প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রী শাহনাজ পারভীন জ্যোৎস্নাকে (৩৫) হত্যার অভিযোগে জিতেশ চন্দ্র গোপ নামে এক আসামির বিরুদ্ধে আদালত মৃত্যুদণ্ডের রায় প্রদান করেছে। আদালত তাকে এক লাখ টাকা অর্থদণ্ডও দিয়েছে। এছাড়া, মরদেহ গুমের চেষ্টার অপরাধে তাকে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডের শাস্তিও দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সুনামগঞ্জের জেলা ও দায়রা জজ মুহাম্মদ হাবিবুল্লাহ এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত জিতেশ চন্দ্র গোপ কিশোরগঞ্জের ইটনা উপজেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে জগন্নাথপুর বাজারে তার পরিবার নিয়ে বসবাস ও ব্যবসা করে আসছিলেন।
সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মল্লিক মো. মঈন উদ্দিন সোহেল বিষয়টি নিশ্চিত করে জানান, রায়ের আদেশ অনুযায়ী মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অনুমোদন প্রয়োজন হবে।
এছাড়া, অনুমোদন না পাওয়া পর্যন্ত দণ্ডপ্রাপ্ত আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে না বলেও রায়ের আদেশে উল্লেখ করা হয়েছে। তাকে কারাগারের নির্ধারিত সেলে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, এ রায়ে সন্তুষ্টি প্রকাশ করে শাহনাজ পারভীন জ্যোৎস্নার ভাই ও মামলার বাদী হেলাল উদ্দিন দ্রুত রায়টি কার্যকরের দাবি জানিয়েছেন।
প্রসঙ্গত, ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি রাতে জগন্নাথপুরের সৌদিপ্রবাসীর স্ত্রী শাহনাজ পারভীন জ্যোৎস্নাকে (৩৫) কৌশলে ঘুমের ওষুধ খাওয়ানোর পর গভীর রাতে ফার্মেসির ভেতর শ্বাসরোধে হত্যা করা হয় এবং মরদেহ ৬ টুকরা করা হয়। পরে মরদেহ গুমের চেষ্টা করা হয়। পরদিন ১৭ ফেব্রুয়ারি জগন্নাথপুর পৌর পয়েন্টের ব্যারিস্টার মির্জা আব্দুল মতিন মার্কেটের তালাবদ্ধ অভি মেডিকেল হল থেকে শাহনাজ পারভীন জ্যোৎস্নার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ভাই হেলাল উদ্দিন বাদী হয়ে জগন্নাথপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার পর ১৮ ফেব্রুয়ারি মূল আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পরে দুই দফা রিমান্ড শেষে ঘটনার মূল আসামি জিতেশ চন্দ্র গোপ তার দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। সর্বশেষ পিবিআই জিতেশ চন্দ্র গোপের বিরুদ্ধে আদালতে মামলার প্রতিবেদন দাখিল করলে বিচারিক কার্যক্রম শেষে আদালত এ রায় প্রদান করে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন