মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং
০৫:৫৯ পি.এম
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, সরকার আইনজীবীদের জন্য বয়সসীমা নির্ধারণের উদ্যোগ গ্রহণ করছে। এর ফলে, ৩৫ বছর বয়সের পর কেউ আইনজীবী হওয়ার সুযোগ পাবেন না।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে অ্যাটর্নি জেনারেল অফিস এবং ইউনাইটেড ন্যাশনস ডেভলপমেন্ট-এর ইন্টার্নশিপ প্রোগ্রামের কনভোকেশন ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এই মন্তব্য করেন।
অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল অফিসের দ্বিতীয় ব্যাচের ইন্টার্নদের অনভোকেশন প্রদান করা হয় এবং তৃতীয় ব্যাচের ইন্টার্নরা শপথ গ্রহণ করেন।
মো. আসাদুজ্জামান আরও বলেন, ভবিষ্যতে লিগ্যাল প্রফেশনে প্রধান চ্যালেঞ্জ হবে এআই। এই চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে।
মন্ত্রী বলেন, আইনজীবীদের প্রফেশনকে এমন উচ্চতায় নিয়ে যেতে হবে, যেখানে সমাজের মানুষ মনে করবে, তারা একজন জ্ঞানী মানুষের কাছে যাচ্ছেন। আইনজীবী হওয়ার জন্য শুধু ‘ল’ জানলেই হবে না, বরং অর্থনীতি, কেমেস্ট্রি, নৃবিজ্ঞান এবং রাষ্ট্রবিজ্ঞানও জানা প্রয়োজন।
তিনি আরো উল্লেখ করেন, দেশের উন্নয়নের জন্য শুধুমাত্র শিক্ষায় ও জ্ঞানে গরীমা অর্জন করলেই হবে না, নীতি ও নৈতিকতার বিষয়গুলোও মাথায় রাখতে হবে। যদি একজন আইনজীবী ভালো হন কিন্তু টাকার প্রতি লোভী হন এবং মক্কেল থেকে টাকা বের করার চিন্তা করেন, তাহলে তিনি ভালো আইনজীবীর কাতারে পড়বেন না। এ ধরনের ব্যবসা বন্ধ হওয়া উচিত।
অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী, সুইডেনের অ্যাম্বাসেডর নিকোলাস উইকস এবং ইউএনডিপি বাংলাদেশের রেসিডেন্ট রিপ্রেজেন্টিটিভ স্টেপেন রদরিগ প্রমুখ। সূত্র: বাসস
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
নতুন ফিচার নিয়ে কাজ করছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ, যা নিরাপত্তা জোরদার করার উদ্দেশ্যে। এই ফিচারটি চালু হলে পুরোনো অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনের ব্যবহারকারীরা অ্যাপটিতে লগইন করতে সমস্যায় পড়তে পারেন। এমনকি ফোনের অপারেটিং সিস্টেম আপডেট না করা পর্যন্ত হোয়াটসঅ্যাপে লগইন বন্ধও থাকতে পারে।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম সাইবারনিউজের প্রতিবেদন অনুযায়ী, পুরোনো অপারেটিং সিস্টেমে চলা ফোন থেকে হোয়াটসঅ্যাপে লগইন করার চেষ্টা করলে প্রথমে সফটওয়্যার আপডেট করার নির্দেশনা দেখাবে অ্যাপটি। ব্যবহারকারীরা আপডেট সম্পন্ন করার পরই আবার লগইন করতে পারবেন। অর্থাৎ, শুধু হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণ ইনস্টল করলেই হবে না, ফোনের অপারেটিং সিস্টেমও হালনাগাদ রাখতে হবে।
ফিচারটি অ্যান্ড্রয়েড ও আইওএস দুই ধরনের ফোনের জন্য তৈরি হচ্ছে। তবে আপাতত সীমিতসংখ্যক ব্যবহারকারীর অ্যাকাউন্টে এটি পরীক্ষা করা হচ্ছে। কোন কোন অপারেটিং সিস্টেমের সংস্করণে এ বিধিনিষেধ কার্যকর হবে, তা এখনো স্পষ্ট করেনি হোয়াটসঅ্যাপ।
প্রতিষ্ঠানটির মতে, পুরোনো সফটওয়্যার ব্যবহার করলে ডিভাইস ম্যালওয়্যারসহ বিভিন্ন নিরাপত্তাঝুঁকিতে পড়তে পারে। অপারেটিং সিস্টেম হালনাগাদ রাখলে ডিভাইস ও অ্যাকাউন্টের নিরাপত্তা বাড়ে। হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণ ইনস্টল করা থাকলেও ফোনের অপারেটিং সিস্টেম পুরোনো হলে নিরাপত্তার ঝুঁকি থেকে যেতে পারে। এ কারণে ব্যবহারকারীদের নিয়মিত ফোনের সফটওয়্যার আপডেট করার পরামর্শ দেওয়া হচ্ছে।
এদিকে নিরাপত্তা ও গোপনীয়তা বাড়াতে আরও কিছু ফিচার নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ। এর মধ্যে রয়েছে ‘রেস্ট্রিক্টেড চ্যাট’। এই সুবিধার মাধ্যমে নির্দিষ্ট কিছু কথোপকথন ও ফাইলের অ্যাক্সেস আরও সীমিত রাখা যাবে।
এ ছাড়া ‘অ্যাডভান্সড চ্যাট প্রাইভেসি’ সুবিধার আওতায় চ্যাট এক্সপোর্ট বন্ধ রাখা, ছবি ও ভিডিও স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড হওয়া নিয়ন্ত্রণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তাসংশ্লিষ্ট কিছু ফিচারের ব্যবহার সীমিত করার সুযোগ রয়েছে।
নতুন এসব উদ্যোগের মাধ্যমে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ও কথোপকথনের নিরাপত্তা বাড়াতে চায় হোয়াটসঅ্যাপ। তবে পুরোনো ফোন ব্যবহারকারীদের জন্য নতুন লগইন বিধিনিষেধ কবে নাগাদ চালু হবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো সময় জানানো হয়নি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রী শাহনাজ পারভীন জ্যোৎস্নাকে (৩৫) হত্যার অভিযোগে জিতেশ চন্দ্র গোপ নামে এক আসামির বিরুদ্ধে আদালত মৃত্যুদণ্ডের রায় প্রদান করেছে। আদালত তাকে এক লাখ টাকা অর্থদণ্ডও দিয়েছে। এছাড়া, মরদেহ গুমের চেষ্টার অপরাধে তাকে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডের শাস্তিও দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সুনামগঞ্জের জেলা ও দায়রা জজ মুহাম্মদ হাবিবুল্লাহ এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত জিতেশ চন্দ্র গোপ কিশোরগঞ্জের ইটনা উপজেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে জগন্নাথপুর বাজারে তার পরিবার নিয়ে বসবাস ও ব্যবসা করে আসছিলেন।
সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মল্লিক মো. মঈন উদ্দিন সোহেল বিষয়টি নিশ্চিত করে জানান, রায়ের আদেশ অনুযায়ী মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অনুমোদন প্রয়োজন হবে।
এছাড়া, অনুমোদন না পাওয়া পর্যন্ত দণ্ডপ্রাপ্ত আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে না বলেও রায়ের আদেশে উল্লেখ করা হয়েছে। তাকে কারাগারের নির্ধারিত সেলে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, এ রায়ে সন্তুষ্টি প্রকাশ করে শাহনাজ পারভীন জ্যোৎস্নার ভাই ও মামলার বাদী হেলাল উদ্দিন দ্রুত রায়টি কার্যকরের দাবি জানিয়েছেন।
প্রসঙ্গত, ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি রাতে জগন্নাথপুরের সৌদিপ্রবাসীর স্ত্রী শাহনাজ পারভীন জ্যোৎস্নাকে (৩৫) কৌশলে ঘুমের ওষুধ খাওয়ানোর পর গভীর রাতে ফার্মেসির ভেতর শ্বাসরোধে হত্যা করা হয় এবং মরদেহ ৬ টুকরা করা হয়। পরে মরদেহ গুমের চেষ্টা করা হয়। পরদিন ১৭ ফেব্রুয়ারি জগন্নাথপুর পৌর পয়েন্টের ব্যারিস্টার মির্জা আব্দুল মতিন মার্কেটের তালাবদ্ধ অভি মেডিকেল হল থেকে শাহনাজ পারভীন জ্যোৎস্নার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ভাই হেলাল উদ্দিন বাদী হয়ে জগন্নাথপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার পর ১৮ ফেব্রুয়ারি মূল আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পরে দুই দফা রিমান্ড শেষে ঘটনার মূল আসামি জিতেশ চন্দ্র গোপ তার দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। সর্বশেষ পিবিআই জিতেশ চন্দ্র গোপের বিরুদ্ধে আদালতে মামলার প্রতিবেদন দাখিল করলে বিচারিক কার্যক্রম শেষে আদালত এ রায় প্রদান করে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে আইন পেশায় যুক্ত যে কেউই, তিনি যতই প্রভাবশালী হোন, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান মো. রুহুল কুদ্দুস কাজল।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) যৌথ উদ্যোগে আয়োজিত আইন শিক্ষার্থীদের ইন্টার্নশিপ কর্মসূচির অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
অ্যাটর্নি জেনারেল উল্লেখ করেন, আইন পেশা শুধুমাত্র জীবিকা নির্বাহের একটি মাধ্যম নয়, বরং এটি ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্যও একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। আইনজীবী শুধুমাত্র মক্কেলের প্রতিনিধি নন, বরং তিনি ন্যায়বিচার প্রতিষ্ঠায় সহায়তা করেন এবং আইনের শাসনের রক্ষক হিসেবে কাজ করেন।
তিনি আরও বলেন, একজন আইনজীবীর সাফল্য কেবল মামলায় জয়লাভের মধ্যে সীমাবদ্ধ নয়। তার সততা, পেশাগত দক্ষতা, নিরপেক্ষতা এবং নৈতিক অবস্থানই প্রকৃত মর্যাদার সূচক।
আইনজীবীদের দায়িত্ব সম্পর্কে তিনি বলেন, মক্কেলের স্বার্থ রক্ষার পাশাপাশি সত্য ও ন্যায়ের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। তবে আদালতকে বিভ্রান্ত করার জন্য মিথ্যা তথ্য প্রদান কিংবা ন্যায়বিচারের পথে বাধা সৃষ্টি করে মক্কেলের স্বার্থ রক্ষা করা যাবে না। পেশাগত সাফল্যের জন্য কোনো অনৈতিক পন্থা গ্রহণযোগ্য নয়।
অনৈতিক কর্মকাণ্ডে জড়িত আইনজীবীদের সতর্ক করে রুহুল কুদ্দুস কাজল বলেন, কেউ যদি আইন পেশাকে শর্টকাট হিসেবে ব্যবহার করে নীতি-নৈতিকতা উপেক্ষা করে দ্রুত অর্থ-সম্পদ ও প্রভাব অর্জন করতে চান, তবে তার বিরুদ্ধে বাংলাদেশ বার কাউন্সিল কঠোর অবস্থানে থাকবে।
তিনি উল্লেখ করেন, যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়, তিনি পেশায় যতই শক্তিশালী হোন, বাংলাদেশ বার কাউন্সিল আইন অনুযায়ী তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেবে।
সুপ্রিম কোর্টে কিছু আইনজীবীর অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে বলে জানান অ্যাটর্নি জেনারেল। তিনি বলেন, এ বিষয়ে সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকেও দায়িত্ব পালন ও ব্যবস্থা নেওয়া হয়েছে।
‘এজিও-ইউএনডিপি ইন্টার্নশিপ প্রোগ্রাম’-এর দ্বিতীয় ব্যাচের সমাপনী ও তৃতীয় ব্যাচের ইন্টার্নদের বরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিক্স এবং বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকসসহ অন্যান্য অতিথিরা।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
মানুষের দৃষ্টিতে সাধারণ মনে হলেও, আল্লাহর কাছে কিছু ছোট ছোট নেক আমল অত্যন্ত মূল্যবান হতে পারে। হাসিমুখে কথা বলা, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া অথবা গোপনে কারও জন্য দোয়া করার মতো কাজগুলোও সওয়াব অর্জনের উপায় হতে পারে।
ইসলামে কোনো ভালো কাজকে তুচ্ছ মনে করার ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘কোনো ভালো কাজকেই তুচ্ছ মনে করো না, এমনকি তোমার ভাইয়ের সঙ্গে হাসিমুখে সাক্ষাৎ করাও।’ (সহিহ মুসলিম)
ইসলামের শিক্ষা অনুযায়ী, নিয়মিতভাবে করা যায় এমন সাতটি ছোট নেক আমল তুলে ধরা হলো-
১. হাসিমুখে কথা বলা
অন্যের সঙ্গে হাসিমুখে কথা বলা এবং আন্তরিক আচরণ করাও সদকার অন্তর্ভুক্ত। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমার ভাইয়ের সামনে তোমার হাসিমুখ তোমার জন্য সদকা।’ (জামে তিরমিজি: ১৯৫৬)
একটি হাসি কিংবা আন্তরিক আচরণ অন্যের মন ভালো করে দিতে পারে। এটি অর্থ ব্যয় না করেই নেকি অর্জনের সুযোগ সৃষ্টি করে।
২. রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরানো
রাস্তার ওপর পড়ে থাকা কাঁটা, পাথর বা অন্যান্য বিপজ্জনক বস্তু সরিয়ে মানুষের চলাচল নিরাপদ করা একটি গুরুত্বপূর্ণ নেক আমল। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ঈমানের সত্তরেরও বেশি শাখা রয়েছে। এর সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। (সহিহ মুসলিম: ৩৫)
এ কাজটি হয়তো কেউ দেখবে না, কিংবা কেউ প্রশংসা করবে না। কিন্তু মানুষের উপকারে আসা এমন কাজ ইসলামে বিশেষ গুরুত্ব বহন করে।
৩. তৃষ্ণার্ত প্রাণীকে পানি পান করানো
প্রাণীর প্রতি দয়া দেখানোও নেক আমলের অন্তর্ভুক্ত। সহিহ বুখারির একটি হাদিসে উল্লেখ রয়েছে, এক ব্যক্তি তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করিয়েছিলেন। আল্লাহ তার এই কাজের জন্য তাকে ক্ষমা করেন। (সহিহ বুখারি: ২৩৬৩)
এ ঘটনা থেকে বোঝা যায়, আল্লাহর সৃষ্টির প্রতি দয়া কখনোই তুচ্ছ কাজ নয়। তৃষ্ণার্ত প্রাণীকে সামান্য পানি পান করানোও সওয়াব অর্জনের কারণ হতে পারে।
৪. নিজের হাত ও জবান থেকে অন্যকে নিরাপদ রাখা
ইসলামে ইবাদত শুধুমাত্র নামাজ, রোজা ও নফল আমলের মধ্যে সীমাবদ্ধ নয়। অন্যকে কষ্ট না দেওয়া এবং নিজের কথা ও কাজের মাধ্যমে মানুষের ক্ষতি করা থেকে বিরত থাকাও গুরুত্বপূর্ণ শিক্ষা।
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘মুসলিম সে, যার জবান ও হাত থেকে অন্য মুসলিম নিরাপদ।’ (সহিহ বুখারি: ১০)
অন্যায় কথা বলা, অপমান করা কিংবা কারও ক্ষতি করা থেকে নিজেকে বিরত রাখা একজন মুমিনের গুরুত্বপূর্ণ দায়িত্ব। বিশেষ করে আল্লাহর ভয়ে অন্যায় থেকে বিরত থাকাও নেক আমল।
৫. পিতা-মাতার ছোট ছোট প্রয়োজন পূরণ করা
পিতা-মাতার সঙ্গে সদ্ব্যবহার ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ নির্দেশনা। তাঁদের জন্য দোয়া করা, সম্মানের সঙ্গে কথা বলা, প্রয়োজনের সময় পানি এগিয়ে দেওয়া অথবা দৈনন্দিন কাজে সহযোগিতা করার মতো ছোট কাজগুলোও নেক আমল।
পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ‘তোমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন, তোমরা তিনি ছাড়া অন্য কারও ইবাদত করবে না এবং পিতা-মাতার সঙ্গে সদ্ব্যবহার করবে।’ (সুরা বনি ইসরাইল: ২৩)
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পিতা-মাতার ছোট ছোট প্রয়োজনও তাঁদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তাই তাঁদের সেবা ও যত্নকে সামান্য মনে না করে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করা উচিত।
৬. অন্যের জন্য গোপনে দোয়া করা
অন্যের অনুপস্থিতিতে তার জন্য আন্তরিকভাবে দোয়া করাও ফজিলতপূর্ণ আমল। এতে প্রশংসা পাওয়ার কোনো প্রত্যাশা থাকে না; বরং অন্যের কল্যাণ কামনাই মুখ্য।
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, কোনো মুসলিম তার ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য দোয়া করলে নিযুক্ত ফেরেশতা বলেন, ‘তোমার জন্যও অনুরূপ।’ (সহিহ মুসলিম: ২৭৩২)
অসুস্থ ব্যক্তি, বিপদগ্রস্ত মানুষ কিংবা প্রিয়জনের জন্য নীরবে দোয়া করা যায়। এ ধরনের আমলের প্রতিদান মানুষের চোখে দৃশ্যমান না হলেও ইসলামে এর বিশেষ মর্যাদা রয়েছে।
৭. গোপনে দান করা
দান করার ক্ষেত্রে লোকদেখানো মনোভাব থেকে দূরে থাকা এবং আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দেওয়া গুরুত্বপূর্ণ। গোপনে দান করলে মানুষের প্রশংসা পাওয়ার আকাঙ্ক্ষা থেকে নিজেকে দূরে রাখা সহজ হতে পারে।
রাসুলুল্লাহ (সা.) কেয়ামতের দিন আল্লাহর ছায়া লাভকারী সাত শ্রেণির মানুষের কথা বলেছেন। তাদের মধ্যে রয়েছেন এমন ব্যক্তি, যিনি এত গোপনে দান করেন যে তাঁর বাম হাতও জানতে পারে না তাঁর ডান হাত কী দান করেছে। (সহিহ বুখারি: ৬৬০; সহিহ মুসলিম: ১০৩১)
দান অল্প হোক বা বেশি, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তা করা একজন মুমিনের জন্য সওয়াব অর্জনের সুযোগ।
ছোট আমলও হতে পারে নাজাতের মাধ্যম
ইসলামের শিক্ষা হলো, কোনো ভালো কাজকেই তুচ্ছ মনে করা উচিত নয়। হাসিমুখে কথা বলা, মানুষের উপকার করা, প্রাণীর প্রতি দয়া দেখানো, পিতা-মাতার সেবা কিংবা গোপনে দান ও দোয়া করার মতো কাজ নিয়মিত চর্চা করা যায়।
কোন আমল আল্লাহর কাছে কতটা গ্রহণযোগ্য হবে, তা নির্ভর করে তার ইচ্ছা, বান্দার নিয়ত ও আমলের ওপর। তাই বড় আমলের পাশাপাশি ছোট ছোট নেক কাজও আন্তরিকতার সঙ্গে করে যাওয়া উচিত। মানুষের চোখে সামান্য মনে হওয়া কোনো ভালো কাজও আল্লাহর রহমত লাভের মাধ্যম হতে পারে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ