০৩:০২ পি.এম
নওগাঁর নিয়ামতপুরে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) একটি অভিযানে ৫০৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের সময় তাদের কাছ থেকে নগদ ৩ লাখ ১৩ হাজার ১০০ টাকা এবং ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
শনিবার (১০ অক্টোবর) বিকেলে নিয়ামতপুর থানার রাউতারা গ্রাম থেকে সিপিএসসি, এসআরবি-৫ রাজশাহী কর্তৃক তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন মান্দা উপজেলার বেজোড়া গ্রামের একরামুল হকের ছেলে এবং বর্তমানে রাউতারা গ্রামের বাসিন্দা মো. তারেকুল ইসলাম (২৮), চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার জমিনপুর গ্রামের মৃত সাফজাল হোসেনের ছেলে মো. পিন্টু রহমান (৫২) এবং একই উপজেলার কবিরাজতলা গ্রামের মৃত সেকেন্দারের ছেলে মো. জিয়াউল হক (৪৮)।
আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য
কোম্পানি কমান্ডার সিপিএসসি লেফটেন্যান্ট এফ এম বি এস আলমুমেন সাংবাদিকদের জানান, নিয়ামতপুর উপজেলার রাউতারা গ্রামে তারেকুল ইসলামের বসতবাড়িতে কিছু মাদক কারবারি অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে এমন গোপন সংবাদ পায় আভিযানিক দল। খবর পাওয়ার পর বিকেল ৩টার দিকে সেখানে একটি সফল অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরও জানান, অভিযানের সময় আসামিদের হেফাজত থেকে ৫০৬ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। একইসঙ্গে তাদের ব্যবহৃত ৩টি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ ৩ লাখ ১৩ হাজার ১০০ টাকা নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকমুক্ত সমাজ গঠনে এসআরবির নিয়মিত অভিযানের কথা উল্লেখ করে তিনি জানান, সংস্থাটি দেশে সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড রোধ এবং অপরাধীদের আইনের আওতায় আনতে নিয়মিত কাজ করে যাচ্ছে।
প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে গ্রেপ্তারকৃত তিন মাদক কারবারিকে উদ্ধারকৃত আলামতসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নিয়ামতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন