প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
আমেরিকার কলেজ ভর্তির অন্যতম প্রধান প্রবেশদ্বার স্যাট (SAT) পরীক্ষায় ১৬০০ এর মধ্যে ১৬০০ বা নিখুঁত স্কোর অর্জন করে ১৪ বছর বয়সী এক কিশোর সবাইকে অবাক করে দিয়েছে। জর্জিয়ার ফুলটন কাউন্টির মিডল স্কুলের ছাত্র আশ্রিত তাল্লুরি এই অসাধারণ অ্যাকাডেমিক মাইলফলক অর্জন করতে সক্ষম হয়েছে।
সাধারণত, ১৬ অথবা ১৭ বছর বয়সে শিক্ষার্থীরা হাই স্কুলের জুনিয়র ইয়ারের বসন্তকালে স্যাট পরীক্ষা দিয়ে থাকে। কিন্তু আশ্রিত এত কম বয়সে এই কঠিন পরীক্ষায় অংশগ্রহণ করে এবং সফলতার সঙ্গে তা পাস করে। ফক্স ৫ আটলান্টা-কে দেওয়া সাক্ষাৎকারে সে জানায়, স্কোর কার্ডে ১৬০০ দেখার পর নিজের চোখকে কয়েকবার কচলে বিশ্বাস করতে হয়েছে।
মিডল স্কুলে পড়ার সময়েই আশ্রিত সাড়ে চৌদ্দটি হাই স্কুল ক্রেডিট অর্জন করে, যার ফলে সে হার্ভার্ড ও রাইসে কলেজ পর্যায়ের সামার প্রোগ্রামে অংশ নেওয়ার সুযোগ পায়। বাবার ও মিডল স্কুলের কাউন্সেলরের উৎসাহে সে গত জানুয়ারিতে পরীক্ষার জন্য নাম রেজিস্ট্রি করে এবং একজন টিউটরের সঙ্গে পাঁচ মাস ধরে পড়াশোনা ও মক টেস্ট দিয়ে প্রস্তুতি নেয়। ফলাফল হাতে পাওয়ার পর কিশোর আশ্রিত অবাক হয়ে আবিষ্কার করে যে সে নিখুঁত স্কোর অর্জন করেছে।
পরীক্ষায় সফল হওয়ার পরও স্যাট নিয়ে তার ব্যস্ততা শেষ হয়নি। অন্য শিক্ষার্থীদের প্রস্তুতির সহায়তার জন্য সে নিজে স্যাট প্র্যাকটিস প্রশ্ন তৈরি করে অবসর সময় কাটায়। সে জানায়, অন্য কেউ তাকে যেভাবে সাহায্য করেছে, ঠিক তেমনি সেও সমাজের অন্য শিক্ষার্থীদের একাডেমিক স্বপ্ন পূরণে সাহায্য করতে চায়।
ভালো ফলাফলের পাশাপাশি মানুষের কল্যাণে বড় কিছু করার স্বপ্নও রয়েছে তার। আশ্রিত জানায়, সে ভবিষ্যতে একজন নিউরোসার্জন হতে চায়। তবে এর পাশাপাশি সে নিজেই একটি ব্যবসা পরিচালনা করছে।
তার লিংকডইন প্রোফাইল অনুযায়ী, সে সেরেব্রোএগিস (CerebroAegis) নামের একটি কোম্পানির প্রধান নির্বাহী (সিইও)। কোম্পানিটিকে সে একটি এআই-চালিত স্ট্রোক স্ক্রিনিং এবং স্বাস্থ্য-নিরাপত্তা প্ল্যাটফর্ম হিসেবে বর্ণনা করেছে, যা স্মার্টফোনের সেন্সর ব্যবহার করে স্ট্রোকের সম্ভাব্য লক্ষণ শনাক্ত করতে এবং দ্রুত স্ক্রিনিং সহায়তা দিতে পারে। এছাড়া, লিংকডইন তথ্য অনুযায়ী, সে আরও দুটি কোম্পানির প্রধান নির্বাহী হিসেবে যুক্ত আছে।
আশ্রিত সম্প্রতি ইনোভেশন একাডেমিতে তার নবম শ্রেণির জীবন শুরু করেছে এবং সেখানে দ্বৈত ভর্তির (ডুয়াল এনরোলমেন্ট) মাধ্যমে দুটি কলেজ পর্যায়ের কোর্স সম্পন্ন করছে। পড়াশোনার বাইরে সে দাবা খেলা, বিমান চালনা (ফ্লাইং) এবং আটলান্টা এলাকার বিভিন্ন হ্যাকাথনে অংশ নিয়ে অবসর সময় কাটাচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন