০৫:০৭ পি.এম
২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে অনুষ্ঠিত হেফাজতে ইসলামের মহাসমাবেশে সংঘটিত হত্যাযজ্ঞে নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে, এমনটি জানালেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
রোববার (১৯ জুলাই) নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য প্রকাশ করেন।
এ সময় চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম মন্তব্য করেন, শাপলা চত্বরের নারকীয় হত্যাকাণ্ডের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা দীর্ঘদিন ধরে তদন্ত করেছে। তদন্ত কার্যক্রম শেষে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে একটি খসড়া প্রতিবেদন দাখিল করেছেন তাঁরা।
আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য
চিফ প্রসিকিউটর আরও বলেন, প্রতিবেদনটি এই মুহূর্তে চূড়ান্ত যাচাই-বাছাইয়ের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। যাতে একটি সঠিক তদন্ত প্রতিবেদন তৈরি করা যায় এবং স্বচ্ছ বিচার প্রক্রিয়া নিশ্চিত হয়। তিনি এও বলেন, প্রকৃত আসামিরা যেন বিচারের সম্মুখীন হন।
আসামী কাদের হতে পারে তা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আমিনুল ইসলাম জানান, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক পুলিশ প্রধান এবং বিজিবি প্রধানসহ কয়েকজনের নাম এই প্রতিবেদনে উল্লেখ রয়েছে। আমরা এসব নাম যাচাই-বাছাই করছি। যাচাই-বাছাইয়ের পর আসামিদের নাম সংযোজন-বিয়োজন হতে পারে।
শাপলা চত্বর হত্যাযজ্ঞে নিহতদের সম্পর্কেও চিফ প্রসিকিউটর মন্তব্য করেছেন। তিনি বলেন, আমরা ৬১ জন নিহতের একটি তালিকা পেয়েছিলাম। তবে এর মধ্যে ৫৮ জনের পরিচয় ইতিমধ্যেই শনাক্ত করা হয়েছে।
আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির আব্দুল হামিদ, মাওলানা মামুনুল হক, মুফতি হারুন ইজহার ও মুফতি মীর ইদ্রিসসহ অনেকে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন