০৩:১৫ পি.এম
কুমিল্লা ব্রাহ্মণপাড়ার সড়কে মায়ের রেখে যাওয়া আট বছর বয়সী ইসরাত এবং আঠারো মাস বয়সী রোজা মনির পাশে দাঁড়িয়েছেন কুমিল্লা জেলা সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম।
মঙ্গলবার ( ১৩ অক্টোবর ) অসহায় শিশু দুটির হাতে শিশুখাদ্য প্রদান করা হয় এবং তাদের জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়। বর্তমানে শিশু দুটি তাদের বাবা নূর মোহাম্মদ নাছির আলমের হেফাজতে রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, প্রায় ১২ বছর আগে জেসমিন আক্তারের সঙ্গে নূর মোহাম্মদ নাছির আলমের বিয়ে হয়। তাদের সংসারে দুই কন্যা সন্তানের জন্ম হয়। পরে পারিবারিক অশান্তির কারণে প্রায় পাঁচ মাস আগে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। এরপর দুই শিশুকে নিয়ে জেসমিন তার বাবার বাড়িতে বসবাস করতে শুরু করেন। এর মধ্যে জেসমিন অন্যত্র বিয়ে করেন।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
রোববার ( ১১ অক্টোবর ) দুপুরে দুই মেয়েকে নিয়ে ব্রাহ্মণপাড়া বাজারে আসেন জেসমিন আক্তার। পরে মোবাইল ফোনে সাবেক স্বামী নূর মোহাম্মদ নাছির আলমকে জানান, তিনি সন্তানদের নিয়ে বাজারে এসেছেন, তাদের নিয়ে যেতে। তখন নাছির আলম কুমিল্লা শহরে অটোরিকশা চালাচ্ছিলেন বলে জানান। একপর্যায়ে দুই মেয়েকে বাজারে সড়কের পাশে রেখেই কুমিল্লা চলে যান জেসমিন।
এদিকে মাকে না পেয়ে ব্রাহ্মণপাড়া বাজারে ছোটাছুটি করতে থাকে শিশু দুটি। তাদের অসহায় অবস্থায় দেখে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। পরে শিশু দুটির চাচি শিরিনা বেগম বাজারে এসে তাদের শনাক্ত করেন এবং নিজ বাড়িতে নিয়ে যান। এরপর তার কাছ থেকে তাদের বাবা ওই শিশু দুটিকে নিজের হেফাজতে নেন।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো ফারুক হোসেন বলেন, ঘটনাটি জানাজানি হলে শিশু দুটির প্রতি সহমর্মিতা প্রকাশ করেন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান স্যার। মঙ্গলবার তিনি ওই শিশুদের শিশুখাদ্য উপহার ও আর্থিক সহায়তা প্রদান করেন। পুলিশ সুপার স্যারের নির্দেশে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ উপহার ও আর্থিক সহায়তা পৌঁছে দেন।
আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন