০২:৫৫ পি.এম
মানিকগঞ্জের ভাড়ারিয়া বাজারে একটি শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়ার পথে ভয়াবহ এক অভিজ্ঞতার সম্মুখীন হন জনপ্রিয় ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। তাকে বহনকারী গাড়িটি একটি ডাম্প ট্রাকের চাপায় দুমড়েমুচড়ে যায়।
তবে, তিনি বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন। এই ঘটনার পর তানজিন তিশা মানিকগঞ্জের যাত্রা বাতিল করে ঢাকায় ফিরে আসেন।
শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায়, নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে দুর্ঘটনার খবরটি নিশ্চিত করেন তানজিন তিশা।
আরও পড়ুন: বিয়ের জন্য এক বছর বিজয়ের পেছনে লেগেছিলেন রাশমিকা
পোস্টে তিনি উল্লেখ করেন, "মানিকগঞ্জে যাওয়ার পথে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলাম। আলহামদুলিল্লাহ! দেখা হবে সবার সাথে, ইনশাআল্লাহ।"
জানা গেছে, তিনি মানিকগঞ্জের ভাড়ারিয়া বাজারে ‘রয়েল ফ্যাশন’ নামের একটি ফ্যাশন হাউজের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলেন। তার আগমনকে কেন্দ্র করে আয়োজকেরা ব্যাপক প্রস্তুতি নিয়েছিলেন এবং ভক্তদের মধ্যেও ছিল উদ্দীপনা। কিন্তু হঠাৎ এই দুর্ঘটনার কারণে অনুষ্ঠানটি শেষ পর্যন্ত বাতিল হয়ে যায়।
দুর্ঘটনার বিষয়ে তানজিন তিশা বলেন, "গত রাতটি আমি ভুলতে পারব না। আমি সড়ক দুর্ঘটনার কবলে পড়েছিলাম। একটি ডাম্প ট্রাক আমার গাড়িটি দুমড়েমুচড়ে দিয়েছে। আমার এই গাড়ি খুব প্রিয়। কারণ কষ্টার্জিত অর্থ দিয়ে এটি কিনেছি। সুতরাং এই ক্ষতি মেনে নেওয়া আমার জন্য সহজ নয়। তারপরও আলহামদুলিল্লাহ!"
নিজের শারীরিক অবস্থা জানিয়ে তিশা বলেন, "আমি শরীরে কিছু আঘাত পেয়েছি। কিন্তু এখন ঠিক আছি। এ জন্য আল্লাহর কাছে শুকরিয়া। যারা আমাকে ভালোবাসেন, আমার জন্য দোয়া করেন, তাদের সবাইকে ধন্যবাদ।"
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে গান গাইতে গিয়ে চরম হেনস্তার শিকার ইমন
এদিকে, তানজিন তিশার দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই তার ভক্ত-অনুরাগীরা সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ প্রকাশ করছেন এবং তার শারীরিক অবস্থা ও নিরাপত্তার খোঁজ নিচ্ছেন।
ছোট পর্দায় নানা বৈচিত্র্যময় চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকহৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন তানজিন তিশা। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি বেশ সক্রিয়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন