০৫:১১ পি.এম
ইতালির রোমে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস ২০২৬’ পালন করার ব্যবস্থা নেওয়া হয়েছে।
দিবসটির উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের সূচনা পর্বে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিটের নীরবতা পালন করা হয়। এই অনুষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস ২০২৬’ উপলক্ষ্যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী প্রদত্ত বাণী পাঠ করা হয়।
এরপর ‘জুলাই শহীদ দিবস’-এর তাৎপর্য নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনায় অংশগ্রহণকারীরা জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট এবং এ আন্দোলনকে সর্বজনীন ও গণমানুষের আন্দোলন হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে দেশের শিক্ষার্থী, শিক্ষক ও শ্রমিকসহ সর্বস্তরের জনগণের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করেন।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
রাষ্ট্রদূত রকিবুল হক তার বক্তৃতায় জুলাই গণঅভ্যুত্থানে আত্মদানকারী শহীদ আবু সাঈদ, শহীদ ওয়াসিম আকরাম, শহীদ মুগ্ধসহ সকল শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি শহীদদের রুহের মাগফিরাত এবং আহত জুলাই যোদ্ধাদের দ্রুত সুস্থতা কামনা করেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার শহীদ ও আহত জুলাই যোদ্ধাদের সম্মান-স্বীকৃতি, তাদের পরিবারের কল্যাণ, আহতদের পুনর্বাসন এবং এ সম্পর্কিত হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিতকল্পে অঙ্গীকারবদ্ধ রয়েছে।
জুলাইয়ের চেতনা এবং আত্মত্যাগ থেকে শক্তি ও প্রেরণা নিয়ে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে সকল দল, মত, ধর্ম ও বর্ণ নির্বিশেষে একত্রিত হয়ে কাজ করার জন্য রাষ্ট্রদূত সকলের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষ পর্বে জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদের রুহের শান্তির জন্য এবং আহতদের পূর্ণ সুস্থতা ও বাংলাদেশের অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও উন্নয়ন কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
এই অনুষ্ঠানে ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যবৃন্দ, ইতালির নাগরিক, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ এবং দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন