঘদিনের জঞ্জাল থেকে বের হতে আমাদের অনেক শ্রম ও ত্যাগ স্বীকার করতে হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিদিন ১২-১৩-১৪-১৫ ঘণ্টা কাজ করে যাচ্ছেন, এবং আমরা তার হাতকে শক্তিশালী করছি।
মন্ত্রী আরও বলেন, "১৭ বছর আমরা অনেক কিছু হারিয়েছি, শিক্ষা বিস্তারকে হারিয়েছি, চাকরির বয়স হারিয়েছি, সমাজকে হারিয়েছি, সমাজকে কিছু দিতে পারিনি, পরিবারকে হারিয়েছি।" দেশের জন্য কিছু করার, দেশকে কিছু দেওয়ার সেটাও আমরা হারিয়েছি। মুক্ত হওয়ার জন্য অনেক লড়াই সংগ্রাম করতে হয়েছে। তিনি উল্লেখ করেন, এই জেনারেশন সর্বশেষ ১৭ বছরের সঙ্গে আমাদের যোগ হয়েছে। তারা জুলাই আন্দোলন করেছে, মেধার জন্য লড়াই করেছে, কোটার বিরুদ্ধে সংগ্রাম করেছে।
অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টের কো-চেয়ারম্যান ডা. কাজী মো. নুর-উল ফেরদৌস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার, রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া, রায়পুর উপজেলা বিএনপির সভাপতি জেড এম নাজমুল ইসলাম মিঠু, এবং প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজের অধ্যক্ষ নুরুল আমিন প্রমুখ।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
রাজধানীর বনানী এলাকায় একটি বহুতল ভবনে আগুনের ঘটনা ঘটেছে। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর জন্য রওনা দিয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
তবে, আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া, অগ্নিকাণ্ডের কারণে এখন পর্যন্ত হতাহত হওয়ার খবর নেই।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার গণমাধ্যমকে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিকেল ৫টা ৩৬ মিনিটের দিকে বনানীর ২৬ তলা ভবনে আগুনের খবর পাওয়া যায়। ইতোমধ্যে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
আমেরিকার কলেজ ভর্তির অন্যতম প্রধান প্রবেশদ্বার স্যাট (SAT) পরীক্ষায় ১৬০০ এর মধ্যে ১৬০০ বা নিখুঁত স্কোর অর্জন করে ১৪ বছর বয়সী এক কিশোর সবাইকে অবাক করে দিয়েছে। জর্জিয়ার ফুলটন কাউন্টির মিডল স্কুলের ছাত্র আশ্রিত তাল্লুরি এই অসাধারণ অ্যাকাডেমিক মাইলফলক অর্জন করতে সক্ষম হয়েছে।
সাধারণত, ১৬ অথবা ১৭ বছর বয়সে শিক্ষার্থীরা হাই স্কুলের জুনিয়র ইয়ারের বসন্তকালে স্যাট পরীক্ষা দিয়ে থাকে। কিন্তু আশ্রিত এত কম বয়সে এই কঠিন পরীক্ষায় অংশগ্রহণ করে এবং সফলতার সঙ্গে তা পাস করে। ফক্স ৫ আটলান্টা-কে দেওয়া সাক্ষাৎকারে সে জানায়, স্কোর কার্ডে ১৬০০ দেখার পর নিজের চোখকে কয়েকবার কচলে বিশ্বাস করতে হয়েছে।
মিডল স্কুলে পড়ার সময়েই আশ্রিত সাড়ে চৌদ্দটি হাই স্কুল ক্রেডিট অর্জন করে, যার ফলে সে হার্ভার্ড ও রাইসে কলেজ পর্যায়ের সামার প্রোগ্রামে অংশ নেওয়ার সুযোগ পায়। বাবার ও মিডল স্কুলের কাউন্সেলরের উৎসাহে সে গত জানুয়ারিতে পরীক্ষার জন্য নাম রেজিস্ট্রি করে এবং একজন টিউটরের সঙ্গে পাঁচ মাস ধরে পড়াশোনা ও মক টেস্ট দিয়ে প্রস্তুতি নেয়। ফলাফল হাতে পাওয়ার পর কিশোর আশ্রিত অবাক হয়ে আবিষ্কার করে যে সে নিখুঁত স্কোর অর্জন করেছে।
পরীক্ষায় সফল হওয়ার পরও স্যাট নিয়ে তার ব্যস্ততা শেষ হয়নি। অন্য শিক্ষার্থীদের প্রস্তুতির সহায়তার জন্য সে নিজে স্যাট প্র্যাকটিস প্রশ্ন তৈরি করে অবসর সময় কাটায়। সে জানায়, অন্য কেউ তাকে যেভাবে সাহায্য করেছে, ঠিক তেমনি সেও সমাজের অন্য শিক্ষার্থীদের একাডেমিক স্বপ্ন পূরণে সাহায্য করতে চায়।
ভালো ফলাফলের পাশাপাশি মানুষের কল্যাণে বড় কিছু করার স্বপ্নও রয়েছে তার। আশ্রিত জানায়, সে ভবিষ্যতে একজন নিউরোসার্জন হতে চায়। তবে এর পাশাপাশি সে নিজেই একটি ব্যবসা পরিচালনা করছে।
তার লিংকডইন প্রোফাইল অনুযায়ী, সে সেরেব্রোএগিস (CerebroAegis) নামের একটি কোম্পানির প্রধান নির্বাহী (সিইও)। কোম্পানিটিকে সে একটি এআই-চালিত স্ট্রোক স্ক্রিনিং এবং স্বাস্থ্য-নিরাপত্তা প্ল্যাটফর্ম হিসেবে বর্ণনা করেছে, যা স্মার্টফোনের সেন্সর ব্যবহার করে স্ট্রোকের সম্ভাব্য লক্ষণ শনাক্ত করতে এবং দ্রুত স্ক্রিনিং সহায়তা দিতে পারে। এছাড়া, লিংকডইন তথ্য অনুযায়ী, সে আরও দুটি কোম্পানির প্রধান নির্বাহী হিসেবে যুক্ত আছে।
আশ্রিত সম্প্রতি ইনোভেশন একাডেমিতে তার নবম শ্রেণির জীবন শুরু করেছে এবং সেখানে দ্বৈত ভর্তির (ডুয়াল এনরোলমেন্ট) মাধ্যমে দুটি কলেজ পর্যায়ের কোর্স সম্পন্ন করছে। পড়াশোনার বাইরে সে দাবা খেলা, বিমান চালনা (ফ্লাইং) এবং আটলান্টা এলাকার বিভিন্ন হ্যাকাথনে অংশ নিয়ে অবসর সময় কাটাচ্ছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ