০৮:১৫ পি.এম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে ফ্লোরিডার পাম বিচের একটি আন্তর্জাতিক বিমানবন্দর এবং টেনেসির একটি সেতুর আনুষ্ঠানিক নামকরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। এ বিষয়টি এনবিসি নিউজের মাধ্যমে জানা যায়।
বৃহস্পতিবার (৯ জুলাই) সংশ্লিষ্ট কর্মকর্তারা নতুন নামসংবলিত সাইনবোর্ড উন্মোচন করেন।
ফ্লোরিডার কর্মকর্তাদের জানান, পাম বিচ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের নতুন নাম রাখা হয়েছে ‘প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট’। গত মার্চ মাসে ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস এ-সংক্রান্ত একটি বিলে স্বাক্ষর করেন। নাম পরিবর্তনের ঘোষণার পর, ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, ‘পাম বিচে বিমানবন্দরটির নতুন নামকরণ হওয়া আমার জন্য বড় সম্মানের। এটি শিগগিরই বিশ্বের অন্যতম সেরা ও দৃষ্টিনন্দন বিমানবন্দরে পরিণত হবে।’
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
অন্যদিকে, টেনেসিতে আয়োজিত এক অনুষ্ঠানে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট, জেফারসন কাউন্টির একটি সেতুর নতুন নামফলক উন্মোচন করেন। গত বছর টেনেসি অঙ্গরাজ্যের আইনসভা কিছু সেতু ও সড়কের নাম পরিবর্তনের আইন পাস করে। এর আওতায়, পূর্বে ফ্রান্সিস বার্নেট সোয়ান মেমোরিয়াল ব্রিজ নামে পরিচিত সেতুটির নতুন নাম রাখা হয়েছে ‘প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প ব্রিজ’।
অনুষ্ঠানে বেসেন্ট মন্তব্য করেন, ‘এখন থেকে এই সেতু দিয়ে চলাচলকারী প্রত্যেক চালক ট্রাম্পের নাম দেখতে পাবেন। তিনি সব সময় সাধারণ মানুষের জন্য লড়াই করেছেন এবং তাদের স্বার্থকে নিজের স্বার্থ হিসেবে গ্রহণ করেছেন।’
বিমানবন্দরের ওয়েবসাইটে তথ্য অনুযায়ী, নাম পরিবর্তনে অন্তত ৫৫ লাখ ডলার ব্যয় হবে। এই ব্যয়ের মধ্যে নতুন সাইনবোর্ড, ব্র্যান্ডিং এবং অন্যান্য উপকরণ হালনাগাদের কাজ অন্তর্ভুক্ত রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, নতুন নাম অনুযায়ী টার্মিনালের সাইনেজ, ডিজিটাল প্ল্যাটফর্ম ও অন্যান্য অবকাঠামো ধাপে ধাপে হালনাগাদ করা হচ্ছে। ফলে, আগামী কিছু সপ্তাহ যাত্রীরা পুরোনো ও নতুন, দুই ধরনের ব্র্যান্ডিং একত্রে দেখতে পাবেন।
মার্কিন পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিস জানায়, ট্রাম্প পরিবারের করা নতুন নামের ট্রেডমার্ক আবেদন ফেব্রুয়ারিতে অনুমোদন পায় এবং ১৮ জুন তা নিবন্ধিত হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ ট্রাম্প পরিবারের সঙ্গে এ বিষয়ে একটি চুক্তিও করেছে।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
ট্রাম্পের নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত ব্যক্তিগত উড়োজাহাজ ‘ট্রাম্প ফোর্স ওয়ান’, নতুন নাম কার্যকর হওয়ার পর, বৃহস্পতিবার ভোর ৫টা ১ মিনিটে বিমানবন্দরে অবতরণ করে। ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, ‘ফ্লোরিডা ও দেশের জন্য ট্রাম্পের মতো অবদান আর কারও নেই। তাই এই সম্মান তারই প্রাপ্য।’
এদিকে, বিমানবন্দরটির নতুন নাম কার্যকর হলেও আপাতত এর তিন অক্ষরের বিমানবন্দর কোড ‘পিবিআই’-ই থাকছে। কর্তৃপক্ষ জানায়, আগামী ১৮ আগস্ট থেকে এটি পরিবর্তন করে ‘ডিজেটি’ করা হবে। একটি উল্লেখযোগ্য বিষয় হলো, ফ্লোরিডা ও টেনেসিতে ট্রাম্পের নামে নতুন সাইনবোর্ড স্থাপনের কয়েক সপ্তাহ আগেই, ওয়াশিংটনের কেনেডি সেন্টার থেকে ট্রাম্পের নাম সরিয়ে ফেলা হয়। আদালতের নির্দেশে কেন্দ্রটির ওয়েবসাইটসহ সব জায়গা থেকে তাঁর নাম অপসারণ করা হয়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন