ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

মুক্তির পর গুরুতর অভিযোগ তুললেন ইউটিউবার ধ্রুব রাঠি


মুক্তির পর গুরুতর অভিযোগ তুললেন ইউটিউবার ধ্রুব রাঠি

ভারতের রাজধানী দিল্লিতে বিক্ষোভের প্রেক্ষাপটে চলছে ধরপাকড়ের অভিযান। জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি গতকাল পুলিশের হাতে আটক হন। রাতে মুক্তি পাওয়ার পর তিনি পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেন।

রোববার (১১ অক্টোবর) ইনস্টাগ্রামে প্রকাশিত একটি ভিডিওবার্তায় রাঠি দাবি করেন, তাকে ‘অপহরণ’ করা হয়েছিল।

তিনি তার পোস্টের ক্যাপশনে লেখেন, "আমাকে গ্রেপ্তার বা আটক করা হয়নি, আমাকে অপহরণ করা হয়েছিল।"

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

কর্মকর্তাদের তথ্যমতে, শনিবার রাত ৩টার সময় রাঠিকে মুক্তি দেওয়া হয় এবং তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এর আগে, সকাল সাড়ে ৯টার দিকে গুরুগ্রামের সেক্টর ৫৬-এর কেন্দ্রীয় বিহার সোসাইটির তার বাড়ি থেকে তাকে আটক করা হয়।

ভিডিওবার্তায় রাঠি একটি পাসপোর্ট প্রদর্শন করেন, যা তিনি দাবি করেন তার ভারতীয় পাসপোর্ট। তিনি বলেন, তিনি একজন বিদেশি নাগরিক, যিনি বিক্ষোভে অংশ নিতে চেয়েছিলেন—এমন খবরের সমালোচনা করেন।

তিনি বলেন, "আমি একজন ভারতীয় নাগরিক এবং একজন সাধারণ নাগরিকের যে অধিকার রয়েছে, আমারও সেই একই অধিকার রয়েছে।"

তিনি অভিযোগ করেন, শনিবার (১০ অক্টোবর) সকাল ৭টার দিকে, যখন তিনি ঘুমাচ্ছিলেন, তখন তার মা দরজা খুলেছিলেন, কারণ বাইরে বেশ কয়েকজন লোক ঘোরাফেরা করছিল। তার দাবি, তারা পুলিশ কর্মকর্তা ছিলেন না, বরং সাধারণ পোশাকে থাকা লোকজন ছিলেন। তিনি বলেন, প্রায় ২০ জন হঠাৎ করে বাড়ির ভেতরে ঢুকে পড়ে।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

তিনি বলেন, "আমি কিছু বুঝে ওঠার আগেই এই লোকেরা আক্ষরিক অর্থে আমাকে অপহরণ করে। আমি এখানে অপহরণ শব্দটি ব্যবহার করছি, কারণ এটি কোনো গ্রেপ্তার নয়।"

তিনি আরও বলেন, "যদি আমি বিক্ষোভে যেতাম, তাহলে আমাকে আটক করা হতো।" তার অভিযোগ, নেমপ্লেট ছাড়া কিছু ‘গুণ্ডাকে’ পাঠানো হয়েছিল তাকে ‘অপহরণ’ করার জন্য।

তিনি বলেন, "তারা আমাকে সোজাসুজি টেনেহিঁচড়ে নিয়ে যায়। মানে, একটু কল্পনা করে দেখুন, একজন অপরাধীকে যেভাবে নিয়ে যাওয়া হয়। তারা আমাকে শোবার ঘর থেকে টেনেহিঁচড়ে বের করে। সিঁড়ি দিয়ে নিচে নামিয়ে নিয়ে যায়। এখানে আমি গুরুতরভাবে আহত হয়েছি। আমার সারা শরীরে এ ধরনের ক্ষত রয়েছে।"

রাঠি আরও অভিযোগ করেন যে তাকে তার আইনজীবীর সঙ্গে দেখা করার সুযোগ দেয়া হয়নি। তিনি বলেন, "আপনারা কি এমন কোনো গণতান্ত্রিক দেশের কথা শুনেছেন, যেখানে একজন সাধারণ নাগরিক কোনো আইন ভাঙেননি, যিনি শুধু সত্যের পক্ষে এবং দেশের কল্যাণের জন্য নিজের কণ্ঠস্বর তুলেছেন, যিনি একটি উন্নত নির্বাচন কমিশনের দাবি জানিয়েছেন, তাকে তার নিজের বাড়ির শোবার ঘর থেকে তুলে নিয়ে যাওয়া হয়, অপহরণ করা হয়, তার বাবা-মাকে মারধর করা হয় এবং তারপর এভাবে তাকে নিয়ে যাওয়া হয়?"

আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত

তিনি পরিস্থিতিটিকে একটি ‘অনানুষ্ঠানিক জরুরি অবস্থা’ বলে অভিহিত করেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে ‘দেশকে একনায়কতন্ত্রে পরিণত করার’ অভিযোগ তোলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:১১ পি.এম


ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ মন্তব্য করেছেন, ফারাক্কা চুক্তির নবায়ন এবং অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার মাধ্যমে ভারতকে প্রকৃত বন্ধুত্বের প্রমাণ দিতে হবে, যা আগামী ১২ ডিসেম্বর মেয়াদ শেষ হচ্ছে।

রোববার (১১ অক্টোবর) সকালে পঞ্চগড় সদর উপজেলার মীরগড় এলাকায় দ্বিতীয় করতোয়া সেতু পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ফরহাদ হোসেন বলেন, ফারাক্কা চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হবে। ইতোমধ্যে, আমাদের সরকারের পক্ষ থেকে এবং আমার পানিসম্পদ মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে প্রতিবেশী দেশের সঙ্গে বিভিন্নভাবে যোগাযোগ করা হচ্ছে। কলকাতায় ইতোমধ্যে একটি টেকনিক্যাল কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

তিনি আরও বলেন, আমরা আমাদের বন্ধুপ্রতিম প্রতিবেশী দেশকে আহ্বান জানাচ্ছি, বিশেষ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৭ সালে যে চুক্তিটি করেছিলেন, সেই গ্যারান্টি ক্লজকে সামনে রেখে আমরা চাই আগামীতে আমাদের এই ফারাক্কা চুক্তি নবায়ন হবে এবং সেটিকে বাস্তবায়ন করা হবে।

প্রতিমন্ত্রী উল্লেখ করেন, বিগত ১৭ বছরে একপাক্ষিক সমর্থনের কারণে দুই দেশের জনগণের মধ্যে যে প্রশ্নের উদ্ভব হয়েছে, গ্যারান্টি ক্লজসহ ন্যায্য পানি বণ্টন নিশ্চিতের মাধ্যমে ভারতের সেই বন্ধুত্বের প্রমাণ দেওয়া সম্ভব। শুধু ফারাক্কা নয়, সীমান্তজুড়ে বিস্তৃত ৫৪টি নদীর পানির ন্যায্য হিস্যা এবং সেগুলোর নাব্যতা ফিরিয়ে আনার জন্যও ইতিবাচক ভূমিকা প্রত্যাশা করেন তিনি।

এ সময় পঞ্চগড় সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জাকির হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবুসহ সড়ক বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে নিহত ৪, বিদ্যুৎহীন ৬ লাখ গ্রাহক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:২৯ পি.এম


যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে নিহত ৪, বিদ্যুৎহীন ৬ লাখ গ্রাহক

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে অন্তত চারজনের মৃত্যু ঘটেছে। নিহতদের মধ্যে দুজন রয়েছেন ফ্লোরিডায় এবং অন্য দুজন আলাবামায়। যদিও ঝড়ের শক্তি কমে গেছে, তবুও প্রবল বাতাস, আকস্মিক বন্যা ও উপকূলে জলোচ্ছ্বাসের আশঙ্কা অব্যাহত রয়েছে। এই ঝড়ের কারণে ছয় লাখের বেশি গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। নিরাপদ আশ্রয়ের জন্য কয়েক হাজার মানুষ তাদের ঘর ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন।

২০২৬ সালের আটলান্টিক মৌসুমের প্রথম ঘূর্ণিঝড় ইসাইয়াস শুক্রবার (৯ অক্টোবর) রাতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ডেস্টিনের কাছে উত্তর উপসাগরীয় উপকূলে আঘাত হানে। আঘাতের সময় এটি ছিল দ্বিতীয় শ্রেণির ঘূর্ণিঝড়, যার বাতাসের সর্বোচ্চ স্থায়ী গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ১০৫ মাইল। তবে স্থলভাগে আঘাত হানার কয়েক ঘণ্টার মধ্যেই ঝড়টির শক্তি কমে গ্রীষ্মমণ্ডলীয় বৈশিষ্ট্য হারায়।

ফ্লোরিডার পেনসাকোলা ও আশপাশের এলাকায় ঝড়ের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মিল্টন হাইস্কুলের ব্যায়ামাগার সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। অন্তত দুটি জ্বালানি স্টেশন এবং গালফ ব্রিজ এলাকার একটি বাড়ির ছাদ উড়ে গেছে। বিভিন্ন স্থানে গাছ উপড়ে পড়েছে এবং বিদ্যুতের তারের ওপর গাছ পড়ে সড়ক চলাচল ব্যাহত হয়েছে।

ফ্লোরিডার গালফ ব্রিজ এলাকার বাসিন্দা জেইম মিটিচ জানিয়েছেন, ঝড়ের সময় তিনি ও তার ১৩ বছর বয়সী মেয়ে জুয়েলিয়ানা জ্যাকসন একটি গদি দিয়ে নিজেদের ঢেকে আশ্রয় নিয়েছিলেন। এর কিছু মিনিটের মধ্যেই তাদের বাসার ছাদের একটি অংশ উড়ে যায়। ঝড়ের প্রচণ্ড শব্দে চারপাশে বিভিন্ন জিনিস ভেঙে পড়ছিল বলে তিনি জানান। পরে নিজের ক্ষতিগ্রস্ত বাড়ি দেখতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মিটিচ। তবে তিনি সব প্রতিকূলতা পেরিয়ে ঘুরে দাঁড়ানোর আশাবাদও ব্যক্ত করেছেন।

নাভারে এলাকায় তামারা স্ট্যাম ও ড্যানিয়েল পাগান ঝড়ের পর ধ্বংসাবশেষ পরিষ্কারে ব্যস্ত ছিলেন। রাতের জন্য দুই পরিবারের সদস্যরা একসঙ্গে আশ্রয় নেন, যাতে তাদের নয়টি শিশু একসঙ্গে থাকতে পারে। অন্যদিকে, পানামা সিটির একটি সামুদ্রিক খাবারের রেস্তোরাঁর মালিক শন পালামারচুক ক্ষয়ক্ষতির পরিমাণ ৫০ হাজার থেকে ৭৫ হাজার ডলার বলে অনুমান করেছেন। তিনি জানিয়েছেন, এখন রেস্তোরাঁ চালু করে পুনর্গঠনের কাজে নামতে চান।

ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস সতর্ক করে বলেছেন, ঝড়ের কেন্দ্র ফ্লোরিডা অতিক্রম করলেও বন্যার ঝুঁকি এখনো কাটেনি। অপরদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার (১০ অক্টোবর) জর্জিয়া অঙ্গরাজ্যের জন্য জরুরি অবস্থা ঘোষণার অনুমোদন দিয়েছেন। এর ফলে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে দুর্যোগ মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের সহায়তা ও সম্পদ ব্যবহারের সুযোগ তৈরি হয়েছে। এর আগে ফ্লোরিডা ও আলাবামার জন্যও জরুরি অবস্থা অনুমোদন করা হয়েছিল।

জাতীয় ঘূর্ণিঝড় কেন্দ্র জানিয়েছে, জর্জিয়ার উত্তর-পূর্বাঞ্চলের কিছু এলাকায় ৩ থেকে ৬ ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এতে আকস্মিক বন্যার ঝুঁকি রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, ইসাইয়াসের প্রভাবে সপ্তাহান্তজুড়ে দক্ষিণ-পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় ঝোড়ো বাতাস, ভারী বৃষ্টি ও জলোচ্ছ্বাস দেখা দিতে পারে। রোববারের (১১ অক্টোবর) মধ্যে ঝড়টি পুরোপুরি বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: সিবিএস নিউজ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পেনসিলভানিয়ায় পুলিশের গুলিতে নিহত শেন সাইবার, আহত আরেকজন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৩০ পি.এম


পেনসিলভানিয়ায় পুলিশের গুলিতে নিহত শেন সাইবার, আহত আরেকজন

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় বন্দুকধারীর সংবাদের পর ঘটনাস্থলে পৌঁছানোর সময় গুলির শিকার হন দুই পুলিশ কর্মকর্তা। নিহতদের মধ্যে একজন হচ্ছেন শেন সাইবার (৪০)। অপর কর্মকর্তাটি ১২টি গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন, তার অবস্থা বর্তমানে স্থিতিশীল।

এই ঘটনা ঘটে শনিবার (১০ অক্টোবর) ভোরে। ফিলাডেলফিয়ার পুলিশ কমিশনার কেভিন বেথেল জানান, গুলিবিদ্ধ দুই কর্মকর্তাকে পেন প্রেসব্যাটেরিয়ান মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের অস্ত্রোপচার করা হয়। আহত কর্মকর্তার অবস্থা এখন স্থিতিশীল রয়েছে।

ফিলাডেলফিয়ার জেলা অ্যাটর্নি ল্যারি ক্রাসনার জানিয়েছেন, এরিক লুইস (৩৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। ক্রাসনারের মতে, নিহত পুলিশ কর্মকর্তাকে হত্যার পাশাপাশি আহত কর্মকর্তাকে হত্যাচেষ্টার অভিযোগও এরিকের বিরুদ্ধে আনা হয়েছে। আরও উল্লেখযোগ্য হলো, ঘটনাস্থলে সাড়া দিতে আসা নয়জন কর্মকর্তাকে গুলি করার ঘটনায়ও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তবে ওই নয়জনের কেউ আহত হননি।

অভিযুক্ত এরিককে জামিন ছাড়া আটক রাখা হয়েছে। জেলা অ্যাটর্নি জানিয়েছেন, শিগগিরই তাকে আদালতে হাজির করা হবে। আদালতের নথি অনুযায়ী, এরিকের বিরুদ্ধে পূর্বে হামলা, চুরি এবং প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহনসহ বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত হওয়ার তথ্য রয়েছে।

নিহত শেন সাইবার ফিলাডেলফিয়া পুলিশ বিভাগে ১০ বছর ধরে কর্মরত ছিলেন। গভর্নর জশ শাপিরো তার মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, সাইবারের প্রতি শ্রদ্ধা জানাতে সরকারি ভবনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

শেন সাইবার স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন, যাদের বয়স যথাক্রমে সাত ও তিন বছর। জেলা অ্যাটর্নি ল্যারি ক্রাসনার এই ঘটনার নৃশংসতা, অর্থহীনতা ও ভয়াবহতা সম্পর্কে মন্তব্য করেছেন।

সূত্র: এনবিসি নিউজ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ম্যাসাচুসেটসে অন্তঃসত্ত্বা তরুণীর মৃত্যুতে সাবেক পুলিশ কর্মকর্তার বিচার শুরু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৩০ পি.এম


ম্যাসাচুসেটসে অন্তঃসত্ত্বা তরুণীর মৃত্যুতে সাবেক পুলিশ কর্মকর্তার বিচার শুরু

ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে ২৩ বছর বয়সী সান্দ্রা বার্চমোরের মৃত্যু নিয়ে সাবেক পুলিশ কর্মকর্তা ম্যাথিউ ফারওয়েলের বিচার শুরু হয়েছে। পাঁচ বছর আগে বোস্টনের উপশহর ক্যান্টনের নিজ অ্যাপার্টমেন্ট থেকে সান্দ্রার মরদেহ উদ্ধার করা হয়। হত্যার অভিযোগে অভিযুক্ত ফারওয়েল নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন।

শুক্রবার (৯ অক্টোবর) বোস্টনের আদালতে বিচার শুরুর প্রথম দিনেই সান্দ্রার মৃত্যুর আগের দিনগুলোর বিষয়ে সরকারি আইনজীবী ও আসামিপক্ষের আইনজীবী দুটি ভিন্ন বর্ণনা উপস্থাপন করেন।

সরকারি আইনজীবী টোরি বি. কামিংসের বক্তব্য অনুযায়ী, ফারওয়েল সান্দ্রার অভিভাবকসুলভ পরামর্শদাতা হওয়ার কথা ছিল। কিন্তু সান্দ্রার বয়স ১৫ বছর এবং ফারওয়েলের বয়স ২৭ বছর থাকাকালীন তাদের মধ্যে যৌন বা শারীরিক সম্পর্ক শুরু হয়। এই সম্পর্ক প্রায় আট বছর ধরে চলতে থাকে। কামিংস অভিযোগ করেন, ফারওয়েল তার অবস্থানের সুযোগ নিয়ে সান্দ্রাকে শোষণ করেছেন। এমনকি দায়িত্ব পালনরত অবস্থায়ও মাঝে মাঝে তার সঙ্গে দেখা করতেন।

কামিংস আরও বলেন, সান্দ্রা অন্তঃসত্ত্বা হয়ে পড়ার পর তাদের গোপন সম্পর্ক প্রকাশের আশঙ্কা তৈরি হয়। তিনি দাবি করেন, সান্দ্রা তার বিরুদ্ধে অভিযোগ তুলতে পারেন—এমন আশঙ্কা থেকেই ফারওয়েল তাকে হত্যা করেন।

সরকারি আইনজীবী বলেন, ফারওয়েল ভেবেছিলেন, তাদের সম্পর্কের তথ্য প্রকাশ পেলে তার জীবন ও পেশাগত অবস্থান বিপন্ন হতে পারে। তাই সান্দ্রা তাকে বিপদে ফেলার আগেই তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন বলে অভিযোগ করা হয়েছে।

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী কিম্বার্লি স্টিভেন্স এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, ফারওয়েল ও সান্দ্রার মধ্যে বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল এবং ফারওয়েল ভুল করেছেন। তবে তিনি সান্দ্রাকে হত্যা করেননি। বরং সম্পর্ক ভেঙে যাওয়ার পর হতাশা ও মানসিক চাপের কারণে সান্দ্রা আত্মহত্যা করেছেন বলে দাবি করেন।

স্টিভেন্স আদালতে বলেন, সান্দ্রা উদ্বেগ ও একাকিত্বে ভুগছিলেন। তার ব্যাংক হিসাবে তিন ডলারেরও কম অর্থ ছিল এবং বাড়িভাড়া পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় ছিলেন। মৃত্যুর দিনও তিনি ফারওয়েলকে একের পর এক বার্তা পাঠিয়েছিলেন। এসব বার্তাকে তিনি সান্দ্রার মানসিক অস্থিরতার প্রমাণ হিসেবে তুলে ধরেন।

২০২১ সালের ১ ফেব্রুয়ারি ম্যাসাচুসেটসের ক্যান্টনে সান্দ্রাকে তার শোবার ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। তার গলায় একটি ব্যাগের ফিতা পেঁচানো ছিল, যা আলমারির দরজার হাতলের সঙ্গে বাঁধা ছিল। স্থানীয় ও অঙ্গরাজ্য পর্যায়ের কর্তৃপক্ষ প্রথমে ঘটনাটিকে আত্মহত্যা বলে সিদ্ধান্ত দিয়েছিল।

তবে সান্দ্রার পরিবার এ সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলে। তাদের দাবি, সান্দ্রা তখন ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করছিলেন এবং মা হতে পেরে আনন্দিত ছিলেন। পরিবার ও স্বজনদের চাপের পর বিষয়টি নতুন করে তদন্তের উদ্যোগ নেওয়া হয়।

২০২৪ সালে ফারওয়েলের বিরুদ্ধে অভিযোগ গঠন করে কেন্দ্রীয় তদন্তকারীরা। পরে চলতি বছরের এপ্রিলে চিকিৎসা পরীক্ষকের কার্যালয় সান্দ্রার মৃত্যুর ধরন ‘অনির্ধারিত’ বলে সংশোধন করে। অর্থাৎ, মৃত্যুটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে হয়েছে, তা নিশ্চিত করা যায়নি।

সরকারি আইনজীবীরা আদালতে জানান, সান্দ্রার গলায় পেঁচানো ব্যাগের ফিতায় ফারওয়েলের ডিএনএ পাওয়া গেছে। তাদের দাবি, ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে দেখানোর চেষ্টা করেছিলেন তিনি। তবে আসামিপক্ষ বলেছে, ফিতায় একাধিক ব্যক্তির ডিএনএ ছিল এবং সান্দ্রার নখের নিচে ফারওয়েলের ডিএনএ পাওয়া যায়নি। এসব তথ্যের ভিত্তিতে হত্যার অভিযোগ প্রমাণিত হয় না বলে দাবি করেছেন তার আইনজীবী।

সান্দ্রার সঙ্গে ফারওয়েলের সম্পর্কের বিষয়ে তদন্তকারীরা তার বৈদ্যুতিক যন্ত্রে প্রায় ৪০ হাজার বার্তা পান। সরকারি আইনজীবীর দাবি, এসব বার্তা তাদের সম্পর্কের দীর্ঘ ইতিহাস তুলে ধরে। সান্দ্রা ১৫ বছর বয়সে প্রথম যৌন সম্পর্কে জড়ানোর সময় যে অপরাধের শিকার হয়েছিলেন, সেটিও আদালতে উল্লেখ করেন আইনজীবী।

সরকারি পক্ষ অভিযোগ করেছে যে, সান্দ্রা অন্তঃসত্ত্বা হওয়ার পর ফারওয়েল শিশুটিকে নিজের সন্তান বলে বিশ্বাস করতেন। তবে পরবর্তী ডিএনএ পরীক্ষায় ফারওয়েলকে অনাগত শিশুটির বাবা হিসেবে বাদ দেওয়া হয়।

ফারওয়েলের বিরুদ্ধে সাক্ষী বা ভুক্তভোগীকে সম্ভাব্য অপরাধের তথ্য প্রকাশ থেকে বিরত রাখতে হত্যা করার অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি অনাগত শিশুর সুরক্ষাসংক্রান্ত একটি কেন্দ্রীয় আইন লঙ্ঘনের অভিযোগও রয়েছে। দোষী সাব্যস্ত হলে তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।

৪০ বছর বয়সী ফারওয়েলকে ইতিমধ্যে পুলিশ কর্মকর্তা হিসেবে কাজের অযোগ্য ঘোষণা করা হয়েছে এবং ম্যাসাচুসেটসে আইন প্রয়োগকারী সংস্থায় কাজ করা থেকে নিষিদ্ধ করা হয়েছে। ২০২৪ সালের আগস্টে গ্রেপ্তারের পর থেকে তিনি কারাগারে রয়েছেন। বিচারটি প্রায় এক মাস ধরে চলতে পারে।

সূত্র: সিএনএন

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%